অনুকম্পন
অনুকম্পন
ডি আই সাহেবকে ভীষণ জব্দ করে রেখেছেন অবনী মাস্টার । মাঝে মাঝে তাঁর ইচ্ছে করে ওঁকে ব্ল্যাকমেইল করতে । স্কুলের অনুদানের টাকা যথেষ্ট আত্মসাৎ করছেন । তবু খেয়াল হল একটা মোটা অঙ্কের টাকা দাবী করে বসেন । যেমন খেয়াল তেমনি কাজ ।
তাঁর স্কুলের সুযোগ্য সহকারী শিক্ষক বিজয় বাবুকে ডেকে মনের ইচ্ছা প্রকাশ করলেন । বিজয় বাবু প্রথম দিকে চাকরিতে ক্ষতি হবার ভয়ে পিছিয়ে গেলেন।
অবনী মাস্টার বললেন - কিসের ভয় বিজয় বাবু ? আপনার কনফিডেন্সিয়াল রিপোর্ট তো আমিই তৈরি করি , আর আপনি যখন আমার গুডবুকে আছেন ; তখন খামোখা এমন ভয় করছেন । ডি আই তো আপনাকে চেনে না; আপনার গলার স্বরও মনে রাখতে পেরেছেন বলে মনে হয় না । ঠিক আছে, আপনি অপরিচিত কাউকে দিয়ে ওই ডিডিও ওঁর হোয়াটস্যাপে পাঠিয়ে দিন , বলুন দু'লাখ টাকা দিলে ভিডিও ডিলিট করে দেব । না হলে ইউটিউবে আপ লোড করে বিশ্বময় ছড়িয়ে দেব ।
বিজয় বাবু বললেন - সাইবার ক্রাইম হবে তো ? উনি যদি পুলিশের দ্বারস্থ হন তবে তো চাকরিও হারাব । না না, মশাই, এত লোভ ভাল নয় ।
অবনী মাস্টার নিরাশ হলেন । ভয় দেখিয়ে বললেন - তাহলে কিন্তু আপনার সি আর খারাপ করে দেব !
বিজয় বাবু পড়লেন মহা সমস্যায় । করলে বিপদ, না করলে আপদ - এসে জুটবে কপালে । বিপদের চেয়ে আপদই সই - তবূ তো পুলিশি ঝামেলায় পড়বেন না ।
বিজয় বাবু বললেন - সরি অবনী বাবু । এই কেচ্ছায় আমি নেই ।
অবনী মাস্টার ক্রুদ্ধ হলেন । বিজয় বাবু সম্পর্কে নানা কুৎসা ছড়াতে লাগলেন স্কুলে । অঞ্চল প্রধান বলে সহযোগীর তো কোন অভাব নেই ।
বিজয় বাবু গোপনে যোগাযোগ করলেন ডি আই সাহেবের সাথে । অবনী মাস্টারের কাছে যে অশ্লীল ভিডিও রয়েছে ; সে সম্পর্কে জানিয়ে দিয়ে বললেন - স্যার, আমাকে যদি অন্য কোন দূরের স্কুলে বদলী করে দেন; তবে তাঁর কুকর্মের হাত থেকে বেঁচে যাই ।
ডি আই সাহেব সব জানেন । ভবিষ্যতে যে তিনি আবার কোন অন্যায় দাবী করবেন সে'জন্য শিক্ষা অধিকর্তাকে নোটিশ করেন । তিনিও তাঁর বদলীর জন্য আবেদন করেন। অবনী মাস্টার সে খবরও পেয়ে যান । বিজয় বাবু যে এ' সবের হোতা ; তা' জেনে তাঁকে বিপদে ফেলার চেষ্টা করতে থাকেন ।
এই সম্পর্কিত একটি ফাইল নিয়ে ডি আই সাহেবের সঙ্গে দেখা করতে যান এবং বিজয় বাবুর শাস্তি দাবি করেন ।
সাহেব বলেন - ওঁকে দূরে কোথাও ট্রানস্ফার করে দিতে পারি ; আপনি যদি উইদাউট রিলিভারে ওঁকে ছেড়ে দিতে সম্মত হন ।
অবনী বাবু বলেন - দুষ্ট গোরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো ।
অবাঙালি ডি আই সাহেব এর অর্থ বুঝতে না পারলেও বিজয় বাবুর বদলীর আবেদন মঞ্জুর করেন ।
অবনী মাস্টার আবার সদর্পে ফিরলেন গ্রামে । বিজয় বাবুকে বললেন - ইমিডিয়েট পাততাড়ি গোটান বিজয় বাবু ! আমার কথা না শোনার ফল ভোগ করুন ।
বিজয় বাবু বললেন - কি হয়েছে ?
- আপদ বিদেয় করে এলাম ।
- তার মানে ?
- আপনার বদলীর আদেশ বের করে এলাম । কি ভেবেছেন , এমনি এমনি হেডমাস্টার হয়েছি । বলি ডি আইকে ঘোল খাইয়েছি ; আর আপনি তো ছারপোকা !
বিজয় বাবু বুঝে গেলেন সেদিনের বদলীর আবেদন সাহেব মঞ্জুর করেছেন । কিন্তু তিনি যে স্বয়ং আবেদনকারী সে কথা প্রকাশ করলেন না । অবনী বাবু ভাবলেন কত বড় ক্ষমতাবান তিনি ।
স্কুলে যদি এই অবস্থা ; তবে পঞ্চায়েত অফিসের কি হাল করেছেন তা' সহজেই অনুমেয়। গ্রামে দু'খানা পাকা দোতলা বাড়ি ; দুখানা পুকুর, অঢেল জমিসম্পত্তি - কি নেই ? পঞ্চায়েতের টাকায় গোয়াল ঘরগুলোও পাকা করে রেখেছেন । উঠোন তো নয় যেন বাঁধানো পার্ক ।
সব জানেন বিজয় বাবু । চুপচাপ থাকেন । রাজনীতির মানুষ । কখন কি বিপদে ফেলে দেবেন তার কি ঠিক আছে ! বদলীর আদেশের কথা শুনে মনে মনে উৎফুল্ল হলেও তা' প্রকাশ করলেন না । উল্টে বিস্ময় প্রকাশ করে বললেন - এ তো দেখছি আপনার অসাধ্য কিছু নেই ! কিন্তু আপনার ওই একটা কথা রাখতে পারিনি বলে আমার এত বড় সর্বনাশ করে বসলেন ?
অবনী মাস্টার শুধু মুচকে হাসলেন । জবাব দিলে কথা বাড়বে ; অযথা বাক্যব্যয় করে লাভ নেই । বললেন - সকলি তোমার ইচ্ছা ; ইচ্ছাময়ী তারা তুমি । তোমার কর্ম তুমি কর মা , লোকে বলে করি আমি !
তার কয়েকদিন পর অবনী মাস্টার শিক্ষা অধিকর্তার চিঠি পেলেন । স্কুলে আগামী সোমবার বিশেষ অডিট হবে । হেড মাস্টার যেন যাবতীয় খাতাপত্র এবং ভাউচার হাতের নাগালে রাখেন ।
মাথায় বাজ পড়ল অবনী বাবুর । ডি আই সাহেবের শরণাপন্ন হলেন । তিনি বললেন - জানি না তো ? আমার কাছে কোন নোটিশ আসেনি ।
অবনী মাস্টার বললেন - ঘোড়া টপকে ঘাস খাওয়া কি মুখের কথা ! নিশ্চয় আপনি কিছু কলকাঠি নেড়েছেন । আমি কিন্তু ওই ভিডিও ওনাদেরও দেখিয়ে দেব ।
- কোন ক্ষতি নেই । আমি অলরেডি সাইবার ক্রাইম অফিসে কমপ্লেইন দিয়েছি ; ভিডিও ক্লিপিংসহ । ওঁরা পরীক্ষা করে দেখছেন । প্রয়োজনে আপনার পরিবারের সব সদস্যদের ডেকে এর সত্যাসত্য নিরূপন করবেন বলেছেন ।
অবনী মাস্টার পরিবারের নাম শুনে চুপসে গেলেন ; কিন্তু সেখানেও একটা চাল দিয়ে বললেন - আমার আর কি ! আমি তো আর ঝিয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করিনি , করেছেন আপনি - সে তো জলের মত পরিস্কার । আপনার মান এতে কমে গেলে আমাকে দোষ দেবেন না যেন ।
ডি আই সাহেব বললেন - সে তো দেখা যাবে । আমিও দেখব আসছে পঞ্চায়েত নির্বাচনে আপনি কি করে দলীয় টিকিট পান । জানেন তো আমিও মোটামুটি রাজনীতি করি । শাসকদলের অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন । আপনি তো শুধু গ্রামে আর ব্লকে পরিচিত ! আর আমার পরিচয় জেলা জুড়ে ।
অবনী মাস্টার ঢোক গিলে বলেন - লড়াই যখন শুরু হলই তখন আর অফিসে কেন, ময়দানেই নেমে পড়ি ।
অর্থাৎ তিনি ডি আইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ।
বিশেষ অডিট রিপোর্ট অবনী মাস্টারের বিপক্ষে গেল । ডি আইয়ের বিপরীতমুখী রিপোর্ট সুপারসীড করে অধিকর্তার দপ্তর থেকে চিঠি পাঠানো হল ।
তহবিল তছরুপের দায়ে অবনী মাস্টারকে নোটিশ ধরিয়ে অধিকার দপ্তরে ডেকে পাঠানো হল । ওই সঙ্গে ডি আই সাহেবকেও ডাকা হল - সামনাসামনি বসিয়ে জেরা করার জন্য ।
অবনী মাস্টার লতার খোঁজ নিতে মদন বাবুকে ফোন করলেন ।
- আরে মদনদা ! বড় বিপদে পড়ে ফোন করেছি দাদা । শুনেছি লতা নাকি আপনার ওখানে চাকরি করছে ?
মদন বাবু বললেন - ওকে এখানে এনে রেখেছি। খুব অসুস্থ কি না ! তারপর ! বল তোমার দিন কেমন যাচ্ছে ?
- ভালো না দাদা ! অফিসে নানা রকম ঝামেলা শুরু হয়েছছ । সে যাক ! যে জন্য ফোন করেছি । বলব ?
- বল শুনি ।
- লতাকে এবার ছেড়ে দিন দাদা । ওকে আমার খুব দরকার ।
- সে কি ? লতাকে তোমার আবার কেন দরকার পড়ল ?
ও তো আর গ্রামে ফিরবে না বলছে !
- ফিরতে তো ওকে হবেই ! ওর ছেলেকে যে নজরবন্দী করে রেখেছি !
উড়ো কথা ছড়িয়ে দিলেন অবনী মাস্টার , যদিও খবর রাখেন মন্টুকুমার এখন কলকাতার ভারতীয় বিদ্যাভবনে পড়াশোনা করছে ।
অবনী মাস্টারের কথা শুনে চিন্তায় পড়লেন মদন বাবু । বিভা দেবীকে বললেন সে কথা । বিভা দেবী ওঁকে ' ঠিক আছে পাঠিয়ে দেব ' কথাগুলো বলতে বলে দিলেন ।
( চলবে )

