STORYMIRROR

Sayantani Palmal

Classics

3  

Sayantani Palmal

Classics

তবুও পৃথিবী ঘুমায়

তবুও পৃথিবী ঘুমায়

1 min
182

 নিশাচরদের উন্মত্ত উল্লাসের মাঝে,

ক্ষীণ হয়ে যায় দলিত মেয়েটার আর্তনাদ,

তবুও পৃথিবী ঘুমায়

ইটভাঁটার গনগনে চুল্লীর উত্তাপে

পুড়তে থাকে শৈশব, জ্বলতে থাকে স্বপ্ন,

তবুও পৃথিবী ঘুমায়।

ভোটদানবের বাক্স থেকে ঝরে পড়ে

মিথ্যে প্রতিশ্রুতি, চুঁইয়ে পড়ে রুধির ধারা,

তবুও পৃথিবী ঘুমায়।

ক্ষুন্নিবৃত্তির আশায় রং মাখা যৌবন এসে দাঁড়ায়

শহরের ল্যাম্পপোস্টের নীচে,

তবুও পৃথিবী ঘুমায়।

ধনী মালিকের আদিম রিপুর তাড়নায়

ছিন্ন হয় সদ্য কৈশোর প্রাপ্ত যোনি,

তবুও পৃথিবী ঘুমায়।

সর্বহারা কৃষক মুক্তির পথ খোঁজে

কীটনাশকের কৌটোয়,

তবুও পৃথিবী ঘুমায়।

ডিগ্রীভরা ফাইল মুখ লুকোয় ঘরের নিভৃত কোণে

জীবন পোড়ে বেকারত্বের আগুনে,

তবুও পৃথিবী ঘুমায়।

কর্মহীন শ্রমিকের এক চিলতে ঘরে

চাল বাড়ন্ত, উনুন নিভন্ত

তবুও পৃথিবী ঘুমায়।

সুখী সংসারের স্বপ্নে, নববধূ জীবন হারায়

পণের নাগপাশে,

তবুও পৃথিবী ঘুমায়।

স্বার্থ আর দম্ভের তরোয়ালে ছিন্ন হয় সম্পর্ক,

রক্তাক্ত হয় ভালোবাসা,

তবুও পৃথিবী ঘুমায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics