মেলা বসেছে রথের
মেলা বসেছে রথের
রথের দড়িতে টান পড়েছে, ঘুরছে রথের চাকা,
জগন্নাথের চলার পথটি একটু রাখো ফাঁকা।
পুন্য তিথিতে রাস্তার পাশে বসেছে রথের মেলা,
বাচ্চা, বুড়ো, ছেলে-মেয়ে সবে ভিড় করে সারাবেলা।
বেলা যত বাড়ে, লোকের ভিড়ে, মেলা যে জমজমাট,
ক্রেতা-বিক্রেতার সমাগমে আজ বসেছে চাঁদের হাট।
দরাদরি চলে, হাঁকডাক হয়, কেনাবেচা হয় ভারী,
ক্রেতার চোখ তো সর্বদা খোঁজে জিনিসটা দরকারি।
বেজে ওঠে ভেঁপু, বেজে ওঠে বাঁশি, বাতাস খুশিতে ভরা,
মণ্ডা, মিঠাই, জিলিপির সাথে মিষ্টি মনোহরা।
বিকছে কোথাও পাঁপড় ভাজা, চপ, কাটলেট,মুড়ি;
হাঁড়িকুড়ি, খুন্তি, হাতা, বেতের বোনা ঝুড়ি।
কেউ চড়ছে নাগরদোলা, চরকি কেটেই ফিরছে কেউ,
গান বাজনায় মাতিয়ে দিয়ে নাচের তালে উঠছে ঢেউ।
সবার হাতে পয়সা তো নেই, কিনবে জিনিস মেলায়,
সামান্য হলেও উৎসবে মেতে ঘোলেই স্বাদটি মেটায়।
