STORYMIRROR

Rabindranath Tagore

Classics

0  

Rabindranath Tagore

Classics

শুভক্ষণ

শুভক্ষণ

1 min
5.6K


ওগো মা,

          রাজার দুলাল যাবে আজি মোর

                    ঘরের সমুখপথে,

          আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে

                  রহিব বলো কী মতে।

          বলে দে আমায় কী করিব সাজ,

          কী ছাঁদে কবরী বেঁধে লব আজ,

          পরিব অঙ্গে কেমন ভঙ্গে

                  কোন্‌ বরনের বাস।

 

        মা গো,      কী হল তোমার, অবাক নয়নে

                        মুখপানে কেন চাস।

        আমি    দাঁড়াব যেথায় বাতায়নকোণে

                  সে চাবে না সেথা জানি তাহা মনে--

                  ফেলিতে নিমেষ দেখা হবে শেষ,

                        যাবে সে সুদূর পুরে,

        শুধু          সঙ্গের বাঁশি কোন্‌ মাঠ হতে

                        বাজিবে ব্যাকুল সুরে।

        তবু          রাজার দুলাল যাবে আজি মোর

                        ঘরের সমুখপথে,

        শুধু          সে নিমেষ লাগি না করিয়া বেশ

                        রহিব বলো কী মতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics