পুস্প সমাহার
পুস্প সমাহার
পুস্প সাথে ভোমরা-অলির মিল হয়েছে মনে,
বুকের হাঁপর অস্থির মতি জ্বলছে প্রেমাগুনে।
মন মাতিয়ে বকুল সুবাস হাওয়ায় বেড়ায় উড়ে,
অভিমানী শিউলি ফুলের কান্না পড়ছে ঝরে।
দিগন্ত জুড়ে পলাশ পাবক শিখা,
কৃষ্ণচূড়ার রূপেতে রঙিন রেখা।
জুঁই, বেলির সুগন্ধে মোহিত প্রাণ,
গোলাপ বক্ষে ভালোবাসার টান।
সৌরোভিত হাসনুহানায় আঁধার ভুলেছে বেদন,
সুবাস ছড়ায়ে মাধবীলতায় গোপনে করে রোদন।
বাদল দিনে বর্ষাস্নাত কদম ফুলের বাহার,
জবা,পদ্ম সুযোগ নিয়েছে মায়ের পা টি ছোঁবার।
কামিনী ফুলের মনোমোহিনী সুগন্ধ চতুর্দিকে,
রজনীগন্ধা শোভা বাড়ায় ফুলদানিরই বুকে।
নীলাম্বরী শাড়ির আঁচল অপরাজিতার গায়,
সূর্যমুখী ডাগর চোখে সূর্য্য পানে চায়।
দোপাটিরও অনেক বাহার, টগরের মন সাদা,
শীতের সময় শোভা বাড়ায় ডালিয়ার সাথে গাঁদা।
নিজের রূপের ছটায় মোহিত মল্লিকা, মালতী,
চম্পা সাথে চামেলি দোলে বাতাসকে পেয়ে সাথী।
বাগিচা সজ্জিত হয় পুস্প প্রস্ফুটনে,
আপনার রঙে আল্পনা দেয় প্রকৃতির কাননে।
