নতুন পৃথিবীর সন্ধানে
নতুন পৃথিবীর সন্ধানে
এটা গল্প নয় খুবই সহজ,
বলা যে আরো কঠিন;
তারা তো ছিল সবাই স্বাধীন,
তবুও বইছে সমাজের ঋণ ।
আমি বলছি কথা অনাথদের,
সময় হলে একটু শুনবে;
তারা তো আর খেলনা নয়,
সুযোগ পেলে স্যাটেলাইটও গড়বে।
নেই যে কোনো স্থায়ী ঠিকানা,
এ গলি থেকে সে গলি;
এদের গল্প তোমাদের ভালো লাগেনা,
তবুও শোনানোর চেষ্টা করে চলি।
নেড়েচেড়ে তোমরা যে খাবার,
ডাস্টবিনে দাও ফেলে;
পরম আনন্দে সেই খাবারটাই,
মুখে দেয় তারা ঢেলে।
এদের জন্য হয় না উৎসব,
জানে না কোনো পার্বণ;
এরা যেন অক্সিজেন নয়,
শ্বাসে টেনে নেয় কার্বন।
যখন মিথ্যে আবর্জনা সরানোর
যন্ত্রেরা আঘাত হানে;
অনাথ বালকেরা ছুটে পালায়,
চলে নতুন পৃথিবীর(গলির) সন্ধানে।
