STORYMIRROR

Sanat kumar Mittra thakur

Inspirational Others

5  

Sanat kumar Mittra thakur

Inspirational Others

✴️'গোমুখ থেকে গঙ্গাসাগর'✴️

✴️'গোমুখ থেকে গঙ্গাসাগর'✴️

48 mins
10

🌹(৮/১)           
             🌹'গোমুখ থেকে গঙ্গাসাগর'🌹
             🌹'সনৎকুমার মিত্রঠাকুর'🌹
  🌹'তথ্য্ঋণ শ্রীকৃষ্ণ, সেবাশ্রম,সুনীলকান্তি শর্মা।’🌹
🌹ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা, সুদূর হিমালয় থেকে বেরিয়ে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ,  বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।

দৃষ্টিগোচর ভাবে গোমুখে এর উৎপত্তি আর সাগর দ্বীপের কাছে এর অন্ত। ভারতের এই প্রধান নদী নিয়ে অনেক পৌরাণিক প্রচলিত কথা আছে। গঙ্গাকে মনে করা হয় পাবন সলিলা, এর জলে সব পাপ ধুয়ে যায়। পৌরাণিক দৃষ্টিকোন থেকে একটিমতে গঙ্গা, লক্ষী আর সরস্বতী তিনজনে ছিলেন বিষ্ণুর স্ত্রী। তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকতেন। বিরক্ত হয়ে বিষ্ণু তাদের আলাদা করে দেবার সিদ্ধান্ত নেন। তিনি নিজে লক্ষীকে রাখেন, গঙ্গা যায় শিবের ভাগ্যে আর সরস্বতী যায় ব্রহ্মার ভাগ্যে।

অন্যমতে বিষ্ণু বামন অবতার হিসাবে অসুরদের রাজা মহাবলির যজ্ঞস্থলে যান। পৃথিবীর মাপ নেবার জন্য তাঁর বাঁ পা বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে যখন দেখছিলেন যে
কোথায় মর্ত্য শেষ হয়েছে, তখন ত্রিলোকের উপরে যে আবরণ ছিল সেটাতে ফুটো হয়ে যায় আর ব্রহ্মসাগরের জল উপচে উপরে উঠে আসে। এই জলধারাই হচ্ছে গঙ্গা।

বলা হয় ভগীরথের অনুরধে গঙ্গার মর্ত্যে অবতরণ হয়। কিন্তু কেন তিনি মর্ত্যে এলেন। এই সম্বন্ধে দুটি কথার
প্রচলন আছে। প্রথমটি রাজা শান্তণু কে নিয়ে আর দ্বিতীয়টি সাগরের বংশধর ভগীরথ কে নিয়ে। আমরা
প্রথমে ভগীরথের কাহিনী দেখি। রাজা সাগর ঠিক করলেন যে তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। নিয়ম অনুযায়ী ঘোড়া ছেড়ে দেওয়া হল। সব যায়গা থেকে ঘোড়া বশ্যতা স্বীকার করিয়ে ফিরে এল। এবার ঘোড়া চলে গেছে পাতাল পুরীতে। আর ফেরেনা। সাগর রাজার ষাট হাজার ছেলে ঘোড়া খুজতে খুজতে পাতালে গিয়ে দেখে মহামুনি কপিল বসে ধ্যান করছেন আর তাঁর পাশেই অশ্বমেধের ঘোড়া দাঁড়িয়ে আছে।
ছেলেরা রেগে গিয়ে কপিল মুনিকে গালি গালাজ করাতে, কপিল মুনি ধ্যান ভঙ্গ হবার রাগে একবার এই
ষাট হাজার ছেলের দিকে তাকান আর তারা পুড়ে ছাই হয়ে যায়। কালক্রমে এদের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ দেখে তাঁর ঐ ষাট হাজার পুর্বপুরুষ পারলৌকিক ক্রিয়া হয়নি বলে ভুত হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভগীরথ ঠিক করে সে এদের উদ্ধার করবে। সকল পাপ তাপ মুছে যাবে গঙ্গা জলে। ভগীরথ চলে যায় ব্রহ্মার কাছে। বলে যদি গঙ্গার জলধারা দিয়ে তাদের পুর্বপুরুষের ভস্মকে ধোয়া যায় তবে তারা মুক্তি পাবে। অতএব হে ব্রহ্মা, দয়া করে গঙ্গাকে মর্ত্যে আসতে বলুন। নানান স্তব স্তুতির পরে ব্রহ্মা প্রসন্ন হয়ে গঙ্গাকে বললেন,  যাও তুমি, মর্ত্য হয়ে পাতালে গিয়ে এদের উদ্ধার কর। ভগীরথ খুসি হয়ে গঙ্গাকে বলে সোজা পাতালে গেলেই তারাতাড়ি হবে। গঙ্গা ভাবে তাকে পাতালে যেতে বলে অপমান করা হচ্ছে। সে পুর্ণ বেগে মর্ত্যে নামার জন্য তৈরি হয়। গঙ্গার এই পুর্ণ বেগ যদি পৃথিবীতে সোজা নামত, তবে
সমস্ত পৃথিবী ধংস হয়ে যেত, তাই ভগীরথ গিয়ে শিবের শরণাপন্ন হয়। শিব গঙ্গাকে বলে, প্রথমে তুমি আমার মাথার উপরে নাম, তার পরে সেখান থেকে মর্তে নামবে। গঙ্গা তাই করে আর নামামাত্রই শিব তাঁর চুল দিয়ে জটা বানিয়ে গঙ্গাকে তাতে আটকে ফেলে। তাঁর পরে অল্প অল্প করে ছাড়তে থাকে। পৃথিবী ধংসের হাত থেকে বেঁচে যায়। ভগীরথ গঙ্গাকে রাস্তা দেখিয়ে পাতাল পূরীতে নিয়ে গিয়ে  তাঁর পূর্বপুরুষদের উদ্ধার করেন। মকর সংক্রান্তির দিন এই পুর্বপুরুষের উদ্ধারের স্মৃতি নিয়ে গঙ্গাসাগর স্নান হয়।

দ্বিতীয় কাহিনীটি রাজা শান্তনুকে নিয়ে। ইক্ষাকু বংশের রাজা মহাভিষ তাঁর নিজের পুন্যের ফলে স্বর্গে গিয়েছিলেন। একদিন যখন ব্রহ্মা ধ্যান করছেন আর সবাই সামনে বসে আছেন তখন গঙ্গা ব্রহ্মার সাথে দেখা করতে আসেন। খুব জোরে বাতাস বইছিল আর সেই কারনে গঙ্গার কাপড় অস্তব্যস্ত হয়ে দেহশোভা দেখা যাচ্ছিল। সবাই লজ্জায় মাটির দিকে তাকিয়ে থাকেন কিন্তু রাজা মহাভিষ গঙ্গার দিকে নির্নিমেশ তাকিয়ে তাকে দেখতে থাকেন। মহাভিষ দেখতে অপূর্ন সুন্দর ছিলেন তাই গঙ্গাও তাঁর দিকে চেয়ে থাকেন। তাদের দুজনে এই আচরণ স্বর্গের স্বাভাবিক আচরণ বলে গন্য না হওয়াতে দুজনকে অভিশাপ দেওয়া হয় যে তাঁর মর্ত্যে জন্মাবেন আর একে অপরকে বিবাহ করবেন। মহাভিষ মর্ত্যে প্রতীপের পুত্র শান্তনূ হিসাবে জন্মান। ওদিকে গঙ্গা ফিরে আসার সময় রাস্তাতে অষ্টবসুদের সাথে দেখা হয়। বশিষ্ট মুনির সুরভী গাই চুরি করার জন্য তাদের বশিষ্ট শাপ দেন সে তারা মর্ত্যলোকে জন্ম নেবেন। অষ্টবসু (আট জন বসু) শাপভয়ে গঙ্গাকে বলেন তুমি যদি আমাদের মাতা হও তবে আমরা সহজেই এর থেকে মুক্তি পেতে পারি। গঙ্গা নিজে এদের মুক্তির উপায় স্থির করে নিয়ে সম্মতি দেন।
এদিকে রাজা শান্তনু শিকারে গিয়ে গঙ্গার দেখা পান। গঙ্গাকে বিয়ে করার প্রস্তাব দিলে গঙ্গা সম্মতি দেয়। কিন্তু এক সর্ত আরোপ করে। বলে যে গঙ্গা যাই করুক না কেন তাঁর কোন রকম প্রতিবাদ বা কারণ জিজ্ঞাসা করা চলবে না। যদি করেন তবে গঙ্গা তখনই শান্তণুকে ছেড়ে চলে যাবে।। শান্তনু রাজি হয়। বিয়ে হয়ে যায়। দিন যায়। গঙ্গার প্রথম পুত্র হয়। শান্তনূ খুসী কিন্তু গঙ্গা তাঁর পুত্রকে নিয়ে নদীতে গিয়ে ভাসিয়ে দেয়। শান্তনু দু;খ পায় কিন্তু বিয়ের আগে গঙ্গাকে দেওয়া অঙ্গীকার মনে করে কিছু বলে না। এক এক করে পর পর সাত পুত্রকে এই ভাবে গঙ্গা জলে ভাসিয়ে দেয় । যখন অষ্টম পুত্রকে নিয়ে গঙ্গা জলে ভাসাতে যাচ্ছে তখন শান্তনু আর থাকতে পারে না, সে গঙ্গাকে আটকায়। বলে তোমার মত নিষ্ঠুর মা আমি আর দেখিনি। এই ছেলে কে কেন ভাসিয়ে দেবে। গঙ্গা বলে আমার কাছে দেওয়া অঙ্গীকার তোমার নিশ্চয়  মনে আছে। আমার কাজে তুমি বাধা দিয়েছে তাই আমি তোমায় ছেড়ে চললাম। এই ছেলেকে তুমি নাও ভাল করে মানুষ কর। বিরাট বীর আর ধার্মিক হবে।
এরা সব শাপ পেয়ে মর্ত্য লোকে জন্ম নেওয়া বসুগণ। এই সেই অষ্টম বসু যে সুরভিকে চুরি করেছিল তাই
একে মর্ত্যলোকে থাকতে হবে আর বাকী সাতজন ছিল চুরির ব্যপারে সহযোগী মাত্র তাই তারা জন্ম নেবার পর তাদের মৃত্যু হয়েছে আর তাদের শাপের সময় তাতেই শেষ হয়ে গেছে। এই বলে গঙ্গা অদৃশ্য হয়। শান্তনূ ছেলেকে নিয়ে ফিরে আসে। এই ছেলের নাম দেবব্রত, যিনি পরে ভীষ্ম নামে পরিচিত হন।
------
🌹( ৮/২)🌹
🌹'তীর্থ শব্দ যদ্যপি হয় কর্ণেতে প্রবেশ । হৃদয়ে পুলক আসে ভক্তির আবেশ ।।'-- শাস্ত্রে বলা হয়েছে, যার দ্বারা উত্তীর্ণ হওয়া যায় তাই তীর্থ । তীর্থ শব্দে নিদান (আদি কারণ) নিপান (জলাশয়, নদী পারের স্থান) মুনি-ঋষি সেবিত জল এবং শ্রেষ্ঠ গুণীজনদের বুঝায় । তীর্থ প্রধানতঃ ত্রিবিধ - জঙ্গম, মানস ও ভৌম । শতাতপ স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, সাধু-সজ্জনগণই শ্রেষ্ঠ জঙ্গম তীর্থ-- 'ব্রাহ্মণা জঙ্গমং তীর্থং নির্মলং সার্বকালিকম্ । যেষাং বাক্যোদকেনৈব শুধ্যন্তি মলিনা জনাঃ ।।'

মানস তীর্থ বলতে সত্য , ক্ষমা, ইন্দ্রিয় নিগ্ৰহ, দয়া, সরলতা, ব্রহ্মচর্য প্রভৃতি এবং মনের শুদ্ধিতা সর্বোত্তম তীর্থ । ভৌম তীর্থ বলতে পৃথিবীর মধ্যে বিশেষ মাহাত্ম্য পূর্ণ স্থান সমূহ বুঝায় । যথা - গঙ্গা, যমুনা, নবদ্বীপ, বৃন্দাবন, জগন্নাথক্ষেত্রাদি স্থান । ভৌম তীর্থ বলতে ভূমির অদ্ভুত প্রভাব, জলের গুণ এবং সাধুগনের সমাশ্রয়- এই তিনটিই ভূমি বিশেষের পবিত্রতার কারণ ।

🌹গঙ্গাসাগর কথা— একদিন ত্রিলোচন শিব গোলোকে শিঙ্গা ও ডম্বরু সহযোগে পঞ্চমুখে রামনাম গান করছিলেন। লক্ষ্মীর সঙ্গে বসে সেই গান শুনতে শুনতে বিষ্ণু দ্রবীভূত হয়ে যান এবং তার ফলে পতিত-পাবনী গঙ্গার জন্ম হয়। ব্রহ্মা পরম আদরে গঙ্গাকে নিজ কমণ্ডুলুতে রাখেন। জগৎ জীবের উদ্ধারের জন্য ত্রিলোক পাবনী গঙ্গাদেবীর এই জগতে আগমন। ভগীরথ সগর সন্তানগণের উদ্ধারার্থে কঠোর তপস্যা করিয়া গঙ্গাকে ভূতলে আনয়ন করেন।

সূর্যের পুত্র মনু। মনুর ছেলের মধ্যে একজন ছিল ইক্ষাকু। মনুর ছিল এক মেয়ে ইলা। এই ইলার সাথে বিয়ে হয় চন্দ্রের ছেলের। হয়ে গেল বিখ্যাত সূর্য বংশ আর চন্দ্র বংশের প্রতিষ্ঠা। দশরথের ছেলে রাম ছিল এই সূর্য বংশের। কিন্তু তার আগে আমরা পাই এই সূর্য বংশে এক সগর রাজাকে। সগর রাজার দুই পত্নী – প্রভা আর ভানুমতী। দুজনেই সন্তান কামনাতে পূজা করায় বর পেলেন একজনের ষাট হাজার পুত্র হবে, যারা করিতকর্মা হবে, আর আর একজনের একটিমাত্র পুত্র হবে কিন্তু তার প্রজন্মের নাম বিশ্ববিদিত হবে। প্রভা একটি অলাবু প্রসব করেছিলেন যা ঘি'য়ে ডুবিয়ে রাখার পর তার থেকে ষাট হাজার পুত্র হয়েছিল। ভানুমতির একটাই ছেলে হল, নাম তার অসমঞ্জ। এই অসমঞ্জ ছিল কিন্তু অত্যন্ত অত্যাচারী। তার একটা সখ ছিল নবজাত শিশুদের ধরে নদীতে ছুঁড়েফেলা যাতে তারা ডুবে মারা যায়। এই অসমঞ্জের পরে আমরা যদি সপ্তদশ পুরুষে যাই, তবে আমরা পাব রাজা শ্রীরামকে।

সগর রাজা একবার এমন এক অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন যা সম্পন্ন করতে পারলে তিনি দেবরাজ ইন্দ্রের সমান শক্তিশালী হয়ে যাবেন। এতে ঈর্ষান্বিত হয়ে ইন্দ্র যজ্ঞের পবিত্র ঘোড়া অপহরণ করেন এবং ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমের কাছে বেঁধে রেখে চলে যান। কপিল মুনি তখন ধ্যানমগ্ন থাকায় কিছুই জানতে পারেন না। তখন কপিল মুনির আশ্রমের পাশে গঙ্গা বলে কোন নদী ছিল না।

কপিলমুনি ছিলেন ভগবান বিষ্ণুর চব্বিশ গৌণ অবতারের একজন। যিনি সাংখ্য দর্শন এবং যোগের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যেই আবির্ভূত হন। ইনিই একমাত্র মুনি যে জন্ম হওয়া মাত্রই যোগশক্তি লাভ করেন। সগর তাঁর ষাট হাজার পুত্রকে অশ্বের অন্বষণে প্রেরণ করেন। তাঁরা অনেক খুঁজে খুঁজে অবশেষে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে ঘোড়াটিকে দেখতে পান। কপিল মুনিকে চোর সন্দেহ করে তারা সবাই চিৎকার করে তাঁকে গালমন্দ করতে থাকে। এর ফলে কপিল মুনির বহু বছরের ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং কপিল মুনি তাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাদের ভস্ম করে দেন। সগর রাজার ষাট হাজার সন্তানের আত্মা পারলৌকিক ক্রিয়ার অভাবে প্রেতরূপে ওইখানেই আবদ্ধ হয়ে থাকে। সগরের নাতি, অসমঞ্জের ছেলে অংশুমান তার জ্যাঠাদের খুঁজতে খুঁজতে গিয়ে কপিলের আশ্রমে হাজির হলেন। কপিল মুনি তাঁকে বললেন, হ্যাঁরে বাপ, তাঁদের তো আমি ছাই করে ফেলেছি। অংশুমান কপিল মুনির কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করতে থাকেন তাদের প্রেতরূপ থেকে মুক্তি দেবার জন্য। তখন মুনি তাঁর উপর একটু সদয় হন এবং তাঁকে বলেন তোমার বংশের কেউ যদি স্বর্গ থেকে মা গঙ্গাকে নিয়ে এসে এদের অস্থির উপর দিয়ে বইয়ে নিয়ে যেতে পারে, তবে তারা প্রেতরূপ থেকে মুক্তি পেয়ে স্বর্গলোকে গমন করবে। অংশুমান গেল ফেরত, গঙ্গা কোথায় ইত্যাদির খোঁজ খবর নিয়ে তাঁকে নিয়ে আসার বন্দোবস্ত করতে। কিন্তু গঙ্গাকে নিয়ে আসা কি সোজা কথা। তাঁকে পৃথিবীতে নামাতে হবে, আর তার পরে সেই কপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে যেতে হবে। ভগীরথ যখন জন্মাল তখন কোশল রাজ্যের আর বিশেষ কিছু আভিজাত্য নেই। অল্প বয়সেই নিঃসন্তান অবস্থায় অসমঞ্জের নাতি রাজা দিলীপও মারা যান।  তখন রাজার দুই স্ত্রী বংশের ধারা রক্ষা করার জন্য অষ্ট্রাবক্র মুনির কাছে গেলে মুনির পরামর্শে দিলীপের দুই স্ত্রী শারীরিক মিলন করে। তাদের গর্ভে একটি মাংসপিণ্ড উৎপন্ন হয়। অষ্ট্রাবক্র মুনি সেই মাংসপিণ্ড দ্বারা একটি পুত্র সন্তান তৈরি করে মন্ত্রবলে প্রাণ সঞ্চার করে নামকরণ করেন ভগীরথ। সগরপুত্র অসমঞ্জের নাতি দিলীপের দুই বিধবা রাণীর ভগে ভগে কেলির ফলে ভগীরথের জন্ম হয় এবং ওইভাবে জন্ম হওয়ার জন্যই তার নাম ভগীরথ। ভগে ভগে জন্ম হেতু ভগীরথ নাম।

ভগীরথ গঙ্গাকে মর্ত্যে আনতে সংকল্প করেন এবং ইন্দ্র, মহেশ্বর, নারায়ণ ও ব্রহ্মার শরণাপন্ন হন। অষ্ট্রাবক্র মুনির আদেশে হিমালয়ে গিয়ে বিষ্ণুকে তপস্যা করে সন্তুষ্ট করেন গঙ্গাকে মর্তে অবতরণের জন্য। ভগবান ভগীরথকে বলেন গঙ্গার প্রবল বেগ স্বর্গ থেকে মর্তে আছড়ে পড়লে মর্তলোক ধ্বংস হয়ে যাবে। তার এই প্রবল গতিরোধ করার জন্য তুমি শিবের আরাধনা কর। ভগীরথ শিবকে তপস্যায় তুষ্ট করলে তিনি রাজি হলেন গঙ্গার প্রবল বেগকে তাঁর জটাজালে আবদ্ধ করতে। এরপর ক্রুদ্ধ গঙ্গা প্রবল বেগে শিবের মস্তকে পতিত হন। কিন্তু শিব শান্তভাবে নিজ জটাজালে গঙ্গাকে আবদ্ধ করেন এবং ছোটো ছোটো ধারায় তাঁকে মুক্তি দেন। এইজন্য শিবের আরেক নাম গঙ্গাধর। ভগীরথ আগে আগে শাঁখ বাজিয়ে এগিয়ে চলেন আর পিছনে পিছনে গঙ্গানদী তাকে অনুসরণ করে চলে। ভগীরথকে অনুসরণ করার সময় গঙ্গা ঋষি জহ্নুর আশ্রম প্লাবিত করেন। উগ্রতপা জহ্নু ক্রুদ্ধ হয়ে গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। তখন ভগীরথ গঙ্গার মুক্তির জন্য ঋষির কাছে প্রার্থনা করতে থাকলে নিজের জঙ্ঘা বা জানু চিরে তিনি গঙ্গাকে মুক্তি দেন। তাই গঙ্গার অপর নাম হয় জাহ্নবী। ভগীরথ তাঁকে নিয়ে আসায় তিনি ভাগীরথী নামে পরিচিত হন। এরপর ভগীরথ রাস্তা দেখিয়ে গঙ্গাকে নিয়ে যাওয়া শুরু করলেন। সেই গোমুখ থেকে হরিদ্বার, সেখান থেকে কাশী। তার পরে নবদ্বীপ হয়ে কপিল মুনির আশ্রম। এইভাবে গঙ্গা এই মকর সংক্রান্তির দিনেই কপিল মুনির আশ্রমের পাশ দিয়ে সগর রাজার ষাট হাজার পুত্রের অস্থির উপর দিয়ে বয়ে যান। গঙ্গার পবিত্র স্পর্শে তাদের সব জ্বালা জুড়িয়ে যায় এবং তারা প্রেতরূপ থেকে মুক্ত হয়ে স্বর্গলোকে গমন করে।

সগর রাজার সেই অশ্বমেধ যজ্ঞ আর হয়নি, কিন্তু সেই থেকে প্রত্যেক বছর কপিল মুনির আশ্রমে গঙ্গাসাগর মেলা হচ্ছে। যেদিন সগর রাজার ষাট হাজার সন্তানের পরম মুক্তি ঘটেছিল সেই পবিত্র মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। প্রকৃতপক্ষে আপামর ভারতবাসীর বিশ্বাস, গঙ্গাসাগর তীর্থে যে একটিবার স্নান করবে সে জীবনের সমস্ত পাপ মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করবে। এমনটি আর কথাও নেই। শাস্ত্রে বলা হয়েছে—

'সর্বত্র পাবনী গঙ্গা ত্রিশু স্থানেশু দুর্লভ ॥ গঙ্গাদারে, প্রয়াগে চ গঙ্গাসাগর সঙ্গমে ॥ গঙ্গায়াং চ জলে মোক্ষ, বারাণস্যাং জলে স্থলে । জলে স্থলে অন্তরীক্ষে গঙ্গায়াং গঙ্গাসাগর সঙ্গমে ॥'

গঙ্গা সর্বত্রই পবিত্র। কিন্তু গঙ্গাদার (হরিদ্বার) প্রয়াগ ও গঙ্গাসাগর এই তীর্থে সে শ্রেষ্ঠ। পুরাণকাররা বলেছেন, প্রয়াগে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়, বারাণসীর জলে, স্থলে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়। কিন্তু গঙ্গাসাগরে জলে,স্থলে, অন্তরীক্ষেও মৃত্যু হলে মহামুক্তি লাভ হয়। গঙ্গাসাগরের প্রধান আকর্ষন শ্রীকপিল মুনির মন্দির। শ্রীমন্দিরে কপিল মুনি পদ্মাসনে যোগারূঢ় অবস্থায় উপবিষ্ট। তাঁর বাম হাতে কমণ্ডুল, ডান হাতে জপমালা, শিরোদেশে পঞ্চনাগ ছত্রবৎ অবস্থিত। শ্রীকপিল মুনির দক্ষিণে শ্রীগঙ্গাদেবীর বিগ্রহ। ইনি চতুর্ভুজা এবং মকর বাহন। শ্রীহস্ত সমূহে শঙ্খ, পদ্ম, অমৃতকুম্ভ ও বরাভয়। সম্মুখে মহাতাপস ভগীরথ। কপিল মুনির বিগ্রহের বামদিকে সগর রাজ ভক্তি বিনম্র চিত্তে করজোড়ে অবস্থান রত।

মা গঙ্গা হলেন সবার মা , পাপী, তাপী, আপামর জনসাধারণের শান্তির আশ্রয় হলেন মা গঙ্গা। কেউ যদি ভক্তি শ্রদ্ধা সহকারে 'গঙ্গা গঙ্গা' বলে ডাকেন সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে তিনিও ভগবান বিষ্ণুর লোকে গমন করেন। গঙ্গাসাগর সঙ্গমে মকর স্নানকালে-- 'ত্বং দেব সরিতাং নাথ ত্বং দেবী সরিতাম্বরে। উভয়োঃ সঙ্গমে স্নাত্বা মুঞ্চামি দুরিতানি বৈ॥'
                    ----*----

🌹'( ৮/৩)'🌹
🌹'গোমুখ থেকে গঙ্গাসাগর'---'পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ নদী নীল, যা ভারতবর্ষে নয়, পৃথিবীর সবথেকে চওড়া নদী আমাজান, এও ভারতবর্ষে নয়। কিন্তু শ্রেষ্ঠত্বে ও মাহাত্ম্যে গঙ্গাই ভারত বর্ষকে কৃপা করছেন, জোয়ার-ভাটা শুধু গঙ্গাতেই হয় । এই জন্যই তো মহাপ্রভু বলেছেন-- 'ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার। জন্ম সার্থক করি কর পর উপকার।।'

'শিব সঙ্গীত সংমুগ্ধ শ্রীকৃষ্ণাঙ্গ দ্রবোদ্ভবাম্ । রাধাঙ্গ দ্রব্যসম্ভুতাং তাং গঙ্গা প্রণমাম্যহম্ ।।'

শ্রীভগবানের পাদপদ্ম উদ্ভবা শ্রীগঙ্গাদেবী অপ্রাকৃত চিন্ময় লোকের দিব্য সলিলধারা-- শ্রীতারক ব্রহ্ম দাস সম্পাদিত 'গঙ্গা মহিমামৃত' বর্ণনা দিব্য সলিল ধারায় অবগাহন তুল্য । 'কলমে শ্রীকৃষ্ণ সেবাশ্রম।'
                   ----------
"মাহাত্ম্যং যে চ গঙ্গায়া শৃণ্বন্তি চ পঠন্তি চ । তেহপ্যশেযের্মহাপাপে স্মুচ্যন্তে নাত্র সংশয়।।" অর্থাৎ- যিনি গঙ্গা মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনিও অশেষ পাপ হতে মুক্ত হন।

(১) গোমুখ- হিমাচল প্রদেশে যে স্থান থেকে গঙ্গার উদ্গম তাই'ই গোমুখ । উহা গঙ্গোত্রী থেকে ১৮ মাইল দূরে অবস্থিত । খরস্রোতা পার্বত্য নদী বরফ আচ্ছাদিত । এখানে প্রথমেই গঙ্গা মাতার জল পান করতে হয় । (২) গঙ্গোত্রী - এখানে ভাগীরথী গঙ্গার বিশাল মন্দির । মূল মন্দিরে শ্রীগঙ্গাদেবী আছেন । সম্মুখে মহারাজ ভগীরথ যুক্ত করে দাঁড়িয়ে আছেন । গঙ্গা মন্দিরের পাশে ভৈরবনাথের মন্দির । এখানে সূর্যকুণ্ড, ব্রহ্ম কুণ্ড, বিষ্ণুকুণ্ড বিদ্যমান । কাছেই বিশাল ভগীরথ শিলা, এখানে দাঁড়িয়ে ভগীরথ তপস্যা করেছিলেন, সমুদ্র স্তর থেকে এই স্থান আনু; ১০০২০ ফুট উঁচু । এখানে পুজার সামগ্ৰী সব সোনার, যাত্রীদের থাকার ধর্ম শালা আছে । গঙ্গোত্রীর নীচে কেদার গঙ্গার সঙ্গম । (৩) দেব প্রয়াগ - এই স্থান অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গম স্থানে অবস্থিত । এখানে রঘুবীরের বিশাল মুর্ত্তি দর্শনীয় । এখানে যাত্রীরা পিণ্ড, শ্রাদ্ধাদির অনুষ্ঠান করে থাকেন । হৃষিকেশ হতে দেবপ্রয়াগ আনু ; চুয়াল্লিশ মাইল । এই স্থানকে সুদর্শন ক্ষেত্রও বলে । (৪) হৃষিকেশ - অতি উত্তম তীর্থ এবং মহা তপোভূমি । এখান থেকে যাত্রীগন কেদারনাথ, বদ্রীনাথ, প্রভৃতি স্থান দর্শনে যান । বহু সাধু সন্ন্যাসীদের আশ্রম এখানে বর্তমান । যাত্রীদের থাকার জন্য ধর্মশালা আছে । (৫) হরিদ্বার - এই স্থানকে মায়াক্ষেত্র বা স্বর্গদ্বার বলা হয় । হিমালয়ের বিভিন্ন তীর্থ দর্শন হরিদ্বার থেকে আরম্ভ হয় । হরিদ্বারে ব্রহ্মকুণ্ড, কুশাবর্ত, কনখল, সতীকুণ্ড, বিল্বকেশর মহাদেব, সপ্ত ঋষির ঘাট প্রধান দর্শনীয়, গঙ্গাতটে গঙ্গা দেবীর মহা সন্ধ্যারতি বিশেষ আকর্ষণীয় । এখানে প্রতি দ্বাদশ বছর অন্তর মহাকুম্ভ স্নান হয় । ভগীরথ গঙ্গা আনয়ন কালে হরিদ্বারে সপ্ত ঋষি সাতটি শঙ্খ বাজিয়ে গঙ্গাকে স্বাগত জানান । গঙ্গা সপ্ত ধারায় বিভক্ত হয়ে ঋষিদের অভীষ্ট পূর্ণ করেন । গঙ্গার এই সপ্তধারা খুবই মনোমুগ্ধকর। (৬) শুকতলা- হরিদ্বার থেকে চল্লিশ মাইল দক্ষিণ-পূর্ব দিকে গঙ্গাতটে অবস্থিত । এখানে শ্রীপরীক্ষিৎ মহারাজ শ্রীল শুকদেব গোস্বামীর নিকটে শ্রীমদ্ভাগবত শ্রবণ করেছিলেন । জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বাদশীতে এবং কার্তিক মাসের পূর্ণিমায় এখানে মেলা বসে । (৭)  বিদুরক্ষেত্র - মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্রের সঙ্গ ত্যাগ করে গঙ্গাতীরে সরল জীবনযাপনের জন্য একটি কুটির নির্মাণ করেন । ঐ কুটিরে তিনি ভগবৎ চিন্তায় মগ্ন থাকতেন। শ্রীকৃষ্ণ এক সময় বিদুরের কুটিরে এসে অতিথি হয়েছিলেন । সেখানে বিদুরের ভক্তি সহকারে প্রদত্ত নগন্য বন্য বেতো শাক ভোজন করে পরম তৃপ্ত হয়েছিলেন । বর্তমানে সেখানে বিদুর সেবাশ্রম রয়েছে । (৮) হস্তিনাপুর - মিরাট শহরের প্রায় ২২ মাইল উত্তর পূর্ব দিকে গঙ্গার দক্ষিন তটে হস্তিনাপুর নগর অবস্থিত ছিল । বর্তমানে গঙ্গা বহুদূরে চলে গিয়েছে । প্রাচীন যে ধারা আছে তাকে বুড়ীগঙ্গা বলে । প্রাচীন হস্তিনাপুর ধ্বংস হলে জনমেজয়ের পৌত্র নিচক্ষু কৌশাম্বিতে রাজধানী স্থাপন করেন । (৯) শুকরক্ষেত্র - এই মন্দিরে চতুর্ভুজ শ্বেত বরাহদেব বিরাজমান । বৃন্দাবন হতে প্রয়াগ আসার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু শুকরক্ষেত্রে এসে গঙ্গা স্নান করেছিলেন । এখানেই পথিমধ্যে মহাপ্রভু মুসলমান পাঠান সৈন্যদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন । বরাহপুরাণে বরাহদেব বসুন্ধরা দেবীকে বলেছেন- শুকরক্ষেত্র সংসার দুঃখ দূর করার মহাতীর্থ, সেখানে আমার বিগ্ৰহ বিদ্যমান এবং গঙ্গানদী প্রবাহিতা ঐ তীর্থে তোমাকে রসাতল হতে উদ্ধার করেছিলাম । ঐ তীর্থে মানব দেহ ত্যাগ করে চতুর্ভুজ রূপে শ্বেতদ্বীপে গমন করেন । এভাবে বরাহদেব বসুন্ধরা দেবীকে শুকর ক্ষেত্রের মহিমা বর্ণনা করেছেন । (১০) প্রয়াগ - প্রয়াগকে তীর্থরাজ বলা হয় । একটি প্রচলিত প্রবাদ আছে - 'প্রয়াগে মুড়িয়ে মাথা, মরগে পাপী যথাতথা' । যেখানে গঙ্গাদেবী যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সাথে মিলিত হয়েছেন তাহাই ত্রিবেণী সঙ্গম বা তীর্থরাজ প্রয়াগ নামে পরিচিত । প্রয়াগের অনেক মহিমা সুবিদিত, তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো শ্রীমন্মহাপ্রভু মাঘ মাসে প্রয়াগে মকর স্নান করেছেন এবং শ্রীল রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করে দশাশ্বমেধ ঘাটে কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্বাদি, ভাগবত সিদ্ধান্ত সকল প্রদান করলেন । দুর্লভ মানব জন্ম ধন্য করতে হলে সকলেরই কর্ত্তব্য তীর্থরাজ প্রয়াগের সেবা করা ।

(১১) কাশী ক্ষেত্র - উত্তরপ্রদেশে উত্তর বাহিনী গঙ্গার তীরে কাশীধাম অবস্থিত । যারা কাশীতে মহেশ্বর বিশ্বনাথের সেবা করেন, তারা সকল পাপ মুক্ত হয়ে বিশ্বনাথের কৃপা লাভ করেন । কাশীকে মন্দির নগরীও বলা হয় । গঙ্গাতীরে বহু প্রাচীন ঘাট ও মন্দির রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে -
(ক) মণিকার্ণিকা ঘাট (খ) দশাশ্বমেধ ঘাট (গ) কেদার ঘাট (ঘ) হরিশ্চন্দ্র ঘাট (ঙ) নারদ ঘাট (চ) তুলসী ঘাট
(ছ) মান মন্দির (জ) শিবানীর ঘাট (ঝ) অহল্যাবাঈ ঘাট (ঞ) কোনার্ক কুণ্ড (ট) অগস্ত্য কুণ্ড (ঠ) তুলসী দাসী আখড়া কাশীধামকে মন্দির নগরী বলা হয় । (১২) সিদ্ধাশ্রম - বিহার রাজ্যের অন্তর্গত । বিশ্বামিত্র মুনি এখানে যজ্ঞানুষ্ঠান করেছিলেন । যজ্ঞানুষ্ঠানের সময় মারীচাদি রাক্ষসেরা উৎপাত শুরু করলে ভগবান রামচন্দ্র রাক্ষসদের বধ করেন । বামনরূপী বিষ্ণু এখানে তপস্যায় সিদ্ধিলাভ করেছেন বলে এই স্থানকে সিদ্ধাশ্রম বলা হয় । (১৩) গঙ্গা-সরযু-সঙ্গম-- এক সময় ব্রহ্মা কৈলাস পর্বতে মন দ্বারা মানস সরোবর সৃষ্টি করেন । এই সরোবর নিঃসৃত এক নদী অযোধ্যায় প্রবেশ করেছে । সরোবর নিঃসৃত বলে এই নদীর নাম সরযু । ভগবান রামচন্দ্র তাঁর লীলা সংবরণের সময় সরযুতে অবতরণ করে স্ব লোকে গমন করেন । রামচন্দ্রের অনুগমনকারী অযোধ্যাবাসীগণও সরযু নদীতে অবতরণ করে দিব্যলোক প্রাপ্ত হন । ছাপড়ার দক্ষিণে এই সরযু নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে । গঙ্গা ও সরযুর সঙ্গম স্থলে কন্দর্পের আশ্রম ছিল । এক সময় কন্দর্প এখানে শিবির চিত্ত বিকার উৎপাদন করলে শিবের ক্রোধ দৃষ্টিতে কন্দর্প ভস্মীভূত হয় । এই জন্যই কন্দর্পের এক নাম অনঙ্গ এবং এই স্থানের নাম অঙ্গদেশ । (১৪) শোন-গঙ্গা সঙ্গম-- শোন নদ মগধ দেশ থেকে উৎপন্ন হয়ে দানাপুরের নিকটে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে । এর অন্য নাম মাগধী । শ্রীমন্ নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণের সময় এখানে এসে স্নানাদি কার্য করেছেন । (১৫) গণ্ডকী-গঙ্গা সঙ্গম-- গণ্ডকী নেপাল হতে প্রবাহিতা গঙ্গার উপনদী । দামোদর কুণ্ড হতে গণ্ডকী নদীর উৎপত্তি । গণ্ডকী নদীতে শালগ্ৰাম শিলা পাওয়া যায় । বরাহ পুরাণে বলা হয়েছে, বিষ্ণুর গণ্ডদেশ হতে স্বেদ উদ্গম হয়ে যে তরঙ্গিণীর উৎপত্তি হয়েছে তার নাম গণ্ডকী । ব্রহ্মবৈবর্ত্ত পুরাণে আছে - তুলসী দেবী গণ্ডকী নদী এবং বিষ্ণু শালগ্ৰাম শিলা হয়ে গণ্ডকীতে বিরাজ করছেন । এই সঙ্গম স্থান বিশেষ মাহাত্ম্যপূর্ণ স্থান ।

'বৈরাগীনাং বিনিন্দন্তি যে নরাস্তে চ পাতকী । যদি গঙ্গা তীরং যান্তি গঙ্গাপির্তান্নপশ্যতি ।।' অর্থাৎ - বৈষ্ণব নিন্দুক যদি গঙ্গা তীরে যায়।সেই নিন্দুকে গঙ্গাদেবী ফিরিয়া না চায়। (১৬) জহ্নুমুনির আশ্রম - সুহোত্রের পুত্র রাজর্ষি জহ্নুমুনি । গঙ্গা দেবীর আগমন জেনে গঙ্গাকে অভিনন্দিত করার জন্য আশ্রম থেকে সুমধুর শঙ্খধ্বনি করেন । তখন গঙ্গাদেবী জহ্নুমুনির আশ্রম প্লাবিত করার জন্য আগমন করলে জহ্নুমুনি ব্রহ্মতেজ স্মরণ করে দক্ষিণ হস্তে সমস্ত গঙ্গাজল গণ্ডুষ করে পান করলেন । পরে গঙ্গাদেবী নিজ মুর্তি ধারণ করে কন্যা বলে পরিচয় দিয়ে ক্ষমা প্রার্থনা করলেন । জহ্নুমুনি গঙ্গার কাতরোক্তি শ্রবণে জানু থেকে সমস্ত জল বের করে দেন, তখনই গঙ্গার নাম হয় জাহ্নবী । চারিদিকে জয় জাহ্নবী ধ্বনি হতে লাগলো । ঐ দিন ছিল বৈশাখী শুক্লা সপ্তমী । বিহারে ঐ স্থানের নাম সুলতান গঞ্জ। (১৭) কানাইর নাটশালা - কানাইর নাটশালা বিহার রাজ্যের রাজ মহলের নিকটে গঙ্গা তীরে অবস্থিত । কথিত আছে বাণ রাজার কন্যা ঊষা হরণ কালে শ্রীকৃষ্ণ গঙ্গা তীরে যে স্থানে অবস্থান করেছিলেন, সে স্থানকে কানাইর নাটশালা বলে । শ্রীচৈতন্য মহাপ্রভু ঐ নাটশালার স্মৃতি চিহ্ন দর্শন করার জন্য ভক্তদের নিয়ে রামকেলি হতে সেখানে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন । বর্তমানে ইস্কন সেখানে শ্রীমন্দিরে শ্রীশ্রীরাধাকানাইয়া লালের নিত্য সেবা করছেন । (১৮) রাজমহল - শ্রীল নরোত্তম দাস ঠাকুরের শিষ্য শ্রীচাঁদ রায় রাজমহলের জমিদার ছিলেন । তিনি জমিদার হলেও প্রথম জীবনে দস্যুর ন্যায় আচরণ করতেন । পরে নরোত্তম দাস ঠাকুরের কৃপায় সপরিবারে বৈষ্ণবে পরিণত হন । চাঁদরায়ের নামে অনেক কাহিনী আছে । প্রসঙ্গক্রমে কিঞ্চিৎ আলোচনা করছি - শ্রীল নরোত্তম দাস ঠাকুরের কাছে দীক্ষা লাভের পূর্বে তিনি বড়োই দুর্দ্ধর্ষ জমিদার ছিলেন । চুরাশি হাজার টাকা আয়ের জমিদার ছিলেন । হাজার অশ্বারোহী ও বিস্তর সৈন্য ছিল । রাজমহল পর্যন্ত অধিকারে ছিল । যবন বাদশাকে এক পয়সাও কর দিত না আর লুটতরাজ করে অর্থ উপার্জন করত । তার দূর্গা পূজায় এত জীব বলি হতো যে রক্তে নদী বয়ে যেত । অত্যাচারী চাঁদরায়কে এক সময় এক ব্রক্ষদৈত্য পেয়ে বসে । কত তন্ত্র - মন্ত্র - বৈদ্য আনা হলো কিন্তু কিছুতেই দৈত্য বিদূরিত হল না । শেষে স্বপ্নাদেশ পেল - শ্রীল নরোত্তম দাস ঠাকুরের কৃপা হলে দৈত্য পালাবে । পরে শ্রীলনরোত্তমের আগমনেই চাঁদরায়ের সমস্ত ব্যাধি দূর হলো , সপরিবারে চাঁদরায় নরোত্তম দাস ঠাকুরের চরণাশ্রয় গ্ৰহণ করলেন । পরে এক সময় তিনি গঙ্গায় স্নান করার জন্য যেতেছেন তখন পূর্ব শত্রু নবাব বহু সিপাই দ্বারা চাঁদ রায়কে ধরে বন্দি করলেন । বৈষ্ণব হওয়া অবধি চাঁদরায় খুব শান্ত প্রকৃতির হলেন । চাঁদরায়কে ভয়ানক যন্ত্রণা দিবার জন্য মুসলমান নবাব কারাগারে নিক্ষেপ করলেন । চাঁদরায়ের পিতা একজন তান্ত্রিক পাঠালেন পুত্রকে মুক্ত করার জন্য । তান্ত্রিক তন্ত্র-মন্ত্র বলে কারাগারে গিয়ে নরোত্তমকে মা কালীর আড়াই অক্ষর শক্তিমান মন্ত্র গ্ৰহণ করতে বলল । চাঁদরায় বললেন - আমি বন্দিশালে আনন্দেই আছি । পূর্বে যেমন পাপকার্য করেছি তার ফলভোগ আমাকে করতেই হবে । আর অধিকন্তু আমার যে কর্ণে শ্রীশ্রীগৌর নাম প্রবেশ করেছে , সে কর্ণে আর কোনো মন্ত্র প্রবেশ করবে না । আমি গৌরনাম করতে করতে কারাগারে দেহ ক্ষয় করব । তান্ত্রিক চলে গেল । পরে নবাব সাহেব চাঁদ রায়কে নির্যাতন করার জন্য মত্ত হস্তির পদতলে নিক্ষেপ করল । হস্তি প্রথমতঃ চাঁদ রায়কে শুঁড়ে তুলে দূরে নিক্ষেপ করলেন,  পুনরায় তাঁকে মারতে উদ্যত হলে চাঁদ রায় শ্রীল নরোত্তম দাস ঠাকুরের স্মরণ করতঃ হস্তির শুঁড় ধরে এমনভাবে টান দিলেন যে হস্তি পঞ্চত্ব প্রাপ্ত হলো । নবাব চাঁদ রায়ের বিক্রয় দেখে অবাক হলেন ও তার শিরোপা দিয়ে নির্বিবাদে তার হৃত অধিকার ভোগ করার জন্য স্বীয় পাঞ্জাযুক্ত দলিল প্রদান করলেন । চাঁদ রায় তদবধি স্বরাজ্যে এসে শ্রীহরিনামে মহানন্দে উন্মত্ত হয়ে রইলেন ।

'অশ্রদ্ধধানঃ পাপাত্মা নাস্তিকোহচ্ছিন্ন সংসয়। হেতু নিষ্ঠশ্চ পঞ্চৈতে ন তীর্থফল ভাগিনঃ ।।' অর্থাৎ, - যিনি শ্রদ্ধাহীন, যিনি পাপাচারী, যিনি নাস্তিক, যিনি সংশয়াত্মা, যিনি হেতুবাদী - এই পাঁচ প্রকার ব্যক্তি তীর্থে বাস করলেও তীর্থফল ভাগী হন না । দ্বাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তাঁর পরিকরদের নিয়ে যমুনার কুলে কুলে বহু লীলাদি করেছেন । শ্রীকৃষ্ণ অভিন্ন মহাপ্রভু শ্রীগৌরাঙ্গ এবং তাঁর পরিকরগণও গৌড়দেশে গঙ্গার উপকুলে বহু লীলা বিলাস করেছেন । এখানে গঙ্গাসাগর সঙ্গম পর্যন্ত গঙ্গার উপ-কুলবর্তী গৌর পরিকরদের শ্রীপাটের সংক্ষিপ্ত বিবরণ পরিবেশিত হবে । গঙ্গা তীরবর্তী প্রতিটি শ্রীপাট মহা-মহাতীর্থ-- (১৯) রামকেলী-- গঙ্গার পূর্ব উপকূলে এই শ্রীপাট রামকেলী অবস্থিত । শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য পরিকর শ্রীরূপ, সনাতন, শ্রীবল্লভ, কেশব ছেত্রী, দুর্লভ ছেত্রীর শ্রীপাট ।
(২০) শ্রীনরহরি চক্রবর্তীর শ্রীপাট--ভাগীরথীর পশ্চিম উপকূলে মুর্শিদাবাদ জেলায় ভক্তি রত্নাকর গ্ৰন্থের লেখক শ্রীনরহরি চক্রবর্তী ঠাকুরের শ্রীপাট- 'নিজ-পরিচয় দিতে লজ্জা হয় মনে। পূর্ববাস গঙ্গাতীরে, জানে সর্বজনে।।বিশ্বনাথ চক্রবর্তী সর্বত্র বিখ্যাত। তাঁর শিষ্য মোর পিতা বিপ্র জগন্নাথ।। না জানি-কি হেতু হৈল মোর দুই নাম। নরহরি দাস, আর দাস ঘনশ্যাম।। গৃহাশ্রম হইতে হইনু উদাসীন। মহাপাপ-বিষয়ে মজিনু রাত্রিদিন।। দয়ার সমুদ্র ওহে বৈষ্ণবগোঁসাই। বেদে গায়-তুয়া কৃপা কর মোরে। নিরন্তর ডুবি যেন ভক্তিরত্নাকরে।।
জয় মা গঙ্গে-- (২১) কাঞ্চনগড়িয়া-- মুর্শিদাবাদ জেলায় অবস্থিত কীর্তনীয়া দ্বিজ হরিদাসের শ্রীপাট । দ্বিজ হরিদাস বৃন্দাবন ধামে দেহ রক্ষা করলে তাঁর পুত্রগণ কাঞ্চনগড়িয়ায় মহা-মহোৎসবের আয়োজন করেন । শ্রীনিবাস আচার্য ঠাকুর সহ তৎকালীন বহু গৌরপার্ষদগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । গঙ্গার পশ্চিম উপকূলে এই শ্রীপাটে মদনমোহন জীউর সেবা প্রচলিত । (২২) বুধরী-- গঙ্গার পূর্ব উপকূলে মুর্শিদাবাদ জেলায় বুধরী পাট অবস্থিত । এখানে শ্রীরামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, জগন্নাথ আচার্য, বড় গঙ্গা দাসের শ্রীপাট বিরাজিত । শ্রীমতি জাহ্নবীমাতা বুধরীতে গমন করে শ্রীশ্যামদাসের কন্যা হেমলতাকে বড়ু গঙ্গা দাসের সাথে বিবাহ দেন । শ্রীরামচন্দ্র কবিরাজ ও গোবিন্দ কবিরাজ বৈষ্ণব সঙ্গীতের লেখক । (২৩) গোয়াস-- মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ও পদ্মার সঙ্গম স্থানে অবস্থিত । এখানে হরিরাম আচার্য ও রামকৃষ্ণ আচার্যের শ্রীপাট অবস্থিত । শ্রীরামকৃষ্ণ আচার্য শ্রীমন্মোহন আচার্যের সেবা প্রকাশ করেন । শ্রীহরিরাম আচার্য শ্রীকৃষ্ণ রায়ের সেবা প্রকাশ করেন । (২৪) পক্কপল্লী-- শ্রীল নরোত্তম দাস ঠাকুরের শিষ্য রাজা নরসিংহ দেবের শ্রীপাট । প্রথম জীবনে রাজা নরসিংহ বৈষ্ণব ধর্মের বিরোধী ছিলেন । পরে নরোত্তম ঠাকুরের কৃপায় রাজা নরসিংহ ও তার পত্নী রূপমালাদেবী উভয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন । রাজা নরসিংহ বাংলা ভাষায় বহু সংগীত রচনা করেন ।
'ধন নাই জন নাই নাহিক পাণ্ডিত্য । কে চিনিবে চৈতন্যের এই সব ভৃত্য।।'
গঙ্গার মহিমা কথা অনন্ত অপার ।
শ্রবণেও চক্ষে বহে প্রেম অশ্রুধার ।।'

(২৫) শ্রীপাট গাম্ভীলা--এখানে নরোত্তম দাস ঠাকুরের শিষ্য গঙ্গা নারায়ণ চক্রবর্তীর শ্রীপাট । প্রেম বিলাসে আছে - 'আর এক শাখা গঙ্গানারায়ণ চক্রবর্তী । গঙ্গাতীরে গাম্ভীলা গ্ৰামে যার স্থিতি।। 'শ্রীপাট গাম্ভীলায় গঙ্গা নারায়ণ চক্রবর্তী শ্রীগোবিন্দ দেবের সেবা স্থাপন করেন । নরোত্তম দাস ঠাকুর গাম্ভীলায় অপ্রাকৃত লীলার প্রকাশ করেন । এক সময় নরোত্তম দাস ঠাকুরের জ্বর হলো । তিনি চিতা সজ্জা করতে বললেন । লোকদৃষ্টে তিনদিন পর তার দেহ ত্যাগ হলো । তাকে চিতার উপরে রাখা‌ হলো বৈষ্ণব নিন্দুক অভিমানী ব্রাহ্মণ সকল বলতে লাগলেন - শূদ্র হয়ে নরোত্তম দাস ব্রাহ্মণ গঙ্গানারায়ণকে দীক্ষা প্রদানের ফলে জ্বরে বাক্য রোধ হয়ে মারা গেল । আরও বহু কটুক্তি করতে লাগলো । পাষণ্ডী ব্রাহ্মণগণের মুখে গুরু বৈষ্ণবের নিন্দা শুনে গঙ্গা নারায়ণ করজোড়ে নরোত্তম দাস ঠাকুরের কাছে মনোদুঃখে বলতে লাগলেন - এই পাষণ্ডী দিগের উদ্ধার করুন । শ্রীল নরোত্তম দাস ঠাকুর শ্রীরাধাকৃষ্ণ-চৈতন্য বলে চিতা হতে সূর্য্যের ন্যায় দীপ্তিতে উঠে আসলেন । নিন্দুক ব্রাহ্মণগণ ভীত হলেন । তাঁরা নরোত্তম দাস ঠাকুরের আশ্রয় নিলেন । আবার অনেক দিন পরে খেতুরী হতে গঙ্গায় স্নানের জন্য গাম্ভীলায় এলেন । গাম্ভীলার গঙ্গাঘাটে এসে শিষ্য গঙ্গা নারায়ণ চক্রবর্তী ও রামকৃষ্ণ আচার্য্যকে নরোত্তম দাস ঠাকুর তাঁর অঙ্গ মার্জ্জন করতে বললেন--
"আজ্ঞা কৈলা রামকৃষ্ণ গঙ্গানারায়ণ । মোর অঙ্গ মার্জ্জন করহ দুইজনে ।। দোঁহা কিবা মার্জ্জন করিব পরশিতে । দুগ্ধ প্রায় মিলাইল গঙ্গার জলেতে ।। দেখিতে দেখিতে শীঘ্র হৈল অন্তর্ধান ।  অত্যন্ত দুর্জ্ঞেয় ইহা বুঝিবে কি আন ।। অকস্মাৎ গঙ্গায় তরঙ্গ উথলিল । দেখিয়া লোকের মহা বিষ্ময় হৈল ।।"-- এই ভাবে নরোত্তম দাস ঠাকুর গাম্ভীলার গঙ্গা ঘাটে অলৌকিক অন্তর্ধান লীলা করলেন । শ্রীপাট গাম্ভীলার গঙ্গা ঘাট এক মহাতীর্থে পরিণত হলো ।
                *---*---*
🌹(৮/৪)🌹
'অনন্ত রূপিনী দেবী অমৃত বাসিনী ।
যুগল চরণে বন্দি ভক্তি প্রদায়িনী ।।'

(২৬) কুমারপুর - ভাগীরথীর পূর্ব উপকূলে মুর্শিদাবাদ জেলায় কুমারপুর অবস্থিত । এখানে গৌরপার্ষদ চিরঞ্জীব সেন, বিষ্ণুদাস কবিরাজ, গোপাল চক্রবর্তী প্রভৃতির শ্রীপাট । এক সময় রাজা নরসিংহ স্মার্ত্ত পণ্ডিতদের নিয়ে বৈষ্ণব গণের প্রভাবকে ক্ষুণ্ণ করার জন্য এখানে আসেন কিন্তু গঙ্গা নারায়ণ চক্রবর্তী ও রামচন্দ্র কবিরাজ যুক্তিতর্কে শাস্ত্র সিদ্ধান্তে তাদের বিদ্যাগর্বের অভিমান বিনাশ করেন । রাত্রে দূর্গা দেবী রাজা নরসিংহ ও স্মার্ত্ত পণ্ডিতদের স্বপ্নে‌ দেখান যে, তোরা যদি নরোত্তমের চরণে আশ্রয় গ্ৰহন না কর, তবে তোদের রক্ষা নেই, তোদের বিনাশ করব । দেবীর আদেশ ক্রমে তারা তখন নরোত্তমের পদাশ্রয় গ্ৰহন করলো । কুমার পুরে রাধামাধব বিগ্ৰহ বিরাজমান আছেন । এক সময় মুসলমান নবাব নিষিদ্ধ অমেধ্য বস্তু পুজারী লক্ষ্মীনারায়ণ গোস্বামীকে প্রেরণ করে। ভক্তবৎসল শ্রীশ্রীরাধামাধবের কৃপায় তা পুষ্পে পরিনত হয় । অদ্যাপিও সেই বিগ্ৰহ মতিঝিলের তীরে বিদ্যমান ।

"কৃত তু পুষ্করং তীর্থং ত্রেতায়াং নৈমিষং তথা । দ্বাপরে তু কুরুক্ষেত্রং কলৌ গঙ্গাং সমাশ্রয়েৎ ।।" অর্থাৎ-সত্যযুগে পুষ্কর তীর্থ, ত্রেতায় নৈমিষক্ষেত্র, দ্বাপরে কুরুক্ষেত্র, আর কলিযুগে শ্রীগঙ্গাকে আশ্রয় করতে হয় । (শ্রীপদ্মপুরাণ)

(২৭) সৈয়দাবাদ - মুর্শিদাবাদ জেলায় গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত । সেখানে শ্রীল নরোত্তম দাস ঠাকুরের শিষ্য রামকৃষ্ণ আচার্যের সেবিত বিগ্ৰহ বিরাজমান । মাধুর্য কাদম্বিনী গ্ৰন্থের রচয়িতা শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে কিছু কাল অতিবাহিত করেছেন ।
(২৮) মালিহাটী - মুর্শিদাবাদ জেলায় গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত । এখানে শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা ঠাকুরানীর শিষ্য যদুনন্দন দাসের শ্রীপাট অবস্থিত ।
(২৯) নন্যাপুর - বর্ধমান জেলায় অবস্থিত । এখানে নিত্যানন্দ প্রভুর জামাতা "শ্রীকৃষ্ণমঙ্গল" কাব্যের রচয়িতা শ্রীমাধব আচার্যের জন্মস্থান।
(৩০) ভরতপুর - মুর্শিদাবাদ জেলায় অবস্থিত । গদাধর পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র শ্রীনয়নানন্দের শ্রীপাট । এখানে গদাধর পণ্ডিতের স্বহস্তে লিখিত গীতা গ্ৰন্থ বিরাজিত ।
(৩১) উদ্ধারণপুর - কাটোয়ার নিকটে গঙ্গা তীরে অবস্থিত । এখানে উদ্ধারণ দত্ত ঠাকুরের ভজন স্থান এবং মন্দিরাদি ছিল । পৌষ কৃষ্ণ ত্রয়োদশীতে উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোভাব মহোৎসব হয়ে থাকে ।
(৩২) আকাইহাট - বর্ধমান জেলায় আকাইহাটে কালাকৃষ্ণদাসের শ্রীপাট । অভিরাম ঠাকুর এবং রঘুনন্দন ঠাকুরের নৃত্যকালে রঘুনন্দনের পায়ের নুপুর আকাই হাটে গিয়ে পড়ে । নূপুর যেখানে পতিত হয়েছে সেখানে একটি কুণ্ড আছে, তার নাম নূপুর কুণ্ড ।

'জয় মা মন্দাকিনী মকর বাসিনী ।
জয় মা মালাবতী শিব সীমন্তিনী ।।'

জয় মা গঙ্গে -
নিম্নগানাং যথা গঙ্গা দেবানামচ্যুতো যথা । বৈষ্ণবানাং যথা শম্ভুঃ পুরাণামামিদং তথা ।।
(৩৩) কাটোয়া-- বর্ধমান জেলায় গঙ্গার পশ্চিম তীরে কাটোয়া অবস্থিত । এখানে কেশব ভারতীর শ্রীপাট । মহাপ্রভু এখানে সন্ন্যাস গ্ৰহন করেন । গদাধর দাস শেষ জীবনে কাটোয়া অবস্থান করে গৌর-নিতাইয়ের বিগ্ৰহ স্থাপন করেন । কাটোয়া গৌড়ীয় বৈষ্ণবগনের মহাতীর্থ । কাটোয়ায় সর্বপ্রথম গৌড়ীয় বৈষ্ণব সন্মেলন হয় । কাটোয়ায় মহাপ্রভুর কেশ মুণ্ডনের স্থান, কেশের সমাধি,  মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান, গদাধর দাসের সমাধি, কেশব ভারতীর সাধনা ও সিদ্ধির স্থান ইত্যাদি দর্শনীয়, এখানে শ্রীবিগ্ৰহের‌ নিত্য সেবা বর্তমান রয়েছে ।
(৩৪) অগ্ৰদ্বীপ-- বর্ধমান জেলায় গঙ্গাতীরে শ্রীপাট অগ্ৰদ্বীপ অবস্থিত- "সুরধনী পার গ্ৰাম অগ্ৰদ্বীপ নাম ।
গোপীনাথ প্রকাশ যাহা স্বয়ং ভগবান ।। গোবিন্দ ঘোষ, বাসুঘোষ, আর মাধব ঘোষ । সে স্থান দেখিতে হয় পরম সন্তোষ ।।
অদ্যাপিও গোবিন্দ ঘোষের ভক্ত বাৎসল্য প্রেমে বশীভূত হয়ে গোপীনাথ চৈত্র মাসে পুত্ররূপ পরিগ্ৰহ করে গোবিন্দ ঘোষের পারলৌকিক শ্রাদ্ধ পিণ্ডাদির কার্য নির্বাহ করে থাকেন ।

যে দেশে গঙ্গা প্রবাহিত, যে দেশ চৈতন্য মহাপ্রভুর পদ স্পর্শ ধন্য, সেই দেশকে উল্লেখ করে বলেছেন - 'ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার । জন্ম সার্থক করি কর, পর উপকার ।।'- মহাপ্রভুর এই আজ্ঞা পার্ষদবৃন্দ মনে প্রাণে গ্ৰহন করে গৌড়ভূমি তথা ভারত বর্ষকে‌, তথা বিশ্বকে হরিনামের বন্যায় প্লাবিত করেছেন । যে সমস্ত স্থান দিয়ে গঙ্গা প্রবাহিত সেখানে স্থানে স্থানে তীর্থ ক্ষেত্র গড়ে উঠেছে ।
(৩৫) চাকুন্দী -  শ্রীনিবাস আচার্যের জন্ম ভূমি ।
(৩৬) যাজিগ্ৰাম - বর্ধমান জেলায় অবস্থিত, শ্রীনিবাস আচার্যের শ্রীপাট । শ্রীনিবাস আচার্য নীলাচল, গৌড়মণ্ডল, বৃন্দাবন পরিভ্রমণ করতঃ যাজিগ্ৰামে এসে বিভিন্ন লীলার প্রকাশ করেন । এখানে বিরাট মহোৎসব হয়ে ছিল, তার প্রমাণ ডাল ঢালা পুকুর । শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম দাস ঠাকুর এই তিন জন এখানে ত্রিবেণী সঙ্গমের মতো অবস্থান করতেন ।
(৩৭) বুধই পাড়া - মুর্শিদাবাদ জেলায় গঙ্গা তীরে অবস্থিত । শ্রীনিবাস আচার্যের শিষ্য রামকৃষ্ণ চট্টরাজ, মুকুন্দ চট্টরাজ, গোপীজনবল্লভ, গৌরাঙ্গ বল্লভ প্রভৃতির বিহার ভূমি । শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতার সাথে গোপীজন বল্লমের বিবাহ হয় । তারা রাধারমণ বিগ্ৰহ প্রতিষ্ঠা করেন । যদুনন্দন দাস এখানে  শ্রীকৃষ্ণানন্দ গ্ৰন্থ রচনা করেন ।
(৩৮) দেবগ্ৰাম - শ্রীবিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের জন্ম স্থান । তাঁর জন্মের সময় গৃহে উজ্জ্বল অগ্নির ন্যায় তেজঃপুঞ্জ উদ্ভাসিত হয়েছিল । মাধুর্য কাদম্বিনী গ্ৰন্থ রচনা করেন ।
(৩৯) বিল্বগ্ৰাম- নদীয়া জেলায় গঙ্গার পূর্ব উপকূলে অবস্থিত ।
এখানে অভিরাম গোপালের শিষ্য শ্রীবলরাম ঠাকুরের শ্রীপাট অবস্থিত । এখানে শ্রীশ্রীরাধামদনমোহনের মন্দির বর্তমান আছে ।

ব্রহ্মবৈবর্ত্ত পুরাণ প্রকতি খণ্ড -
শ্রীনারায়ণ উবাচ -
"পুরা বভূব গোলোকে সা গঙ্গা দ্রব্যরূপিনী । রাধা কৃষ্ণাঙ্গ সম্ভুতা তদংশা তৎস্বরূপিনী ।।"
শ্রীনারায়ণ বললেন - অতি পুরাকালে গঙ্গাদেবী গোলোক ধামে রাধা কৃষ্ণের অঙ্গ হতে দ্রব্যরূপা হয়ে উৎপন্না হন । রাধা-কৃষ্ণের অংশরূপিনী বলে গঙ্গাদেবী রাধাকৃষ্ণ স্বরূপা । (৪০) বড়গাছি - শ্রী নিত্যানন্দ প্রভুর শিষ্য বিহারী কৃষ্ণদাসের শ্রীপাট । এখানে নিত্যানন্দ প্রভুর বহু লীলা বিজড়িত আছে । (৪১) শালিগ্ৰাম - নদীয়া জেলায় নিত্যানন্দ প্রভুর শ্বশুর সূর্যদাসের শ্রীপাট । সূর্যদাসের দুই কন্যা বসুধা ও জাহ্নবীকে নিত্যানন্দ প্রভু বিবাহ করেন । বিবাহকালীন সূর্যদাস পণ্ডিতের গৃহে অনেক অলৌকিক লীলা প্রকাশ করেন এবং শালিগ্ৰামকে মহিমান্বিত তীর্থে পরিণত করেন ।

🌹(৮/৫)🌹
'অনন্ত রূপিনী দেবী অমৃত বাসিনী ।
যুগল চরণে বন্দি ভক্তি প্রদায়িনী ।।'

শ্রীনবদ্বীপ ধাম-- নদীয়া ও বর্ধমান জেলায় গঙ্গা পূর্ব ও পশ্চিম উপকূলে অবস্থিত নয়টি দ্বীপের সমষ্টি । অলকানন্দা, মন্দাকিনী, জলঙ্গী প্রভৃতি গঙ্গানদীর বিভিন্ন শাখা প্রশাখা বেষ্টিত নয়টি দ্বীপ । কালের গতিতে অনেকটা লুপ্তপ্রায় । নবদ্বীপ ধাম সাধারণ তীর্থ ক্ষেত্র নহে । অনন্তকোটী তীর্থেরও মহাতীর্থ সাক্ষাৎ ভগবৎ ধাম । বৈকুণ্ঠাদি লোকে যেমন গঙ্গা রয়েছে -তেমনি নবদ্বীপ ধামও গঙ্গা দ্বারা বেষ্টিত । এক এক করে বর্ণনা পরিবেশন হবে--

'গৌরহরি পদাম্বুজ ধুলিতে ধূসরা । উচ্চ সংকীর্ত্তন রসে উঠে ঊর্মিমালা ।। অঘনিকর ভঙ্গা জলকণা যাঁর । হেন গঙ্গাদেবী পদে কোটি নমস্কার।।'

(৪২/১),- অন্তর্দীপ- নদীয়া জেলায় নবদ্বীপ মণ্ডলের কেন্দ্রস্থলে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব পীঠ । অষ্টদিকে অষ্টদ্বীপ মধ্যস্থলে অন্তর্দ্বীপ।‌ ব্রহ্মা এখানে শ্রীগৌরাঙ্গের আরাধনা করেন এবং তাঁর দর্শন লাভ করে অন্তরের কথা ব্যক্ত করেন । অন্তরের কথা ব্যক্ত হেতু এই দ্বীপকে অন্তর্দ্বীপ বলে । এখানে মহাপ্রভুর বহু পার্ষদ ভক্তের শ্রীপাট বিদ্যমান । বর্তমানে শ্রীচৈতন্য মঠ, গৌড়ীয় মঠ এবং তার বহু শাখা মঠ প্রতিষ্ঠীত হয়ে শ্রীগৌরাঙ্গের নিত্য সেবায় নিয়োজিত আছে । নিত্য সেবিত অগনিত শ্রীধাম দর্শনার্থী প্রত্যহ আগমন করে গঙ্গাস্নান, শ্রীমন্দির দর্শন, প্রসাদ সেবন করে মানব জীবন সার্থক করছেন । এছাড়াও এখানে গঙ্গা তীরে বহু ম্মৃতি চিহ্ন ছিল, গঙ্গার ভাঙ্গেন লুপ্ত হয়ে গেছে । (৪৩/২)- সীমন্তদ্বীপ - এই স্থান পার্বতী দেবীর আরাধনা স্থল । সীমন্তিনী পার্বতী দেবী শ্রীগৌরাঙ্গের দর্শন লাভ করে তাঁর পদধুলী সীমন্তে ধারণ করেছিলেন বলে এই দ্বীপকে সীমন্ত দ্বীপ বলে । সীমন্ত দ্বীপে রাজাপুর গ্ৰামে শ্রীশ্রীজগন্নাথ, বলদেব, সুভদ্রাদেবীর নিত্য সেবা বিরাজমান । এখানে ভক্ত চাঁদ কাজীর সমাধি আছে । সমাধির উপর মহাপ্রভুর স্বহস্তে রোপিত বহু প্রাচীন একটি গোলক চাঁপা বৃক্ষ আছে । (৪২/৩)-- গোদ্রুমদ্বীপ - নদীয়ার স্বরূপগঞ্জ, মহেশ গঞ্জ, সুবর্ণবিহার, গাদিগাছা, হরিহর ক্ষেত্র, আমঘাটা, দেব পল্লী প্রভৃতি স্থান গোদ্রুম দ্বীপের অন্তর্গত । গঙ্গাতীরে দ্রুমতলে (বৃক্ষতলে) সুরভী গাভীর গৌর আরাধনার স্থান । এই জন্যই এই স্থানকে গোদ্রুম দ্বীপ বলে । এখানে সুরভী কুঞ্জে, সুবর্ণ সেনের বাড়ি, দেবপল্লীতে শ্রীশ্রী নৃসিংহ দেবের মন্দির, পঞ্চানন শিবের স্থান দর্শনীয় । (৪২/৪)- মধ্যদ্বীপ - এখানে সপ্ত ঋষির গৌর আরাধনার স্থান । সপ্ত ঋষি মধ্যাহ্ন সময়ে এখানে গৌর আরাধনার মাধ্যমে তাঁকে দর্শন করেছিলেন, তাই একে মধ্যদ্বীপ বলে । এখানে হংসবাহন শিব, পুষ্কর তীর্থ, উচ্চহট্ট, নৈমিষারণ্য ক্ষেত্র দর্শনীয় । (৪২/৫) - কোলদ্বীপ - এখানে দেবানন্দ পণ্ডিত, মাধবদাস, বংশীদাস ঠাকুরের শ্রীপাট । ভগবান কোলদেব (বরাহ) রূপে এখানে বাসুদেব বিপ্রকে দর্শন দেন, তাই এই দ্বীপের নাম কোলদ্বীপ । এখানে দেবানন্দ গৌড়ীয় মঠে ভগবান কোলদেবের বিগ্ৰহ বিরাজিত । কোলদেবের অন্তর্গত চাপাহাটী দ্বিজ বাণীনাথের শ্রীপাট । (৪২/৬) - ঋতুদ্বীপ - বর্ধমান জেলায় ঋতুদ্বীপ বা রাতুপুর অবস্থিত । এখানে ষড়ঋতু গৌর আরাধনা করে তাঁর দর্শন লাভ করেন । তাই এই স্থানকে ঋতুদ্বীপ বলে । ঋতুদ্বীপ অন্তর্গত বিদ্যানগরে গৌর পার্ষদ সার্বভৌম ভট্টাচার্য, বিদ্যা বাচস্পতির শ্রীপাট । এখানে শ্রীশ্রীগৌর নিত্যানন্দের মন্দিরে নিত্যসেবা বিরাজমান আছে ।
(৪২/৭)- জহ্নুদ্বীপ - বর্দ্ধমান জেলায় জহ্নুদ্বীপ অবস্থিত । বর্তমান নাম জান্নগর । জহ্নুমুনি এখানে গৌর আরাধনা করে তাঁর দর্শন লাভ করেন । দর্শন দিয়েই গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্ধান করেন । জহ্নুমুনি তখন গৌর বিরহে ভূমিতে গড়াগড়ি দিয়ে ধুলায় ধূসরিত অঙ্গে এখানে অবস্থান করেন । (৪২/৮)- মোদদ্রোম দ্বীপ - মোদদ্রুম দ্বীপ বা মামগাছি বর্দ্ধমান জেলায় অবস্থিত । এখানে বৃক্ষতলে রামচন্দ্র বনবাস কালে সীতাদেবীকে গৌর রূপ প্রদর্শন করান এবং তার আমোদ বৃদ্ধি করেন । এখানে শ্রীল সারঙ্গ ঠাকুরের, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের, বাসুদেব দত্তের শ্রীপাট ।
(৪২/৯)-- রুদ্রদ্বীপ - এখানে একাদশ রুদ্র (শিব) গৌরাঙ্গের আরাধনা করে তাঁর দর্শন লাভ করেন । তাই এই স্থানকে রুদ্রদ্বীপ বলে । এখানে বেলপুকুরে মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তীর শ্রীপাট । এখানে পঞ্চবক্ত্র নামে এক শিব মুর্তি বিরাজমান । এক সময় বহু তপস্বী ব্রাহ্মন এক পক্ষকাল বিল্বদলে শিবের অর্চন করেন । শিব তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বললেন, এই ধামে মহাপ্রভু আবির্ভূত হয়ে তোমাদের অভীষ্ট পূর্ণ করবেন । বিল্বদলে এক পক্ষকাল সেবা করার জন্য নাম হল বিল্বপক্ষ বা বেল পুকুরিয়া ।

শ্রীনবদ্বীপ ধামে মা গঙ্গার বিশেষ মহিমা- শ্রীমন্মহাপ্রভু নবদ্বীপ লীলায় বাল্যকালে গঙ্গাদেবীর প্রভাব সম্পর্কে শ্রীচৈতন্য ভাগবতে বলা হয়েছে -
"হাসি বোলে বিশ্বম্ভর শুন সব ভাই ।
পুঁথি বান্ধ আজি চল গঙ্গাস্নানে যাই ।। বান্ধিলা পুস্তক সবে প্রভুর বচনে ।
গঙ্গা স্নানে চলিলেন বিশ্বম্ভর সনে ।।
গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্ভর । সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর ।।
গঙ্গা জলে কেলি করে বিশ্বম্ভর রায় । পরম সুকৃতি সব দেখে নদীয়ায় ।।
ব্রহ্মাদির অভিলাষ যে রূপ দেখিতে । হেন প্রভু বিপ্ররূপে খেলায় জগতে ।। গঙ্গা ঘাটে স্নান করে যত সব জন । সভেই চাহেন ফিরে গৌরচাঁদের বদন ।। অন্যোহন্যে সর্বজনে কহয়ে বচন । ধন্য মাতা ধন্য যার এহেন নন্দন ।। গঙ্গার বাঢ়িল প্রভু - পরশে উল্লাস । আনন্দে করয়ে দেবী তরঙ্গ প্রকাশ ।। তরঙ্গের ছলে নৃত্য করয়ে জাহ্নবী । অনন্ত ব্রহ্মাণ্ড যাঁর পদযুগ সেবী ।। চতুর্দিকে প্রভুকে বেড়িয়া জহ্নুসুতা ।তরঙ্গের ছলে জল দেই অলক্ষিতা ।।"
   (চৈঃ ভাঃ অ - ১/১৭২ - ১৮১)
মহাপ্রভুর গঙ্গাস্নান কালে তাঁর সৌন্দর্য অবলোকন করে নবদ্বীপ বাসী প্রশংসা করছেন, মহাপ্রভুর স্পর্শ পেয়ে গঙ্গাদেবী আনন্দে উল্লসিত হয়ে তরঙ্গ প্রকাশ করছেন। এটাই নবদ্বীপে গঙ্গা মাতার বিশেষ মাহাত্ম্য ।

(৪৩) বাঘ্নাপাড়া - বর্দ্ধমান জেলায় অবস্থিত । এখানে শ্রীরামাই পণ্ডিতের শ্রীপাট । এখানে তিনি কানাই বলাইয়ের সেবা স্থাপন করেন । পরে শ্রীমতী রাধারাণী ও রেবতী দেবীর সেবা প্রতিষ্ঠা হয় । মন্দিরে প্রবেশ দ্বারের নিকট শ্রীগোপেশ্বর মহাদেব আছেন । এখানে শ্রীজগন্নাথ দেব বিরাজিত । ফুলদোল, হেরা পঞ্চমী, গোপাষ্টমী উল্লেখযোগ্য পর্ব । এক সময় একটি ব্যাঘ্র গৃহ সমীপে আসলে সেবকগণ রামাই পণ্ডিতকে বললেন । রামাই পণ্ডিত স্বপ্রভাবে ব্যাঘ্রের ভাবান্তর ঘটান । ব্যাঘ্র তখন দুটি বর প্রার্থনা করে । প্রথম বর, ভগবৎ প্রসাদ গ্ৰহনের দাবি জানায় । দ্বিতীয় বর, তার নামে গ্ৰামের নামাকরণ । অল্পক্ষণ পরেই ব্যাঘ্র প্রসাদ গ্ৰহণ করে প্রেমানন্দে নৃত্য করে দেহ ত্যাগ করে । ব্যাঘ্রের অভিলাষ অনুযায়ী রামাই পণ্ডিত গ্ৰামের নামাকরণ করেন বাঘ্নাপাড়া ।
(৪৪) আম্বুয়া মুলুক - বর্দ্ধমান জেলায় অবস্থিত । বর্তমান নাম প্যারীগঞ্জ । এখানে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর আবেশ মূর্তি শ্রীনকুল ব্রহ্মচারীর শ্রীপাট । (৪৫) কালনা - বর্দ্ধমান জেলায় গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত । এখানে গৌর পার্ষদ গৌরীদাস পণ্ডিত ও সূর্যদাস সরখেলের শ্রীপাট । এখানে শ্রীশ্রী গৌর-নিত্যানন্দের অত্যন্ত সুন্দর শ্রীবিগ্ৰহদ্বয়ের নিত্য সেবা অনুষ্ঠিত হয় । শ্রীশ্রী গৌরনিতাইয়ের মন্দিরে মহাপ্রভুর স্বহস্ত লিখিত গীতা গ্ৰন্থ এবং একখানা মহাপ্রভুর ব্যবহৃত বৈঠা আছে । মহাপ্রভু যে তেঁতুল বৃক্ষ তলে বিশ্রাম করেছিলেন সে বৃক্ষটিও বর্তমান । (৪৬) গুপ্তিপাড়া- হুগলী জেলায় অবস্থিত শ্রীবক্রেশ্বর পণ্ডিতের শ্রীপাট । ষ্টেশন থেকে এক ক্রোশ পূর্বে শ্রীবৃন্দাবন চন্দ্রের শ্রীমন্দির বিরাজিত ।
(৪৭) হরি নদী গ্ৰাম - নদীয়া জেলায় অবস্থিত । শ্রীমন্মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে শান্তিপুর হতে হরি নদী গ্ৰামে আগমন করেন ।‌ এখনে হরিদাস ঠাকুরকে এক ব্রাহ্মন অপমান করলে সেই ব্রাহ্মণের বসন্তে নাসিকা খসে পড়েছিল । অধুনা হরি নদী গ্ৰাম লুপ্ত । (৪৮) শান্তিপুর - শ্রীল অদ্বৈতাচার্যের লীলাভূমি শ্রীপাট শান্তি পুর নদীয়া জেলার এক প্রাচীন নগর । এখানে গঙ্গাতীরে অদ্বৈত আচার্য ঠাকুর মহাপ্রভুকে ধরাধামে প্রকট করার জন্য তুলসী গঙ্গা জল দিয়ে আরাধনা করতেন । ঐ স্থান বর্তমানে বাবলা নামে পরিচিত । সেখানে বর্তমানে গঙ্গা নদী লুপ্ত, তবে বর্ষাঋতুতে গঙ্গার খাদে জল দেখে স্পষ্ট মনে হয় পূর্বে এখানে গঙ্গা প্রবাহিত ছিল । এখানে গৌর- নিত্যানন্দ আগমন করে অদ্বৈতাচার্যের সাথে বহু লীলাদি করেছেন । শান্তিপুরে অদ্বৈত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস শাস্ত্র প্রসিদ্ধ । এই শাস্তিপুরে অদ্বৈতাচার্য প্রভু শ্রীধাম বৃন্দাবন থেকে মদনগোপাল নিয়ে এসে প্রতিষ্ঠা করেন । অদ্বৈত আচার্য প্রভুর বংশ পরম্পরা শান্তিপুরে অদ্যাপিও বিরাজমান । অদ্বৈত আচার্য প্রভুকে বলা হয় গৌর আনা ঠাকুর । বিষ্ণু ধর্মোত্তর শাস্ত্রের একটি শ্লোকে বলা হয়েছে -
"তুলসীদল মাত্রেন জলস্য চুলুকেন চ । বিক্রিনীতে স্বামাত্মনং ভক্তেভ্যে ভক্তবৎসল ।।"
অল্পায়াস মধ্যে তুলসীদল সংযুক্ত এক গণ্ডুষ জল প্রদান মাত্রে ভক্ত বৎসল ভগবান ভক্তের এমনই বশীভূত হন যে, সেই ভক্তগণকে অন্য কিছু প্রতিদানের উপযুক্ত বস্তু না দেখে নিজেই আত্মবিক্রয় করে থাকেন ।
        
'শিব সঙ্গীত সংমুদ্ধ শ্রীকৃষ্ণাঙ্গ দ্রবোদ্ভবাম্ । রাধাঙ্গ দ্রব্যসম্ভুতাং তাং গঙ্গা প্রণমাম্যহম্ ।।'

(৪৯) ফুলিয়া - নদীয়া জেলায় গঙ্গার তীরে অবস্থিত ছিল, বর্তমান লুপ্ত হয়ে অনেক দূরে চলে গিয়েছে । ফুলিয়া হরিদাস ঠাকুরের শ্রীপাট । রামদাস নামে এক বিপ্র হরিদাসের পদাশ্রয় করে গঙ্গাতীরে নির্জনে একগোঁফা করে দেন । হরিদাস তথায় অবস্থান করে ভজনে রত থাকতেন । তথায় মায়াদেবী হরিদাসকে পরীক্ষা করতে এসে তাঁর স্থানে কৃষ্ণমন্ত্র গ্ৰহন করেন । এখান হতে যবনগন হরিদাসকে ধরে নিয়ে বাইশ বাজারে প্রহার করেন । শেষে অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করে যবণগনের মতি শুদ্ধ করেন । এখানে বিষধর সর্পের প্রভাবে জর্জরিত জনগণ হরিদাসকে জানালে হরিদাসের বাক্যে সর্প গোঁফা ছেড়ে চলে যায় । নারায়ণ পুরবাসী নৃসিংহ ভাদুড়ী শ্রীদেবী ও সীতাদেবী নামক দুই কন্যা নিয়ে নৌকা যোগে ফুলিয়া ঘাটে অবস্থান করেন । ফুলিয়ার ঐ ঘাটেই শ্রীদেবী ও সীতাদেবীর সাথে অদ্বৈতাচার্যের শুভ বিবাহ অনুষ্ঠিত হয় । অদ্বৈতাচার্যের সাথে শ্রীল হরিদাস ঠাকুরের বিশেষ সহৃদয় ভাব বর্তমান ছিল । মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর ফুলিয়ায় হরিদাস ঠাকুরের কুটিরেও এসেছিলেন । এই ভাবে বহুলীলা ফুলিয়ার গঙ্গা তীরে অনুষ্ঠিত হয়েছে । (৫০) পালপাড়া - নদীয়া জেলায় পালপাড়া অবস্থিত । এখানে মহেশ পণ্ডিতের শ্রীপাট এবং তাঁর সমাধি অবস্থিত । শ্রীমহেশ পণ্ডিত এখানে গৌর-নিতাইয়ের সেবা প্রকাশ করেন, অদ্যাপিও সেই সেবা বর্তমান ।
       ------
(৫১) চাকদহ -
         নদীয়া জেলায় অবস্থিত । প্রাচীন নাম চক্রদহ বা প্রদ্যুম্ননগর । রাজা ভগীরথ যখন গঙ্গাদেবীকে আনয়ন করেন তখন তাঁর রথের চক্র বা চাকা ভূমিতে প্রোথিত হয় । তাই নাম চক্রদেহ, অপভ্রংশে চাকদহ । শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন নিম্নবঙ্গের তদানীন্তন অধিপতি শম্বরাসুরকে এখানে বধ করেন এবং নিজ নামে "প্রদ্যুম্ন" নগর স্থাপন করেন । এখানে গঙ্গানদী এখন দূরে চলে গিয়েছে । বারুণীর সময় গঙ্গাস্নানে খুব জনসমাগম হয় ।
(৫২) যশোড়া -
         নদীয়া জেলার এই গ্ৰামে গৌর পার্ষদ জগদীশ পণ্ডিতের শ্রীপাট । জগদীশ পণ্ডিত এখানে জগন্নাথ দেব এবং গৌরগোপাল বিগ্ৰহ প্রতিষ্ঠা করেন । জগন্নাথের স্নান যাত্রায়  এখানে মহোৎসব হয় ।
(৫৩) সুখসাগর -
         নদীয়া জেলায় অবস্থিত । এখানে শ্রীসদাশিব কবিরাজের পুত্র পুরুষোত্তম দাস । তাঁর পুত্র কানাই ঠাকুর । রথযাত্রায় সুখসাগরে কানাই ঠাকুরের জন্ম হয় । ব্রজের উজ্জ্বল সখা লীলা প্রকাশ করার জন্য যোগীবেশে সুখসাগরে মৃত্তিকা গহ্বরে ধ্যানস্থ ছিলেন । একসময় কুম্ভকারগণের মৃত্তিকা খননকালে তাঁর স্কন্ধের উপর আঘাত লাগে । তখন তিনি ধ্যান ভঙ্গ করে ক্ষুধার্ত অবস্থায় পুরুষোত্তম দাসের গৃহে আসেন । পুরুষোত্তমের স্ত্রী পুত্র স্নেহে তাকে ভোজন করান এবং আপন অপত্য স্নেহে পুত্ররূপে স্বগৃহে থাকতে বলেন । যোগীবর বললেন - এদেহে অবস্থান করা সম্ভব নয়, আমি পুত্ররূপে তোমার গর্ভে জন্ম নেব । সে সময় স্মৃতি স্বরূপ স্কন্ধের দাগটি দেখতে পাবে । একথা অন্যকে বললে প্রাণ থাকবে না ।
          যোগীবর যথাসময়ে পুরুষোত্তমের স্ত্রীর গর্ভে জন্ম নিলেন । শিশুর স্কন্ধের চিহ্ন দেখে পুরুষোত্তমের স্ত্রী হাস্য করলেন । ধাত্রী হাস্যের কারণ জিজ্ঞাসা করলে জাহ্নবা দেবী প্রথমে অস্বীকার করেন কিন্তু ধাত্রীর অনুরোধে তিনি পুর্ব বৃত্তান্ত খুলে বলেন । বলা মাত্রই জাহ্নবা দেবী ভূমিতে পড়ে মারা যান ।
           পত্নীর অবর্তমানে পুরুষোত্তম সদ্যজাত শিশুকে নিয়ে চিন্তিত হলেন । ভক্তের ব্যাকুলতায় অন্তর্যামী প্রভু নিত্যানন্দ রাত্রে পুরুষোত্তমের বহিঃপ্রাঙ্গনে পুষ্পবৃক্ষ তলে লুকিয়ে রইলেন । পরে পুরুষোত্তম নিত্যানন্দ প্রভুকে দর্শন করে গৃহে আনেন । পুরুষোত্তমকে সান্ত্বনা দিয়ে নিত্যানন্দ প্রভু দ্বাদশ দিনের শিশুকে নিয়ে খড়দহে আসেন । খড়দহে শিশু লালিত পালিত হয়ে কানাই বা কানু ঠাকুর নামে জগতে প্রসিদ্ধ হন ।
           সুখসাগরের শ্রীপাট গঙ্গা গর্ভে পতিত হলে পুরুষোত্তম ঠাকুরের সেবিত বিগ্ৰহ "শ্রীপ্রাণবল্লভ" চান্দুরে নিয়ে আসা হয় । কানু তত্ত্ব নির্ণয় গ্ৰন্থে কানাই ঠাকুরের সম্বন্ধে আরও বহু অলৌকিক কাহিনী আছে ।
               ----*----
🌹(৮/৬)🌹
'শিব সঙ্গীত সংমুগ্ধ শ্রীকৃষ্ণাঙ্গ দ্রবোদ্ভবাম্ । রাধাঙ্গ দ্রব্যসম্ভুতাং তাং গঙ্গা প্রণমাম্যহম্ ।।'

(৫৫) কুমারহট্ট - কুমারহট্ট বা হালীশহর গঙ্গার পূর্ব তীরে চব্বিশ পরগনা জেলায় অবস্থিত । এখানে মহাপ্রভুর গুরুদেব শ্রীপাদ ঈশ্বর পুরীর জন্মস্থান । এখানে শ্রীবাস পণ্ডিত, গোবিন্দানন্দ ঠাকুর, নয়ন ভাস্কর প্রভৃতি গৌর পার্ষদ গনের শ্রীপাট । শ্রীমন্মহাপ্রভু ১৫১৫ খ্রীষ্টাব্দে নীলাচল হতে গৌড়দেশে আগমন করতঃ পানিহাটি হতে গঙ্গায় নৌকাযোগে কার্তিক ত্রয়োদশী তিথিতে কুমারহট্টে আগমন করেন । তখন শ্রীবাস পণ্ডিত ভ্রাতাদের নিয়ে কুমারহট্টে থাকতেন । কুমারহট্টে মহাপ্রভুর আগমন সময়ে যে লীলার প্রকাশ হয়েছিল, চৈতন্য চন্দ্রোদয় নাটকে সে বর্ণনা এইরূপ---
মহাপ্রভু গঙ্গাতীর হতে শ্রীবাসভবন পর্যন্ত গমনকালে ভক্তগণ মহাপ্রভুর পদধুলি গ্ৰহন করার সময় সমস্ত পথ গর্তময় হয়েছিল । প্রাচীরের উপর, বৃক্ষের ডালে, প্রতি রাজপথে, অলিগলি খালি জমির উপর লোকে ভরপুর ছিল । জনতার হরি ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়েছিল ।
শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীচৈতন্য ভাগবতে বলেছেন--
'প্রভু বলেন কুমারহট্টে করি নমস্কার । কান্দিলেন বিস্তর শ্রীচৈতন্য অবতার ।। যে স্থানের মৃত্তিকা আপনে প্রভু তুলি । লইলেন বহির্বাসে বান্ধি এক ঝুলি ।।'
মহাপ্রভুর পার্ষদগণ ও লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উক্ত স্থান হতে মৃত্তিকা গ্ৰহণ করায় "শ্রীচৈতন্য ডোবা" নামে এক কুণ্ডের সৃষ্টি হলো । গঙ্গা তীরে শ্রীচৈতন্য ডোবা এক মহাতীর্থ ।

(৫৬) জিরাট-- হুগলী জেলায় গঙ্গার পশ্চিম উপকূলে শ্রীপাট জিরাট অবস্থিত । এখানে নিত্যানন্দ প্রভুর কন্যা শ্রী গঙ্গা দেবীর শ্রীপাট । শ্রীমাধব আচার্যের সঙ্গে গঙ্গা দেবীর বিবাহয় । এখানে শ্রীশ্রী রাধাগোপীনাথ জীউর নিত্য সেবা বিরাজিত আছে ।
(৫৭) ত্রিবেণী ঘাট--এই স্থান গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমস্থল । এই ত্রিবেণী মুক্ত বেণী বলে বিশেষ তীর্থ। সপ্তগ্ৰামে অবস্থান কালে নিত্যানন্দ প্রভু এই ঘাটে স্নান করতেন। সতী বেহুলা মৃত পতি লক্ষ্মীন্দরকে নিয়ে ভেলায় ভেসে ত্রিবেণীতে এসেছিলেন । এখানে সপ্ত ঋষির তপস্যার স্থান । ভক্তি রত্নাকরে আছে - 'সপ্ত ঋষির তপস্যার স্থান শোভাময়'-- শ্রীগঙ্গা যমুনা-সরস্বতী ধারা ত্রয় ।।--কান্যকুব্জের প্রিয়বন্ত রাজার সপ্ত পুত্রই সপ্ত মহর্ষি - (১) অগ্নিহোত্র (২) রমণক (৩) ভূপিসণ্ড (৪) স্থয়ংবান (৫) বরাট (৬) সবন (৭) দ্যুতিমন্ত এই সপ্ত মহর্ষি এখানে তপস্যা করে শ্রীগোবিন্দ চরণ লাভ করেন ।

শ্রীগঙ্গাদেবী ভগবানের অত্যন্ত প্রিয়। এ সম্পর্কে শ্রীচৈতন্য ভাগবতে মহাপ্রভুর উক্তি--
'ভাগবত, তুলসী, গঙ্গায়, ভক্তজনে। চতুর্দ্ধা-বিগ্ৰহ কৃষ্ণ এই চারি সনে।। জীবন্যাস করিলে সে মুর্তি পূজ্য হয় । জন্মমাত্র এ চারি 'ঈশ্বর' বেদে কয় ।।'
   (চৈঃ ভাঃ মধ্য - ২১/৮০-৮১)
মহাপ্রভু বললেন - পূজার নিমিত্ত বিগ্ৰহ প্রস্তুত করলে, শাস্ত্রবিধি অনুসারে প্রথমে সেই বিগ্ৰহের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় । জীবন্যাস অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠার পরেই শ্রীবিগ্ৰহ পূজার যোগ্য হন । এস্থলে এই চারি ঈশ্বর তুল্য পূজ্য, এঁদের প্রাণ-প্রতিষ্ঠার প্রয়োজন নেই । এঁদের প্রত্যেকের সহিত ভগবান বিরাজিত থাকেন । শাস্ত্রেও বলা হয়েছে গঙ্গাজল ব্রহ্ম-দ্রব্যস্বরূপ । তাতে স্নান পূজাদি করলে ভক্তি লাভ হয়, কোন সন্দেহ নেই । শাস্ত্রাদি অগ্ৰাহ্য করে অবিধিপূর্বক অর্থাৎ স্বেচ্ছাচারী ব্যক্তি ধাম বাস, তীর্থ বাস বা গঙ্গাদি স্নানের অভীষ্ট ফল লাভ করতে পারে না ।

'শিব সঙ্গীত সংমুগ্ধ শ্রীকৃষ্ণাঙ্গ দ্রবোদ্ভবাম্ । রাধাঙ্গ দ্রব্যসম্ভুতাং তাং গঙ্গা প্রণমাম্যহম্।।'-- গোমুখ থেকে গঙ্গাসাগর পরিক্রমায় সপ্তগ্ৰাম, ভেদুরা গ্ৰাম, মালীপাড়া, শ্রীরামপুর, চাতরা-বল্লভপুর , সাঁইবোনা, খড়দহ, পাণিহাটি, এড়িয়াদহ, বরানগর, আটিসারা, ছত্রভোগে অম্বুলিঙ্গ ঘাট, তীর্থক্ষেত্র পর্যটন অন্তে গঙ্গাসাগর সঙ্গম ।
(৫৮) সপ্তগ্ৰাম - এই স্থান হুগলী জেলায় গঙ্গার পশ্চিম উপকূলে অবস্থিত । সপ্তগ্ৰাম, বংশবাটী, শিবপুর, কৃষ্ণপুর, বাসুদেব পুর, নিত্যানন্দ পুর ও শঙ্খনগর - এই সাতটি গ্ৰাম । এখানে রঘুনাথ দাস গোস্বামী, উদ্ধারণ দত্ত ঠাকুর, কমলাকর পিপ্ললাই, বললাম আচার্য, নৃসিংহ ভাদুড়ী, কালিদাস, যদুনন্দন আচার্য প্রভৃতি গৌর পার্ষদ গনের শ্রীপাট অবস্থিত । শ্রীনিত্যানন্দ প্রভু সপ্তগ্ৰামের সুবর্ণ বণিক কুলকে উদ্ধার করেছিলেন ।
(৫৯) ভেঁদুরা গ্ৰাম - এই গ্ৰাম হুগলী জেলায় অবস্থিত । গৌরপার্ষদ ঝড়ু ঠাকুরের শ্রীপাট । তিনি জাতিতে ভূঁইমালী ছিলেন । রঘুনাথ দাস গোস্বামী জ্ঞাতিখুড়া কালিদাস মহাশয় বৈষ্ণব ঝড়ু ঠাকুরের উচ্ছিষ্ট আম্রফল গ্ৰহন করে ঝড়ু ঠাকুরের মহিমা প্রকাশ করেছেন ।
(৬০) মালীপাড়া - গঙ্গার পশ্চিম উপকূলে হুগলী জেলায় অবস্থিত । বর্তমানে এই গ্ৰামকে গোস্বামী মালীপাড়া বলে । খঞ্জ ভগবান আচার্যের শ্রীপাট । চৈত্র মাসে এখানে মহোৎসব অনুষ্ঠিত হয় ।
(৬১) শ্রীরামপুর - হুগলী জেলায় অবস্থিত । এখানে কমলাকর পিপ্ললাই ও শ্রীসুধাময়ের শ্রীপাট । মাহেশের রথযাত্রা এবং স্নান যাত্রা সর্বজন প্রসিদ্ধ । বিপ্র সুধাময় নিঃসন্তান হওয়ায় সংসারে বীতস্পৃহ হয়ে একদিন ব্রাহ্মনগনকে সমাদরে ভোজনাদি করালেন এবং গৃহ, সম্পদাদি সমস্ত বিতরণ করে দিলেন । অবশিষ্ট কিছু ধন শ্রীজগন্নাথের ভোগের জন্য সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শনে পুরীধামে গেলেন। শ্রীজগন্নাথ সমীপে কিছুকাল অবস্থানের পর বিপ্র সুধাময় সমূদ্র প্রদত্ত এক দিব্য কন্যারত্ন লাভ করলেন । সেই কন্যারত্ন পরে সমূদ্রের আদেশে ও সহায়তায় প্রভু বীরচন্দ্রের করে সমর্পণ করেন ।
(৬২) চাতরা-বল্লভপুর-- এই স্থান হুগলী জেলায় গঙ্গাতীরে অবস্থিত । এখানে কাশীশ্বর পণ্ডিত, শ্রীরুদ্রপণ্ডিত, শ্রীনাথ পণ্ডিত প্রভৃতি গৌর পার্ষদগনের শ্রীপাট ।
(৬৩) সাঁইবোনা-- গঙ্গার পূর্ব উপকূলে অবস্থিত । মাঘী পূর্ণিমায় এখানে মেলা হয় । এখানে শ্রীরাধা নন্দদুলাল বিরাজমান । শ্রীবিগ্ৰহের নিত্য সেবা বিরাজিত ।
(৬৪) খড়দহ-- শ্রীপাট খড়দহ গঙ্গার পূর্বতীরে চব্বিশ পরগনা জেলায় অবস্থিত । নিত্যানন্দ প্রভুর বিহার ভূমি । এখানে পুরন্দর পণ্ডিত, বীরচন্দ্র প্রভু, গঙ্গাদেবী, প্রভু বীরচন্দ্রের পুত্রগণ, গোপীজন বল্লভ, রামকৃষ্ণ, রামচন্দ্রের প্রকটভূমি।প্রভু বীরচন্দ্র গৌড় রাজদরবারের দ্বারদেশ হতে একখণ্ড তেঁলুয়া পাথর চেয়ে আনেন । সেই পাথর দ্বারা প্রথমে শ্যামসুন্দর বিগ্ৰহ তৈরি করেন, পরে অবশিষ্ট পাথর দ্বারা সাঁইবোনার নন্দদুলাল ও বল্লভপুরের বল্লভজী নির্মিত হন । মাঘী পূর্ণিমায় এই তিন বিগ্ৰহ দর্শনে পরমাগতি লাভ হয় । খড়দহে শ্যামসুন্দর মন্দিরের মধ্যে শ্রীমতি ও শ্যামসুন্দর শ্রীজগন্নাথ, বহু শালগ্ৰাম, শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর বক্ষঃস্থিত চৌদ্দটি চক্রবিশিষ্ট শ্রীঅনন্ত শিলা, ঝোলায় স্থাপিত মরতময় নীলকন্ঠ শিব, মস্তকে অবস্থিত ত্রিপুরা-সুন্দরীর যন্ত্র, হস্তের ষষ্টিখণ্ড বর্তমান ছিল । প্রাচীন মন্দির এখন নেই । শ্যামসুন্দরের ফুলদোল ও রাসযাত্রাই বিশেষ প্রসিদ্ধ ।
--------

🌹'(৮/৭🌹
(৬৫) পাণিহাটি - চব্বিশ পরগনা জেলায় গঙ্গার পূর্ব তীরে অবস্থিত। বৈষ্ণব জগতে রাঘবের ঝালি সমধিক প্রসিদ্ধ, গৌড়ীয় বৈষ্ণবগন চাতুর্মাস্য উদযাপনের জন্য নীলাচলে গমন কালে রাঘব পণ্ডিত ঝালি নিয়ে তাদের সাথে যেতেন । রাঘবের ভগিনী দয়মন্তী দেবী মহাপ্রভুর ভোজনের উপযোগী বিশেষ ভক্ষ্যদ্রব্য প্রস্তুত করে তিনটি ঝালিতে পূর্ণ করে সাজিয়ে রাঘব পণ্ডিত ও সেবক মকর ধ্বজের মাধ্যমে নীলাচলে পাঠাতেন । মহাপ্রভুর আদেশ ক্রমে নিত্যানন্দ প্রভু প্রেম প্রচারের জন্য নীলাচল হতে গৌড়দেশে এসে রাঘব ভবনে অবস্থান করেন । বিভিন্ন অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করে এখানে তিন মাস সময় কাটান ।
মহাপ্রভু বৃন্দাবন গমনোদ্দেশ্যে গৌড়ে আগমন করে পাণিহাটী আসেন । কিছু দিন পর রঘুনাথ গোস্বামী কে কৃপাচ্ছলে প্রভু নিত্যানন্দ গঙ্গা তীরে ব্রজের পুলিন ভোজন লীলার অনুকরণে এক অপ্রাকৃত লীলার প্রকাশ করেন । রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর দর্শন, তৎসঙ্গে বিষয় বন্ধন ছিন্ন করতে পাণিহাটিতে উপস্থিত হলেন । গঙ্গাতীরে বটবৃক্ষমূলে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে দণ্ডবৎ-প্রনাম করলেন । নিত্যানন্দ প্রভু তাঁর শিরে চরণ অর্পণ করে সস্নেহে বললেন, চোরা ! তোমায় দণ্ড প্রদান করব । তুমি আমার গণকে চিড়া দধি ভক্ষণ করাও ।
প্রভুর বাক্যে তৎক্ষণাৎ প্রয়োজনীয় দ্রব্যাদি আনীত হল । মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ঈঙ্গিতে পুরী হতে পাণিহাটি এলেন । চিড়া দধি ভোজনের এই লীলা কোন কোন ভাগ্যবান দেখলেন । গৌর নিত্যানন্দের ভোজনের পরে হরিধ্বনি হলো, সর্বশেষে রঘুনাথ ভোজন করলেন, বৈষ্ণব জগতে পাণিহাটির এই মহোৎসব চিরস্মরণীয় হয়ে আজ পর্যন্ত আছে।

(৬৬)-আড়িয়াদহ--আড়িয়াদহ উত্তর চব্বিশপরগণা ( কামারপুকুর ) শ্রীগদাধর দাসের শ্রীপাট। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্যচরিতামৃতে লিখেছেন যে, শ্রীগদাধর দাসের বাড়িতে শ্রীকৃষ্ণের আশ্চর্যজনক দান কেলি আমোদপ্রমোদ একবার শ্রীনিত্যানন্দপ্রভু ('গদাধর দাস গোপীভাবে পূর্ণ-নন্দ। ইয়ার ঘরে দান কেলি কইলা নিত্যানন্দ।।' ( চৈ, চ,) দ্বারা প্রণীত হয়েছিল।

(৬৭)- বরানগর পাঠবাড়ী-- গঙ্গার উপর ভাসমান কমলা রঙের মেঘেরা সবেমাত্র সরে গিয়ে সূর্যাস্তের পালাকে আরও দৃশ্যমান করে তুলেছে। এক অপরূপ দর্শন গৌরকান্তি যুবা দুই হাত  আকাশের দিকে তুলে ছুটে চলেছেন। যেন শ্রী রাধিকা কৃষ্ণের মোহন বাঁশি শুনে আকুল হয়ে পাগলিনীর মতো ছুটছেন। তাঁর গেরুয়া রঙের অঙ্গবস্ত্র ধুলায় লুটোচ্ছে। তিনি বাহ্য জ্ঞান শূন্য। অনতিদূরে পর্ণকুটিরের সামনে বসে এক ব্রাহ্মণ একাগ্রচিত্তে ভগবত পাঠ করে চলেছেন। তাঁর অতি মিষ্ট কণ্ঠস্বরের সুরেলা মূর্ছনায় গঙ্গাতীরের আকাশ, বাতাস মুখরিত। যেরূপ যমুনা তীরবর্তী উপত্যকার প্রকৃতি,পরিবেশ, মানুষ তথা সমস্ত জীবকুল আকুল হয়ে উঠতো শ্রীকৃষ্ণের মোহন বাঁশির সুরে.... তেমনি ভগবত পাঠ করতে করতে রঘুনাথ আচার্যের দুচোখ বেয়ে অবিরাম জলধারা পুঁথির পাতা গুলোকেও ভিজিয়ে দিচ্ছিল। অক্ষর গুলো তাঁর কাছে ঝাপসা অস্পষ্ট হয়ে এলো। তবু মনে তাঁর আকন্ঠ তৃষ্ণা। যা নিবৃত্ত করতে পারেন একমাত্র তাঁর প্রভু। যার জন্য অপেক্ষায় তিনি দিনরাত একদন্ডের জন্যও স্বস্তি অনুভব করতে পারেন না। তিনি যে কথা দিয়েছিলেন তিনি আসবেন। এই বরানগরে।  সেইদিন বৃন্দাবন, নবদ্বীপের মতো বরানগরও হয়ে উঠবে তাঁর লীলাক্ষেত্র। যুগ যুগান্ত পরেও মানুষ এই পবিত্র ভূমির গৌরব গাঁথা গেয়ে চলবে।
মনে মনে প্রভুকে তিনি স্মরণ করে একদন্ড স্তব্ধ হয়ে বসে রইলেন। এক অকারণ আনন্দের পুলকে মুহূর্তের জন্য শিহরিত হয়ে উঠলেন তিনি । এমন আনন্দানুভূতির কারণ তিনি নিজেও ঠিক ঠাওর করে উঠতে পাচ্ছিলেন না। হঠাতই "বোল বোল" ধ্বনিতে তিনি হতচকিত হয়ে চোখ মেলে যা দেখলেন তাতে তাঁর দুচোখ বেয়ে আনন্দাশ্রু তাঁকে আত্মহারা করে তুললো। অষ্টস্বাত্তিক ভাবে বিভাবিত হয়ে পরলেন রঘুনাথ।  যাঁর শ্রী মূর্তি হৃদয়ে ধারণ করে,তিনি আত্মহারা হয়ে পাঠ করছিলেন, সেই গোপিমনোহারী বংশীধারী আজ নবীন সন্ন্যাসী বেশে এসে তাঁরই অঙ্গনে নৃত্য করছে। আজ থেকে প্রায় পাঁচশত বছর আগের কথা, দিনটি  চৈত্র মাসের কৃষ্ণা দ্বাদশী, ১৫১১ সাল বারুনীর তিথি। সন্ন্যাস গ্রহণের পর নিমাই পণ্ডিত রামকেলি থেকে নীলাচল প্রত্যাবর্তনের সময় , শ্রীরঘুনাথ উপাধ্যায়ের শ্রীমুখ থেকে শ্রীমদ্ভগবদ পাঠ শ্রবণ করে, প্রেমানন্দে বিভোর হয়ে তিন প্রহর নৃত্য করেছিলেন। এবং রঘুনাথ কে বক্ষে ধারণ করে  বলেছিলেন --- "আচার্য্য ! তুমি আজ আমায় বড়ই আনন্দ দান করলে।, আমি জন্মাবধি অনেকবার শ্রীমদ্ভগবদ পাঠ শ্রবণ করেছি, কিন্তু এমন  শ্রীমদ্ভগবদপাঠ আমি আর কখনও শ্রবণ করিনি। অতএব আজ থেকে তোমার নাম--'শ্রীমদ্ভগবতাচার্য্য' হল। তুমি এই শ্রীমদ্ভগবদপাঠ ছাড়া আর কোনো কার্য করোনা। শ্রীমদ্ভগবদপাঠ করেই তুমি তোমার জীবন অতিবাহিত কোরো। আচার্যের প্রতি  গৌরাঙ্গ মহাপ্রভুর করুণা দেখে ও শ্রীমদ্ভগবতাচার্য্য এই উপাধি শ্রবণ করে চতুর্দিকের সমস্ত লোকজন  উচ্চৈস্বরে বলে উঠলো-- 'জয় শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কী জয়। জয় শ্রীমদ্ভগবতাচার্য্য ঠাকুর কী জয়।।'
বর্তমানে যে স্থানে বরানগর পাঠবাড়ি অবস্থিত, সেই স্থানে ছিলো শ্রীমদ্ভগবতাচার্য্য ঠাকুরের কুটির। শ্রীমন্মহাপ্রভু, ভগবতাচার্যের প্রেমে বশীভূত হয়ে ও শ্রীভাগবত শ্রবণে আকৃষ্ট হয়ে তিনদিন এই স্থানে অবস্থান করেছিলেন। মহাপ্রভু যে ঘাটে স্নান করতেন , সেই ঘাট আজও বরানগরে 'শ্রী মহাপ্রভুর ঘাট' বা 'শ্রী চৈতন্য ঘাট' নামে বিদিত।

(৬৮)-আটিসারা-- আটিসারা মহাপ্রভুতলা ( বারুইপুর  ) অখণ্ড শ্রীনামক্ষেত্র গৌরপার্ষদ শ্রীঅনন্ত আচার্য্যের শ্রীপাট, এ শ্রীশ্রীনিতাই গৌরাঙ্গের মনোমুগ্ধকর দর্শন।

(৬৯)-ছত্রভোগে অম্বুলিঘাট-- চৈতন্য স্মৃতি বিজড়িত ছত্রভোগে অম্বুলিঘাট আজও বয়ে নিয়ে চলেছে ইতিহাস। আদি গঙ্গার পাড় ধরে একসময় এই স্থানে এসেছিলেন শ্রী চৈতন‍্য মহাপ্রভু। তিনি এই স্থানে রাত্রিযাপন করেন এবং একটি পুকুরে স্নান করেন। মথুরাপুর: চৈতন্য স্মৃতি বিজড়িত ছত্রভোগ আজও বয়ে নিয়ে চলেছে ইতিহাস। আদি গঙ্গার পাড় ধরে একসময় এই স্থানে এসেছিলেন শ্রী চৈতন‍্য মহাপ্রভু। তিনি এই স্থানে রাত্রিযাপন করেন এবং একটি পুকুরে স্নান করেন।

🌹(৭০)-গঙ্গাসাগর🌹--- সাগর দ্বীপের দক্ষিণপ্রান্তে হুগলি নদী (গঙ্গা নদী) বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলকাতা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গা নদীর মর্ত্যে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাঁথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর।

গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা (কুম্ভমেলার পরে)। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতিবছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন; তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক।[৪] মেলাটি এক সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়, তবে মকর সংক্রান্তির (পৌষ সংক্রান্তি) দিনটি একক দিন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীদের আকর্ষণ করে। গঙ্গাসাগর মেলায় ২০২৪ খ্রিস্টাব্দে সবচেয়ে বেশি সংখ্যায় পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল, যা ছিল প্রায় ১ কোটি।[৫]

হিন্দু ধর্মগ্রন্থ ও লোকগাথায়
মহাভারত-এর বনপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে, যা ১৫০০-২০০০ খ্রিস্টপূর্বাব্দে তীর্থক্ষেত্রটির অস্তিত্বের প্রমাণ প্রদান করে। মহাভারত অনুযায়ী পাণ্ডবগণ কৌশিক নদী তটদেশ থেকে যাত্রা করে গঙ্গাসাগর সংগমে – গঙ্গা ও সাগরের (সমুদ্র) মিলনস্থল – উপস্থিত হন।[৬][৭] হিন্দু ধর্মবিশ্বাসীদের মত অনুসারে, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে গঙ্গার প্রধান দুটি শাখার একটি ভাগীরথী-হুগলি নদীর মোহনায় অবস্থিত সাগরদ্বীপের গঙ্গাসাগর হল মহাভারত-এ উল্লেখিত "গঙ্গাসাগরসংগম"।

কিংবদন্তি আছে, গঙ্গাসাগরে সাংখ্য দর্শনের আদি-প্রবক্তা কপিলমুনির আশ্রম ছিল। একদা কপিলমুনির ক্রোধাগ্নিতে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। সগর রাজার পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সগরপুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন।
                   -----------

🌹(৮/৮)
🌹'গোমুখ থেকে প্রয়াগরাজ'🌹

'পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ নদী নীল, যা ভারতবর্ষে নয়, পৃথিবীর সবথেকে চওড়া নদী আমাজান, এও ভারতবর্ষে নয়। কিন্তু শ্রেষ্ঠত্বে ও মাহাত্ম্যে গঙ্গাই ভারত বর্ষকে কৃপা করছেন, জোয়ার-ভাটা শুধু গঙ্গাতেই হয় । এই জন্যই তো মহাপ্রভু বলেছেন-- 'ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার। জন্ম সার্থক করি কর পর উপকার।।'

'শিব সঙ্গীত সংমুগ্ধ শ্রীকৃষ্ণাঙ্গ দ্রবোদ্ভবাম্ । রাধাঙ্গ দ্রব্যসম্ভুতাং তাং গঙ্গা প্রণমাম্যহম্ ।।'-- শ্রীভগবানের পাদপদ্ম উদ্ভবা শ্রীগঙ্গাদেবী অপ্রাকৃত চিন্ময় লোকের দিব্য 'গঙ্গা মহিমামৃত' দিব্য সলিল ধারায় অবগাহন তুল্য । "মাহাত্ম্যং যে চ গঙ্গায়া শৃণ্বন্তি চ পঠন্তি চ । তেহপ্যশেযের্মহাপাপে স্মুচ্যন্তে নাত্র সংশয়।।" অর্থাৎ যিনি গঙ্গা মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনিও অশেষ পাপ হতে মুক্ত হন।

যে স্থান থেকে গঙ্গার উদ্গম তাই'ই গোমুখ, এই গোমুখ হ'ল হিমাচল প্রদেশে, এই গোমুখ গঙ্গোত্রী থেকে আঠারো মাইল দূরে অবস্থিত । খরস্রোতা পার্বত্য নদী বরফ আচ্ছাদিত । গোমুখ এর পর হ'ল গঙ্গোত্রী - এখানে ভাগীরথী গঙ্গার বিশাল মন্দির । মূল মন্দিরে শ্রীগঙ্গাদেবীর অধিষ্ঠান, সম্মুখে মহারাজ ভগীরথ যুক্ত করে দাঁড়িয়ে আছেন । গঙ্গা মন্দিরের পাশে ভৈরবনাথের মন্দির । এখানে সূর্যকুণ্ড, ব্রহ্ম কুণ্ড, বিষ্ণুকুণ্ড বিদ্যমান । কাছেই বিশাল ভগীরথ শিলা, এখানে দাঁড়িয়ে ভগীরথ তপস্যা করেছিলেন, সমুদ্র স্তর থেকে এই স্থান আনু; দশহাজার কুড়ি (১০০২০) ফুট উঁচু ।  গঙ্গোত্রীর নীচে কেদার গঙ্গার সঙ্গম । এরপর হ'ল দেবপ্রয়াগ - এই স্থান অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গম স্থানে অবস্থিত । এখানে রঘুবীরের বিশাল মুর্ত্তি দর্শনীয় । এখানে যাত্রীরা পিণ্ড, শ্রাদ্ধাদির অনুষ্ঠান করে থাকেন । হৃষিকেশ হতে দেবপ্রয়াগ আনু ; চুয়াল্লিশ মাইল । এই স্থানকে সুদর্শন ক্ষেত্রও বলে । এরপর হ'ল হৃষিকেশ - অতি উত্তম তীর্থ এবং মহা তপোভূমি । এখান থেকে যাত্রীগন কেদারনাথ, বদ্রীনাথ, প্রভৃতি স্থান দর্শনে যান । বহু সাধু সন্ন্যাসীদের আশ্রম এখানে বর্তমান । তীর্থযাত্রীদের থাকার জন্য ধর্মশালা আছে । এরপর হ'ল হরিদ্বার - এই স্থানকে মায়াক্ষেত্র বা স্বর্গদ্বার বলা হয় । হিমালয়ের বিভিন্ন তীর্থ দর্শন হরিদ্বার থেকে আরম্ভ হয় । হরিদ্বারে ব্রহ্মকুণ্ড, কুশাবর্ত, কনখল, সতীকুণ্ড, বিল্বকেশর মহাদেব, সপ্ত ঋষির ঘাট দর্শনীয়, গঙ্গাতটে গঙ্গা দেবীর মহা সন্ধ্যারতিও আকর্ষণীয় । এখানে প্রতি দ্বাদশ বছর অন্তর মহাকুম্ভ স্নান হয় । ভগীরথ গঙ্গা আনয়ন কালে হরিদ্বারে সপ্ত ঋষি সাতটি শঙ্খ বাজিয়ে গঙ্গাকে স্বাগত জানান । গঙ্গা সপ্ত ধারায় বিভক্ত হয়ে ঋষিদের অভীষ্ট পূর্ণ করেন । গঙ্গার এই সপ্তধারা খুবই মনোমুগ্ধকর। এরপর শুকতলা- হরিদ্বার থেকে চল্লিশ মাইল দক্ষিণ-পূর্ব দিকে গঙ্গাতটে অবস্থিত । এখানে শ্রীপরীক্ষিৎ মহারাজ শ্রীল শুকদেব গোস্বামীর নিকটে শ্রীমদ্ভাগবত শ্রবণ করেছিলেন । জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বাদশীতে এবং কার্তিক মাসের পূর্ণিমায় এখানে মেলা বসে । এরপর  বিদুরক্ষেত্র - মহাত্মা বিদুর ধৃতরাষ্ট্রের সঙ্গ ত্যাগ করে গঙ্গাতীরে সরল জীবনযাপনের জন্য একটি কুটির নির্মাণ করেন । ঐ কুটিরে তিনি ভগবৎ চিন্তায় মগ্ন থাকতেন। শ্রীকৃষ্ণ এক সময় বিদুরের কুটিরে এসে অতিথি হয়েছিলেন । সেখানে বিদুরের ভক্তি সহকারে প্রদত্ত নগন্য বন্য বেতো শাক ভোজন করে পরম তৃপ্ত হয়েছিলেন । বর্তমানে সেখানে বিদুর সেবাশ্রম রয়েছে । এরপর হস্তিনাপুর - মিরাট শহরের প্রায় ২২ মাইল উত্তর পূর্ব দিকে গঙ্গার দক্ষিন তটে হস্তিনাপুর নগর অবস্থিত ছিল । বর্তমানে গঙ্গা বহুদূরে চলে গিয়েছে, প্রাচীন যে ধারা আছে তাকে বুড়ীগঙ্গা বলে । প্রাচীন হস্তিনাপুর ধ্বংস হলে জনমেজয়ের পৌত্র নিচক্ষু কৌশাম্বিতে রাজধানী স্থাপন করেন । এরপর শুকরক্ষেত্র - এই মন্দিরে চতুর্ভুজ শ্বেত বরাহদেব বিরাজমান । বৃন্দাবন হতে প্রয়াগ আসার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু শুকরক্ষেত্রে এসে গঙ্গা স্নান করেছিলেন । এখানেই পথিমধ্যে মহাপ্রভু মুসলমান পাঠান সৈন্যদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন । বরাহপুরাণে বরাহদেব বসুন্ধরা দেবীকে বলেছেন- শুকরক্ষেত্র সংসার দুঃখ দূর করার মহাতীর্থ, সেখানে আমার বিগ্ৰহ বিদ্যমান এবং গঙ্গানদী প্রবাহিতা ঐ তীর্থে তোমাকে রসাতল হতে উদ্ধার করেছিলাম । ঐ তীর্থে মানব দেহ ত্যাগ করে চতুর্ভুজ রূপে শ্বেতদ্বীপে গমন করেন । এভাবে বরাহদেব বসুন্ধরা দেবীকে শুকর ক্ষেত্রের মহিমা বর্ণনা করেছেন । এরপর হ'ল বহুচর্চিত  প্রয়াগরাজ। প্রয়াগকে তীর্থরাজ বলা হয় । একটি প্রচলিত প্রবাদ আছে - 'প্রয়াগে মুড়িয়ে মাথা, মরগে পাপী যথাতথা' । যেখানে গঙ্গাদেবী যমুনা ও অন্তঃসলিলা- সরস্বতীর সাথে মিলিত হয়েছেন,  সেই ত্রিবেণী সঙ্গম বা তীর্থরাজ প্রয়াগ নামে পরিচিত । প্রয়াগের অনেক মহিমা সুবিদিত, তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো শ্রীমন্মহাপ্রভু মাঘ মাসে প্রয়াগে মকর স্নান করেছেন এবং শ্রীল রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করে দশাশ্বমেধ ঘাটে কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্বাদি, ভাগবত সিদ্ধান্ত সকল প্রদান করেছেন । দুর্লভ মানব জন্ম ধন্য করতে হলে সকলেরই তীর্থরাজ প্রয়াগের সেবা করা ।

'তীর্থ শব্দ যদ্যপি হয় কর্ণেতে প্রবেশ। হৃদয়ে পুলক আসে ভক্তির আবেশ ।।'-- শাস্ত্রে বলা হয়েছে, যার দ্বারা উত্তীর্ণ হওয়া যায় তাই তীর্থ । তীর্থ শব্দে নিদান, (আদি কারণ) নিপান, (জলাশয়, নদী পারের স্থান) মুনি-ঋষি সেবিত জল এবং শ্রেষ্ঠ গুণীজনদের বুঝায় । তীর্থ প্রধানতঃ ত্রিবিধ - জঙ্গম, মানস ও ভৌম । শতাতপ স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, সাধু-সজ্জনগণই শ্রেষ্ঠ জঙ্গম তীর্থ-- 'ব্রাহ্মণা জঙ্গমং তীর্থং নির্মলং সার্বকালিকম্ । যেষাং বাক্যোদকেনৈব শুধ্যন্তি মলিনা জনাঃ ।।'-- মানস তীর্থ বলতে সত্য , ক্ষমা, ইন্দ্রিয় নিগ্ৰহ, দয়া, সরলতা, ব্রহ্মচর্য প্রভৃতি এবং মনের শুদ্ধিতা সর্বোত্তম তীর্থ । ভৌম তীর্থ বলতে পৃথিবীর মধ্যে বিশেষ মাহাত্ম্য পূর্ণ স্থান সমূহ বুঝায় । যথা - গঙ্গা, যমুনা, নবদ্বীপ, বৃন্দাবন, জগন্নাথ-ক্ষেত্রাদি স্থান । ভৌম তীর্থ বলতে ভূমির অদ্ভুত প্রভাব, জলের গুণ এবং সাধুগনের সমাশ্রয়- এই তিনটিই ভূমি বিশেষের পবিত্রতার কারণ ।

ভারতবর্ষের প্রধান নদী গঙ্গা, সুদূর হিমালয় থেকে বেরিয়ে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ,  বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। দৃষ্টিগোচর ভাবে গোমুখে এর উৎপত্তি আর সাগর দ্বীপের কাছে এর অন্ত। ভারতের এই প্রধান নদী নিয়ে অনেক পৌরাণিক প্রচলিত কথা আছে। গঙ্গাকে মনে করা হয় পাবন সলিলা, এর জলে সব পাপ ধুয়ে যায়। কুম্ভমেলা স্মরণাতীত কাল ধরে চলে আসা সনাতন-ধর্মাবলম্বীদের মহামিলনের বৃহত্তম ক্ষেত্রপর্ব। কথিত আছে সমুদ্র মন্থনের সময় অমৃতকুম্ভ উঠে এলে দানবদের কবল থেকে সেই অমৃতকুম্ভ বাঁচাতে ভগবৎ পার্ষদ শ্রীগরুড় মহারাজ সেই কলস নিয়ে চম্পট দেন। পথে বিশ্রাম নিতে পাঁচ জায়গায় থামেন। আর তাই প্রয়াগ ছাড়া প্রতি চার বছর অন্তর কুম্ভমেলা হয় গঙ্গাতীরে হরিদ্বার, গোদাবরী তীরে নাসিক ও শিপ্রা নদীর তীরে অবন্তীকা উজ্জয়িনীতে। যেই বছর হরিদ্বারে কুম্ভমেলা হয়, তার ঠিক পূর্বে শ্রীধাম বৃন্দাবনে যমুনা নদীর ধারে কুম্ভমেলা বসে। আখাড়া সমাজ একে কুম্ভ বৈঠক বললেও শ্রীবৃন্দাবন কুম্ভও মহাকুম্ভ। কারণ গরুঢ় মহারাজ অমৃত কুম্ভ হাতে এখানেও বসেছিলেন এবং তাঁর হাত থেকে অমৃত এইস্থানেও পতিত হয়েছিল। যদিও চিন্ময় শ্রীবৃন্দাবন কোনো অমৃতের আশা করে না, তথাপি গরুড় মহারাজ অমৃত দ্বারা এই পূণ্যভূমির পূজন করেছিলেন। প্রতি ছয় বছর পর হয়ে থাকে অর্ধকুম্ভ, যা কেবল প্রয়াগ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়। বারো বছর অন্তর হয়ে থাকে প্রয়াগে মহাকুম্ভ। আর বারোটি পূর্ণকুম্ভ বা একশত চুয়াল্লিশ বছর পরে আসে পূর্ণ মহাকুম্ভ যা শুধু প্রয়াগ সঙ্গমেই হয়ে থাকে ।

ঠিক কবে থেকে কুম্ভমেলা শুরু এই প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। ইতিহাস বলছে হর্ষবর্ধনের সময় হিউয়েন সাঙ এসেছিলেন এই মেলায়। যদিও হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ কিন্তু তিনি এই মেলায় হাত খুলে দানধ্যান করতেন, এমনকি পরনের কাপড়টাও বিলিয়ে দিতেন। কুম্ভমেলায় ভূভারতের নানাপ্রান্ত থেকে নানামত-পথের সাধু, সন্ত, আচার্য্য তথা অগণিত সাধারণ মানুষ একত্রিত হন কেউ পুণ্যসঞ্চয়ের লোভে, কেউ বা নিজ প্রভাবপ্রতিপত্তি প্রদর্শনার্থে কিংবা অন্যান্য কারণে। কিন্তু নিষ্কাম প্রেমোপাসক ভক্ত না চায় পুণ্য না অন্য কিছু। গৌরানুরাগী গৌড়ীয়া কুম্ভে যাবে তা গৌরের দিব্যলীলাস্থল বলে। শাস্ত্র কীর্তন করেন কুম্ভের মাহাত্ম্য, তবে গৌরভক্তবৃন্দের কাছে সে মাহাত্ম্য চতুর্গুণ হয়ে যায় কারণ পাঁচশত বছরেরও আগে ঐ স্থানে লীলা করেছেন স্বয়ংভগবান প্রেমপুরুষোত্তম শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু, কৃষ্ণভাবনামৃতের প্রচার করেছেন ।

শ্রীচৈতন্য মহাপ্রভুর কিছুকাল বৃন্দাবনবাসের পর তাঁর সহযাত্রী বলভদ্র ভট্টাচার্য্য ঠিক করলেন তাঁকে গঙ্গাতীর ধরে প্রয়াগে নিয়ে আসবেন। মহাপ্রভু কার্তিক পূর্ণিমায় বৃন্দাবনে আগমন করেন, সুতরাং ধরে নেওয়া যায় তিনি অগ্রহায়ন মাস যাবৎ বৃন্দাবনে নিবাস করেছিলেন। তিনি বৃন্দাবনে থাকাকালীন বহু লোক সংঘট্ট, প্রভুর মুহুর্মুহ প্রেমাবেশ ও অন্যান্য কারণে বলভদ্র ভট্টাচার্য্য তাঁকে বৃন্দাবন থেকে বের করে আনতে চাইলেন।

"বিপ্র কহে, — প্রয়াগে প্রভু লঞা যাই । গঙ্গাতীর-পথে যাই, তবে সুখ পাই ॥ মাঘ-মাস লাগিল, এবে যদি যাইয়ে । মকরে প্রয়াগ-স্নান কত দিন পাইয়ে ॥ আপনার দুঃখ কিছু করি’ নিবেদন । ‘মকর-পঁচসি প্রয়াগে’ করিহ সূচন ॥ ( চৈ; চ; ২/১৮-১৯ )"

সেইসময় মাঘমাসের সূচনা, তাই প্রয়াগে মাঘমেলা। এই সময়ে প্রয়াগে পৌঁছালে কুম্ভস্নান করা যাবে এই ভেবে ভট্টাচার্য্য নিবেদন করলেন মহাপ্রভুকে --"গঙ্গাতীর-পথে সুখ জানাইহ তাঁরে । ভট্টাচার্য আসি’ তবে কহিল প্রভুরে ॥ তবে সুখ হয় যবে গঙ্গাপথে যাইয়ে । এবে যদি যাই, ‘মকরে’ গঙ্গাস্নান পাইয়ে ॥ (চৈ; চ;)"

ভক্তপরাধীন ভগবান ভক্তের ইচ্ছার দাম রাখতে সম্মত হলেন--

''এইমত চলি’ প্রভু ‘প্রয়াগ’ আইলা ।
দশ-দিন ত্রিবেণীতে মকর-স্নান কৈলা ॥''-- মহাপ্রভু প্রয়াগে এসে ১০দিন ত্রিবেণী সঙ্গমে মকরস্নান করেন। প্রভু চলিয়াছেন বিন্দুমাধব-দরশনে । লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে ॥ ( চৈ; চ;)-- মহাপ্রভু প্রয়াগরাজের দর্শনীয় বিগ্রহসমূহ দর্শন করেন। লক্ষ লক্ষ লোক আসতে লাগলো মহাপ্রভুকে দর্শন করতে--

"কেহ কান্দে, কেহ হাসে, কেহ নাচে, গায় । ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ বলি’ কেহ গড়াগড়ি যায় ॥ গঙ্গাযমুনা প্রয়াগ নারিল ডুবাইতে । প্রভু ডুবাইল কৃষ্ণপ্রেমের বন্যাতে ॥" (চৈ;চ ; )

গঙ্গা-যমুনা দুই নদী মিলে প্রয়াগক্ষেত্র ডুবাতে পারলো না, কিন্তু মহাপ্রভু কৃষ্ণপ্রেমের বন্যায় প্রয়াগকে সিক্ত করলেন--

"ভিড় দেখি’ দুই ভাই রহিলা নির্জনে । প্রভুর আবেশ হৈল মাধব-দরশনে ॥ প্রেমাবেশে নাচে প্রভু হরিধ্বনি করি’ । ঊর্ধ্ববাহু করি’ বলে — বল ‘হরি’ ‘হরি’ ॥" (চৈ; চ;) রূপগোস্বামী ও তাঁর ভ্রাতা অনুপম প্রয়াগে এসে মহাপ্রভুর সাথে মিলিত হয়েছিলেন-- "প্রভুর মহিমা দেখি’ লোকে চমৎকার । প্রয়াগে প্রভুর লীলা নারি বর্ণিবার॥" (চৈ; চ;) গৌড়ীয়বৈষ্ণব আজও কুম্ভে গিয়ে স্মরণমনন করেন সেই লীলার।

'ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ'-- অমৃত বরাবরই সুরগনের অধিকারে ছিল, অসূর গন তা পায় নাই, যদিও অসূরগন স্বর্গ দখল করেছিল। মহা বদান্য অবতার শ্রীচৈতন্য মহাপ্রভু সেই অমৃত অকাতরে আচণ্ডালে জীবে বিলিয়ে দিলেন, সেই হরি নামের অমৃত পান করার জন্য । নিজে আচরণ করে সেই হরি নামামৃত বিতরণ করলেন । যাঁরা গ্ৰহন করলেন মানব জীবন ধন্য করে অমর হয়ে গেলেন। যুগটি কলি, কলি ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার করতে লাগলো । ধর্মের নিষ্কলুষ স্থানগুলো ছলে বলে কৌশলে নিজ অধিকারে নিতে লাগলো । মহাপ্রভু যে ভক্তিরস জীবে সমর্পণ করেছিলেন, শ্রীজীব গোস্বামী বলেছেন-- ''সমর্পয়িতুং উন্নত উজ্জ্বল রসাং স্ব-ভক্তি শ্রিয়ম''- সেই ভক্তিরস পণ্যে ব্যবহৃত হচ্ছে । এর চেয়ে আক্ষেপের আর কি থাকতে পারে । যে আধ্যাত্মিক সফলতার পথ মহাপ্রভু প্রদর্শন করালেন, মনুষ্যকুল কি পথভ্রষ্ট হচ্ছে না ? মূল বিষয়ের সঙ্গে নিজস্ব দর্শন জুড়ে দেওয়া, মহাপ্রভু যে নিগূঢ় তত্ত্বসম্পদ মানুষকে দান করলেন, তার একটি গ্ৰহন করলাম, অন্যটি গ্ৰহন করলাম না । নাম-সঙ্কীর্ত্তনের মাধ্যমে মহাপ্রভু যে চারটি মৌলিক তত্ত্ব অযাচিত ভাবে জীবে দান করলেন, তার মধ্যে নাম পেলাম তো প্রেম পেলাম না, প্রেম পেলাম তো ব্রজ-মাধুরী পেলাম না, ব্রজ-মাধুরী পেলাম তো শ্রীরাধাতত্ত্ব পেলাম না । এটাই দুর্ভাগ্য  ? কালের তাণ্ডব যখন শুরু হয়, তখন সকলেই নিরাপদ আশ্রয় খোঁজে, কলিযুগে সেই নিরাপদ আশ্রয় নিয়ে এসেছেন শ্রীচৈতন্য মহাপ্রভু । ইন্দ্রের কোপ থেকে রক্ষা করতে যেমন শ্রীকৃষ্ণ গোবর্দ্ধন ধারন করে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছিলেন, তেমনি শ্রীচৈতন্য মহাপ্রভু কলির কোপ থেকে রক্ষা করতে--
'সপার্ষদ স্বীয়ধাম সহ অবতরি'- কলির জীবের আশ্রয়রূপ 'হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।' এই ষোড়শাক্ষর মহামন্ত্ররূপ নিরাপদ আশ্রয় দান করেছেন-- 'কলিযুগের যুগধর্ম নাম-সঙ্কীর্ত্তন । সব প্রবর্ত্তাইলেন শ্রীকৃষ্ণচৈতন্য নারায়ণ ।।'-- এই সুযোগ যাঁরা গ্ৰহণ করল, তাঁরা মহা ভাগ্যবান । যাঁরা গ্ৰহণ করতে পারলনা, তাঁরা-- 'অচৈতন্যমিদং বিশ্বং যদি চৈতন্যমীশ্বরম্ । ন বিদুঃ সর্বশাস্ত্রজ্ঞা হ্যপি ভ্রাম্যন্তি তে জনাঃ ।।'
যাঁরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ ভগবান বলে উপলব্ধি করেন না, তাঁরা সর্বশাস্ত্রজ্ঞ হলেও এই চৈতন্য শূণ্য সংসারে ভ্রমণ করে থাকেন, তাঁদের জন্ম সফল হতে পারে না। 'সর্বে সুখীনো ভবন্তুঃ।'
                        🌹'জয় শ্রীগৌরহরি'🌹
                     🌹সনৎকুমার মিত্রঠাকুর🌹
                           ---* স * মা * প্ত*---


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational