'নীলাচলে নামাচার্য হরিদাস ঠাকুর !'
'নীলাচলে নামাচার্য হরিদাস ঠাকুর !'
💌'নীলাচলে নামাচার্য হরিদাস ঠাকুর !'
-------১--------
"এবে শুন হরিদাস-ঠাকুরের কথা।
যাহার শ্রবণে কৃষ্ণ পাইয়া সর্ব্বথা।।
প্রহ্লাদের যে-হেন স্মরণ-কৃষ্ণভক্তি।
সেই মত হরিদাস-ঠাকুরের শক্তি।।"
(শ্রীশ্রীচৈতন্যভাগবত আদিখণ্ড)
বুঢ়ন গ্ৰামে হরিদাসের জন্ম, কে তাঁর নাম দিল হরিদাস, কি করে সংসার বন্ধন ছিন্ন করে বৈরাগী হল,কোথা থেকে হরিদাস কুড়িয়ে পেল ভক্তির স্পর্শমণি, হরিদাসের পূর্বজীবন কারো জানা নেই, হরিদাসও কাউকে স্পষ্ট করে বলেনি, তিনি শুধু এটুকুই বলেছেন, এইটুকুই বুঝিয়েছেন যে জাতি-কুল নিরর্থক, 'আসল হচ্ছে ভক্তি, দৈন্য, অভিমানশূন্যতা, আসল হচ্ছে 'নামকীর্তন'!..
জাতি কুল সর্ব্ব নিরর্থক। জন্মিলেন নীচ ক-কুলে প্রভুর আজ্ঞাতে।। উত্তমকুলেতে জন্মি শ্রীকৃষ্ণ না ভজে। কুল তোর কি করিবে, নরকেতে মজে।। এ সকল বেদ-বাক্যের সাক্ষী দেখাইতে। জন্মিলেন হরিদাস অধম-কুলেতে।। ( চৈ,ভা,)"জাতি পাতি পুছে না কোই ,হরি ভজে তো হরি কা হোই!''--(শ্রীরামানন্দাচার্য্য !..)- তাইতো একসময়ে লোকমুখে ঘুরতে ঘুরতে তাঁর নাম হয়ে গেল নামাচার্য হরিদাস ?! হরিনাম অকৃতদার, জঙ্গলে কুটির নির্মাণ করে একা থাকে, কুটিরের অঙ্গনে নিজে হাতে তুলসী-গাছ পুতেছে, সকালসন্ধেয় তাতে জল দেন, প্রাতস্নান সেরে নামকীর্তনে বসে,সূর্যাস্তের আগে বন থেকে বেড়িয়ে কাছাকাছি ভিক্ষা নেয়, তারপরে আবার নামকীর্তন। তারপর সেখান বহু বাধাবিঘ্ন পেরিয়ে গঙ্গায় ভাসতে ভাসতে আসেন ফুলিয়ায়। "শ্রীচৈতন্যভাগবতে আদিলীলায় বর্ণিত হয়েছে ;- ''বূঢ়ন গ্রামেতে অবতীর্ণ হরিদাস। সে ভাগ্যে সে-সব-দেশে কীর্ত্তন-প্রকাশ॥'' হরিদাস ঠাকুরের জন্মস্থানের পরিচয় থাকলেও, আবির্ভাব প্রসঙ্গ ছাড়া তাঁর পিতৃমাতৃবংশের কোনো পরিচয়, এমনকি নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি গ্রন্থাবলিতে।
"সর্ব্ব-শাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রীমুখে। লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ-সুখে।।"(চৈ ভা,)- সকৃত কৃষ্ণনাম শুনলে পশু-পক্ষী-কীট সকলেই বৈকুণ্ঠধামে যায়, জীব যাঁর কেবলমাত্র একটিও নাম উচ্চারণ করতে করতেই, নিজেকে এবং নিজের ন্যায় সমগ্ৰ শ্রোতবর্গ এবং সেই শোতৃবর্গের সংসর্গিদিগকে তৎক্ষণাৎ পবিত্র করে থাকেন, সেই তোমার শ্রীপাদপদ্ম-স্পৃষ্ট হয়ে আমিও যে নিশ্চয়ই নিজেকে এবং তার সঙ্গে তোমার সকল ভক্তগণকে অধিকতররূপে পবিত্র করবো, এই ভাবে-বিভাবিত হয়ে হরিদাস শ্রীহরির নাম করতে করতে;--
''সেই-মতে আইলেন ফুলিয়ানগরে। কৃষ্ণনাম বলিতে বলিতে উচ্চঃস্বরে।। যবনেরে কৃপাদৃষ্টি করিয়া প্রকাশ। ফুলিয়ায় আইলেন ঠাকুর হরিদাস।। উচ্চ করি হরিনাম লইতে লইতে। আইলেন হরিদাস ব্রাহ্মণ-সভাতে।।" (চৈ,চ,)
শ্রীহরিদাস ঠাকুর গঙ্গায় ভাসতে ভাসতে অপর পারে এসে পৌঁছলেন। সেখানে তিনি পরমানন্দে হরিনাম সংকীর্তন করতে করতে এক ব্রাহ্মণ সভায় উপস্থিত হন। তাঁকে দর্শন করে ব্রাহ্মণগণ অত্যন্ত আনন্দিত চিত্তে কৃষ্ণপ্রেমে ভাসতে লাগলেন। তারাও ঠাকুর হরিদাসের সঙ্গে কৃষ্ণপ্রেমে নৃত্য-কীর্তন করতে লাগলেন। কৃষ্ণপ্রেমে হরিদাস ঠাকুর বাহ্যরহিত হয়ে পড়লেন !..
বহুক্ষণ পর যখন তিনি স্থির হয়ে বসলেন, ব্রাহ্মণগণ তাঁর চারপাশে বসলেন। তিনি দৈন্যবশত বলতে লাগলেন, “আমি যেহেতু বিষ্ণুনিন্দা শ্রবণ করেছি, সেই পাপে আমাকে এমন শাস্তি পেতে হয়েছে। কুম্ভীপাক হয় বিষ্ণুনিন্দন-শ্রবণে/তাহা আমি বিস্তর শুলিলুঁ পাপ-কাণে ॥ (চৈ.ভা. আদি ) তাই আমি শাস্তি পেয়েছি। এজন্য তোমরা দুঃখ পেওনা।” এভাবে তাদের সান্ত্বনা দিয়ে তিনি আবার হরিনাম শুরু করলেন।
ফুলিয়া গ্রামে ঠাকুর হরিদাস গঙ্গার তীরে এক নির্জন গোফায় দিবারাত্র কৃষ্ণনাম স্মরণে অতিবাহিত করতে লাগলেন। তাঁর প্রভাবে ‘গোফা হৈল তাঁর যেন বৈকুণ্ঠ ভবন’ সেখানে এক মহানাগ বাস করত। তার বিষের জ্বালা কোনো প্রাণী সহ্য করতে পারত না। সেখানে যে-ই শ্রীহরিদাস ঠাকুরের দর্শন করতে যেত, সে-ই নাগের বিষের জ্বালায় সেখানে থাকতে পারত না। তখন গ্রামবাসী একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা করতে লাগলেন। সেখানকার জ্ঞানী বৈদ্যগণ তা নির্ণয়ে সমর্থ হলেন। সাপের সাথে বসবাস অত্যন্ত বিপজ্জনক। তাই হরিদাস ঠাকুরের বিপদ আশঙ্কায় তারা তাঁকে অন্যত্র গমন করতে অনুরোধ করার জন্য সেই গোফায় এসে উপস্থিত হলেন। তারা হরিদাস ঠাকুরকে এ বিষয়ে জানালে তিনি বললেন, আমি বহুদিন যাবৎ এই গোফায় আছি, কিন্তু কোনো বিষ অনুভব করছি না। তবে যেহেতু তোমরা চাইছ তাই আমি অন্যত্র গমন করব যদি এখানে সত্যই সর্প থেকে থাকে, তবে কাল যদি উনি চলে না যান, তবে আমি এখান থেকে অন্য কোথাও যাব। তোমরা নিশ্চিন্তে হরিনাম কর।” তখন এক অদ্ভূত ঘটনা ঘটল। সন্ধ্যার সময় সেই মহানাগ গর্ত থেকে উঠে সবার সামনেই অন্য দেশে চলে গেলেন। নাগকে চলে যেতে দেখে ব্রাহ্মণগণ আনন্দিত হলো। হরিদাস ঠাকুরের অপার শক্তি দর্শন করে তাঁরা ভক্তিপূর্ণ চিত্তে তাঁর মহিমা আলোচনা করতে লাগলেন। হরিদাস বুঢ়ন গ্ৰাম থেকে ফুলিয়ায় সেখান থেকে শান্তিপুরে !..
"হেন কাল তথায় আইল হরিদাস। শ্রদ্ধা বিষ্ণুভক্তি যার বিগ্ৰহে প্রকাশ।।" শান্তিপুরে অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে পেয়ে খুব আনন্দিত হলেন। 'আচার্য্য-গোঁসাঞি হরিদাসেরে পাইয়া, রাখিলেন প্রাণ হৈতে অধিক করিয়া':-শ্রীঅদ্বৈত গোঁসাই গঙ্গাতীরে এক নির্জন গোফা প্রদান করলেন। প্রতিদিন তাঁরা ভক্তিকথা আলোচনা করতেন। হরিদাস ঠাকুর প্রত্যহ অদ্বৈতগৃহে প্রসাদ পেতেন। একদিন অদ্বৈত আচার্যের পিতার শ্রাদ্ধা দিবসে তিনি গ্রামস্থ সকল ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলেন। কিন্তু সব থেকে বিশেষ শ্রাদ্ধপাত্রটি তিনি অব্রাহ্মণ-কুলে আবির্ভূত হরিদাস ঠাকুরকে প্রদান করলেন, যেটি সাধারণত শ্রেষ্ঠ ব্রাহ্মণকে দেওয়া হয়। হরিদাস ঠাকুর তা দৈন্যবশত গ্রহণ করতেন চাইলেন না। তখন:-''আচার্য কহেন,তুমি না করিহ ভয়। সেই আচরিব, যেই শাস্ত্রমত হয়॥ তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ-ভোজন। এত বলি শ্রাদ্ধপাত্র করাইলা ভোজন॥'' সেই সভায় ব্রাহ্মণগণ এর বিরোধিতা করে বললেন, অদ্বৈত এ তুমি কি করছ, হরিদাস যে যবন ? আচার্য বললেন,হরিদাস কৃষ্ণভক্ত, কৃষ্ণদাস, দিনে তিনলক্ষ হরিনাম করে, সে বেদবিৎ ব্রাহ্মণের চেয়েও শ্রেষ্ঠ !..
'অবৈষ্ণব জগৎকে ভক্তিকে প্লাবিত করতে কৃষ্ণের আবির্ভাবের জন্য শ্রীঅদ্বৈতাচার্য তাঁর নিত্যব্রত তুলসী ও গঙ্গাজলে শালগ্রাম অর্চনা এবং হরিনাম করতেন । অন্যদিকে হরিদাস ঠাকুর গঙ্গার নিকটস্থ গোফায় হরিনাম করতেন । অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে প্রাণের অধিক যত্ন করতেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে যেদিন শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, সেদিন দুজনে কৃষ্ণকথারসে মগ্ন ছিলেন। সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণ লগ্নে চারদিকে মুহুর্মুহু হরিধ্বনি ও মঙ্গলসূচক লক্ষণাদি দেখতে পেয়ে তাঁরা দুজনেই বুঝতে পারলেন যে, ভগবান অবতীর্ণ হয়েছেন। হরিদাস এত দিন নির্জনে সাধন-ভজন করছিলেন, এবার গৌরাঙ্গের হাটে এসে বেসাতি নিয়ে বসলেন।...
️'গৌরহরীর নবদ্বীপ লীলায় সহায়-সহচর হরিদাস। নবদ্বীপের চাঁদ কাজী হুকুম জারি করে নগরকীর্তন বন্ধ করে দিল, গৌরহরি নগরকীর্তনের দল নিয়ে বের হলেন, সর্বাগ্ৰে অদ্বৈতপ্রভু, তারপর কে না হরিদাস ঠাকুর, তারপর শ্রীবাস, আর পেছনে মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দপ্রভু ও গদাধরপ্রভু। যখন গৌরহরি নীলাচলে যাচ্ছেন। সকলই প্রস্তুত। মহাপ্রভু নদিয়া ছেড়ে নীলাচলে পাড়ি দিচ্ছেন পুরুষোত্তম জগন্নাথকে আশ্রয় করতে। সকলেই তাঁকে বিদায় দিচ্ছেন।
''সভা বিদায় দিয়া প্রভু চলিতে কৈল মন । হরিদাস কাঁন্দি কহে করুণ বচন। নীলাচল চলিলে তুমি মোর কোন গতি।।তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। তোমা লইয়া যাব আমি শ্রীপুরুষোত্তম।।"
ভক্ত হরিদাসও এলেন। তিনি কাঁদতে কাঁদতে এসে একেবারে পায়ে পড়ে গেলেন মহাপ্রভুর। পথ আটকাতে চাইলেন। ভক্ত হরিদাস। লোকে ডাকে, ‘যবন হরিদাস’। তবে, মহাপ্রভুর কাছে তিনি জাতপাতের ঊর্ধ্বে একজন পরমভক্ত, ভক্তশ্রেষ্ঠ--তাঁর উপরে আর কেউ নেই। তাই কেঁদে পায়ে পড়লেন। কারণ, এ-যাত্রায় মহাপ্রভু একা চলেছেন নীলাচলের পথে। বিশ দিনের পথ পদব্রজে যাবেন। পথ প্রায় অরণ্যময়। তাতে পদে পদে প্রাণঘাতী দস্যুদের ভয়। সেই পথে প্রভুকে কেমন করে একা যেতে দেবেন ভক্ত হরিদাস! তাছাড়া, তাঁকে ছেড়ে হরিদাস কেমন করেই বা একা পড়ে থাকবেন এই ইষ্টশূন্য নবদ্বীপে। ভক্তের আকুতি বুঝে মহাপ্রভু তাঁকে চরণ থেকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। সান্ত্বনা দিয়ে বললেন, নবদ্বীপ থেকে নীলাচল মাত্র তো বিংশতি দিনের পথ। তোমার যখনই ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে এসো, আমার জগন্নাথের কাছে চলে এসো, কেমন! তবু হরিদাসের মন মানল না। তিনি জানেন, মহাপ্রভু নীলাচলে চলেছেন তাঁর প্রাণের ঠাকুরের কাছে। ঠাকুরের ভদ্রাসন পুরীর মন্দিরই হবে তাঁর আশ্রয়। কিন্তু, সেই আশ্রয়ে তো হরিদাসের ঠাঁই হবে না। সেখানে যে ‘যবন’-এর প্রবেশাধিকারই নেই ! হরিদাসের বাস্তব আশঙ্কার কথা শুনে মহাপ্রভু লীলাময়ের মতো হাসলেন। হেসে বুঝিয়ে দিলেন, মেলাবেন তিনি, তিনিই সব মিলিয়ে দেবেন। তুমি নীলাচলে এসো। আমি আছি তো !
মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলে গেলেন, যেন অক্রুর-সংবাদে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরায়। কতদিন কেটে গেল। নবদ্বীপের গৌড়ীয় ভক্তদের মন ক্রমশ উচাটন হতে লাগল প্রভুকে দেখার জন্য। এদিকে নবদ্বীপচাঁদ দক্ষিণদেশ ভ্রমণ করে স্বচ্ছন্দে নীলাচলে প্রত্যাগমন করেছেন, এই সংবাদ শচীদেবীর মন্দিরে এল, দূত প্রভু প্রদত্ত মহাপ্রসাদ, শচীদেবীর অগ্ৰে রাখলেন, এই সংবাদে শচীদেবী ঘোর বিয়োগানলে ডুবলেন। আর এদিকে প্রভুর প্রত্যাগমন সংবাদ এক মূহুর্ত্তে শ্রীনবদ্বীপময় ছড়িয়ে পড়ল, সকলে বললেন চল যাই গিয়ে প্রভুকে দর্শন করি , কিন্তু প্রভু যে বিংশতি দিনের পথ দূরে, পথও অতি দূর্গম, কে নিয়ে যাবে ? চল যাই অদ্বৈতাচার্য কে বলি তিনিই আমাদের নিয়ে যাবেন, নীলাচলের দূতকে সঙ্গে করে অদ্বৈত ভবনে গেলেন, কথা সাব্যস্ত করে প্রভুর ভক্তগণ অদ্বৈতাচার্যকে অগ্ৰে করে, শচীমন্দিরে এসে শচীদেবীর অনুমতি নিয়ে মহাপ্রভুর সম্পত্তি শ্রীখোল-করতাল নিয়ে কীর্তন করতে করতে প্রভুকে দর্শন করতে চললেন। শ্রীনবদ্বীপ থেকে গৌড়ীয় ভক্তগণ দলে দলে আসতে লাগলেন শ্রীক্ষেত্রের পথে, সচল জগন্নাথ আর অচল জগন্নাথ--দুজনকে একত্রে দেখে ধন্য হতে, সেই দলের সহযাত্রী হয়ে হরিদাসঠাকুরও শ্রীক্ষেত্রে পথে !...
------
🌼(২)
দক্ষিণ-দেশ-ভ্রমণান্তে স্বচ্ছন্দে নীলাচলে প্রত্যাগমন করে জগৎপ্রাণ মহাপ্রভু জগন্নাথক্ষেত্রে বিরাজ করছেন, মহাপ্রভুর নাম মহিমা সুগন্ধি পুষ্পের মত দেশময় ছড়িয়ে পড়েছে, শ্রীক্ষেত্রে কত নিত্যনতুন ভক্তভ্রমর মহাপ্রভুর অতুল রাতুল চরণকমলে আনাগোনা তার কোন সংখ্যা নাই। গৌড়ীয় ভক্তগণও মহাপ্রভুর দর্শন লালসায় পুরীতে পদার্পণ করতেই হরিদাসের হৃদয়ে ভাবোদয় হল, এই তো সেই পুরীধাম, যে পুরীধামে জগতের নাথ জগন্নাথের অধিষ্ঠান, আজ সেইখানেই আমার প্রভুও বিরাজ করছেন । আমার এই অপবিত্র ও অস্পৃশ্য পাপ কলেবর নিয়ে পরমপবিত্র এই পুরীধামের ভিতরে কিভাবে প্রবেশ করব ? হরিদাসের মনে এরূপ ভাবনা হতেই তিনি স্থির হয়ে দাঁড়িয়ে সঙ্গীদের বললেন, আমি আর অগ্ৰসর হব না, তোমরা সবাই প্রভুর কাছে যাও, আমি যাব না, আমি কেন যাব না, কেউ আমাকে জিজ্ঞেসা করো না, এই আমার শেষ কথা । সঙ্গীগণ কি আর করবেন, অন্য উপায় না পেয়ে অবশেষে তাঁরা হরিদাসকে একাকী রেখে পুরীর ভিতরে প্রবেশ করলেন !..
"প্রত্যেকে সভার প্রভু করি গুণগান।
পুনঃ পুনঃ আলিঙ্গিয়া করিল সস্মান।।" (চৈ,চ, মধ্যলীলা)
গৌড়ীয় ভক্তগণ পুরীতে প্রবেশ করেই জগন্নাথ দর্শনের পূর্বেই তাঁদের প্রাণারাধ্য মহাপ্রভুর কাছে পৌঁছে একে একে সকলে প্রভুর চরণকমলে দণ্ডবৎ প্রণাম নিবেদন করতে লাগলেন। মহাপ্রভুও আনন্দচিত্তে একে একে সকলকে আলিঙ্গন ও কুশল বিনিময় করতে লাগলেন !..
"সবারে সস্মানি প্রভুর হইল উল্লাস।
হরিদাস না দেখিয়া কহে - কাঁহা হরিদাস।।" (চৈ,চ,)
গৌড়ীয় ভক্তগণের প্রেমপুলকিত সঙ্গ পেয়ে মহাপ্রভু উল্লসিত হয়েও হরিদাসকে দেখতে না পেয়ে মহাপ্রভু কেমন যেন উৎকণ্ঠিত হয়ে সকলকে উদ্দেশ্যে করে উচ্চকণ্ঠে বলে উঠলেন-'কাঁহা হরিদাস ? এদিকে হরিদাস বহুদূর থেকে মহাপ্রভুকে দর্শন করে রাজপথে দণ্ডবৎ হয়ে পড়ে আছেন। অত্যন্ত ব্যাকুল কণ্ঠে মহাপ্রভু হরিদাসের কথা জিজ্ঞাসা করতেই কয়েকজন গৌড়ীয় ভক্ত সঙ্গে সঙ্গে হরিদাসের কাছে গিয়ে বললেন, তুমি তাড়াতাড়ি চল, প্রভু তোমার সঙ্গে মিলিত হতে চাইছেন, ভক্তগণের কথায় হরিদাস বললেন, তোমরা গিয়ে প্রভুকে বল, আমার এই অপবিত্র, অস্পৃশ্য পাপকলেবর নিয়ে কিভাবে পরমপবিত্র শ্রীজগন্নাথ মন্দিরের ওদিকে যাব ? দৈন্য ও আর্তির প্রতিমূর্তি হরিদাস ঠাকুর আরও বললেন, আমি অপবিত্র অস্পৃশ্য যদি শ্রীমন্দিরের ভিড়ে শ্রীমন্দিরের সেবকদের কোনক্রমে ছোঁয়া লেগে যায় বা শ্রীজগন্নাথের সেবকরা কোনভাবে আমায় দেখে ফেলে সেই অবস্থায় শ্রীজগন্নাথের সেবা করে তবে আমি মহা অপরাধী হয়ে যাব, আমি কিছুতেই মন্দিরের ওদিকে যেতে পার়ব না, এদিকে যদি কোথাও একটু নিভৃত স্থান খুঁজে পাই তাহলে সেইখানে থেকে নাম করতে করতে জীবনের অবশিষ্ট সময়টুকু কাটিয়ে দিতে পারি !
"এই কথা লোক গিয়া প্রভুরে কহিল। শুনি মহাপ্রভু মনে সুখ বড় পাইল।।" (চৈ,চ,)-
গৌড়ীয় ভক্তগণ হরিদাসের এই দৈন্যভরা কথা অতি বিনীতভাবে প্রভুর কাছে গিয়ে বলল, অন্তর্যামী প্রভু শুনে হরিদাসের নির্জনবাসের ইচ্ছা জেনে অত্যন্ত আনন্দিত হলেন। এরইমধ্যে কাশী মিশ্র এসে মহাপ্রভুর চরণবন্দনা করে বললেন, প্রভু ! নদীয়া থেকে আগত ভক্তদের দর্শনে পরম আনন্দ লাভ করেছি, এখন আপনার আদেশ পেলেই ভক্তদের প্রয়োজন মত ব্যবস্থা করে দিতে পারি, কাশী মিশ্রের এই দৈন্যভরা কথায় প্রভু তখন গোপীনাথ ও বাণীনাথকে ডেকে সকলের থাকার ও প্রসাদান্ন পাবার সুবন্দোবস্ত করতে আজ্ঞা দিয়ে গৌড়ীয় বৈষ্ণবদের বললেন সকলে নিজ নিজ বাসায় গিয়ে সমুদ্র স্নান সেরে শ্রীজগন্নাথ দর্শন করে এসে এখানে প্রসাদ পাবে । আর কাশী মিশ্রকে প্রভু বললেন-
"আমার নিকটে এই পুষ্পের উদ্যানে। একখানি ঘর আছে পরম নির্জনে।। সেই ঘর আমাকে দেহ আছে প্রয়োজন। নিভৃতে বসিয়া তাঁহা করিব স্মরণ।।" (চৈ,চ,)-
শুনে কাশী মিশ্র কড়জোড়ে বললেন, প্রভু ! তুমি এভাবে বলে আমায় লজ্জা দিয়ো না , আমার সমস্ত সম্পত্তি তোমার বলেই এই অধম মনে করে, তুমি তোমার ইচ্ছা মত যেখানে যাঁকে যে গৃহে রাখলে ভালো হয়, সেইভাবে তুমি আমাকে আদেশ কর, কিন্তু আমার কাছে এইভাবে চেয়ে আমাকে লজ্জা দিয়ো না ? কাশী মিশ্র চলে গেলেন, কিন্ত তাঁর যাবার আগে প্রত্যেক ভক্তের জন্য বাসা ঠিক করে প্রভু নিজে কাশীমিশ্রের কাছ থেকে উক্ত বাসাখানি হরিদাসের জন্যই ঠিক করে রাখলেন তা কেউই বুঝতে পারলো না। মহাপ্রভু সকলকে বিদায় দিয়ে একাকী হরিদাসের সঙ্গে মিলিত হবার উদ্দেশ্য বেড়িয়ে পড়লেন !..
🌼(৩)
"তবে প্রভু আইলা হরিদাস মিলনে। হরিদাস করে প্রেমে নাম-সংকীর্তন।।প্রভু দেখি পড়ে আগে দণ্ডবৎ হৈয়া। প্রভু আলিঙ্গন কৈল তাঁরে উঠাইয়া।।"(চৈ,চ, মধ্যলীলা) দূর থেকে প্রভু হরিদাসকে দেখতে পেয়ে হরিদাস আমার হরিদাস বলতে বলতে মহাপ্রভু ছুটে এলেন তাঁর দিকেই আর প্রাণপ্রিয় মহাপ্রভুর কণ্ঠশ্বর শুনে প্রভুর দর্শন পেয়ে হরিদাস মহাপ্রভুর শ্রীচরণকমলে দণ্ডবৎ পতিত হলেন, মহাপ্রভুও তৎক্ষণাৎ সবেগে একেবারে হরিদাসকে দুইহস্তে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর দুইজনে প্রেমাবেশে কাঁন্দতে লাগলেন। ঠিক তখনই দৈন্যতার প্রতিমূর্তি হরিদাস বলে উঠলেন প্রভু আমি অস্পৃশ্য পরম পামর আমাকে ছুঁয়ো না, হরিদাসের এই কথায় বন্ধন যেন আরও সুদৃঢ় হল, প্রভু হরিদাসকে হৃদয়ে আত্মসাৎ করে বললেন- হরিদাস ! তোমাকে আমি স্পর্শ করি যাতে আমি নিজে পবিত্র হতে পারি, কেন জান ! দৈন্যতার প্রতিমূর্তি হরিদাসকে সান্তনা দিতে কৃপাসিন্ধু মহাপ্রভু ভাগবতের একটি শ্লোক শোনালেন- 'অহো বত ! শ্বপচোহতো গরীয়ান্ যজ্জিহ্বাগ্ৰে বর্ততে নাম তুভ্যম্ । তেপুস্তপস্তে জুহুবুঃ সস্নুরার্যা ব্রহ্মানূচুর্নাম গৃণন্তি যে তে।।"(শ্রীভাগবত তৃতীয় স্কন্ধ) আহা ! যার জ্বিহাগ্ৰে তোমার নাম বিদ্যমান থাকে সে যদি চণ্ডালও হয় তবুও সে পূজ্যশ্রেষ্ঠ । যে শ্রেষ্ঠ পুরুষ তোমার নাম উচ্চারণ করে সে তপস্যা, যজ্ঞ, তীর্থস্থান, সদাচার পালন ও বেদাধ্যয়ন সব কিছুরই ফল লাভ করেছে !.. মহাপ্রভু হরিদাসকে আরও বললেন- হরিদাস ! তুমি নিত্য নিয়ত নাম করতে করতে শ্রীভগবানের এমনই প্রিয়পাত্র যে, তোমাতে সবতীর্থ ও সব শাস্ত্রসার পূর্ণরূপে প্রকটিত আর সেই কারণেই তোমার পরমপবিত্র স্পর্শ আমার কাছে গঙ্গাস্পর্শ থেকেও ফলবতী সেইজন্যই আমি নিজেকে শোধন করতে তোমাকে আলিঙ্গন করেছি। প্রভুর মুখে আত্মপ্রশংসা শুনে দৈন্যতার প্রতিমূর্তি হরিদাস একেবারে সঙ্কুচিত হয়ে মরমে যেন মরে গেলেন, কি করবেন ভেবে না পেয়ে শুধুই অবিরল ধারায় অশ্রুবিসর্জন করতে লাগলেন, আর প্রভু হরিদাসের মহাভাগবতোত্তম দীনতায় বিগলিত হয়ে প্রেমেগদগদ হয়ে ভক্ত হরিদাস কে আরও জোরে বুকে মধ্যে জড়িয়ে ধরে অশ্রুনীরে ভাসতে লাগলেন, এতদিন পর মহাপ্রভুর বুকের আশ্রয়টি পেয়ে হরিদাসেরও সুখের অবধি রইল না। বহুদিন পর প্রভুর গুণে ভক্ত আর ভক্তের গুণে ভগবান্ এইভাবেই পরমমধুর লীলা প্রকটিত হতে লাগলো !.
"এত বলি তাঁরে প্রভু লঞা গেলা পুষ্পোদ্যানে।"- (চৈ,চ,)-
অনাথের নাথ করুণাময় প্রভু অনেক অনুনয় বিনয় করে হরিদাসকে পুষ্পোদ্যানের কাছে যে ঘরটি কাশী মিশ্রের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন সেখানের সেই নিভৃত গৃহের নিকটে নিয়ে গিয়ে স্নেহস্নিগ্ধ কণ্ঠে বললেন-
"এই স্থানে রহ, কর নাম সংকীর্তন।
প্রতিদিন আসি আমি করিব মিলন।।
মন্দিরের চক্র দেখি করিহ প্রণাম।
এই ঠাঞি তোমার-আসিবে প্রসাদান্ন।।" (চৈ,চ,)
আরাধ্য প্রভুর এই অন্তরবিগলিত কথা শুনে হরিদাস বললেন - প্রভু গো ! আমার এই নবদ্বার বিশিষ্ট দেহটিই আত্মারূপ আমার প্রকৃত বাসগৃহ, এই দীনহীনের কোন বাসগৃহের প্রয়োজন নাই, আমার শয়নেরও প্রয়োজন নাই, অনেক চিন্তাভাবনা করে দেখেছি,এই মাটির দেহ একদিন মাটিতেই মিশবে, তাই এই দেহটি মাটিতে মিশবার আগে সর্বপ্রকার সুখে ইতি টেনে সর্ববিষয়ে মাটি হয়েই থাকতে সচেষ্ট হব । প্রভু গো ! বরং তুমি আশীর্বাদ কর যেন নিত্য নিয়ত নাম করতে করতে এই এই দেহরূপ গৃহটিকে পরমপবিত্র শ্রীভগবানের মন্দিরে পরিণত করে তাতে পরমানন্দে বাস করতে পারি । প্রভু গো ! এই দীনহীনের তোমার চরণে একটি নিবেদন তুমি যে একটু আগে বললে, এ দীনহীন কাঙ্গালের জন্যে প্রতিদিন প্রসাদান্ন পাঠাবে, এই স্থানে থেকে জগন্নাথের প্রসাদান্ন পাওয়া মহাসৌভাগ্যের, তবুও প্রভু যদি কোনদিন ঝড়বৃষ্টিতে প্রসাদ পাঠাতে বিঘ্নের সৃষ্টি হয়, তাহলে প্রভু তুমি উদ্বিগ্ন না হয়ে তখন শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করিও যেন তোমার এই অধম দাসটি শুধু যেন নামসুধা পান করে পরিতৃপ্ত থাকতে পারে। প্রাণপ্রিয় হরিদাসের এই আর্তিপূর্ণ কথা শুনে কৃপাময় মহাপ্রভু বললেন, হরিদাস ! শ্রীকৃষ্ণের কৃপায় তোমার কোনদিন কোন বিষয়েই কোন অসুবিধা হবে না, এখন তুমি এই নির্জন গৃহে গমন করে নামসুধারসে নিমজ্জিত থাক, এই বলে প্রভু চলে গেলেন কিন্তু হরিদাস গৃহটিকে আশ্রয় না করে অতিদৈন্যতার সঙ্গে নীল আকাশের নীচে একটি উন্মক্তস্থানে মাটিতে বসে নামকীর্তন করতে লাগলেন !..
🌼(৪)
"চৈতন্যৈর লীলা গম্ভীর কোটিসমুদ্র হৈতে। কি লাগি কি করে, কেহ না পারে বুঝিতে।।"(চৈ,চ,)
বেশ কয়েকদিন পর পর মহাপ্রভু এসে দেখলেন, নির্জন অনাবৃত একটি স্থানে বসে হরিদাস একাগ্ৰচিত্তে নাম করছে, রোদ, ঝঞ্ছা, বৃষ্টি প্রাকৃতিক বিকারেও হরিদাস স্থির স্থিতপ্রজ্ঞ। অন্তর্যামী মহাপ্রভু তাঁর অন্তরঙ্গ ভক্ত হরিদাসের অন্তরের ভাব সবই জানেন, প্রভু হরিদাসকে আর কিছু বলতে পারলেন না, কিন্তু প্রাণাধিক প্রিয়ভক্ত হরিদাসের এমনতরো অবস্থা দেখে ভক্তবৎসল মহাপ্রভুর প্রাণ কেঁন্দে উঠলো !.. কিংবদন্তি আছে যে-শ্রীজগন্নাথদেবের দন্তসাধন ও স্নানাদি কালে তিনটি দন্ত-কাষ্ঠ শ্রীজগন্নাথ, শ্রীবলদেব ও শ্রীসুভদ্রার জন্য দেওয়া হয়, এই দন্ত-কাষ্ঠ কুম্ভাটুয়া বৃক্ষ থেকে সংগৃহীত হয়ে থাকে, কিন্তু সেইকালে সেইদিন তিনটি কুম্ভাটুয়া দন্ত-কাষ্ঠের মধ্যে একটি দন্ত-কাষ্ঠ দৈবক্রমে বকুলবৃক্ষের হয়ে যায়, আর এদিকে অবকাশ কাল উপস্থিত হওয়ায় বকুল-বৃক্ষের একটি দন্ত-কাষ্ঠ কোনভাবে দুটি দন্ত-কাষ্ঠের সঙ্গে সেবকগণ দৈবক্রমে দন্তসাধন ও স্নানাদির সময় প্রদান করেন, এবং শ্রীজগন্নাথদেবের দন্তমাজনসেবার পর সেই কাষ্ঠ সেবকগণ প্রসাদী হিসেবে ভক্তগণকে প্রদান করেন, আর সেইদিন সেবকগণ শ্রীজগন্নাথ-দেবের প্রসাদী ঐ বকুল দন্ত-কাষ্ঠটি-ই দৈবক্রমে শ্রীগৌরহরিকে প্রদান করেন, গৌরহরিরও গৌরভক্ত-হরিদাসের কথা ভেবে, কি করে কি মনে এলো যে, তিনি আর স্থির থাকতে না পেরে অনাথের নাথ শ্রীগৌরহরি শ্রীজগন্নাথ মন্দিরের সেবকগণের থেকে প্রাপ্ত ঐ প্রসাদী বকুল শাখার শুষ্ক দন্তকাষ্ঠটি এনে যেখানে হরিদাস শান্তচিত্তে বসে নাম করছিলেন সেই স্থানে রোপণ করলেন এবং দৈবলীলায় সেই প্রসাদী নীরস দন্তকাষ্ঠ আস্তে আস্তে পত্র পুষ্পে সুশোভিত হয়ে একটি বকুল বৃক্ষে পরিণত হয়ে উঠলো, আর তখন প্রভু বললেন - হরিদাস ! তুমি জেনো, শ্রীজগন্নাথের কৃপায় সুসিদ্ধ এই বকুল বৃক্ষ তলে বসে নাম করছ, শ্রীজগন্নাথ তোমাকে প্রাকৃতিক বিকার থেকে ত্রাণ দেওয়ার জন্যই বকুল বৃক্ষ রূপে প্রকট হয়েছেন। কিন্তু হরিদাস মনে মনে জানলেন, প্রভু ! অচল জগন্নাথ নয়, শ্রীক্ষেত্রের সচলজগন্নাথ আমার প্রাণারাধ্য শ্রীকৃষ্ণচৈতন্য-মহাপ্রভুই বকুলবৃক্ষ রূপে প্রকটিত হয়ে স্বীয় কৃপা-পল্লব বিস্তার করেছেন যাতে তাঁর ভক্ত হরিদাসকে আধিদৈবিক দুঃখ কষ্ট থেকে রক্ষা করা যায়। কৃপাসিদ্ধ ভক্তহরিদাসও ঐ বকুল বৃক্ষকে 'সিদ্ধবকুল' বলে বন্দনা করলেন !...
"রথযাত্রা দিনে প্রভু কীর্তন আরম্ভিল। পূর্ববৎ সাত সম্প্রদায় পৃথক করিল।। অদ্বৈত, নিত্যানন্দ, হরিদাস, বক্রেশ্বর। শ্রীনিবাস, রাঘব পণ্ডিত, গদাধর।।"
ভক্তচূড়ামণি হরিদাস 'সিদ্ধবকুল' বন্দনা করার সময় থেকে জীবনের অন্তিম নিঃশ্বাসটি পর্যন্ত মহাপ্রভুর মূর্তিমান আশীর্বাদ স্বরূপ সেই বকুলতলে অনুদিন অনুক্ষণ নাম সংকীর্তন করতেন আর মহাপ্রভুর নির্দেশ মত প্রতিদিন শ্রীজগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করে প্রণাম করতেন, তিনি নিজেকে এমনি অধম পামর ও অস্পৃশ্য মনে করতেন যে, বকুলতলা ছেড়ে কোনক্রমেই তিনি কখনও অন্য কোথাও যেতেন না। এমনকি এত সামনে প্রভুর নিবাসস্থল গম্ভীরাতেও যেতেন না, শুধুমাত্র রথযাত্রার সময়ে তিনি রথারূঢ় শ্রীজগন্নাথকে অপলক নয়নে দর্শন করতেন এবং রথের অগ্ৰভাগে মহাপ্রভুর সঙ্গে পরমানন্দে নৃত্য-কীর্তন করতেন !..
🌼(৫)
"নিরন্তর আছি আমি তোমার শরীরে। তুমি-হেন সেবকে আমার ঠাকুরাল। তুমি মোরে হৃদয়ে বান্ধিলা সর্ব্বকাল।।" (চৈতন্যভাগবত মধ্যখণ্ড) নীলাচলের সেই 'সিদ্ধবকুল' তলে নামাচার্য হরিদাসের হরিনাম গ্ৰহণের লীলাপর্ব শুরু হল, সেই থেকে মহাপ্রভু প্রতিদিন সেবক গোবিন্দের হাত দিয়ে হরিদাসের জন্য শ্রীজগন্নাথদেবের প্রসাদ পাঠাতেন এবং মহাপ্রভুর মনটি বকুলতলে হরিদাসের প্রতি আকৃষ্ট থেকে শ্রীজগন্নাথের মঙ্গল আরতি শেষ হতেই তিনি সর্ব্ববিধ বাধাবিঘ্ন উপেক্ষা করে 'সিদ্ধবকুল' তলে হরিদাসের কাছে ছুটে গিয়ে হরিদাসের হৃদয়ের সঙ্গে হৃদয় মিলাতেন, আর হরিদাস ঠাকুরও সচল জগন্নাথ স্বয়ং শ্রীগৌরহরিকে দর্শন করে ভক্ত আর ভগবানের মধ্যে দর্শন দেওয়া ও দর্শন করা একসাথে সুসম্পন্ন করতেন। ভক্ত হরিদাসকে মহাপ্রভু তাঁর হৃদয়ের প্রেম, প্রীতি, করুণা, স্নেহ, মমতা, ভালবাসা সমস্তই উজাড় করে দিতেন !..
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতের আদিলীলায় ষষ্ঠ পরিচ্ছেদের সাতাশি অষ্টআশি নং পয়ারে- 'কৃষ্ণের সমতা হৈতে বড় ভক্তপদ। আত্মা হৈতে কৃষ্ণের ভক্ত প্রেমাস্পদ।। আত্মা হৈতে কৃষ্ণ 'ভক্ত বড়' করি মানে। তাহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে।।(চৈ,চ,) শ্রীকৃষ্ণ নিজ অপেক্ষা তাঁর ভক্তকেই বড় বলে মনে করেন, ভক্ত তাঁর কাছে প্রীতির বস্তু । শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভুর মনের খবর হরিদাস সবই জানতে পারতেন এবং সেসব জেনেই মহাপ্রভুর মনে যখন যে ভাবের উদয় হত, সেই ভাবোচিত ব্রজলীলা হরিদাস হরিনামের মধ্য দিয়ে প্রকট করতেন, হরিদাসের মধুর কণ্ঠে হরিনাম শুনে মহাপ্রভু তৃপ্তি পেতেন, হরিদাসের সুকণ্ঠে হরিনামের মাধ্যমে যে ব্রজলীলা প্রকট হত, তা মনে মনে দর্শন করে প্রভু এমনি আনন্দ পেতেন যে, মহাপ্রভুর সর্বাঙ্গ পুলকে নেচে উঠত, সেই অপ্রাকৃত ব্রজলীলা আস্বাদনের লোভেই মহাপ্রভু প্রতিদিন প্রেমাবেশে উন্মত্তের মত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হরিদাসের কাছে ছুটে আসতেন। শ্রীরাধাকৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু নিজের নিগূঢ় স্বরূপ এবং নিজ মাধুর্য মহিমা হরিদাসের মাধ্যমে আস্বাদনের অভিলাষে সেই 'সিদ্ধবকুল' তলে ছুটে ছুটে আসতেন। প্রত্যেকদিন শ্রীজগন্নাথের মঙ্গল আরতির সময় মহাপ্রভু শ্রীজগন্নাথের যে অপূর্ব রূপমাধুরী অবলোকন করতেন তাতে প্রেমবিহ্বল অবস্থায় মহাপ্রভুর মুখমণ্ডল বিদ্যুৎ মালার মত ঝলমল করে উঠত, সেই অবস্থায় মহাপ্রভু পরম আবেগে সিদ্ধবকুল তলে ছুটে এসে হরিদাসকে দর্শন করতেন, তার ফলে স্বচ্ছ দর্পণ সদৃশ হরিদাসের চোখে মুখে মহাপ্রভুর শ্রীমুখের অবিকল প্রতিচ্ছায়া প্রতিবিম্বিত হয়ে উঠত, সেই প্রতিবিম্ব দর্শন করে মহাপ্রভু পরমতৃপ্তি লাভ করতেন, এই ভক্তসুখ মাধুর্য পানের মাধ্যমে নিজমুখ দর্শনের লোভেই যেন মহাপ্রভু প্রতিদিন হরিদাসের কাছে আসতেন এবং তিনি আনন্দ উপভোগ করতেন ! সর্বশাস্ত্র চূড়ামণি শ্রীভাগবতে এর প্রমাণ রয়েছে, শ্রীভাগবতে এগারতম স্কন্ধের চোদ্দতম অধ্যায়ে ভক্তোত্তম উদ্ধবকে ভগবান্ শ্রীকৃষ্ণ বলছেন- ''ন তথা মে প্রিয়তম আত্মযোনির্ন শঙ্করঃ। ন চ সঙ্কর্ষণো ন শ্রীর্নৈবাত্মা চ যথা ভবান্।।"- হে উদ্ধব ! তুমি আমার যেরূপ প্রিয়তম, ব্রহ্মা আমার সেরূপ প্রিয়তম নন, শংকর ও সেরূপ প্রিয়তম নন, সংকর্ষণও নন, লক্ষীও নন, এমনকি আমি নিজেও আমার সেরূপ প্রিয়তম নই !.. অতএব ভক্তোত্তম হরিদাস ঠাকুরের কাছে এসে জগৎপ্রাণ মহাপ্রভু জগন্নাথ দর্শন অপেক্ষাও অধিক আনন্দ লাভ করতেন তাতে সন্দেহের স্থান কোথায় ?
সিদ্ধবকুল প্রকৃতি সঞ্জাত নয় এই সিদ্ধবকুল সর্বশক্তিমান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ইচ্ছাশক্তি দ্বারা সৃষ্ট। সেই সিদ্ধবকুল তলে হরিদাস ঠাকুর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হরিনাম করতেন। হরিদাস ঠাকুরের নামরসাপ্লুত কণ্ঠস্বরে কত যে মধু ও শান্তি-সুধারস নির্ঝরিত হত তা একবার যাঁরা শুনতেন তাঁরা বারবার শুনার জন্য সেই সিদ্ধ বকুলতলে ছুটে আসত, হরিদাস ঠাকুরের অপার মাহাত্ম্য পুরীর বাইরেও ছড়িয়ে পড়ল, তাঁর একটু প্রেমপুলকিত সঙ্গলাভের আকাঙ্খায় সেই সিদ্ধবকুল তলে কত ভক্তগণের আনাগোনা হতে লাগলো, একান্ত নাম-প্রেমী ঠাকুর হরিদাসের সঙ্গ গুণে তাঁদের হৃদয় দিব্যানন্দে ভরপুর হয়ে উঠত এবং তাঁরাও নামাচার্য ঠাকুর হরিদাসের অনুকরণে নামানুরক্ত হয়ে উঠত। মহাপ্রভুর ইচ্ছাশক্তি এবং নামাচার্য ঠাকুর হরিদাসের সাধন শক্তির একত্র সন্মিলনে সিদ্ধবকুল যে সত্য স্মৃতি একটি 'অপ্রাকৃত কল্পতরু' !!..
-------
🌼( দ্বিতীয় পর্ব)
নীলাচলে নামাচার্য হরিদাস ঠাকুর !
"চৈতন্যের লীলা গম্ভীর কোটি সমুদ্র হৈতে। কি লাগি কি করে, কেহ না পারে বুঝিতে।। অতএব গূঢ় অর্থ কিছুই না জানি। বাহ্য অর্থ করিবারে করি টানাটানি।। একদিন প্রভু হরিদাসেরে মিলিলা। তাঁরে লঞা গোষ্ঠী করি তাঁহারে পুছিলা।।( দ্রষ্টব্য-চৈ,চ, অন্ত্যলীলা তৃতীয় অধ্যায়) একদিন মহাপ্রভু সেই সিদ্ধবকুলতলে নিজ সঙ্গীসহ কৃষ্ণকথা আলাপনে ঠাকুর হরিদাসকে জিজ্ঞাসা করলেন, হরিদাস ! এই গো-ব্রাহ্মণ হিংসাকারী দুরাচারীগণ কি করে উদ্ধার হবে। ঠাকুর হরিদাস জগৎপ্রভুর এই কথা শুনে বলছেন, প্রভু ! "নামাভাস হৈতে হয় সর্ব্বপাপক্ষয়। নামাভাস হৈতে হয় সংসারের ক্ষয়।। (চৈ চ,) প্রভু গো! ভগবানের নামের অক্ষরগুলি যে কোন অক্ষর,শব্দ বা বাক্যের মধ্যে থাকলেই সেই উচ্চারণের প্রতিক্রিয়া থেকে কেউ বঞ্চিত হয় না । প্রভু ! 'মরা,মরা', জপ করতে করতে দস্যুরত্নাকর 'রাম' সাধনার সর্বসিদ্ধিরূপ ফল লাভ করে দস্যু থেকে মহামুনি বাল্মীকি হয়েছিলেন। প্রভু ! মহাপাতকী হয়েও অজামিল পুত্রকে ডাকবার ছলে বারবার 'নারায়ণ' নাম উচ্চারণ করে বৈকুণ্ঠেধাম প্রাপ্ত হয়েছিল। এই ভাবধারাতেই গো-ব্রাহ্মণ হত্যাকারীরা তাঁদের ভগবান রামচন্দ্রকে 'হা রাম' 'হা রাম' বলে বারবার ডাকবার ফলে যে সুফল লাভ করে সেই নামাভাসেই তারা মুক্তি পেয়ে যাবে ! নামসুধারসিক ঠাকুর হরিদাসের মুখে এই কথা শুনে-" শুনিয়া প্রভুর সুখ বাঢ়য়ে অন্তরে। পুনরপি ভঙ্গী করি পুছয়ে তাহারে।।" প্রাণাধিক ঠাকুর হরিদাসের মুখে এই কথা শুনে মহাপ্রভুর মনে অপার আনন্দের সঞ্চার হলে তিনি আবার জিজ্ঞেস করলেন - হরিদাস ! তুমি যে বললে, যে কোন ভাবেই হোক না কেন নামাক্ষর উচ্চারণ করলেই মুক্তি লাভ করবে-তোমার এই কথা সত্য, কিন্তু হরিদাস ! পশু-পক্ষী, কীট-পতঙ্গ, জঙ্গম-জীব যারা উচ্চারণ করতে পারে না বা বৃক্ষলতাদি স্থাবর জীব যারা একস্থান থেকে অন্যস্থানে যেতে পারে না তাদের কিভাবে মুক্তি হবে ? প্রভু ! পশুপক্ষী যে উচ্চারণ করতে পারে না, একথা তুমি আমার কাছে আর কোন দিন বোল না, কারণ তুমি বৃন্দাবন যাওয়ার সময় অরণ্যপথে পশু-পক্ষীকে যে নাম লওয়া করিয়েছিলে সে কথা তো বলভদ্র ভট্টাচার্য আমাকে বলেছে, আর- "তুমি যেই করিয়াছ উচ্চ সঙ্কীর্তন। স্থাবর-জঙ্গমের সেই হয় ত শ্রবণ।।"
(চৈ,চ,) প্রভু ! তুমিই তো উচ্চ উচ্চারণে নামকীর্তন করবার প্রথা জগতে প্রবর্তন করেছ, সেই অতি উচ্চ নাম উচ্চারণে পশু-পক্ষী-স্বাবর-জঙ্গমে গিয়ে যে শব্দ লাগে তাতে যে প্রতিধ্বনি হয়, সেটা প্রতিধ্বনি নয়, সেই ধ্বনি তাদের দেহে লেগে নাম উচ্চারিত হয়, আর তাতেই পশু-পক্ষী-কীট-পতঙ্গ-জঙ্গম জীব মুক্তি লাভ করবে!..
হরিদাস যখন বললেন উচ্চ উচ্চারণে হরিনাম সংকীর্তন করবার কারণে এই জগতের সমস্ত জীব উদ্ধার লাভ করবে, তা শুনে মহাপ্রভু আনন্দে উচ্ছ্বসিত হয়ে এবং আনন্দের আতিশয্যে তৎক্ষণাৎ হরিদাসকে বললেন-"প্রভু কহে-সব জীব যবে মুক্ত হবে। এই ত ব্রহ্মাণ্ড তবে সব শূন্য হবে।।"(চৈ চ,) হরিনাম সংকীর্তনের শব্দতরঙ্গে জগতের সমস্ত জীবিত যদি উদ্ধার হয়ে যায়, তাহলে এই ব্রহ্মাণ্ডটি একেবারে জীবশূন্য হয়ে যাবে, এখানে কোন জীব থাকবে না। ''তাহলে তো সৃষ্টির কোন মূল্যই থাকবে না ?'' তখন হরিদাস ঠাকুর বললেন, প্রভু ! তুমি যতদিন এই ব্রহ্মাণ্ডে লীলায়িত থাকবে, ততদিন পর্যন্ত এখানকার সমস্ত জীব ঠিকই উদ্ধারলাভ করে বৈকুণ্ঠে চলে যাবে, কিন্তু তাতে ব্রহ্মাণ্ড জীব শূন্য হবে না, কারণ; যে সমস্ত জীব এখনপর্যন্ত এই জগতে ভোগায়তন স্থূলদেহ লাভ করে নাই, সেই সয়স্ত জীব তাদের কর্মফলকে অবলম্বন করে সূক্ষ্মরূপে সমুদ্রতলদেশে অবস্থান করছে, সেই সমস্ত জীব পুনরায় নিজ নিজ কর্ম অনুসারে এই ব্রহ্মাণ্ডে স্থাবর-জঙ্গমরূপে এসে জন্মগ্ৰহণ করবে আর তাতেই এই ব্রহ্মাণ্ড আগের মত পরিপূর্ণ হয়ে যাবে । হরিদাস ঠাকুর আরও বললেন- প্রভু! তুমি ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র রূপে অযোধ্যায় অবতীর্ণ হয়ে লীলাসম্বরণের সময় অযোধ্যার স্থাবর-জঙ্গমাদি সমস্ত জীবকে উদ্ধার করে বৈকুণ্ঠে পাঠিয়েছিলে, এবং সূক্ষ্ম জীবদের কর্মে উদ্বুদ্ধ করে তাদের দিয়ে পুনরায় অযোধ্যাকে পূর্ণ করেছিলে। প্রভু আবার দেখা, তুমিই দ্বাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণরূপে ব্রজে অবতীর্ণ হয়ে কেমনভাবে তুমি সমস্ত ব্রহ্মাণ্ডবাসীর সংসার বন্ধন খণ্ডিয়েছিলে, অনুরূপভাবে তুমিই এই কলিযুগে শ্রীনবদ্বীপে শচীমাতার কোলে অবতীর্ণ হয়ে উচ্চকণ্ঠে হরিনাম করবার প্রথা চালু করে ব্রহ্মাণ্ডবাসী, স্থাবর-জঙ্গমাদি সমস্ত জীবের সংসার বন্ধন খণ্ডন করবার সুব্যবস্থা করেছ। হরিদাস ঠাকুরের মুখে এই কথা শুনে মহাপ্রভুর মনে কি এক অনাবিল আনন্দের সঞ্চার হলো তাতে মহাপ্রভু আপন মনে শুধু বারাংবার ভাবতে লাগলেন- " এত শুনি প্রভু মনে চমৎকার হৈলে। মোর গূঢ়লীলা হরিদাস কেমনে জানিলে ।।" (চৈ,চ,-৩/৩/৮১) এই গূঢ়লীলা অর্থাৎ-ব্রহ্মাণ্ডবাসী সমস্ত জীবের উদ্ধার-সাধনরূপ গোপন উদ্দেশ্যমূলক লীলা !!...
🌼
শ্রীরূপগোস্বামীর নীলাচলে আগমন ও সিদ্ধবকুলতলে অবস্থান;--
"ব্রজ-পুরলীলা একত্র করিয়াছি ঘটনা। দুই ভাগ করি এবে করিব রচনা।। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে। আসিয়া উত্তরিলা হরিদাসের বাসাস্থলে।। (চৈ,চ, অন্ত্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ)
নীলাচলের পথে যেতে যেতে রূপ গোস্বামী তাঁর নাটকের কথা ভেবেছে, নাটকের কথাই তো কৃষ্ণের কথা, আর কৃষ্ণ এখন কোথায় সশরীরে ? নীলাচলে ! পথে যেতে যেতে রূপ 'উড়িয়াদেশে সত্যভামাপুর নামে গ্ৰাম, এক রাত্রি সেই গ্ৰামে করিল বিশ্রাম, রাত্রে স্বপ্নে দেখে এক দিব্যরূপা নারী'- সত্যভামাপুরে একরাত্রি বিশ্রাম কালে স্বপ্নে দেখল এক দিব্যরূপা দেবী তার সামনে এসে দাঁড়িয়েছেন তখন রূপ জিজ্ঞেস করলে জানলেন তিনি দ্বারকাধীশ কৃষ্ণের মহিষী সত্যভামা, 'আমার নাটক পৃথক করহ রচন'-এবং তিনি আদেশ করলেন আমার নাটক আলাদা করে লেখ, 'ব্রজলীলা আর দ্বারকালীলা' একসঙ্গে মিশিয়ে দিও না, রূপের এই নির্দেশের তাৎপর্য বুঝতে পারলো, যেন 'মাধুর্য আর ঐশ্বর্যকে' একত্র না করি !...
'ব্রজ-পুরলীলা একত্রে করিয়াছি ঘটনা, দুই ভাই করি এবে করিব রচনা, ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে'-ব্রজলীলা ও দ্বারকালীলার কথা ভাবতে ভাবতে রূপ গোস্বামী নীলাচলের পৌঁছেই ভাবলেন ভাগবতে আগে ভাক্তের কথা পরে ভগবানের কথা তাহলে আগে ভারতকে স্বীকার করি,পরে ভগবানকে স্বীকার করব, তাই তিনি প্রথমে হরিদাস ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে নামাচার্যের বাসায় উঠলেন । হরিদাস ঠাকুর বললেন তুমি যে আসবে তা প্রভু আমাকে বলেছেন, রুপেরও মহাপ্রভুকে দর্শনের জন্য মন উচাটন, মহাপ্রভু প্রতিদিন উপলভোগের পর হরিদাস ঠাকুরের কাছে আসেন, সেদিন হঠাৎ প্রভু এলেন হরিদাসের সঙ্গে মিলিত হতে, তখন রূপ প্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন, প্রভুও রূপকে আলিঙ্গন করে সনাতনের খবরাখবর নিলেন, এবং হরিদাস ও রূপকে নিয়ে একজায়গায় বসে কৃষ্ণকথা করতে লাগলেন ! প্রত্যহই মহাপ্রভু এসে হরিদাস ঠাকুর ও রূপগোস্বামীর সাথে মিলিত হয়ে কৃষ্ণালোচনা করেন, জগন্নাথদেবের মন্দির থেকে মে প্রসাদ পান তাই দুজনের মধ্যে বন্টন করে দেন । আর একদিন 'সর্বজ্ঞ শিরোমণি প্রভু কহিতে লাগিলা, কৃষ্ণকে বাহির নাহি করিহ ব্রজ হৈতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না মানে কাঁহাতে'-একদিন ভারত সমাবেশে মহাপ্রভু রূপকে উদ্দেশ্যে করে বললেন, কৃষ্ণকে ব্রজের থেকে বার করো না, ব্রজ ছেড়ে কৃষ্ণ কখনো কোথাও যায়নি । শুনে 'রূপ গোঁসাঞি মনে কিছু বিস্ময় হইলা, পৃথক নাটক করিতে সত্যভামা আজ্ঞা হৈল'- রূপ মনে বিস্ময় জাগলো, এর তাৎপর্য কী ? রূপ ভাবলো প্রকট লীলায় কৃষ্ণ ব্রজ ছেড়ে অন্যত্র মান কিন্তু অপ্রকট লীলায় বৃন্দাবনের বন্দী থাকেন অর্থাৎ যে ঘটনার উপলক্ষে কৃষ্ণকে ব্রজ ছেড়ে অন্যত্র মেতে হচ্ছে সে সব ঘটনা যেন নাটকে বর্ণনা না করি, শুধু ব্রজলীলাতেই আবদ্ধ রাখি, নাটক যেন ব্রজলীলাতেই শুরু ব্রজলীলাতেই শেষ , তাতে মথুরা দ্বারকার কীর্তি-কাহিনী যেন না থাকে, নাটকে শুধু বৃন্দাবনি নন্দিত হোক । আর এদিকে সত্যভামা আজ্ঞা দিলেন তাঁর পুরলীলার নাটক আলাদা লিখতে, এখন আবার রাধাবিভাবিতচিত্ত মহাপ্রভু বলছেন, ব্রজলীলার নাটক যেন পৃথক হয়, তাহলে দুই নামের দুই কৃষ্ণপ্রেয়সী ভিন্ন ভিন্ন আজ্ঞা দিলেন ! 'পূর্বে দুই নাটকের ছিল একত্র বর্ণনা, দুই নাটক করি এসবে করিব ঘটনা, দুই নান্দি প্রস্তাবনা দুই সংঘটনা':-অর্থাৎ সত্যভামার আজ্ঞায় 'ললিতমাধব' নাটক আর শ্রীমহাপ্রভুর আজ্ঞায় 'বিদগ্ধমাধব' নাটকাদি, তাই হবে দুই ভাগে ভাঙব নাটককে, নান্দী প্রস্তাবনা, অর্থাৎ প্রস্তবনা ও মঙ্গলাচরণ আলাদা আলাদা হবে । 'প্রভু মুখে শ্লোক শুনি শ্রীরূপ গোঁসাঞি, সেই শ্লোকের অর্থ শ্লোক করিল তথাই'- রথাগ্ৰে মহাপ্রভু নৃত্য করছেন হঠাৎ নৃত্যের সঙ্গে সঙ্গে এক শ্লোক আবৃত্তি করলেন এবং একবার নয় বার বার-'যঃ কৌমারহরঃ স এবং হি বরস্তা...-যিনি আমার কৌমার্য হরণ করেছিলেন,তার সঙ্গে প্রথম মিলন সময়ে মে চৈত্রমাসের রাত, সেদিনের মতো প্রস্ফুটিত মালতী-কুসুমের সুগন্ধ বয়ে যাচ্ছে, সেই আমিও আছি;তথাপি সেই রেবানদীর তীরে বেতস তরুণদের মে মিলন হয়েছিল তারই জন্যে আজও আমার মন আকুল হয়ে উঠছে। রূপ সহজেই বুঝতে পারলো প্রভু কেন বারবার এই শ্লোক এত আদরের সঙ্গে আবৃত্তি করছেন, প্রভুর মর্মজ্ঞ বুঝে রূপ একটি সমার্থবহ শ্লোক তালপত্রে রচনা করল- 'প্রিয়ঃ সোহয়ং কৃষ্ণঃ সহচরি কুরুক্ষেত্রমিলিতস্তথাহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গমসুখম্,, তথাপ্যন্তঃখেলন্মধুর-মুরলী-পঞ্চমজুষে মনো মে কালিন্দীপুলিনবিপিনায় স্পৃহয়তি':- তারপর সেটি কুটিরের চালায় গুঁজে রেখে সমুদ্রস্নানে গেলেন । ইতিমধ্যে মহাপ্রভু হঠাৎ কুটিরে এসে উপস্থিত হলেন, এবং চালের মধ্যে গোঁজা তালপাতায় নজর পড়তেই সেটি টেনে এনে দেখলেন শ্লোক লেখা, আহা কি মধুর সে শ্লোক, প্রভুর মনের মে গোপন ভাব শুধু স্বরূপদামোদর জানে তা রূপ টের পেল কি করে ? স্নানান্তে রূপ এসে প্রণত হলে মহাপ্রভু বললেন তুমি আমার অন্তরের গোপন কথা জানলে কী করে ? কে বললে ? মহাপ্রভু স্বরূপকে শ্লোকটি পড়তে দিয়ে প্রভু রূপকে আলিঙ্গন করে বললেন, 'কী করে জানতে পারলে আমার নিগূঢ় তত্ত্ব !' স্বরূপ বললেন, শুধু তোমার কৃপাদৃষ্টিতে, তোমার কৃপা ছাড়া তোমার মনের ভাব বোঝে কার সাধ্য ? শ্লোক উচ্চারিত হোক, বাচ্যার্থ প্রাঞ্জল হোক, নিহিত সত্যকে বুঝতে হলে তোমার কৃপা দরকার !...
'একদিন রূপ করেন নাটক লিখন, আচম্বিতে মহাপ্রভুর হৈল আগমন'-একদিন রূপ গোস্বামী নাটক লিখছেন, হঠাৎ করে মহাপ্রভু সেখানে এসে রূপের পার্টিতে বসে রূপকে জিজ্ঞেস করলেন, কি লিখছ বলেই লেখাটি টেনে নিলেন এবং দেখে বললেন 'শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, প্রীত হঞা করে প্রভু অক্ষরের স্তুতি'-প্রভু বলতে থাকলেন আহা কী সুন্দর হস্তাক্ষর, যেন মুক্তোর পাতি, প্রভু অক্ষরের ও স্তুতি করে আরও বললেন 'যেমন লিপি তেমনি রচনা', 'তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলীলব্ধয়ে........
কৃষ্ণেতি বর্ণদ্বয়ী':- কি অপূর্ব শ্লোক, 'কৃ' আর 'ষ্ণ' এই দুটি অক্ষর কী অমৃতের তৈরীর ? এই শব্দ দুটি যদি একত্র হয়ে জিহ্বায় নৃত্য আরম্ভ করে বহুমুখী লাভের জন্য রতি বিস্তার করে, তা কানে একবার শুনলে অনেক কানে শোনার তীব্র বাসনা জন্মে, তা চিত্ত-প্রাঙ্গণের সঙ্গিনী হয়েই সমস্ত ইন্দ্রিয়কে মূর্ছিত করে দেয়, সে নান্দীমুখী ! এমন 'কৃ' ও 'ষ্ণ' এই অক্ষর দুটি কীরূপ অমৃতের রচিত হয়েছে, তা আমাকে বলতে পার কেউ ? এই 'শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী, নাচিয়ে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসি'-হরিদাস ঠাকুর উল্লসিত হয়ে উঠলো 'কৃষ্ণনামের মহিমা শাস্ত্র সাধু মুখে শুনি'-ঠাকুর হরিদাস বললেন শাস্ত্রে আর সাধু মুখে কৃষ্ণনামের অনেক মহিমা শুনেছি কিন্তু এমনটি কখনো শুনিনি আহা যেমন নাম তেমনই তার ব্যাখ্যা, নদীতে বান এলে যেমন খাল-বিল-জলা-নালা জলে একাকার হয়ে যায় তেমনি নামসমুদ্র উথলে উঠলে সমস্ত ইন্দ্রিয় ডুব মেরে তলিয়ে যায় অতলে। এমন কৃষ্ণ নাম আমি কোন্ মধুতে প্রস্তুত ? যেন একেবারে মধুরে-মধুরে কোলাকুলি !...
🌼
শ্রীসনাতন গোস্বামীর নীলাচলে আগমন ও সিদ্ধবকুলতলে অবস্থান;--
"ঝারিখণ্ড পথে আইলা একলা চলিয়া। কভু উপবাস কভু চর্বণ করিয়া।। মহাপ্রভুর আগে, আর দেখি জগন্নাথ। রথে দেহ ছাড়িব, এই পরম পুরুষার্থ।। এই ত নিশ্চয় করি নীলাচলে আইলা। লোকে পুছি হরিদাস-স্থানে উত্তরিলা।। হরিদাসের কৈল তেঁহো চরণ-বন্দন। জানি হরিদাস তাঁরে কৈল আলিঙ্গন।।(চৈ,চ, অন্ত্যলীলা চতুর্থ পরিচ্ছেদ)"
সনাতন গোস্বামী ব্রজবনের বনে বনে কৃষ্ণান্বেষণে দিনের পর দিন এক-এক বৃক্ষতলে ও রাতে এক-এক কুঞ্জে বাস করতে লাগলেন, মথুরা-মাহাত্ম্য-শাস্ত্র সংগ্ৰহ করে মথুরাখণ্ডের লুপ্ত তীর্থের স্থান নির্দেশ করলেন, কিন্তু মহাপ্রভু ছাড়া সনাতন গোস্বামীর মন টেঁকে না, সনাতন গোস্বামী পুরীর দিকে যাত্রা করলেন, গৌড়ের পথে না গিয়ে তিনি ঝাড়িখণ্ডের পথ নিলেন, সনাতন একেবারে নিঃসহায়, অর্ধাশনে, অনশনে, কখনো বা শুধু জল পান করে একলা চলেছেন নীলাচলে, ঝাড়িখণ্ডের জলের দোষে শরীরে চুলকানি দেখা দিল, সনাতন ভাবল এ অনুচিত শরীর নিয়ে কী করে মহাপ্রভুর কাছে যাব, এই কুৎসিত ব্যাধি নিয়ে মন্দিরেও প্রবেশ করতে পারবো না, মন্দিরে যখন ঢুকতে পারবো না তখন আর এ দেহও রাখব না, এদিকে রথযাত্রাও আসন্ন, আর বেশি দেরিও নেই, সনাতন মনে মনে চিন্তা করতে লাগলোঐ রথ মাত্রার দিন প্রভুকে দর্শন করতে করতে রথের চাকার তলে এ দেহ ছাড়ব । সনাতন নীলাচলে পৌঁছে হরিদাস ঠাকুরের বাসায় এসে উঠলেন । জগন্নাথদেবের উপলভোগের পরে মহাপ্রভু হরিদাসের কুটিরে এলে সনাতন প্রণাম করতেই মহাপ্রভু তাঁকে আলিঙ্গনের জন্য বাহু প্রসারিত করতেই সনাতন পিছু হটে বললে, না, না, প্রভু আমাকে ছুয়ো না, আমি হীন, আমি অনুচিত, আমার সারা শরীরে ব্যাধি, কিন্তু প্রভু নিষেধ শুনলেন না, জোর করে সনাতন কে আলিঙ্গন করলেন, সনাতনের কণ্ডুক্লেদ মহাপ্রভুর অঙ্গে লাগলো, সনাতন অপরাধীর মত ম্লান হয়ে গেল, কিন্তু মহাপ্রভুর মুখে সেই বদান্য হাসি !
হরিদাসের ঘরেই সনাতনের থাকার ব্যাবস্থা হল, মহাপ্রভু বললেন, দু'জনে একসঙ্গে কৃষ্ণ-নাম-আস্বাদ-সমুদ্রে স্নান করো আর একসাথে থাকো । কণ্ডুতে কলুষিত দেহ নিয়ে সনাতন মন্দিরে যায় না, গোবিন্দ এখানে প্রসাদ দিয়ে যায়, সনাতন দেহত্যাগের সংকল্প ত্যাগ করতে পারেনি, এরই মধ্যে অন্তর্যামী মহাপ্রভু চলে এলেন হরিদাসের বাসায় এবং সনাতন কে বললেন শোনো দেহত্যাগে কৃষ্ণ মেলে না, কৃষ্ণ মেলে ভজনে, দেহত্যাগে যদি কৃষ্ণ পাওয়া যেত তাহলে এক মুহুর্তে কোটি কোটি মানুষ দেহত্যাগ করতো, শোনো, কৃষ্ণ-প্রাপ্তির একমাত্র উপায় হল ভক্তি ! তুমি নীচ জাতি কে বললে ? শুধু দৈনবশত নিজেকে নীচ ভাবো, ভাক্তের আবার জাত কী ? যে কৃষ্ণভজন করে সেই উচ্চ,সেই বৃহৎ, আর যদি স্মৃতি দৈন ধরো, অভিমান থেকে মুক্ত হও, দেখবে তোমার প্রতিই ভগবানের বেশি দয়া । সনাতন অবাক হল, আশ্চর্য, মহাপ্রভু আমার মনের গূঢ় বাসনাটি পর্যন্ত জেনে ফেলেছেন । মহাপ্রভু বললেন, সনাতন ! ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, আর সেই নয় অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ হল নামকীর্তন, নিরপরাধে নাম নিলেই মিলবে প্রেমধন ! সনাতন বললেন, প্রভু ! আমি ক্ষুদ্র জীব, আমার স্বাতন্ত্র্য কিছু নেই, যেমন করাও,তেমন করি, প্রভু আমাকে বাঁচিয়ে রেখে তোমার কী লাভ হবে ? প্রভু বললেন, সনাতন! তুমি আমারে আত্মসমর্পণ করেছ, তখন তোমার দেহে তোমার স্বত্ত্বস্বামিত্ত্ব নেই, তা এখন পরের দ্রব্য তা তুমি নষ্ট করবে কোন অধিকারে ? তুমি এই দেহ নিয়ে অনেক সাধন-ভজন করবে । সনাতনের দেহত্যাগ যে মহাপ্রভুর মনঃপুত নয়, তা সনাতনকে বুঝিয়ে দিলেন !
যমেশ্বরটোটা থেকে মহাপ্রভু পুরীতে খবর পাঠালেন সনাতন যেন মধ্যাহ্নভিক্ষার সময় চলে আসে । সনাতন ও হরিদাস আছে সিদ্ধবকুলের স্থানে, সেখান থেকে যমেশ্বরে যাবার দুটো পথ একটা মন্দিরের সিংহদ্বার পেরিয়ে রাজপথ দিয়ে আর একটা সমুদ্রতীর ধরে, প্রথম পথটি সহজ ও অকষ্টসাধ্য আর দ্বিতীয়টি হল নির্জন বালুকাপূর্ণ গাছ নেই বিন্দুমাত্র ছায়াও নেই, জ্যৈষ্ঠের বেলা প্রখর রৌদ্রে সনাতন দ্বিতীয় পথ ধরে যমেশ্বরে চললো প্রভুর কাছে, তপ্ত বালি পা পুড়ে ফোস্কা পড়ছে তা পড়ুক সেদিকে সনাতনের ভ্রক্ষেপ নেই, প্রভু ডেকেছেন সেই আনন্দ-তন্ময়তায় তপ্ত বালি তার কাছে যেন সুখস্পর্শ ! ভিক্ষা শেষে মহাপ্রভু বিশ্রাম করছেন,তখন সনাতন এসে পৌঁছলে গোবিন্দ ভিক্ষাবশেষ নিয়ে এলে সনাতন প্রসাদ পেল, সনাতন কে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কোন পথে এলে ? প্রভু আমি সমুদ্রতীরের পথ ধরে এসেছি । সে কি, সিংহদ্বারের পথ দিয়ে এলে না কেন ? সিংহ দরবারের পথ ঠাণ্ডা, সমুদ্রতীরের পথ তপ্ত বালু দুঃসহ, নিশ্চয় তোমার পায়ে ফোস্কা পড়েছে, তুমি হাঁটলে কি করে ? সনাতন বললেন, ফোস্কা টের পাই নি, আমি অশুচী সিংহদ্বারের পথে আমার যাবার অধিকার নেই, ঐ পথে জগন্নাথদেবের সেবকরা যাতায়াত করেন, দৈবাৎ যদি কারোর সাথে আমার গাত্রস্পর্শ হয় তাহলে আমার অপরাধ হবে । আমার স্পর্শে দেবসেবার কাজ অপবিত্র হবে এ আমার অসহ্য ।
সনাতনের দীনতা দেখে মহাপ্রভু তুষ্ট হয়ে বললেন, কে বললে তুমি অপবিত্র? তুমি জগৎপাবন, তোমার স্পর্শে সকল সাধু সন্ন্যাসীরা পবিত্র হয়, মহাপ্রভু আবার সনাতন কে আলিঙ্গন করলেন, সনাতনের দেহের কণ্ডুরস প্রভুর অঙ্গে লাগলো, ক্ষোভে লজ্জায় সনাতনের মুখ মলিন হলো, জগদানন্দকে সনাতন তার দুঃখের কথা জানালে জগদানন্দ তাকে বৃন্দাবনের যাবার পরামর্শ দিলেন এবং সেকথা প্রভুর কানে এলে জগদানন্দকে প্রভু তিরস্কারও করলেন । জগদানন্দকে তিরস্কার করায় সনাতন বললে, প্রভু ! জগদানন্দের কি ভাগ্য, তাঁকে আপনি আত্মীয় ভেবে তিরস্কার করছেন, আর আমি হতভাগ্য, আমি আপনার বকা খেলাম না, আমি আপনার আত্মীয়তা পেলাম না । একথা শুনে মহাপ্রভু সনাতন কে বললেন, সনাতন ! আমি তোমার যে প্রশংসা করি তা বহিরঙ্গ বুদ্ধিতে নয়, বাইরের লোক মনে করে নয়, তোমার গুণের জন্য তোমার স্তুতি করি, তোমার দেহ তোমার কাছে অপবিত্র হতে পারে, কিন্তু আমার কাছে তোমার দেহ অমৃত তূল্য, তোমার দেহ ভক্তের দেহ, অপ্রাকৃত, চিন্ময়, তুমি শুধু বুদ্ধিদোষে তা প্রাকৃত মনে করছো, শোনো ! আমি সন্ন্যাসী, আমার ধর্ম সমদর্শন, তোমাকে ত্যাগ করলে আমার সন্ন্যাসধর্ম ক্ষুন্ন হয় । হরিদাস ঠাকুর তখন বলে উঠলেন, প্রভু, এ তোমার পরিহাস, এই জ্ঞানযোগের কথা বাজে কথা আমি আসল কথা জানি । মহাপ্রভু বললেন কোন্ কথা ? হরিদাস ঠাকুর বললেন আসল কথা হলো-আমরা অধম, আমরা পতিত, আর তুমি দীনের প্রতি, পতিতের প্রতি স্বভাবদয়ালু, তুমি দীনদয়ালগুণে আমাদের অঙ্গীকার করে নিয়েছ, ঘৃণ্য জেনেও তুমি স্থান দিয়েছ তোমার পাদপদ্মে । মহাপ্রভু বললেন, না তা নয়, আমি তোমাদেরকে লাল্য মনে করি আর নিজেকে মনে করি লালনকর্তা । মহাপ্রভু আরও বললেন, বৈষ্ণবদেহ প্রাকৃত নয়, চিদানন্দময় । দীক্ষাকালে যেই ভক্ত কৃষ্ণে আত্মসমর্পণ করলো অমনি সে কৃষ্ণের আত্মসম হয়ে উঠল, ভগবানের ভক্তদেহ চিন্ময়ত্ব অর্জন করল, তাই সনাতন তোমার দেহ নিত্যপবিত্র, তোমাকে আলিঙ্গন করে আমি নিত্যতৃপ্ত, নিত্যসুখী ! এই বলে মহাপ্রভু আরেকবার সনাতন কে আলিঙ্গন করলেন, 'এত বলি পুনঃ তাঁরে কৈল আলিঙ্গন, কণ্ডু গেল অঙ্গ হৈল সুবর্ণের সম'-- আর তখনই সকল ভক্ত দেখল সনাতনের শরীরে আর কণ্ডু নেই, সর্ব অঙ্গ মসৃণ সোনার বরণ হয়ে ঝলমল করে উঠলো!
হরিদাস ঠাকুর উল্লসিত হয়ে বলে উঠলেন, 'এই লীলা-ভঙ্গী তোমার কেহ নাহি জানে'- প্রভু এই তোমার লীলা! ঝাড়িখণ্ডের জল খাইয়ে সনাতনের দেহের কণ্ডু ধরালে, তারপর তাকে পরীক্ষা করলে যণন্ত্রণায় ভগবানকে দোষ দেয় কি না, কর্তব্য থেকে বিমুখ হয় কি না, পরে তুমিই আবার ব্যাধি দূর করলে, তোমার এ লীলারহস্য কে দেখে কে বোঝে !!..
🌼
"নামাচার্য হরিদাস ঠাকুরের মহানির্যাণ !"---
*ঠাকুর হরিদাস কোনদিন কাউকে তাঁর নাম ধাম জন্মকথা কিছুই স্পষ্ট করে বলেনি, তিনি শুধু এটুকুই বলেছেন, এইটুকুই বুঝিয়েছেন যে জাতি-কুল নিরর্থক, 'আসল হচ্ছে ভক্তি, দৈন্য, অভিমানশূন্যতা, আসল হচ্ছে 'নামকীর্তন'!..
নিত্যানন্দপ্রভু ও গদাধরপ্রভু। যখন গৌরহরি নীলাচলে যাচ্ছেন। সকলই প্রস্তুত। মহাপ্রভু নদিয়া ছেড়ে নীলাচলে পাড়ি দিচ্ছেন পুরুষোত্তম জগন্নাথকে আশ্রয় করতে। সকলেই তাঁকে বিদায় দিচ্ছেন। 'সভা বিদায় দিয়া প্রভু চলিতে কৈল মন,হরিদাস কাঁন্দি কহে করুণ বচন, নীলাচল চলিলে তুমি মোর কোন গতি, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রীপুরুষোত্তম'।:- ভক্ত হরিদাসও এলেন। তিনি কাঁদতে কাঁদতে এসে একেবারে পায়ে পড়ে গেলেন মহাপ্রভুর। পথ আটকাতে চাইলেন। ভক্ত হরিদাস। লোকে ডাকে, ‘যবন হরিদাস’। তবে, মহাপ্রভুর কাছে তিনি জাতপাতের ঊর্ধ্বে একজন পরমভক্ত, ভক্তশ্রেষ্ঠ--তাঁর উপরে আর কেউ নেই। তাই কেঁদে পায়ে পড়লেন। কারণ, এ-যাত্রায় মহাপ্রভু একা চলেছেন নীলাচলের পথে। বিশ দিনের পথ পদব্রজে যাবেন। পথ প্রায় অরণ্যময়। তাতে পদে পদে প্রাণঘাতী দস্যুদের ভয়। সেই পথে প্রভুকে কেমন করে একা যেতে দেবেন ভক্ত হরিদাস! তাছাড়া, তাঁকে ছেড়ে হরিদাস কেমন করেই বা একা পড়ে থাকবেন এই ইষ্টশূন্য নবদ্বীপে !
ভক্তের আকুতি বুঝে মহাপ্রভু তাঁকে চরণ থেকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। সান্ত্বনা দিয়ে বললেন, নবদ্বীপ থেকে নীলাচল মাত্র তো বিংশতি দিনের পথ। তোমার যখনই ইচ্ছে হবে তুমি আমার কাছে চলে এসো, আমার জগন্নাথের কাছে চলে এসো, কেমন! তবু হরিদাসের মন মানল না। তিনি জানেন, মহাপ্রভু নীলাচলে চলেছেন তাঁর প্রাণের ঠাকুরের কাছে। ঠাকুরের ভদ্রাসন পুরীর মন্দিরই হবে তাঁর আশ্রয়। কিন্তু, সেই আশ্রয়ে তো হরিদাসের ঠাঁই হবে না। সেখানে যে ‘যবন’-এর প্রবেশাধিকারই নেই! হরিদাসের বাস্তব আশঙ্কার কথা শুনে মহাপ্রভু লীলাময়ের মতো হাসলেন। হেসে বুঝিয়ে দিলেন, মেলাবেন তিনি, তিনিই সব মিলিয়ে দেবেন। তুমি নীলাচলে এসো। আমি আছি তো! মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলে গেলেন। যেন অক্রুর-সংবাদে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন মথুরায়। কতদিন কেটে গেল। নবদ্বীপের ভক্তদের মন ক্রমশ উচাটন হতে লাগল প্রভুকে দেখার জন্য। তাঁরা দলে দলে বঙ্গ থেকে আসতে লাগলেন কলিঙ্গে। সচল জগন্নাথ আর অচল জগন্নাথ--দুজনকে একত্রে দেখে ধন্য হতে লাগলেন। সেই পথ ধরে একদিন হরিদাসও এলেন। হরিদাস এসেছেন শুনে মহাপ্রভু ছুটে এলেন তাঁর কাছে। সবেগে একেবারে জড়িয়ে ধরলেন। এতদিন পর তাঁর বুকের আশ্রয়টি পেয়ে হরিদাসের সুখের অবধি রইল না। কিন্তু, সেই সঙ্গে তাঁর অন্তরে খানিক দুঃখও হল। পদপ্রান্তে এসেও ইষ্টের ইষ্ট জগন্নাথকে দর্শন করতে পারবেন না, তাঁর পরশ নিতে পারবেন না ?..
মহাপ্রভু ভক্তের ব্যথার কথা জানতেন। সেইজন্যই তিনি হরিদাসের থাকার ব্যবস্থা করেছিলেন শ্রীমন্দিরের সামনের একটি বাগানে। যেখান থেকে জগন্নাথ মন্দিরের রথচক্র স্পষ্ট দেখা যায়। হরিদাস যাতে জগন্নাথের নিত্যপ্রসাদ পেতে পারেন, তার ব্যবস্থাও করে ছিলেন। এটুকু পেয়েই হরিদাসের আনন্দের অন্ত ছিল না। অন্তরে শুধু ছিল জগন্নাথকে দর্শনের অপেক্ষা। মহাপ্রভুর কৃপায় একদিন সেই অপেক্ষারও অন্ত হয়েছিল। সে-বার রথযাত্রায় প্রাণের ঠাকুরের পথচলাকে আরও আনন্দময় করে তুলতে মহাপ্রভু আয়োজন করলেন গীতসুধা কীর্তন পরিবেশনের। সেই মতো রথের দিন জগন্নাথদেবের রথের চারিদিকে চারটে কীর্তনের দল স্থাপন করলেন। এরই একটি দলের নেতৃত্বভার দিলেন হরিদাসকে। হরিদাস কৃতার্থ হলেন। শ্রীখোলে বোল উঠতেই আবেশে হরিদাসের দু'নয়নে বৃষ্টি নামল, কণ্ঠ বেয়ে উঠে এল হৃদয়-নিংড়ানো কীর্তন। সেই সমর্পিত কীর্তন শুনে জগন্নাথের বুক যেন জুড়িয়ে গেল, কান হল সুতৃপ্ত। ভাবাবিষ্ট হলেন মহাপ্রভু। সেই আবেশে তিনি হলেন ভাবনৃত্যে আত্মহারা। তারপর এল উল্টোরথ। উল্টোরথের দিন গুণ্ডিচা থেকে শ্রীমন্দিরে ফেরার পথে স্বর্গদ্বারের সামনে এসে প্রতিবার থেমে যায় জগন্নাথের রথ। এ-সময় তাঁর গায়ে থাকে চন্দনী সুবাস। সেই সুবাস ভক্তকুলের হৃদয়ে ছড়িয়ে দেবার জন্যই যেন তাঁর অপেক্ষা।
কারণ, এই ক্ষণটিতেই জাতিবর্ণধর্ম নির্বিশেষে সকলেই রথে উঠে প্রাণের ঠাকুরকে জড়িয়ে ধরার, একান্ত করে অবলোকন করার, তাঁর দেহের সুবাস গায়ে মাখার সৌভাগ্য লাভ করেন। এখানে সর্বজনের স্পর্শ নিয়ে, সকলকে স্পর্শ দিয়ে তবেই জগন্নাথ রাজবেশ ধারণ করেন, ছেড়ে যাওয়া রত্নবেদীর আসন গ্রহণ করেন। উল্টোরথের সেই সন্ধিক্ষণে ভক্ত হরিদাসও পেলেন ইষ্টের ইষ্ট জগন্নাথদেবের পরশ। ধন্য হলেন। পূর্ণ হল তাঁর জীবনে নীলাচলের অচল জগন্নাথ আর নবদ্বীপের সচল জগন্নাথের পরম সাহচর্য ও পরম কৃপাপ্রাপ্তির বৃত্ত। আর সেই কৃপার ফলেই হয়তো একদিন তিনি এই জগন্নাথ ভূমিতে মহাপ্রভুর কোলে মাথা রেখে অন্তিমে বিলীন হতে পেরেছিলেন !..
**
'একদিন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলেন- প্রভু, বহুদিন ধরে আমার মনে একটি বাসনা হয়েছে। আমার মনে হচ্ছে শীঘ্রই তুমি এই জড়জগতে তোমার লীলা সংবরণ করবে। আমি তোমার অনেক লীলাই দর্শন করেছি। প্রভু তোমার পূর্বেই আমি যেন আমার দেহত্যাগ করতে পারি। তাই, আমাকে কৃপা করে বর দান করো। আমি চাই যেন তোমার মুখপদ্ম দর্শন ও চরণ দুটি আমার হৃদয়ে ধারণ করে এবং মুখে ‘কৃষ্ণচৈতন্য’ বলতে বলতে এ দেহত্যাগ করতে পারি। তুমিই কেবল আমার এই বাসনা সফল করতে পারো। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন- “হরিদাস, কৃষ্ণ অত্যন্ত কৃপাময়, তুমি তাঁর কাছে যা প্রার্থনা করবে তা তিনি অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু আমার সমস্ত সুখ তোমাকেই নিয়ে। তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তা তোমার উপযুক্ত বাসনা নয় !”
দেখে-হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন। মন্দ মন্দ করিতেছে সংখ্যা-সংকীর্তন।। আহা কি অন্তহীন আনন্দ, সেই বিশ্ববন্দিত সিদ্ধবকুল বৃক্ষের তলেই একদিন মহাপ্রভুর সেবক গোবিন্দ প্রতিদিনের ন্যায় হরিদাস ঠাকুরের জন্য প্রসাদ এনে দেখলেন, ঠাকুর হরিদাস সিদ্ধ বকুলতলে তাঁর কুটীরের সামনের বারান্দায় শুয়ে আছেন, আর শুয়ে শুয়েই মালা জপছেন, গোবিন্দ ভাবলেন, হরিদাস ঠাকুর বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েছেন, তাই প্রসাদ নিচ্ছেন না, গোবিন্দ খবরটি মহাপ্রভুর কাছে পৌঁছে দিল, সেই দিনটি ছিল হরিদাস ঠাকুরের মহাপ্রয়াণের আগের দিন, প্রণাধিক হরিদাসের এই অসুস্থতার খবর পেয়ে মহাপ্রভু সিদ্ধবকুল তলে ছুটে এসে বললেন- কেমন আছ হরিদাস ? হরিদাস ঠাকুর কাঁন্দতে কাঁন্দতে এক দৃষ্টে প্রাণারাধ্য প্রভুর দিকে তাকিয়ে অন্তিম বাসনাটি ব্যক্ত করলেন-
"হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ। নয়ানে দেখিমু তোমার চান্দবদন।। জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণচৈতন্য-নাম। এই মত মোর ইচ্ছা ছাড়িমু পরাণ।। (চৈ,চ,) এই সিদ্ধবকুল তলেই ভক্তবাঞ্ছাকল্পতরু শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু ভক্তসত্তম হরিদাস ঠাকুরের মনোবাঞ্ছা পূর্ণ করতে তার পরদিন সকালবেলা শ্রীজগন্নাথদেবকে দর্শন করে, শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্ত বৈষ্ণবদের সঙ্গে নিয়ে হরিদাস ঠাকুরকে দেখতে এলেন। হরিদাস ঠাকুর তখন শ্রীচৈতন্য মহাপ্রভু ও অন্য সমস্ত বৈষ্ণবের শ্রীপাদপদেদ্ম তাঁর শ্রদ্ধা নিবেদন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, “হরিদাস, তুমি কেমন আছ? হরিদাস ঠাকুর উত্তর দিলেন, “হে প্রভু, সবই যে তোমার কৃপা।”
তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অঙ্গনে মহাসংকীর্তন আরম্ভ করলেন এবং সেই কীর্তনে বক্রেশ্বর পণ্ডিত নাচতে লাগলেন। স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্ত হরিদাস ঠাকুরকে বেষ্টন করে নাম সংকীর্তন করতে লাগলেন। রামানন্দ রায়, সার্বভোম ভট্টাচার্য প্রমুখ সমস্ত মহান ভক্তদের সামনে শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের গুণ বর্ণনা করতে লাগলেন। যতই তিনি তাঁর মহিমা বর্ণনা করতে লাগলেন, ততই তাঁর আনন্দ বর্ধিত হতে লাগল।
হরিদাস ঠাকুরের অপ্রাকৃত গুণাবলি শ্রবণ করে সকলে অত্যন্ত বিস্মিত হলেন এবং তাঁরা সকলে হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করতে লাগলেন। হরিদাস ঠাকুর শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁর সামনে বসালেন এবং তাঁর দুটি ভ্রমরসদৃশ নয়ন শ্রীচৈতন্য মহাপ্রভুকে মুখপদ্মে নিবদ্ধ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম তিনি তাঁর হৃদয়ে ধারণ করলেন এবং সমস্ত ভক্তের পদরেণু মস্তকে গ্রহণ করলেন।
তিনি বারবার বলতে লাগলেন-
'শ্রীকৃষ্ণচৈতন্য' শব্দ করে উচ্চারণ। নামের সহিত প্রাণ কৈল উৎক্রমণ।।
‘শ্রীকৃষ্ণচৈতন্য’। শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখপদ্মের মাধুরী পান করতে করতে তাঁর চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু ঝরে পড়তে লাগল। মহাপ্রভুর কোলে মাথা রেখে সিদ্ধিপ্রাপ্ত মহান যোগীর মতন হরিদাস ঠাকুরকে এভাবে স্বচ্ছন্দে দেহত্যাগ করতে দেখে সকলের ভীষ্মদেবের নির্যাণের কথা মনে হলো। ভক্তরা তখন ‘হরে কৃষ্ণ’ উচ্চারণ করতে লাগলেন। তার ফলে প্রবল কোলাহলের সৃষ্টি হলো। 'প্রেমানন্দে মহাপ্রভু হৈলা বিহ্বল, হরিদাসের তনু কোলে লইল উঠাইয়া':- প্রেমানন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু বিহ্বল হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর হরিদাস ঠাকুরের দেহ কোলে নিয়ে, প্রেমাবিষ্ট হয়ে, অঙ্গনে নাচতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবেশে সমস্ত ভক্ত তখন আবিষ্ট হলেন। সেই প্রেমাবেশে তাঁরা সকলে নৃত্য কীর্তন করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এভাবে কিছুক্ষণ নাচলেন এবং তখন স্বরূপ দামোদর গোস্বামী তাঁকে মনে করিয়ে দিলেন যে, হরিদাস ঠাকুরের দেহ নিয়ে অন্যান্য কৃত্য সম্পাদন করা বাকি রয়েছে। 'হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হৈল,:- তখন হরিদাস ঠাকুরের দেহ সমুদ্রের জলে স্নান করানো হলে এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু ঘোষণা করলেন, “আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হলো।” শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীহস্তের দ্বারা সামাধিতে বালু দিলেন। বালুকায় হরিদাস ঠাকুরের দেহ আচ্ছাদিত করার পর তার ওপরে একটি পিণ্ডা বাঁধানো হলো এবং বেড়া দিয়ে তা ঘিরে দেওয়া হলো। তাঁকে বেষ্টন করে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য-কীর্তন করলেন। হরিধ্বনির কোলাহলে চতুর্দশ ভুবন পূর্ণ হলো। তার মহাপ্রভু তাঁর ভক্তদের সঙ্গে নিয়ে মহারঙ্গে জলকেলি করতে করতে সমুদ্রে স্নান করলেন। হরিদাস ঠাকুরের সমাধি প্রদক্ষিণ করে ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে এলেন। 'আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই, হরিদাস ঠাকুরের মহোৎসব তরে, প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ ত আমারে':- এরপর শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে সিংহদ্বারে এসে আঁচল পেতে পসারিদের বলতে লাগলেন- আজ স্বয়ং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর প্রিয় ভক্ত নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের নির্যাণ মহোৎসবের জন্য ভিক্ষা করছেন দেখে সমস্ত পসারি বড় বড় প্রসাদের ঝুড়ি উঠিয়ে দিতে এলেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী তাদের নিষেধ করলে তারা ফিরে গেলেন। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঘরে পাঠিয়ে চারজন বৈষ্ণব ও চারজন বাহককে নিয়ে সমস্ত পসারির নিকট চার মুষ্টি করে প্রসাদ নিলেন। এছাড়া বাণীনাথ পট্টনায়ক এবং কাশীমিশ্র প্রসাদ পাঠালেন। এরপর শ্রীচৈতন্য মহাপ্রভু প্রসাদ পরিবেশন করতে শুরু করলেন, 'মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আইসে, একেক পাতে পঞ্চজনের ভক্ষ্য পরিবেশে':- মহাপ্রভু তাঁর হাতে অল্প পরিমাণ প্রসাদ তুলতে পারতেন না, তাই তিনি এক-একজনকে পাঁচজনের প্রসাদ বিতরণ করতে লাগলেন। 'স্বরূস কহে প্রভু বসি কর দযশন':- তখন স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, প্রভু আপনি কৃপা করে এদের সকলের প্রসাদ গ্রহণ দর্শন করুন। আমরা এদের প্রসাদ পরিবেশন করি।” স্বরূপ-দামোদর, জগদানন্দ, কাশীশ্বর এবং শঙ্কর এই চারজন মিলে নিরন্তর প্রসাদ পরিবেশন করতে লাগলেন। 'ভোজন করিয়া সভে কৈল আচমন, সভারে পরাইল প্রভু মালা চন্দন':- মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে সকলকে নিজ শ্রীহস্তে মালা-চন্দন পরিয়ে দিলেন।...
‼
"এ সখি হামারি দুখের নাহি ওর ৷ এ ভরা বাদর , মাহ ভাদর ,
শূন্য মোর মন্দির ॥
ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখন্তিয়া ৷
কান্ত পাহুন বিরহ দারুণ
সঘন খর শর হন্তিয়া ॥
কুলিশ শত শত পাত মোদিত
ময়ূর নাচত মাতিয়া ৷
মত্ত দাদুরি ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া ॥
তিমির দিগভরি ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া ৷
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ॥"...
"অাহা ! ব্রজরাজনন্দন
শ্যামসুন্দরকে হারাবার প্রবল বিরহে শ্রীরাধার যখন চরম বিকারাবস্থা, অর্থাৎ দশমীদশা, ভক্তিশাস্ত্র মতে তখনই শ্রীরাধিকাদেবীর মুখে কৃষ্ণনাম মহামন্ত্রের প্রকাশ হয়েছিল ৷ শ্যামবিরহিণী শ্রীরাধাঠাকুরাণী সেই মহামন্ত্র জপতে জপতে যখনই তাঁর প্রাণবল্লভের বংশীধ্বনি শ্রবন করত, তখনই তাঁর বিরহাগ্নি নির্বাপিত হত ৷ এই কৃষ্ণনাম মহামন্ত্রের মধ্যেই শ্যামসুন্দরের সঙ্গে শ্রীরাধিকার প্রণয় বিলাসের নিগূঢ় রহস্য লুকিয়ে আছে ইহাই প্রমানিত হয় ৷ সেই অপূর্ব রমনীয় ব্রজলীলারসপুর মহামন্ত্রই হরিদাসঠাকুর রাধাভাবাবিষ্ট মহাপ্রভুকে নিত্যদিন শ্রবণ করাতেন এবং নিজের একান্ত বাঞ্ছিত তাহা শ্রবন করে মহাপ্রভু কাঙ্খিত কৃষ্ণমাধুর্য অনুভব করতেন ৷ "হরিদাস সঙ্গই ছিল মহাপ্রভুর সর্বোত্তম সঙ্গ এবং এই কারণেই তিনি প্রতিদিন হরিদাস মিলনে যেতেন ৷ মহাপ্রভুর অন্তর্ধানের কয়েকমাস পূর্ব থেকেই যে চরমতম কৃষ্ণবিরহ ভাবের স্ফূরণ হয়েছিল তার মুখ্যহেতু ছিল এই সিদ্ধ বকুল তলায় হরিদাস নির্যাণ , কারণ মহাপ্রভুর অন্তর্ধানের কয়েকমাস পূর্বে এই সিদ্ধ বকুল তলায় মহাপ্রভুর প্রাণপ্রিয় ভক্ত হরিদাসঠাকুরকে হারাতেই হরিদাস বিরহ জনিত বেদনার সঙ্গে কৃষ্ণবিরহযুক্ত বেদনা সংযুক্ত হওয়ায় মহাপ্রভুর চরমতম বিরহ দশা দেখা দিয়েছিল:— 'অতঃপর মহাপ্রভুর বিষন্ন অন্তর। কৃষ্ণের বিয়োগ-দশা স্ফূরে নিরন্তর ॥' 'হা ! হা কৃষ্ণ ! প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন ৷ কাঁহা যাও , কাঁহা পাঙ মুরলীবদন ॥' 'রাত্রি দিনে এই দশা স্বাস্থ্য নাহি মনে ৷ কষ্টে রাত্রি গোঙায় স্বরূপ-রামানন্দ সনে॥(চৈ;চ;- ৩/১২-৩/৪/৫)!- "মহাপ্রভুর গম্ভীরা লীলায় কৃষ্ণবিরহরূপ অপার্থিব বেদনার স্ফূর্তি প্রাণাধিক প্রিয় হরিদাস ঠাকুরের বিরহের সঙ্গে সমম্বিত হয়ে মহাপ্রভুকে যে সত্য সত্যই অধিকতর বিরহোন্মাদ দশায় উন্নীত করে গম্ভীরার আশ্রয়রূপ চরমতম লীলায় পরিণত করেছিল তা শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃতের অন্ত্যলীলার একাদশ পরিচ্ছেদে হরিদাস নির্যাণ লীলাটি বর্ণনার পরবর্তী দ্বাদশ পরিচ্ছেদের উপরি উক্ত তিনটি পয়ার থেকেই স্পষ্ট বুঝা যায় !..( রচনাঋণ চৈ; ভা; ও চৈতন্যচরিতামৃত )।
----------*----------
