✴️মহাপ্রভুর নাম-প্রেম বিতরণ লীলায় শ্রীনিত্যানন্দ।
✴️মহাপ্রভুর নাম-প্রেম বিতরণ লীলায় শ্রীনিত্যানন্দ।
✴️মহাপ্রভুর নাম-প্রেম বিতরণ-লীলায় শ্রীনিত্যানন্দপ্রভু ;
শ্রীশ্রীনিত্যানন্দকথামৃত ;
বৈষ্ণব মহাজন লিখেছেন যদি গৌর না জন্মাতো তাহলে “রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানিত কে!” আবার গৌরভক্তরা মনে করেন মহাপ্রভুকে জানতে বা বুঝতে নিত্যানন্দই ভরসা। তিনি দয়াল-ঠাকুর। গৌরভক্তি প্রেমদাতা। তাঁর কৃপাতেই গৌরসুন্দর ধরা দেবেন। ভক্তরা তাই সবার আগেই ঘোষণা করেন– জয় নিতাই। কিন্তু নিত্যানন্দকে জানা কি এতই সোজা! সত্যি কথা বলতে কি– মহাপ্রভুকে জানা বা বোঝার অন্তত চেষ্টাটুকু করা যায়; কিন্তু পদে পদে যিনি বিপরীত তাঁকে বোঝা কার্যত অসম্ভব! ফলে সহজেই হাল ছেড়ে দিয়ে নিত্যানন্দ বিরোধী হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যেমনটি হয়েছিল তাঁর সমকালে। তাঁর জীবনকাহিনীর মতো তিনি নিজেই এক মহারহস্যময় চরিত্রের দৃষ্টান্ত। বড়ো গূঢ় নিত্যানন্দ! বস্তুত,গৌড়ীয় বৈষ্ণবধর্মে এক নিঃশ্বাসে উচ্চারিত দুটি নাম গৌর-নিতাই। আজও গৌর-নিতাই’র দারু বিগ্রহ বাংলার বহু মন্দিরে ও বাড়িতে নিত্য সেবিত। তবে মহাপ্রভুর নামে প্রচারিত গৌড়ীয় বৈষ্ণবধর্ম বলতে যা আমরা বুঝি তা হলো নিত্যানন্দ প্রচারিত বৈষ্ণবধর্ম। মহাপ্রভুকে তিনিই অখন্ড বঙ্গদেশে জনপ্রিয় করে তুলেছিলেন। সমাজের উচ্চবর্ণের ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য থেকে শুরু করে প্রান্তিক তৃণমূলস্তরেও বৈষ্ণবধর্মকে জনপ্রিয় করে তোলার কৃতিত্বের অধিকারী নিত্যানন্দ। আবার বঙ্গদেশে তাঁর নেতৃত্বে গুরুবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি অধিকাংশ বৈষ্ণবপদকর্তাকে পদ রচনায় অনুপ্রাণিত করেছিলেন। তাঁর অনুগামীরাই তাঁর উৎসাহে চৈতন্যজীবনী সাহিত্য রচনা করলেও তিনি নিজে রয়ে গেছেন নেপথ্যে।
বীরভূমির একচক্রা আর নদীয়ার নবদ্বীপ ধন্য হয়েছিল যথাক্রমে শ্ৰীনিত্যানন্দ ও শ্ৰীগৌরচন্দ্ৰকে বক্ষে ধারণ করে। কলিতে জীব উদ্ধার মানসে উভয়ের আবির্ভাব।
এই একচক্র গ্রামে বাস করতেন শ্ৰী নিত্যানন্দের পিতা শ্ৰীল মুকুন্দ বন্দোপাধ্যায়, ইনি হাড়াই পণ্ডিত বা হাড়ো ওঝা নামে খ্যাত ছিলেন। এই হাড়াই পণ্ডিতের বিয়ে হয় নিকটস্থ ময়ূরেশ্বর গ্রামের জমিদার রাজা মুকুট নারায়ণের কন্যা, রূপে গুণে অনুপমা, পদ্মাবতীর সঙ্গে। এঁদেরই প্রথম সন্তান নিত্যানন্দ। নিত্যানন্দ ছাড়া আরও পুত্র কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্ৰহ্মানন্দ, পুর্ণানন্দ, প্ৰেমানন্দ ও বিশুদ্ধানন্দ ছিল হাড়াই পণ্ডিতের। হাড়াই পণ্ডিত যাজকতাও করতেন। ১৪৭৩ খৃষ্টাব্দের ১২ই জানুয়ারী মধ্যাহ্নকাল (১৩৯৫ শকে) মাঘী শুক্লা ত্ৰয়োদশীর দিনে শ্ৰীপাদ হাড়াই পণ্ডিতের ধর্মপত্নী শ্ৰীমতী পদ্মাবতী দেবী এক অপরূপ পুত্ররত্ন প্রসব করেন। ইনিই শ্ৰীনিত্যানন্দ, শ্ৰীকৃষ্ণের অগ্রজ বলরাম। শ্ৰীমতী পদ্মাবতী গর্ভাবস্থায় নানা অলৌকিক রহস্য দর্শন করতেন। তিনি দেখতেন চতুর্মুখ ও পঞ্চমুখ প্রভৃতি অপূর্বসুন্দর দেবমূর্তিগণ এসে কাকে যেন স্তব করছেন, বলছেন, হে অনন্ত দিব্য প্রকাশ ধন্য তোমার গর্ভবাস। শ্ৰীশ্ৰীনিত্যানন্দ প্রভুর জন্মস্থানকে এখনও একচক্র গর্ভবাস বলা হয়। প্রবাদ আছে যে শ্ৰীমতি পদ্মাদেবীর আটমাস গর্ভকালে আচম্বিতে এক যোগীরাজ শ্ৰীহাড়াই পণ্ডিতের গৃহে এসে “এই গর্ভবাস, এই গর্ভবাস,” বলে নৃত্য করেছিলেন। তিনিই ছদ্মবেশী গর্গাচার্য। তার প্রেম বিকার দেখে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছিনা। তিনি বলেছিলেন “শ্ৰীকৃষ্ণের অগ্রজ শ্ৰীবলরাম আসছেন। ‘গর্ভবাস গর্ভবাস, মাঘি শুক্লা ত্ৰয়োদশী দিনে এই একচক্রায় তার আশু প্ৰকাশ।” এ কথা বলতে বলতে ছদ্মবেশী অন্তর্হিত হন। হাড়াই পণ্ডিত নিত্যানন্দকে খুব ভাল বাসতেন ।
হাড়াই পন্ডিত ছিলেন একজন সৎ ব্রাক্ষণ।পৈতৃক বিষয়-সম্পত্তি এবং যজন-যাজনের কাজ মিলিয়ে তাঁর সংসারটি ছিল বেশ স্বচ্ছল।নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের।গ্রামের পাঠশালায় পিতা তাঁর বাল্যশিক্ষার ব্যবস্থা করেন।ছাত্র হিসবে তিনি খুবই মেধাবী ছিলেন।কিন্তু পড়াশোনায় তাঁর একদম মন ছিল না।তাঁর চেয়ে ধর্মের প্রতি তাঁর অনুরাগ ছিল বেশি।ধর্ম কথা শুনতে তিনি খুব ভালোবাসতেন।পাড়ার ছেলেদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন বটে, তবে খেলার পরিবর্তে কোনো মন্দিরে গিয়ে বসে থাকতে তাঁর বেশি ভালো লাগত।তাঁর এই ধর্মানুরাগের মূলে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।কুবের শুধু শ্রীকৃষ্ণের কথাই ভাবতেন।কীভাবে তাঁকে পাওয়া যায়-এই ছিল তাঁর সারাক্ষণের ভাবনা।কোনো সাধু সন্ন্যাসীকে দেখলেই তিনি তাঁকে জিজ্ঞেস করতেন কী করলে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে।কুবেরের বয়স তখন বারো বছর।তখন এক সন্ন্যাসী এলে তাঁদের গাঁয়ে উঠলেন তাঁদেরই বাড়িতে।তিনি বৃন্দাবনে যাবেন, কুবের শুনেছেন বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাক্ষেএ। তাই তিনি ভাবলেন, বৃন্দাবন গেলে হয়তো তাঁর প্রাণের ঠাকুর কৃষ্ণকে পাওয়া যাবে।কুবের সন্ন্যাসীকে তাঁর মনের কথা বললেন।সন্ন্যাসী বললেন, এত অল্প বয়সে সন্ন্যাস নেয়া ঠিক নয়।তাছাড়া সন্ন্যাস নিতে হলে পিতা-মাতার সম্মতি লাগে।
কিন্তু কুবের নাছোড়বান্দা,তিনি বৃন্দাবনে যাবেনই।অগত্যা পিতা-মাতার সম্মতি নিয়ে তিনি সন্ন্যাসীর সঙ্গে গৃহত্যাগ করলেন।অনেক অরণ্য, পাহাড়-পর্বত, র্তীথস্থান ঘুরে বেড়াতে লাগলেন,বছরের পর বছর কেটে গেল,হঠাৎ একদিন কুবের সন্ন্যাসীকে হারিয়ে ফেলেন।তারপর তিনি একাই বিভিন্ন র্তীর্থ ঘুরতে লাগলেন।এভাবে একদিন উপস্থিত হলেন তাঁর কাঙ্ক্ষিত বৃন্দাবনে।এখানে এসে কৃষ্ণদর্শনের জন্য তাঁর মন ব্যাকুল হয়ে উঠল।তিনি পাগলের ন্যায় শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত স্থানসমূহ ঘুরে বেড়াতে লাগলেন। একদিন তাঁর সাক্ষাৎ হয় পরম সন্ন্যাসী শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর সঙ্গে।তাঁর কাছে তিনি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নেন।গুরু সঙ্গে কিছুদিন বৃন্দাবনে থেকে কুবের আবার বেরিয়ে পড়লেন র্তীথ পযটনে।
বৃন্দাবন দাস লিখেছেন,
"মাধবেন্দ্র পুরী কথা অকথ্য কথন,
মেঘ দরশন মাত্র হন অচেতন।।"
কুবের একা একা বেশ কিছুদিন ঘুরে বেড়ান।এ সময় তিনি রামেশ্বর, নীলাচল, গঙ্গাসাগর প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করেন।কিন্তু কৃষ্ণবিরহের ব্যাকুলতা তাঁর ক্রমেই বাড়তে থাকে।তাঁর একটাই চিন্তা-কৃষ্ণদর্শন কীভাবে হবে।তাই তিনি আবার বৃন্দাবনে ফিরে গেলেন।কুবের সর্বদা কৃষ্ণচিন্তায় বিভোর থাকেন।কীভাবে কখন কৃষ্ণদর্শন হবে-এই তাঁর একমাত্র ভাবনা।এই ভাবনায় তাঁর দিনের পর দিন কেটে যাচ্ছিল,হঠাৎ একদিন তিনি কৃষ্ণকে স্বপ্নে দেখেন।প্রভু তাঁকে বলেছেন, তুমি গৌড় দেশে নবদ্বীপে যাও,সেখানে নিমাই পন্ডিত প্রেমভক্তি প্রচার করেছেন,তাঁর সঙ্গে যোগ দাও।উল্লেখ্য যে, এই নিমাই পন্ডিতই শ্রীগৌরাঙ্গ বা শ্রীচৈতন্য নামে পরিচিত হয় পরবর্তী সময়ে। এভাবে স্বপ্নে কৃষ্ণদর্শন হওয়ার কুবেরের মন অনেকটা শান্ত হয়।স্বপ্নে হলেও তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছেন।তাই তাঁর আদেশে তিনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে আসেন, যেখানে নন্দন আচার্যের গৃহে নিমাইয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।দুজন দুজনকে চিনতে পারেন, বুঝতে পারেন,যেনো তাঁরা দুয়ে মিলে যেন এক।জীবোদ্ধারের জন্য যেন দুই দেহে তাঁদের আবির্ভাব ঘটেছে।সেদিন থেকে কুবেরের নতুন নাম হলো নিত্যানন্দ।সংক্ষেপে নিতাই।আর গৌড়াঙ্গের সংক্ষিপ্ত নাম গৌর।ভক্তরা সংক্ষেপে বলতেন গৌর-নিতাই। নিত্যানন্দ ও মহাপ্রভুর সাক্ষাৎ একটি ঐতিহাসিক ঘটনা। মহাপ্রভু ভাগবতের একটি শ্লোক পাঠ করে নিত্যানন্দের হৃদয় জয় করে নিয়েছিলেন। নিত্যানন্দের হৃদয়ে জাগ্রত হয়েছিল অন্তহীন কৃষ্ণপ্রেম। মূর্ছিত নিত্যানন্দকে মহাপ্রভু কোলে করে প্রেমালিঙ্গন দিয়েছিলেন। শচীমাতাও নিত্যানন্দকে দেখে পুরাতন পুত্রশোক ভুলেছিলেন। তিনি যেন বিশ্বরূপ হয়ে ধরা দিয়েছিলেন শচীমাতার কাছে। নবদ্বীপ পর্বে নিত্যানন্দ যেন ক্রমশ গৌড়ের দ্বিতীয় তনু হয়ে উঠেছিলেন।
বৃন্দাবন দাস লিখেছেন–
"মহাবধূত বেশ প্রকাণ্ড শরীর।
নিরবধি ভক্তিরসে দেখি মহা ধীর।।
অহর্নিশ বদনে বোলয়ে কৃষ্ণনাম।
ত্রিভুবনে অদ্বিতীয় চৈতন্যের ধাম।
নিজানন্দে ক্ষণে ক্ষণে করয়ে হুঙ্কার।
মহামত্ত যেন বলরাম অবতার।।"
গৌর-নিতাই দুজনে নবদ্বীপে কৃষ্ণের প্রেমভক্তি প্রচার করতে লাগলেন,নেচে-গেয়ে তাঁরা হরিনাম এর মহত্ত্ব বুঝাতে লাগলেন সবাই কে।তাঁদের প্রেমধর্মে কোনো জাতিভেদ নেই,উঁচু-নীঁচু নেই। তখন সমাজে শুল্ক ধর্মাচরণ প্রবল হয়ে উঠেছিল।মানবপ্রেম তার নীচে চাপা পড়েছিল।তাই প্রেমভক্তি দিয়ে গৌর-নিতাই সমাজের সবাইকে কাছে টেনে নিলেন,ফলে দলে-দলে লোক তাঁদের অনুসরণ করতে লাগলেন। কিন্তু বৈষ্ণব বিদ্বেষীরা গৌর-নিতাইয়ের এই প্রেমধর্ম প্রচারে বাধা দিতে লাগলেন।কখনো কখনো তাঁদের ওপর আক্রমণ ও চলে।সেই সময় নদীয়ার দুই-ছেলে "জগ্ননাথ" ও "মাধব", 'জগাই','মাধাই' নামে কু-খ্যাত ছিলেন। কর আদায়ের জন্য হেন নীচ কাজ নেই যে তারা করত না। তাদের মতো পতিত-দের উদ্ধার করার জন্য, মহাপ্রভু অনেক চেষ্টা করেন ও অকাতরে প্রেম বিলান, কিন্তু কিছুতেই তারা পাপের পথ ছেড়ে দিতে রাজী নয়।
তখন প্রভু-নিত্যানন্দ, যিনি মহাপ্রভুর অন্যতম শিষ্য ও বন্ধু এর জন্য এগিয়ে এলেন। পথের ধারে মাংস ও মদের পাত্র নিয়ে বসে থাকা দুই-ভাইয়ের সামনে তিনি কীর্তন করতে থাকেন। তাদের দু-জনকেও কৃষ্ণ-নাম করার জন্য বার-বার অনুরোধ করতে থাকেন। বিরক্ত হয়ে 'মেধো' তখন মদের মাটির পাত্র ছুঁড়ে প্রভু নিত্যানন্দ এর মাথা ফাটিয়ে দেন। তখন প্রভু নিত্যানন্দ বলেন, " মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না !' ও-দিকে নিতাই-প্রভুর আহত হওয়ার খবরে ক্রোধে অধীর মহাপ্রভু ছুটে আসেন তাঁদের সামনে। তিনি এই-দুই-অসুর-কে হত্যার জন্য আকাশের দিকে আঙুল করে তাঁর সুদর্শন-চক্র কে আহ্বান করেন। তাঁর মাথার পিছনে একটি দিব্য-চক্র সৃষ্টি হয়। ও-দিকে নিতাই-প্রভু, নিমাই-মহাপ্রভু-র পা ধরে বারংবার ওদের কৃত-কাজের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এই ঘটনায় কিছুটা বিরক্ত ও ততোধিক বিস্মিত হন মহাপ্রভু।
নিত্যানন্দের কথা শুনে গৌরাঙ্গ অনেকটা শান্ত হলেন।তিনি এগিয়ে জগাইকে বুকে টেনে নিলেন।তা দেখে মাধাইয়ের মনে অনুশোচনা এল।তিনি এগিয়ে এসে বললেন, প্রভু আমি অপরাধ করেছি।আমায় ক্ষমা করে দাও। গৌরাঙ্গ বললেন, নিতাই যদি তোমায় ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে।এরপর মাধাই জোরহাতে এগিয়ে গেলেন নিত্যানন্দের দিকে।নিত্যানন্দ তাকে বুকে টেনে নিলেন।এভাবে গৌড়-নিতাই তাঁদের প্রেমভক্তি দিয়ে জগাই-মাধাইকে উদ্বার করলেন।উপস্থিত লোকজন সবাই ধন্য-ধন্য করতে লাগল।এভাবে গৌড়-নিতা নবদ্বীপে কৃষ্ণনাম র্কীতন ও প্রেমভক্তি দিয়ে সবাইকে আপন করে নিতে লাগলেন।মানুষে-মানুষে ভেদাভেদ কমতে লাগল।
মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণে অভিভাবকের মতো প্রতিটি কাজ সম্পন্ন করে তাঁকে নীলাচলে নিয়ে যাওয়া, দাক্ষিণাত্য ভ্রমণে সাহায্য করা ইত্যাদি ক্ষেত্রে তাঁর সদর্থক ভূমিকা লক্ষ করা যায়।নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে নীলাচলে থাকতে চেয়েছিলেন। কিন্তু মহাপ্রভু বুঝেছিলেন, তাঁর সঙ্গে নীলাচলে নিত্যানন্দ থাকলে গৌড়কে অনাচার-অত্যাচার থেকে কে রক্ষা করবে ৷ তাছাড়া তিনি অদ্বৈত আচার্যসহ নিত্যানন্দকে গৌড়দেশে বৈষ্ণবধর্ম প্রচার করার আদেশ দিয়েছিলেন।
"নিত্যানন্দে আজ্ঞা দিল যাও গৌড়দেশে।
অনর্গল প্রেমভক্তি করহ প্রকাশে।।"
এর পর থেকেই নিত্যানন্দের জীবনে আবার পরিবর্তন আসে। নিত্যানন্দের সঙ্গী হলেন রামদাস, গদাধর দাস, পরমেশ্বর দাস প্রমুখ বৈষ্ণবপরিকরবৃন্দ। তিনি আগেই সন্ন্যাসীর দণ্ডকমণ্ডলু ভেঙেছিলেন। এবার কৌপীনবস্ত্র ত্যাগ করলেন। দিব্য পট্টবাসে সজ্জিত হলেন। চৈতন্যভাগবতে রয়েছে–
“কাষায় কৌপীন ছাড়ি দিব্য পট্টবাস,
ধরেন চন্দনমালা সদাই বিলাস।"
তিনি পরিচিত হয়ে উঠলেন কৃষ্ণের অগ্রজ বলরাম হিসাবে। তাঁর প্রধান প্রধান সহচরেরা হয়ে উঠলেন ব্রজের গোপবালক গোপাল। তাঁরাও অদ্ভুত বেশে সজ্জিত হয়ে ভাগবতের যুগকে যেন তাঁদের জীবনে মননে উজ্জীবিত করে তুললেন। বাংলা হয়ে উঠলো বৃন্দাবন। ভাগীরথী হলো যমুনা। বৃন্দাবনদাস লিখেছেন–
"কারো কোন কর্ম নাই সংকীর্তন বিনে।
সভার গোপাল ভাব বাড়ে ক্ষণে ক্ষণে।।
বেত্র বংশী শিঙ্গা ছাঁদডুরি গুঞ্জাহার।
তাড়খাড়ু হাতে পায়ে নূপুর সভার।।"
নিত্যানন্দ এবার বিয়ে করলেন গৌরীদাস পণ্ডিতের ভ্রাতা সূর্যদাস সরখেলের দুই কন্যা বসুধা ও জাহ্নবাকে। শুরু হলো এক নতুন জীবন। সপ্তগ্রাম অঞ্চলের ধনী বণিকরা তাঁর শিষ্য হলেন। বৈষ্ণবধর্ম এবার পায়ের তলায় মাটি পেল। নিত্যানদ তাঁর পরিকর নিয়ে মহাপ্রভুর নাম ও প্রেমধর্ম প্রচার করতে শুরু করলেন গাঙ্গেয় বাংলায়। বাংলায় বৈষ্ণবধর্মের মহাপ্লাবন বইতে শুরু করলো।
এদিকে নিত্যানন্দের এই জীবন-যাপন বিশেষকরে সন্ন্যাসী থেকে ধনী গৃহস্থ রূপ ও বিচিত্র আচরণ অনেকের কাছে অসহ্য হয়ে উঠলো। তাঁরা বিরূপ সমালোচনা শুরু করলেন। অনেকেই আবার মহাপ্রভুকে মানলেও নিত্যানন্দের কঠোর সমালোচনা করলেন। কৃষ্ণদাস কবিরাজের ভাই, শ্যামদাস, মহাপ্রভুকে মানলেও নিত্যানন্দের ঘোর বিরোধী ছিলেন। এই কারণে কৃষ্ণদাসের সঙ্গে শ্যামদাসের বনিবনাও হয়নি। বৃন্দাবনদাস নিত্যানন্দ বিরোধীদের একহাত নিয়েছিলেন। আসলে নিত্যানন্দের জীবন বড় রহস্যময়। মহাপ্রভুর অন্তর্ধানের অন্তত আট দশ-বারো বছর নাম-প্রেম প্রচার করেছিলেন ৷ অথচ তাঁর শেষ জীবন সম্পর্কে কোন তথ্য জানাই যায় না। মহাপ্রভুর শেষ বারো বছরের দিব্যোন্মাদ পর্বটিও সুচারু ভাবে চিত্রিত করেছেন কৃষ্ণদাস কবিরাজ, তাঁর চৈতন্যচরিতামৃত কাব্যে। কিন্তু নিত্যানন্দের ক্ষেত্রে তিনি নীরব। নিত্যানন্দের শেষ জীবনের কোন তথ্যই জানা যায় না।
পঞ্চতত্ত্ব (বৈষ্ণবধর্ম):- গৌড়ীয় বৈষ্ণবধর্ম মতে, পঞ্চদশ শতকে পৃথিবীতে আবির্ভুত ঈশ্বরের (কৃষ্ণ) পাঁচটি অবতার হলেন পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর। এঁদের দ্বারা ভারতবর্ষে বিখ্যাত হরে কৃষ্ণ মন্ত্র ও শ্রীকৃষ্ণের ভক্তির (নিষ্ঠা) কথা ছড়িয়ে পরে।
পাঁচটি বৈশিষ্ট্য :-
চৈতন্য মহাপ্রভু: স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
নিত্যানন্দ :স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিগত বিস্তার এবং বলরামের সংযুক্ত শক্তি।
অদ্বৈত আচার্য :ভগবান বিষ্ণু এবং মহাদেব শিবের যৌথ অবতার।
গদাধর পণ্ডিত: রাধা, ললিতা (গোপিনী) এবং ভগবান কৃষ্ণের অভ্যন্তরীন শক্তির যৌথ অবতার।
শ্রীনিবাস ঠাকুর : ভগবান শ্রীকৃষ্ণের অকৃত্রিম উপাসক এবং উপাসনার প্রতীক।
পঞ্চতত্বের মন্ত্র:-
গৌড়ীয় ঐতিহ্যে পঞ্চতত্ত্বেরর মন্ত্রে পাঁচজন সদস্যের নাম উল্লেখ আছে। এটি একটি ভক্তিমূলক মন্ত্র যাকে ধ্যানের (জপ) একটি উপায় হিসাবে গাওয়া হয়। প্রায়শই হরে কৃষ্ণ মন্ত্র গাওয়ার সময় এই মন্ত্র গাওয়া হয়ে থাকে। অনুগামীরা বিশ্বাস করে, এটি কলি যুগের একটি করুনাময় মন্ত্র।
“ জয় শ্রী-কৃষ্ণ-চৈতন্য প্রভু-নিত্যানন্দ।
শ্রী-অদ্বৈত গদাধর শ্রীবাসাধি-গৌর-ভক্ত-বৃন্দ।।
বীরচন্দ্রপুর বা একচক্র :- একচক্র নামের উৎপত্তি পান্ডবদের কিংবদন্তীর সাথে জড়িত। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কৃষ্ণ তার ভক্ত অর্জুনকে বাঁচাতে যুদ্ধে কোনও পক্ষ না নেওয়ার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন, তখন তিনি অর্জুনের সাথে লড়াই করে আসা ভীষ্মদেবকে আঘাত করার জন্য চাকা নিয়ে ছুটে এসেছিলেন। ভীষ্মদেব যখন তাকে অনেক সুন্দর প্রার্থনা দিয়ে সন্তুষ্ট করেছিলেন, তখন কৃষ্ণ তার ক্রোধ হারিয়ে চাকাটিকে একপাশে ফেলে দেন। চাকাটি এই একচক্র গ্রামের জমির উপর পড়ে এবং তাই একচক্র নামটি পায় (প্রবাদ অাছে)এই গ্রাম। এক-এর অর্থ একটি, এবং চক্র অর্থ চাকা। এটিও সেই জায়গা বলে বিশ্বাস করা হয় যেখানে বকাসুর থাকতেন, যাকে পরে ভীমের দ্বারা হত্যা করা হয়। তবে পুরো ভারত জুড়ে বেশ কয়েকটি জায়গা রয়েছে যা প্রাচীন একচক্র হিসাবে পরিচিত।
নিত্যানন্দ প্রভুর প্রথম স্ত্রী ছিলেন বসুধা। পুত্র বীরচন্দ্রের নামে ‘একচক্রাধাম’ বর্তমানে বীরচন্দ্রপুর নামে পরিচিত (বীরভূমের তারাপীঠের কাছে)৷
#নিত্যানন্দের_চরিত্রের_অন্যতম বৈশিষ্ট্য ছিল শিশুর মতো সারল্য ।কখনো তিনি বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে নগ্ন হয়ে যেতেন।কখনো তিনি ঝাঁপিয়ে পড়তেন উদ্দাম গঙ্গাবক্ষে।কখনো শিশুর মতো মালিনীর স্তন পান করেছেন।কখনো তিনি মহাপ্রভুর দণ্ড ভেঙে দিয়েছেন।কখনো রাজকীয় বেশ পরিধান করে নামসঙ্কীর্তনে মত্ত হয়েছেন।কখনো সামান্য ত্রুটির জন্য কাউকে গালিগালাজ করেছেন। তবে পাগলের মতো ভালোবেসেছেন মহাপ্রভুকে।এমনি এক বিচিত্র স্বভাবের মহা সাধক ছিলেন নিত্যানন্দ।সাধারণ লোকের পক্ষে তাঁকে বুঝতে না পারাটাই স্বাভাবিক।তিনি যেন সমস্ত নিয়মের ঊর্ধে উঠে গিয়েছিলেন। নিত্যানন্দভক্তরা বলেন তিনি বেদ-বিধির অতীত।বড়ো গূঢ় নিত্যানন্দ। এভাবে তিনি কৃষ্ণনামের সঙ্গে একীভূত করে দেন শ্রীগৌরাঙ্গের নাম।গৌরাঙ্গ-প্রবতিত প্রেমধর্মের এক মহাপ্রচারকরূপে গৌড়দেশে আর্বিভূত হন নিত্যানন্দ।ধমতও্বের কোনো বিচার-বিশ্লেষণ বা তক-বিতক নেই, আচার-অনুষ্ঠানের কোনো বাড়াবাড়ি নেই, শুধু আচন্ডালে প্রেম বিতরণ আর কৃষ্ণনামগান।এভাবে প্রেমভক্তি আর কৃষ্ণনাম প্রচারের মাধ্যমে তিনি অনেক পাপী-তাপীকে উদ্বার করেছেন।সকলকে কৃষ্ণভক্তরূপে ভালোবেসেছেন।তাঁর এই জীবোদ্বারে কথা সারা গৌড়ে ছড়িয়ে পড়ে।দলে-দলে লোকজন তাঁর কাছে ছুটে আসতে থাকে।এর ফলে হিন্দু ধম ও সমাজ জীবনে এক বিরাট আন্দোলনের সৃষ্টি হন।সকলে সমস্ত রকম ভেদাভেদ ভুলে এক সারিতে এসে দাঁড়ায়।র্সাথক হয় শ্রীগৌরাঙ্গের প্রেমভক্তি ও কৃষ্ণনামের আন্দোলন।নিত্যানন্দও চির অমর হয়ে থাকেন গৌড়বাসীর অন্তরে। গৌরাঙ্গের দ্বারা আদিষ্ট হয়ে নিত্যানন্দ গৌড়রাজ্য, বিশেষত নবদ্বীপে কৃষ্ণনাম ও প্রেমধর্ম প্রচার করতে লাগলেন।
----------
✴️"এক মহাপ্রভু অআর প্রভু দুইজন ৷
দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ॥" (চৈ:চ:)
একজন মহাপ্রভু তিনি অামাদের শ্রীগৌরাঙ্গসুন্দর, নবদ্বীপে তিনি বিখ্যাত,পরে তিনি শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু নামে পরিচিত হন ৷ অার শ্রীনিত্যানন্দপ্রভু ও শ্রীঅদ্বৈতপ্রভু তাঁরা হচ্ছেন মহাপ্রভুর সেবক ৷
মহাপ্রভুর নাম-প্রেম বিতরণ শ্রীনিত্যানন্দপ্রভুর দ্বারাই সাধিত হয়েছে ৷ শ্রীনিত্যানন্দপ্রভু কৃপা করে পরিপূর্ণ কৃষ্ণতত্ত্ব সকলের কাছে বিতরণ করেছেন ৷ যারা পতিত অধম, তাদের একমাত্র ভরসা শ্রীনিত্যানন্দপ্রভুর কৃপা ৷ তাঁরই কৃপায় উদ্ধার হয়েছে জগাই মাধাই, এটি শ্রীনিত্যানন্দপ্রভুর অলংকার ৷ এছাড়াও নিত্যানন্দের গুণ ও কৃপার বিষয়ে নিজের সম্পর্কেও কবিরাজ গোস্বামী তাঁর গ্রন্থে লিখেছেন;—
"নিত্যানন্দ গুণে লেখায় উন্মত্ত করিয়া ৷ নিত্যানন্দ-প্রভুর গুণ-মহিমা অপার॥"(চৈ,চ,১/৫/২০৯)
"জগাই মাধাই হৈতে মুঞি সে পাপিষ্ট ৷
পুরীষের কীট হইতে মুঞি সে লঘিষ্ট॥
মোর নাম শুনে যেই তার পুণ্যক্ষয় ৷
মোর নাম লয়ে যেই তার পাপ হয়॥
এমন নির্ঘৃণ মোরে কেবা কৃপা করে ৷
এক নিত্যানন্দ বিনু জগৎ-ভিতরে॥
প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার ৷
উত্তম অধম কিছু না করে বিচার॥
যে অাগে পড়য়ে তারে করয়ে নিস্তার ৷
অতএব নিস্তারিলা মো-হেন দুরাচার॥"
(চৈ,চ, ১/৫/১৮৩-১৮৭)
শ্রীনরোত্তম দাসঠাকুরের "নিতাইপদ কমল" প্রার্থনার গাণটি বুঝতে চেষ্টা করি তাহলেই বুঝতে পারব নিত্যানন্দপ্রভুর মহিমা;—
"নিতাই পদকমল
কোটীচন্দ্র সুশীতল
যে ছায়ায় জগত জুড়ায় ৷
হেন নিতাই বিনে ভাই
রাধাকৃষ্ণ পাইতে নাই
দৃঢ় করি ধর নিতাইর পায়॥
সে সম্বন্ধ নাহি যার
বৃথা জন্ম গেল তার
সেই পশু বড় দুরাচার ৷
নিতাই না বলিল মুখে
মজিল সংসার সুখে
বিদ্যা-কুলে কি করিবে তার॥
অহংকারে মত্ত হইয়া
নিতাই পদ পাসরিয়া
অসত্যেরে সত্য করি মানি ৷
নিতাইর করুণা হবে
ব্রজে রাধা কৃষ্ণ পাবে
ধর নিতাইর চরণ দুখানি॥
নিতাইর চরণ সত্য
তাঁহার সেবক নিত্য
নিতাই পদ সদা কর অাশ ৷
নরোত্তম বড় দুঃখী
নিতাই মোরে কর সুখী
রাখ রাঙ্গা চরণের পাশ॥"
শ্রীনিত্যানন্দপ্রভুর কাছে এটিই হচ্ছে শ্রীনরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা ৷ শ্রীনিত্যানন্দপ্রভুর মূল তত্ত্ব সুন্দরভাবে তিনি সংক্ষিপ্তাকারে বর্ণন করেছেন ৷
------------
✴️নবদ্বীপের এক ব্রাহ্মণ শ্রীনিত্যানন্দের আচার, আচরণ ও বেশভূষা দেখে মহাপ্রভুর নিকট নিত্যানন্দ সম্পর্কে তার সন্দেহ প্রকাশ করলে মহাপ্রভু তা নিরসন করে বলেন:—
"ধর্মব্যতিক্রমো দৃষ্ট ঈশ্বরাণাং চ সাহসম্ ৷ তেজীয়সাং ন দোষায় বহ্নেঃ সর্বভুজো যথা॥"
(ভাঃ-১০ম স্কন্ধ শ্রীশুক উবাচ)
সূর্য,অগ্নি প্রভৃতি ঈশ্বর(সমর্থ)- পুরুষগণকে কখনো কখনো ধর্মের উল্লঙ্ঘন এবং অনুচিত হঠকারিতা করতে দেখা যায় ৷ তেজস্বী পুরুষদের পক্ষে এগুলি দোষাবহ নয়,যেমন অগ্নিসর্বভুক হলেও তার জন্য তাঁর কোনো কলঙ্ক হয় না ৷
সেইরকম শ্রীনিত্যানন্দের পক্ষে সন্ন্যাসীদিগের অাচরণের ব্যতিক্রম তাঁর দোষের হেতু হয় না ৷ তিনি সমস্ত বিধি নিষেধের অতীত, মায়াবদ্ধ জীবের জন্যই বিধি-নিষেধ,মায়াতীত ভগবানের জন্য নয় ৷
শ্রীনিত্যানন্দ প্রভুর তত্ত্ব না জেনে যে তাঁর অাচরণের নিন্দা করে সে জন্ম জন্ম বহু দুঃখ কষ্ট ভোগ করে ৷ মহা-অধিকারীও যদি নিন্দা বা বিদ্রুপ করে তাহলে তাঁকেও ক্লেশ ভোগ করতে হবে ৷
এভাবে মহাপ্রভু শ্রীনিত্যানন্দ প্রভুর অারো অলৌকিক মাহাত্ম্যের কথা বলেছেন:—
"নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী ৷ অল্প ভাগ্যে তাহানে জানিতে নাহি পারি॥ অলৌকিক যেবা কিছু দেখ তান ৷ তাহাতে অাদর করিলে পাই ত্রাণ॥ পতিতের ত্রাণ লাগি তাঁর অবতার ৷ তাঁহা হৈতে সর্ব জীব পাইবে উদ্ধার॥
তাঁহার অাচার বিধি নিষেধের পার ৷ তাঁহারে বুঝিতে শক্তি অাছয়ে কাহার॥ না বুঝিয়া নিন্দে তাঁর চরিত্র অগাধ ৷ পাইয়াও বিষ্ণুভক্তি হয় তার বাধ॥
চল বিপ্র তুমি শীঘ্র নবদ্বীপে যাও ৷ এই কথা গিয়া তুমি সবারে বুঝাও॥"
নবদ্বীপের এক ব্রাহ্মণ নিত্যানন্দের কর্মপদ্ধতি নিয়ে নীলাচলে গিয়ে মহাপ্রভুর কাছে নালিশ করলে, মহাপ্রভু এইপ্রকার উপদেশ ঐ ব্রাহ্মণকে দিয়েছিলেন ৷ মহাপ্রভুর এরকম উপদেশ শুনে নবদ্বীপবাসী ব্রাহ্মণ অানন্দিত হলেন, এবং নিত্যানন্দপ্রভুর প্রতি তার গভীর বিশ্বাস লাভ হল ৷ এবং নিত্যানন্দপ্রভু(অবধূত) ঐ ব্রাহ্মণের মুখ থেকে সব শুনে ঐ ব্রাহ্মণ নিত্যানন্দের কাছে ক্ষমা প্রার্থনা করলে নিত্যানন্দপ্রভুও করুণা করে তাকে কৃপা করেন ৷
কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্যচরিতামৃতে উল্লেখ করেছেন:—
"শ্রীরূপ রঘুনাথ পদে যার অাশ ৷ চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস॥"
শ্রীরূপ রঘুনাথের কৃপা ছাড়া অামরা শ্রীচৈতন্যমহাপ্রভুকে বুঝতে পারব না, এবং শ্রীনিত্যানন্দপ্রভুর কৃপা ছাড়াও অামরা শ্রীচৈতন্যলীলায় ও শ্রীবৃন্দাবনলীলায় প্রবেশ করতে পারব না৷ "নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধাকৃষ্ণ পাবে"৷ যদি নিত্যানন্দের কৃপালাভ করে তাহলে সকল বৈষ্ণবের কৃপালাভ হবে এবং মহাপ্রভুরও কৃপালাভ হবে,শাস্ত্রে এর উদাহরণ অাছে ৷
রঘুনাথ দাস গোস্বামীর দিকে লক্ষ্য করলেই তা বোঝা যাবে, তিনি শুধু মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুরই কৃপাই চেয়ে ছিলেন সমস্ত ধন-সম্পত্তি ত্যাগ করে ৷ একবার তো মহাপ্রভু শান্তিপুর থেকে রঘুনাথকে ফেরৎ পাঠিয়ে দিলেন:—
"মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া ৷ যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া॥" (চৈ,চ,২/১৬/২৩৭)
যখন একবার পানিহাটিতে শ্রীনিত্যানন্দপ্রভু এসেছিলেন তখন রঘুনাথ তাঁর কাছে এসেছিলেন, তখন শ্রীনিত্যানন্দপ্রভু তাঁকে কৃপা করে বললেন:—
"দধি,চিড়া ভক্ষণ করাহ মোর গণে ৷ শুনিয়া অানন্দ হৈল রঘুনাথের মনে॥"(চৈ,চ,৩/৬/৫০)
শ্রীরাঘুনাথ গোস্বামী সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা করলেন এবং বৈষ্ণবদের কাছে এটি চিড়া-দধি
মহোৎসব নামে পরিচিত ৷ এটি রঘুনাথ গোস্বামীর চৈতন্যলীলায় প্রবেশের জন্য শ্রীনিত্যানন্দের "দণ্ড-রূপ কৃপা"৷ শ্রীনিত্যানন্দপ্রভু শ্রীরঘুনাথ গোস্বামীর উপর এত খুশী হলেন যে তাঁর শ্রীচরণপদ্ম রঘুনাথ দাস গোস্বামীর মাথায় রেখে তাঁকে কৃপা করলেন যে, শ্রীচৈতন্যমহাপ্রভু এবারে নিশ্চয়ই তাঁকে কৃপা করে অস্বীকার করবেন না ৷ তারপর দেখা গেল সুযোগ বুঝে রঘুনাথ গৃহ থেকে পালাতে সক্ষম হলেন ও মহাপ্রভুও তাঁকে কৃপাপূর্বক গ্রহণ করে স্বরূপের হাতে সমর্পণ করলেন ৷ তাহলে শ্রীনিত্যানন্দের কৃপায় রঘুনাথ গৃহবন্ধন থেকে মুক্তি লাভ করে মহাপ্রভুর সেবায় যোগ দিতে পারলেন ৷
------------
✴️মহাপ্রভু তখন নবদ্বীপে তাঁর নাম-প্রেম প্রচার আরম্ভ করেছিলেন ৷ শ্রীহরিদাস ঠাকুর ও শ্রীনিত্যানন্দপ্রভু উভয়কেই মহাপ্রভু অাদেশ দিলেন, "যাও দ্বারে দ্বারে গিয়ে যাকে দেখ তাকেই বল কৃষ্ণনাম গ্রহণ করতে ৷ সেই সময়ে নবদ্বীপে তান্ত্রিকের দ্বারা পরিপূর্ণ ছিল ৷ শক্তি তথা মহামায়ার অারাধনাই তখন প্রাধান্য পাচ্ছিল ৷ শ্রীগৌরাঙ্গদেব(মহাপ্রভু) তখন প্রচার অারম্ভ করেছিলেন, সকলকে বোঝাতে চেয়েছিলেন যে সব কিছু ছেড়ে কৃষ্ণনাম গ্রহণেই প্রকৃত মঙ্গল ৷ শ্রীনিত্যানন্দপ্রভু ও শ্রীহরিদাস ঠাকুর মহাপ্রভুর অাদেশ নিয়ে নগরে বেরিয়ে একদিন জগাই মাধাই নামে দুই মদ্যপ গুণ্ডার দেখা পেলেন, এরা মদ্যপ গুণ্ডা কিন্তু ব্রাহ্মণ বংশজাত এবং নবদ্বীপের মুসলমান শাসকের অধীনে শাসনকাজে রত ছিলেন ৷ তাদের ধর্মের দিকে কোন নজর ছিল না,যা-তা ভক্ষণ করে দস্যু কর্ম করা ও নানারকম পাপ কার্য্যে তারা লিপ্ত ছিল ৷ শ্রীনিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মহিমা প্রচারের জন্য এই দুই পাপীকে উদ্ধারের সংকল্প করলেন এবং হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে তাদেরকে বললেন :—
"বলো কৃষ্ণ,ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম ৷ কৃষ্ণ মাতা,কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ ॥ তোমা সভা লাগিয়া কৃষ্ণের অবতার ৷ হেন কৃষ্ণ ভজ, সব ছাড় অনাচার॥
ডাক্ শুনি মাথা তুলি চা'হে দুইজন ৷ মহাক্রোধে দুইজন অরুণ-নয়ন॥" (চৈ,ভা: মধ্যখণ্ড)
এসব কথা শুনে মহাক্রোধে দুই দস্যু নিত্যানন্দপ্রভু ও হরিদাস ঠাকুরকে তাড়া করল ৷ নিত্যানন্দপ্রভু ও হরিদাস ঠাকুর মহাপ্রভুকে সেদিনকার বৃত্তান্ত জানালে মহাপ্রভু দস্যু দুজনের প্রতি ক্রোধ প্রকাশ করলেও নিত্যানন্দ প্রভু এদের উদ্ধারের দ্বারা মহাপ্রভুর "পাতকী-পাবন" নাম জগতে প্রকাশ তথা মহাপ্রভুর মহিমা বিশেষভাবে জগতে প্রচারের ইচ্ছা করলেন ৷ এরা মহাপাপী ও দস্যু এরা যদি পরিবর্তিত হয় অর্থাৎ ভক্ত হয়ে যায় তাহলে জগতের মানুষ বুঝতে পারবে মহাপ্রভুর ক্ষমতা ও মহিমা ৷ মহাপ্রভু বললেন, নিত্যানন্দ দর্শনে এবং তিনি যে এদের মঙ্গল চিন্তা করছেন, এতেই কৃষ্ণ নিশ্চয়ই অচিরাতে তাদের মঙ্গল করবেন ৷ অার একদিন নিশাকালে নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে রাস্তায় দেখলেন সেই সময় মাধাই নিত্যানন্দের অবধূত নাম শুনে রেগে গিয়ে মাটির কলসের দ্বারা নিত্যানন্দের মাথায় অাঘাত করতেই মাথা কেটে রক্তপাত হতে লাগল ৷ তখন ওখানে নিত্যানন্দের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে থেকে মহাপ্রভুকে এই ঘটনার কথা জানালে মহাপ্রভু সেখানে এসে নিত্যানন্দ অঙ্গে রক্ত দেখে, 'চক্র চক্র' বলে অাহ্বান করলে চক্র এসে গেল, জগাই মাধাই তা দেখে ভীত হলেন ৷ নিত্যানন্দপ্রভু মহাপ্রভুকে স্মরণ করালেন এই অবতারে অস্ত্র ধারণ করা যাবে না ৷ অার বললেন:—
"মাধাই রাখিতে প্রভু রাখিল জগাই ৷ দৈবে সে পড়িল রক্ত দুঃখ নাহি পাই॥ মোরে ভিক্ষা দেহ প্রভু এই দুই শরীর ৷ কিছু দুঃখ নাহি মোর—তুমি হও স্থির॥(চৈ,ভাঃ মধ্যখণ্ড)
নিত্যানন্দপ্রভু অারো বললেন, মাধাই মারতে গেলে জগাই বাধা দিয়ে অামায় বাঁচালো:—
"জগাই রাখিল—হেন বচন শুনিয়া ৷ জগাইরে অালিঙ্গিলা প্রভু সুখী হৈয়া॥ জগাইরে বলে—কৃষ্ণ কৃপা করু তোরে ৷ নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুঞি মোরে॥ যে অভিষ্ট চিত্তে দেখে, তাহা তুমি মাগ ৷ অাজি হৈতে হউ তোর প্রেম ভক্তি লাভ॥"(চৈ,ভাঃ মধ্যখণ্ড)
জগাইর উপর কৃপা দেখে মাধাইর ও পরিবর্তন শুরু হল, মাধাই নিত্যানন্দ চরণ ধরে পড়লে নিত্যানন্দপ্রভু তাকে কৃপা করলেন, এবং মহাপ্রভুও তাকে কৃপা করলেন ৷ জগাই মাধায়ের পরিবর্তন হল,এর ফলে নগরে নগরে নিমাই পণ্ডিতের অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়তে লাগল যিনি দুই মহা দস্যুকে মহান ভক্ত করে দিলেন ৷ সেই সঙ্গে সঙ্গে নিত্যানন্দপ্রভুর মহিমাও প্রকাশিত হল,যিনি দস্যুকর্তৃক অাঘাতপ্রাপ্ত হয়ে তার সমস্ত দোষ ক্ষমা করে তাকে কৃপা করে,মহাপ্রভুর কৃপা লাভ করতে অনুমোদন করলেন ৷ শ্রীনিত্যানন্দ প্রভু এই রকম উচ্চ কৃপাময় বলে তাঁর দিব্যখ্যাতি ছড়িয়ে পড়ল ৷ নিত্যানন্দপ্রভুর কখনই শোষণকারী বা ভোগকারী মানসিকতা ছিল না, তিনি পরিপূর্ণভাবে "গৌর-কৃষ্ণে" সমর্পিত ৷
------
✴️শ্রীনিত্যানন্দপ্রভু প্রতি ঘরে ঘরে, গঙ্গার তীরে তীরে যত জনবসতি অাছে বলে বেড়িয়েছেন:—
"ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নামরে ৷
যেই জন গৌরাঙ্গ ভজে
সেই হয় অামার প্রাণরে॥"
এইভাবেই তিনি গৌরাঙ্গের নাম নিয়ে সকলের দুয়ারে দুয়ারে অাবেদন করেছেন যে, সব ছেড়ে গৌরাঙ্গকে ধরতে হবে,তাতেই অামাদের সব লাভ হবে, সর্বশ্রেষ্ঠ বস্তু পাওয়া যাবে ৷ নিত্যানন্দপ্রভু অধম পতিত জনের দুয়ারে দুয়ারে গিয়ে বলছেন, "অামারে কিনিয়া লহ ভজ গৌরহরি", এই বলে নিত্যানন্দপ্রভু কখনও গড়াগড়ি দিচ্ছেন অার অাবেদন নিবেদন করছেন "মহাপ্রভুর চরণ অাশ্রয় করার জন্য" ৷ এই হচ্ছেন নিত্যানন্দপ্রভু,যিনি জগাই মাধাইর মত পাপীকে মহাপ্রভুর কাছে পৌঁছে দিলেন, দুয়ারে দুয়ারে গিয়ে সবাইকে অনুনয় বিনয় করলেন, "মহাপ্রভুকে অাশ্রয় করে জীবন সার্থক করার জন্য" ৷
মহাপ্রভুর ইচ্ছায় শ্রীরূপ-সনাতন ষড়্ গোস্বামী বৃন্দাবনে প্রচার করলেন অার নিত্যানন্দ প্রভু গৌড় দেশে তাঁর পরিকরবৃন্দকে নিয়ে বিপুলভাবে প্রচার করলেন ৷ নিত্যানন্দপ্রভুর গোড়া থেকেই জগতে পতিত উদ্ধার করার জন্য তাদের মহাপ্রভুর শ্রীচরণে অাকৃষ্ট করার পথ বেছে নিয়েছিলেন ৷
শ্রীচৈতন্যলীলার ব্যাস রূপে অামরা দু'জনকে দেখতে পাই এবং দুজনই নিত্যানন্দপ্রভুর কৃপা লাভ করেছেন ৷ প্রথম পাই শ্রীবৃন্দাবন দাস ঠাকুরকে,তিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন ৷ অার শ্রীচৈতন্যলীলার দ্বিতীয় ব্যাস হচ্ছেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি চৈতন্যচরিতামৃত রচনা করেছেন ৷(নিত্যানন্দপ্রভুর প্রিয় ভক্ত মীনকেতন রামদাসকে সন্তুষ্ট করে নিত্যানন্দের কৃপা লাভ করেছেন কবিরাজ গোস্বামী ৷) নিত্যানন্দপ্রভু না অাসলে মহাপ্রভুর দিব্যলীলা কিছুই জানা যেত না ৷,কেন না তাঁর কৃপা নিয়েই মধুর চৈতন্যলীলা জগৎকে দান করেছেন বৃন্দাবন দাস ঠাকুর এবং কবিরাজ গোস্বামী ৷
নিত্যানন্দ প্রভুর পরবর্তীকালে নিত্যানন্দশক্তি শ্রীজাহ্নবাদেবী সম্প্রদায়ের হাল ধরেছেন, নিত্যানন্দের প্রতিনিধিরূপে দীক্ষা দিয়ে শিষ্যও করেছেন ৷ নিত্যানন্দের অপর শক্তি বসুধাদেবীর গর্ভজাত নিত্যানন্দ নন্দন হচ্ছেন শ্রীবীরচন্দ্রপ্রভু, তিনিও শ্রীজাহ্নবী দেবীর থেকে দীক্ষা নিয়ে উদার ভাবে প্রচার করেছেন ৷ এইভাবে শ্রীনিত্যানন্দপ্রভুর দ্বারা জগৎজীব মহাপ্রভুর কৃপালাভ করতে সক্ষম হয়েছে এবং এখনও হচ্ছে ৷
--------
✴️আচণ্ডালে কোলে নেয় দয়াল নিতাই:—
নিত্যানন্দের দয়া চৈতন্যমহাপ্রভুকে ছাড়িয়ে যায় ৷ কেউ হয়ত এটাকে অনাবশ্যক বা মাত্রাধিক্য বলে মনে করতে পারেন ৷ কারণ, দেখা যায় শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যাধিক অপরাধীকে গ্রহণ করতে অনিচ্ছুক কারণ মহাপ্রভুকে সবদিকটা নজর রাখতে হয়, একটা ভারসাম্য বজায় রাখতে হয় ৷ কিন্তু, নিত্যানন্দের সেসব বালাই ছিল না, তিনি ঐসব বিচার করেন না ,নির্বিচারে প্রেম দেওয়াই নিত্যানন্দের স্বভাব ৷ কৃপা বিতরণে নিত্যানন্দ মুক্তহস্ত, যোগ্য,অযোগ্য কোন বিচারই নিত্যানন্দ করেন না ৷ মহাপ্রভু যাকে নিরাশ করেন, তাকেও নিত্যানন্দ বাহু তুলে কোলে নেন ৷ তখন মহাপ্রভু নিরুপায়; নিতাই চাইছে, তাই মহাপ্রভু কৃপা না করে যাবেন কোথায় ৷ নিত্যানন্দের করুণা উদারতায় বিশালতায় সীমা ছাড়িয়ে যায় ৷ অার এটিই পতিত জীবের একমাত্র অাশা ভরসা , যত পতিতই হোক না কেন নিত্যানন্দের করুণায় একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবে ৷
একবার তো মহাপ্রভু তাঁর অনুগতদের কাছে বলেই ফেলেছিলেন:—
"মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে৷ তথাপি ব্রহ্মার বন্দ্য কহিনু তোমারে ॥"(চৈ,ভা,)
জাগতিক দৃষ্টিতে নিত্যানন্দপ্রভুর কদাচার কদাচারই নয় ৷
সৃষ্ট-ব্রহ্মাণ্ডে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতাদের চেয়ে প্রেমদাতাই শ্রেষ্ঠদাতা ৷ কারণ সৃষ্ট জগতে, দেবলোকে,বৈকুণ্ঠে যত সম্পদ অাছে, ভগবৎপ্রেম-কৃষ্ণপ্রেমই সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ সম্পদ ৷ প্রেমপ্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি ৷ যদি স্বীকার করে নেওয়া যায় যে, শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণের চেয়ে অধিক উদার-দয়ালু,তা'হলে একথাও স্বীকার করতে হয় যে, শ্রীবলরামের থেকে শ্রীনিত্যানন্দ অধিক দয়ালু ৷ অন্য সমস্ত ব্যাপারে দুই যুগলই (কৃষ্ণ ও শ্রীচৈতন্য এবং বলরাম ও নিত্যানন্দ) সমান-অভিন্ন ৷ বলরাম ওদার্য্য ভাব অধিক হলেই নিত্যানন্দ হয়ে যান ৷ কৃষ্ণপ্রেমের ভগবৎপ্রেমের স্থান কত উর্দ্ধে সে সম্পর্কে সাধক হৃদয়ে দৃঢ় নিশ্চিত হওয়া দরকার ৷ উচ্চস্তরের সাধুগণ অর্থাৎ উত্তম অধিকারী ভক্তগণ ধর্মার্থকাম ত দূরের কথা,তাঁরা মুক্তিকেও প্রত্যাখ্যান করেন ৷ তাঁরা প্রেমের একবিন্দু অাস্বাদ পেয়ে গেলে বাকী সবই পরিত্যাগ করে থাকেন ৷ সুতরাং প্রেমের স্থান যদি এত উর্দ্ধে তবে সেই প্রেম যারা অযাচিতভাবে যোগ্য অযোগ্য বিচার না করেই দিয়ে থাকেন তবে তাঁরাতো সবচেয়ে বড় দাতা ৷ ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন এই বিশ্বের যাবতীয় চেতন জীবের পরমাত্মা ৷ গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন এই সমগ্র বিশ্বের পরমাত্মা অার কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছেন এই বিশ্ব ব্যতীত অার যত অসংখ্য বিশ্ব রয়েছে সেই সমগ্র বিশ্বের পরমাত্মা ৷ এই সমস্ত বিষ্ণুর মূল হচ্ছেনমহাবিষ্ণু,তিনি বৈকুণ্ঠাধিপতি নারায়ণ ৷ স্বয়ং ভগবান কৃষ্ণের বৈভবপ্রকাশ শ্রীবলদেব ৷ শ্রীবলদেবই অন্যরূপে মহাবিষ্ণু নারায়ণ ৷
অার নিত্যানন্দরূপে বলদেবই অবতীর্ণ হন যখন কৃষ্ণ চৈতন্যরূপে অবতীর্ণ হন ৷ কৃষ্ণ মনুষ্যদেহ ধারণ করে যখনই শ্রীচৈতন্যরূপে অবতীর্ণ হন, বলদেবও তাঁর লীলাসঙ্গী রূপে মনুষ্য দেহ ধারণ করে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হন, উদ্দেশ্য অবিচারে প্রেম বিতরণ ৷ শ্রীগৌরাঙ্গকে সকলের কাছে বিলিয়ে দেন নিত্যানন্দই ৷ নিত্যানন্দের নরলীলার ক্রমিক ঘটনাগুলির অালোচনা করলে নিত্যানন্দের লীলারহস্যের মর্ম অগগত হওয়া যায় ৷ মহাপ্রভু যখন নিত্যানন্দপ্রভুকে কৃষ্ণপ্রেম বিলাতে অাদেশ দেন, নিত্যানন্দ তা না করে গৌরাঙ্গ-নাম, গৌরাঙ্গ-প্রেম, বিতররণ করতে অারম্ভ করলেন অধম পতিত জীবের কাছে ৷ এমনই দয়াল নিতাই ৷
শ্রীক্ষেত্রে অবস্থানকালে একদিন মহাপ্রভু নিত্যানন্দপ্রভুকে কিছু গোপনে বললন ৷ তারপরেই নিত্যানন্দপ্রভু বাঙলায় এসে কালনায় শ্রীসূর্য্যদাস পণ্ডিতের দুই কন্যা জাহ্নবী ও বসুধাকে বিবাহ করলেন ৷ গোপন কথা এই যে, শ্রীমহাপ্রভুই শ্রীনিত্যানন্দকে বিবাহ করে নাম-প্রেম প্রচার করার অাদেশ দিয়েছিলেন ৷ নিত্যানন্দ স্বেচ্ছায় বিবাহ করেন নি ৷ তাঁর পক্ষে বিবাহ করা না করা সমান ৷ নিত্যানন্দপ্রভু সন্ন্যাসী কি গৃহস্থ এসব তর্ক নিত্যানন্দের পক্ষে খাটে না ৷ তিনি এসবের অতীত ৷ সে সময় সন্ন্যাস গ্রহণ করা ক্কচিৎ দেখা যেত ৷ সমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা সন্ন্যাসীর পক্ষে সম্ভব নয় ৷ মহাপ্রভু যে উদার সাধন ধারা অর্থাৎ নাম সংকীর্তন যা কলিযুগের জন্য সাধারণের পক্ষে সর্ব্বাপেক্ষা সহজ অথচ সর্বশ্রেষ্ঠ সাধন পন্থা,তা সেকালে গৃহস্থ না হয়ে গৃহস্থ সমাজে প্রচার করা কঠিন ছিল ৷ সন্ন্যাসী যদি বেশী করে গৃহস্থের সঙ্গে মেলামেশা করেন, তবে তাঁর অাচরণে কটাক্ষ করার সম্ভাবনা বেশী ৷ কারণ সন্ন্যাসী ত এক গ্রামে, এক গৃহে কেবলমাত্র একদিনই থাকবেন তার বেশী থাকা তখনকার সন্ন্যাসী বা ত্যাগীদের পক্ষে একেবারে নিষিদ্ধ ছিল ৷
--------
✴️মহাপ্রভু তাঁর নাম-সংকীর্তন প্রচার পন্থাকে সমাজের সর্বস্তরের লোকের কাছে পৌঁছাতে চেয়েছিলেন ৷ বিশেষত অভিজাত গৃহস্থগণ নাম সংকীর্তন পন্থাকে ততটা গুরুত্ব দিতে কুণ্ঠিত ছিল তা ত' মহাপ্রভু নিজেই লক্ষ্য করেছিলেন, তাই নিত্যানন্দ প্রভুকে বিবাহ করে অাচার্য্য হয়ে প্রচার করার প্রেরণা দেওয়া তখন দরকার ছিল ৷ কার্য্যত দেখা গিয়েছে নিত্যানন্দপ্রভুর অপ্রকটের পরেও জাহ্নবা দেবী তাঁর পুত্র বীরচন্দ্র প্রভু সমগ্র বঙ্গদেশকে নামকীর্তন বন্যায় ভাসিয়ে দিয়ে ছিলেন তার জেরে পরবর্তী তিন শতাব্দী পর্যন্ত সেই সংকীর্তন বন্যায় ভাটা পড়েনি ৷ নিত্যানন্দপ্রভু কাভাবে শ্রীজাহ্নবা দেবীর সঙ্গে সম্বন্ধযুক্ত হলেন, তার বিবরণ ভক্তিরত্নাকরে পাওয়া যায় ৷ বিবাহ করার পূর্ব ঘটনা মহাপ্রভুর অাদেশে নিত্যানন্দ বঙ্গদেশে প্রচার অারম্ভ করলেন ৷ এক সময় তিনি প্রচারের জন্য জাহ্নবা দেবীর পিতা সূর্য্যদাস পণ্ডিতের গৃহে উপস্থিত হলেন ৷ সূর্য্যদাস পণ্ডিতের ভ্রাতা গৌরীদাস পণ্ডিত পূর্ব থেকেই গৌর-নিত্যানন্দের প্রিয় অনুগত শিষ্য ছিলেন ৷ তাই সূর্য্যদাস নিত্যানন্দ প্রভুকে তাঁর প্রচার কার্য্যে বিশেষ সাহায্য করলেন ৷ তাঁর গৃহেই নিত্যানন্দপ্রভু বাস করে প্রচার কার্য্য করতেন ৷ সেই সময়ই সূর্য্যদাস তাঁর কন্যা জাহ্নবীদেবীকে নিত্যানন্দ প্রভুর সঙ্গে বিবাহ দিলেন ৷ প্রকৃতপক্ষে জাহ্নবাদেবী নিত্যানন্দ প্রভুর নিত্যসিদ্ধা লীলা-সঙ্গিনী ছিলেন ৷ তবে নিত্যানন্দ প্রভুর নজির দেখিয়ে অনেক বৈষ্ণব সন্ন্যাসী বিবাহ করেছেন ৷ কিন্তু তাঁদের এটাও জানা প্রয়োজন যে, নিত্যানন্দ প্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন,তার কোন প্রমাণ নাই ৷ এখনকার মত তখনও ব্রহ্মচারীদের নামের সঙ্গে অানন্দ, স্বরূপ, চৈতন্য প্রকাশ প্রভৃতি ব্রহ্মচারী নামের পরে যোগ করা যেত ৷ তবে 'অানন্দ' শব্দ সন্ন্যাসীর নামের পরেও যোগ করা যেত ৷ কিন্তু নিত্যানন্দের কোন সন্ন্যাস গুরুর নাম কোথাও পাওয়া যায় না৷ মাধবেন্দ্রপুরী তাঁর দীক্ষাগুরু ছিলেন এবং তিনি অদ্বৈতাচার্য্য ও ঈশ্বরপুরীরও গুরু ছিলেন ৷
নিত্যানন্দ প্রভুর নামের সঙ্গে 'অবধূত' শব্দ যোগ থাকার উল্লেখ পাওয়া যায় ৷ কিন্তু 'অবধূত' শব্দের অর্থ যিনি বিধি নিষেধের অতীত ৷ সাধারণ বিচারে অকরণীয় কার্য্যও অবধূতকরে থাকেন ৷
'অব' অর্থ নীচ, 'ধূত' অর্থ যিনি পবিত্র করেন, নীচ বা অপবিত্রকে যিনি পবিত্র করেন অথবা যাঁরা অতি উচ্চ স্তরের সাধক বা সিদ্ধ, তাঁদের অাচরণে সময় বিশেষ কদাচার দেখা গেলেও,তাঁরা নিতাই শুদ্ধ বা পবিত্রই থাকেন ৷ ("অপিচেৎ সুদুরাচারো' ভগবদ্ গীতার এই শ্লোক দ্রষ্টব্য)
--------
✴️আচণ্ডালে কোলে নেয় নিত্যানন্দের দয়া;-
কলিহত জীবের উদ্ধারের জন্য মহাপ্রভু শ্রীনিত্যানন্দ প্রভুকে নির্দেশ দিয়েছিলেন- নয়নে দেখিবে যারে মধুর হরিনাম কৃষ্ণনাম শুনাবে তারে ৷
"মহোৎসব মাগিয়া নাচেন সংকীর্ত্তনে ৷ হেন যুক্তি তোমারে দিলেক কোন জনে॥"-মহোৎসব করবার যুক্তি মহাপ্রভু শ্রীনিত্যানন্দপ্রভুকে দেন নাই,সত্যই মহাপ্রভু যদি চিড়া-মহোৎসবে সশরীরে এসে থাকেন, কিন্বা ভাব-শরীর নিয়েও এসে থাকেন("মহাপ্রভু দর্শন পায় কোন কোন ভাগ্যবানে") তাহলে শ্রীনিত্যানন্দপ্রভু,মহাপ্রভুকে স্পষ্টই বলেছিলেন-"'কাঠিন্য কীর্ত্তন কলিযুগ ধর্ম্ম নহে"' ৷ মহোৎসবে জাতিভেদ ভঙ্গকারী পংক্তি-ভোজন,শ্রীনিত্যানন্দ প্রভুই প্রবর্তন করেন ৷ হরিনাম প্রচারের সাফল্যের জন্য জাতিভেদ বিরোধী মহোৎসবের প্রয়োজন আছে ৷ প্রয়োজনবোধেই শ্রীনিত্যানন্দপ্রভু মহোৎসব প্রবর্ত্তন করেছিলেন ৷ বিনা প্রয়োজনে করেন নাই, শ্রীনিত্যানন্দপ্রভু এক্ষেত্রে অধিকতর উদার ৷ শ্রীনিত্যানন্দপ্রভুর এই আচরণের বিরুদ্ধে কটাক্ষ করে নীলাচলে মহাপ্রভুর কাছে অভিযোগও করা হয় ৷ স্পষ্টই বুঝা যায়,মহাপ্রভু হেন যুক্তি দেন নাই ৷বরং কথার ভাবে বুঝা যায়,ইহা তাঁর অভিপ্রেত নয় ৷ এসব শুনে শ্রীনিত্যানন্দপ্রভু বিচলিত হন নাই,একটু হেসেছিলেন মাত্র ৷ স্থান-কাল-পাত্র উপযোগী যে সহজ প্রচার পদ্ধতি শ্রীনিত্যানন্দপ্রভু অবলম্বন করেছিলেন,সেটাই যুগ-প্রয়োজন বলে মহাপ্রভুকে বুঝিয়ে নিজ মত বহাল রাখলেন ৷ শ্রীনিত্যানন্দপ্রভুর গৌড়দেশে প্রচার সম্বন্ধে মহাপ্রভুর সঙ্গে তাঁর কথোপকথন হয়েছিল এবং শ্রীনিত্যানন্দপ্রভু"'কাঠিন্য কীর্ত্তন কলিযুগ ধর্ম্ম নহে"'-এই কথা বলে মহাপ্রভুকে প্রবোধ দিয়ে নিজ মত ও নিজের প্রচার-পদ্ধতি বহাল রাখলেন, এতে মহাপ্রভু আর কোন আপত্তি করলেন না-"'অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ৷ অভিমানশূন্য নিতাই নগরে বেড়ায়॥"' তারপর-"'পতিতেরে নিরখিয়া দুই বাহু পশারিয়া ; আইস আইস বলি দেয় ক্রোড়"'-এই-ই শ্রীনিত্যানন্দপ্রভুর-চরিত্রের বিশেষত্ত্ব ৷ শ্রীনিত্যানন্দপ্রভু গঙ্গার উভয় তীরে গ্রামে গ্রামে প্রেমধর্ম প্রচার করতে লাগলেন,যে প্রেমধর্ম মানুষে মানুষে পার্থক্য স্বীকার করে না ৷ বৈষ্ণবধর্ম মূলতঃ প্রেমধর্ম, এই ধর্মের মূল কথা-"'শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই ৷"'- শ্রীনিত্যানন্দের সঙ্গে সেদিন দ্বিজ-চণ্ডাল,শত্রু-মিত্র প্রভেদ এই প্রেমধর্মের বন্যায় ভেসে যায়, আঘাত করলেও প্রত্যাঘাত করে না এই প্রেম ৷ ব্যক্তিগত সুখ বা পারলৌকিক মুক্তি কাম্য নয়, এই প্রেম আপনাকে নিংড়ে দিয়ে চরিতার্থ লাভ করে ৷ অস্পৃশ্য ক্ষূব্ধ জনতা নিত্যানন্দ প্রভুর চরণতলে পড়ে বুঝি বা সেদিন ক্ষিপ্ত হয়ে উঠেছিল ৷ এমন তো তারা কাউকে কোনদিন পায় নাই ৷ শ্রীনিত্যানন্দের চরণস্পর্শে পক্ষাঘাতগ্রস্ত অঙ্গের মত সমাজের কত বড় এই অস্পৃশ্য অংশ সিংহগর্জনে লাফিয়ে উঠেছিল ৷ * এমন কি আর কখনও হয়েছে ? এমন কি আর কেউ পারিয়াছে ? ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্য্যন্ত তন্ন তন্ন করে দেখলে দেখা যাবে-এমন আর হয় নাই, এমন আর কেউ পারে নাই ৷
শ্রীনিত্যানন্দপ্রভু যখন গৌড়ভূমে প্রচার আরম্ভ করেন (১৫১৬ খৃঃ) তখন হুসেন শাহর রাজত্বকালের শেষ দিক,তারপর হুসেন শাহের জ্যেষ্ঠ পুত্র নসরৎ শাহের রাজত্বকাল (আনু-১৫১৮-২০খৃঃ) শুরু হয় ৷ আর নসরৎ শাহর সম্পূর্ণ রাজত্বকাল-আর নিত্যানন্দপ্রভুর প্রচার-কাল ৷ রাজ শক্তির সঙ্গে সংঘর্ষ ব্যতিরেকে নির্ব্বিঘ্নে এই প্রচার সম্পন্ন হয় নাই ৷ মহাপ্রভুর তিরোভাবের পরেও দ্বাদশ বৎসর (১৫৪৫ খৃঃ) শ্রীনিত্যানন্দপ্রভুর প্রচার করেন ৷ মহাপ্রভুর তিরোভাবের অত্যল্প পরেই শ্রীনিত্যানন্দপ্রভু বিবাহ করেন ৷ *"বৈষ্ণব-সমাজে মহাপ্রভু দিলেন সন্ন্যাসের আদর্শ, আর শ্রীনিত্যানন্দপ্রভু দিলেন গার্হস্থ্যের আদর্শ ৷ মহাপ্রভু যদি প্রয়োজনবোধে সন্ন্যাস নিয়ে থাকেন, তবে প্রয়োজনবোধেই শ্রীনিত্যানন্দপ্রভু গার্হস্থ্য অবলম্বন করেছিলেন ৷"'* মহাপ্রভুর অন্তর্দ্ধানের (১৫৩৩খৃঃ) সময় শ্রীনিত্যানন্দপ্রভু গৌড়দেশে আচণ্ডালে বৈষ্ণব-ধর্ম প্রচারকার্য্যে ব্যাপৃত ছিলেন ৷ এবার নীলাচল থেকে গৌড়দেশে সংবাদ এল-"চৈতন্য বৈকুণ্ঠ গেলা জম্বুদ্বীপ ছাড়ি ৷"-তারপর-"অনেক সেবক সর্প দংশাইঞা মৈল ৷ উল্কাপাত বজ্রপাত ভুমিকম্প হৈল॥ নিত্যানন্দ অদ্বৈত আচার্য্য গোসাঞি শুনি ৷ বিষ্ণুপ্রিয়া মূর্চ্ছা গেলা শচী ঠাকুরাণী॥"(চৈ,মঃ)
চৈতন্যবিজয় শুনে শ্রীনিত্যানন্দপ্রভু প্রথমে সপারিষদ নিঃশব্দ হলেন ৷ "চৈতন্যবিজয় লীলা করিয়া শ্রবণ ৷"-পরে শ্রীনিত্যানন্দপ্রভু কি করে, কবে, কীরূপে অন্তর্দ্ধান হয়েছেন-জিজ্ঞাসা করলেন ৷ ক্ষণিক পরে পাছে মহাপ্রভুর তিরোভাবে বৈষ্ণবেরা হতাশ হয়ে পড়েন, প্রচারে বাধা আসে, তাই গম্ভীর স্বরে শ্রীনিত্যানন্দপ্রভু ঘোষণা করলেন-"নিত্যানন্দ স্বরূপ সে যদি নাম ধরোঁ ৷ আচণ্ডাল আদি যদি বৈষ্ণব না করোঁ॥ জাতি ভেদ না করিব চণ্ডাল যবনে ৷ প্রেমভক্তি দিঞা সভায় নাচামু কীর্ত্তনে॥ কুলবধূ নাচাইমু কীর্ত্তনানন্দে ৷ অন্ধ বধির পঙ্গু নাচিবে স্বচ্ছন্দে॥ অদ্বৈত আইমু চৈতন্য ন আইমু সৈ চৈতন্য ৷ গৌড় উৎকল রাজ্য করিমু ধন্য ধন্য॥"(চৈ,মঃ-উত্তখণ্ড) -- মহাপ্রভুর অন্তর্দ্ধানের পরমুহূর্ত্তেই শ্রীনিত্যানন্দপ্রভুর মুখে বাঙালীর বৈষ্ণব-ধর্ম্মের কথা দ্বিগুণ উৎসাহে ঘোষিত হল ৷ চণ্ডালে-যবনে, যে বৈষ্ণব জাতিভেদ করবে না-কুলবধূ কীর্ত্তন-আনন্দে নাচবে; অন্ধ,বধির ও পঙ্গু স্বচ্ছন্দে নাচবে; গৌড় ও উৎকল রাজ্য ধন্য ধন্য হবে ৷ বিংশ শতাব্দীর বাঙালী কান পেতে শ্রীনিত্যানন্দপ্রভুর এই অভিভাষণ শুন, আর ষোড়শ শতাব্দীতে শ্রীচৈতন্যদেবের প্রদত্ত বৈষ্ণব-ধর্ম্মে বাঙালীর "সে বজ্রনির্ঘোষে কি ছিল বারতা" নির্জ্জনে বসে চিন্তা কর ৷ কারণ:— বর্তমানে ধর্মের ওপর সেরকম কোন প্রত্যক্ষ আঘাত না এলেও আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়েছি অন্য কারণে ৷ ভোগবাদে আচ্ছন্ন আমরা নিজেদের কর্মজীবন গঠনে এত ব্যস্ত হয়ে পড়ছি,ধর্ম বা কোন সৎ আদর্শে জীবনকে গড়ে নেওয়ার চেষ্টা নাই ৷ ছেলেবেলা থেকে সাফল্যের ওপর জোর দেওয়ার ফলে দয়া,শ্রদ্ধা,ভালবাসা,সত্যভাষণ,অহিংসা, সরলতা প্রভৃতি সুকুমার বৃত্তি গুলির বিকাশ জীবনে নাই- ধর্মানুরাগ তো দূরের কথা ৷ ফলে কর্মজীবনে স্বার্থপরতা,অসাধুতা, পারস্পরিক হিংসা,মিথ্যাভাষণ, নিষ্ঠুরতা প্রভৃতি কুপ্রবৃত্তির বৃদ্ধি হচ্ছে ৷ স্বার্থে সামান্য ঘা লাগলে মানুষ হয়ে উঠছে হিংস্র ৷ সামান্য কারণে আত্মহত্যা, খুন-জখম, পারিবারিক অশান্তি,বিবাহ বিচ্ছেদ ইত্যাদি পাশ্চাত্যের কুলক্ষণগুলি বিশ্বায়নের খোলা হাওয়ায় উড়ে আসছে ৷ কালের সঙ্গে সমাজের অবশ্যম্ভাবী পরিবর্তন মেনে নিয়েও বলতে হয়, আমাদের জাতীয় ধর্ম সংস্কৃতি থেকে সরে গেলে সমাজের মঙ্গল হবে না ৷
এ হেন অদ্ভুত আধারে শ্রীচৈতন্য, শ্রীনিত্যানন্দের ত্যাগ, তিতিক্ষা,সাম্য,অহিংসা, জাতি-ধর্ম নির্বিশেষে ভালবাসার আদর্শ পথ দেখাতে পারে ৷
-------------
✴️"অবধূত শ্রীনিত্যানন্দপ্রভু" ;
"গৌড়বঙ্গে বৈষ্ণবধর্ম প্রচারে যাঁর ব্যক্তিত্ব ও কৃতিত্ব সর্বাধিক গৌরবপূর্ণ, তিনি আমাদের প্রাণের প্রাণ শ্রীপ্রভুনিত্যানন্দ ৷
আপামর জনসাধারণের মধ্যে কৃষ্ণনাম প্রচার ও শ্রীচৈতন্যদেবের গুণ-কীর্তন শ্রীনিত্যানন্দ ভিন্ন অন্য কারো দ্বারা সম্ভব হত না ৷ অবধুত সম্প্রদায় প্রব্রজ্যা নিয়ে যেমন ইচ্ছা বিচরণ করতে পারেন, তেমনি ইচ্ছা হলে বিবাহ করে সংসার ধর্ম পালন করতে পারেন ৷ মহাপ্রভুর এই লীলার পিছনে একটিই কারণ যে, মহাপ্রভুর দেখাদেখি ভগবৎ প্রাপ্তির জন্য সকলে সন্ন্যাস নিতে থাকলে গৃহস্থাশ্রম ধ্বংস হতে পারে ৷ গৃহে থেকেও ভগবানের সাধন ভজন সম্ভব এবং ভগবৎ প্রাপ্তি সম্ভব। সেই শিক্ষা দেবার জন্যই মহাপ্রভু এই লীলা করেছিলেন ৷ প্রভু নিত্যানন্দকে করুণার সাগর বলা হয়ে থাকে, তিনি দয়াল,তিনি করুণা না করলে গৌর কৃপা প্রাপ্তি হয় না ৷ তাই সর্বাগ্রে নিতাই চাঁদের ভজন আবশ্যক ৷"
"আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধে ভগবান কপিলের উপদেশে পাই- "মহতাং বহুমানেন দীনানামনুকম্পয়া ৷ মৈত্র্যা চৈবাত্মতুল্যেষু যমেন নিয়মেন চ॥
দীনজনে দয়া প্রদর্শন,সমকক্ষ ব্যক্তির প্রতি সখ্যভাব,যম নিয়মাদির পালন ৷ অচেতন পদার্থের চেয়ে সচেতন জীব শ্রেষ্ঠ,জীবের মধ্যে দ্বিপদ প্রাণী শ্রেষ্ঠ,দ্বিপদ প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ,মানুষের মধ্যে সমদর্শী মানুষ শ্রেষ্ঠ ভগবান কপিলের উপদেশ ৷
মহৎ ব্যক্তিদের সস্মান, সমকক্ষ ব্যক্তির সঙ্গে সখ্যতা ও দীনজনে দয়া দেখানো উচিত ৷ ভক্তশ্রেষ্ঠ উদ্ধব ও ভগবানকে "নারায়ণং নরসখং" বলে শ্রদ্ধা জানিয়েছেন ৷ ভগবান শুধু নারায়ণ নয়, তিনি মানুষের সুহৃদ, মানবসেবাই তাঁর সেবা ৷ তাই মানুষকে নারায়ণ জ্ঞানে সেবায় প্রবৃত্ত ছিলেন শ্রীনিত্যানন্দ প্রভু ৷ তাই স্বচ্ছন্দে বলা যায় নিত্যানন্দ ছাড়া শ্রীচেতন্যদেব অসম্পূর্ণ ৷"
"নিত্যানন্দের আবির্ভাব সাড়া জাগিয়েছিল সমাজের বুকে ৷ নাহলে ভীতসন্ত্রস্ত মানুষ কিভাবে জেগে উঠতে পারেন গণপ্রতিরোধে ? এই আশ্চর্য ঘটনার সাক্ষী মধ্যযুগের অন্ধ বিশ্বাস ৷ সাক্ষী আছে বৈষ্ণবধর্মকে সর্বজনীন মানবধর্মে উত্তরণের প্রয়াস নিত্যানন্দের ৷ জাতহারানো বহু মানুষ তাঁর কৃপায় মুক্তির পথ পেয়েছিল,তাই যোগ্য নেতার হাতে ধর্মপ্রচারের ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন শ্রীচৈতন্যমহাপ্রভু ৷ রামের মত কোমল হৃদয়ে তিনি যখন কাঁদছেন, লক্ষণের মত বলবীর্য দেখাচ্ছেন শ্রীনিত্যানন্দপ্রভু ৷ সেই সামাজিক পরিবেশে এরকম দৃঢ়চিত্ত সন্ন্যাসীর প্রয়োজন ছিল ৷ সংকীর্তনের মাধ্যমে জনসংযোগের ব্যবস্থা ছিল শ্রীনিত্যানন্দের ৷ তিনি এসেছিলেন ইসলামী আক্রমণে বিধ্বস্ত জাতির পরিত্রাতা রূপে- সার্বিক বিনষ্টির অতলান্ত অন্ধকারে তীব্র মশাল সেই বীরসিংহকে আমরা দেখতে পাই, যিনি জ্বলন্ত উল্কাপিণ্ডের মত ছুটছেন ৷ সবার পিছে, সবার নীচে , সর্বহারাদের মাঝে, তিনি পরম আশ্রয় আতুরজনের ৷ আচণ্ডালে কৃপা বিতরণ করছেন নানা প্রতিকূলতার মধ্যে ৷ সংখ্যাগুরু পতিত মানুষ তাঁকে মাথায় করে নিয়েছিল ৷ অবধূতসূলভ কিছু বিচিত্র ব্যবহার সত্ত্বেও তিনি ছিলেন গৌরাঙ্গের কাছে গণনায়ক- "আমার দ্বিতীয় নাই,নিত্যানন্দ বই ৷"
তিনি "ব্রহ্মা-বন্দ্য" ৷ তাই তো শ্রীনরহরি চক্রবর্তী তাঁর ভক্তিরত্নাকর গ্রন্থে লিখলেন,- "চৈতন্যের এক দেহ নিত্যানন্দ বলরাম ৷"
"#সব_মানুষকে_তিনি (নিত্যানন্দ) দেবতা করে নেবেন,এই তাঁর খেলা, এরজন্য প্রয়োজন ত্যাগ,তপস্যা ও সাধনার ৷ এরজন্য প্রয়োজন জীবকে শিব জ্ঞানে সেবা।দয়া নয়, সেবা ৷
গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল কথা হল জাতি, ধর্ম নির্বিশেষে মানবসেবা ৷ এই মানবসেবা ও নামগানের শ্রেষ্ঠ উদ্গাতা হলেন শ্রীনিত্যানন্দ ৷ তিনি অবধূত- চার আশ্রমেরও উর্ধ্বে ৷ তাঁর ব্যক্তিগতজীবন রহস্যপূর্ণ,সাধারণের দৃষ্টিতে অদ্ভুত, কিন্তু তাঁর মানবসেবায় কোন খাদ ছিল না ৷ তাঁর প্রধান অস্ত্র ক্ষমা ও মানবপ্রীতি নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছেন,তত্ত্ব থেকে মুক্ত করেছেন জলধারাকে,তিনি ভগীরথ ৷ শ্রীনিত্যানন্দ চৈতন্যধর্মকে জনগণের সেবায় লাগিয়েছেন ৷ শ্রীনিত্যানন্দ জগাই-মাধাই-এর মত দুর্বৃত্তকেও তিনি সংহার করেছেন ক্ষমার অস্ত্রে-"আবার সমর্থ হয়েছেন শ্রীগৌরাঙ্গের ক্ষমা আদায়ে"৷
এ কী কম কথা! এই দুই পাষণ্ডের জীবন-পরিবর্তনের সূচনায় শ্রীনিত্যানন্দের ভাবী কর্মকাণ্ডের আভাস পাওয়া যায়৷"
"#মহাপ্রভু_১৫১৬_খৃষ্টাব্দেই শ্রীনিত্যানন্দপ্রভুকে সত্ত্বর নবদ্বীপে গিয়ে প্রচার আরম্ভ করার নির্দেশ দিলেন- "মূর্খ নীচ পতিত দুঃখিত যত জন ৷ ভক্তি দিয়া কর গিয়া সভার মোচন॥" (চৈ,ভা,অন্ত্য)
প্রচারের সাফল্যের জন্য শ্রীনিত্যুনন্দপ্রভুই প্রথমে রাঢ়ে ও গৌড়ে মহাপ্রভুর মূর্ত্তি গড়ে ঘরে ঘরে পূজা করবার আদেশ দেন ও ব্যবস্থা করেন ৷ মহাপ্রভুর জীবিতকালেই নিত্যানন্দপ্রভু এটি করেছিলেন, বৈষ্ণব সাধারণের মধ্যে আজও যে শ্রীগৌরাঙ্গের মূর্ত্তি পূজার প্রচলন আছে, প্রচারব্যপদেশে এই প্রথার প্রবর্ত্তক শ্রীনিত্যানন্দপ্রভুই ৷
তিনি পাণিহাটিকে কেন্দ্র করে প্রথম প্রচার আরম্ভ করলেন-"আগে পাণিহাটী আর আক্না মহেশ ৷
পূণ্যভূমি সপ্তগ্রাম ধন্য রাঢ় দেশ॥(চৈতন্যমঙ্গল)৷"
"#কিরূপ_বেশে_শ্রীনিত্যানন্দপ্রভু
প্রচার আরম্ভ করলেন?
-যোদ্ধৃবেশে, যেন যুদ্ধে চলেছেন, সোনা,মণিমাণিক্যের,অলঙ্কারাদি পরিধান করেছেন, সন্ন্যাসীর আচার-ব্যবহারই শুধু নয়, সন্ন্যাসীর বেশও পরিত্যাগ করেছেন- "'মহামল্ল বেশ ধরে অবধূত রায়ে ৷
সুবর্ণ বৈদুর্য্য বিক্রম মুক্তাদাম ৷
ত্রৈলোক্য সুন্দর রূপ দেখি অনুপাম॥
গ্রামে গ্রামে নগরে সেবক প্রতি ঘরে ৷ চৈতন্য আনন্দে নিত্যানন্দ নৃত্য করে॥ (চৈতন্যমঙ্গল বিজয়খণ্ড) নিত্যানন্দপ্রভু নৃত্য করেছিলেন যথা-রামদাস,মুরারি, চৈতন্য দাস,
সুন্দরানন্দ,পরমেশ্বর দাস, কালিয়া,কৃষ্ণদাস,কমলাকর পিপ্পলাই , গৌরীদাস পণ্ডিত,ধনঞ্জয় পণ্ডিত,পুরন্দর পণ্ডিত,কৃষ্ণদাস, পুরুষোত্তম দাস, শ্রীআচার্য্যচন্দ্র,মাধবানন্দ; এবং বাসুদেব ঘোষ,রঘুনন্দন, নরহরি দাস, বংশীবদন,পরমানন্দ গুপ্ত, রঘুনাথ পুরী,পরমানন্দ উপাধ্যায়,
নন্দন আচার্য্য, উদ্ধারণ দত্ত, চিরঞ্জীব, কৃষ্ণদাস, দেবানন্দ, মহানন্দ,নারায়ণ,গঙ্গাদাস পণ্ডিত, জগদীশ,হিরণ্য, পুরুষোত্তম দত্ত, শ্রীজীব, মকরধ্বজ ইত্যাদি ইত্যাদি- ব্রাহ্মণ,বৈদ্য,কায়স্থ,সুবর্ণবণিক,
প্রভৃতি জাতিতে মিলে শ্রীচৈতন্যদেবের নামাঙ্কিত বৈষ্ণবধর্মের আবরণে,শ্রীনিত্যানন্দের অধীনে বিরাট বৈষ্ণব সমাজ গঠিত হয়েছিল ৷ ষোড়শ শতাব্দীর প্রথমার্দ্ধে এটি শ্রীনিত্যানন্দেরই প্রচারের পরিপক্ক ফল, এই বৈষ্ণব সমাজে সেদিন জাতিভেদ ছিল না- "'বৈষ্ণবের জাতি বুদ্ধি যেই জন করে ৷
কোটি জন্ম অধম যোনিতে ডুবি মরে॥"(চৈ,ভা,) মহাপ্রভুর এই অঙ্গীকার শ্রীনিত্যানন্দপ্রভু অক্ষরে অক্ষরে পালন করেছিলেন।
কথিত আছে শ্রীনিত্যানন্দপ্রভুর প্রেরণায় বৌদ্ধ ন্যাড়া-নেড়ী বৈষ্ণব সমাজের অন্তর্ভূক্ত হয়েছিলেন, শ্রীপাট-খড়দহে এই শুদ্ধিক্রিয়া সম্পন্ন হয়েছিল ৷ শ্রীনিত্যানন্দের প্রচারের কেন্দ্র নবদ্বীপে না হয়ে হল শ্রীপাট-পাণিহাটি ও শ্রীপাট-খড়দহে ৷ এই যবন-চণ্ডাল-ব্রাহ্মণ এবং বাংলার সমস্ত জাতিকে একত্র করে যে সামাজিক-সাম্যবাদের প্রচার শ্রীনিত্যানন্দ করেছিলেন-ব্রাহ্মণ প্রধান নবদ্বীপে থেকে তা সহজ হত না,তা তিনি বিশেষভাবে অনুধাবন করেছিলেন ৷ নিত্যানন্দপ্রভু সোনার খট্টায় বসেছিলেন,কুণ্ডল, মণিমাণিক্য, অলঙ্কারাদিও কিছু ধারণ করেছিলেন, গৃহী মহাপ্রভুর অভিষেক অপেক্ষা অবধূত সন্ন্যাসী নিত্যানন্দের অভিষেকে রাজসিকতা অনেক বেশী ছিল,এই অভিষেক আর কিছুই নয়, সর্ব্বসস্মতিক্রমে প্রচারের নেতৃত্ব গ্রহণ ৷ শ্রীনিত্যানন্দপ্রভু এই নেতৃত্ব গ্রহণ করেছিলেন ৷ মহাপ্রভু নিজমুখে নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন-"শ্রীপাদ তোমার গৌড়রাজ্যে কারো নাহি অধিকার৷" শ্রীনিত্যানন্দ তুমুল সংকীর্ত্তন আরম্ভ করলেন, মহোৎসব করতে লাগলেন,ছত্রিশ জাতি একপংক্তিতে বসিয়ে ভোজন করালেন,পাণিহাটীতে নিত্যানন্দপ্রভু রঘুনাথ দাসকে দিয়ে চিড়া-মহোৎসব আরম্ভ করালেন-"চিড়াদধি মহোৎসব খ্যাত নাম যার ৷"
ইতিহাসে স্মরণীয় চিড়া-মহোৎসবে নিত্যানন্দপ্রভু এক অলৌকিক কার্য্য করেছিলেন,তিনি ধ্যানে মহাপ্রভুকে নীলাচল হতে সশরীরে এই চিড়া-মহোৎসবে এনেছিলেন-"'সকল লোকের চিড়া সম্পূর্ণ যবে হৈল ৷
ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল ॥ মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা ৷
তাঁরে লঞা সবা চিড়া দেখিতে লাগিলা ॥ সকল কুণ্ডি হোলনার চিড়া এক এক গ্রাস ৷
মহাপ্রভু মুখে দেন করি পরিহাস॥
হাসি মহাপ্রভু আর এক গ্রাস লৈয়া ৷
তাঁর মুখে দিয়া খাওয়ান হাসিয়া হাসিয়া॥
এইমত নিত্যানন্দ বেড়ায় সকল মণ্ডলে।
দাণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে॥"(চৈ,চ,৩/৬/৭৬-৮০)
মহাপ্রভু যে সশরীরে চিড়া-মহোৎসবে এসেছিলেন, তা সকলে দেখিতে পান নাই—"'কি করিয়া বেড়ায়,ইঁহো কেহ নাহি জানে ৷ মহাপ্রভু দর্শন পায় কোন ভাগ্যবানে ৷৷" (চৈ,চ,৩/৬/৮১)
নিত্যানন্দপ্রভুর এই চিড়া-মহোৎসব পংক্তিভোজে হিন্দু সমাজের জাতিভেদ-প্রথা লোপ পেতে শুরু করেছিল ৷
অন্তঃকৃষ্ণ বহির্গৌর শ্রীচৈতন্য রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ বিরহে সারাজীবন প্রেমাশ্রু বিসর্জন করেছেন, পক্ষান্তরে তাঁর প্রধান সহায়ক অনন্তদেব বলরামের অবতার শ্রীনিত্যানন্দপ্রভু কৃষ্ণবিরহে তত অশ্রু বিসর্জন করেন নি, করেছেন নীচ-জাতি,অজ্ঞ, মুচি-মেথরের জন্যে ৷ হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক ভেদবুদ্ধিতে খণ্ডিত এই বাংলায় বৈষ্ণবধর্ম প্রসার সহজ হত না, যদি না শ্রীনিত্যানন্দপ্রভু তাঁর পাশে থাকতেন ৷ প্রকৃতপক্ষে তাঁরই চেষ্টায় ও সাধনায় বৈষ্ণবধর্ম দৃঢ়মূল হল এই রাঢ়ভূমিতে তথা বাংলায় ৷
"#পতিতেরে_নিরখিয়া_দুই_বাহু পশারিয়া; আইস আইস বলি দেয় ক্রোড়"'—এটাই নিত্যানন্দ-চরিত্রের বিশেষত্ব৷ ষোড়শ শতাব্দীর প্রথমার্দ্ধে মহাপ্রভুর জীবিতকালেই, ভাগবতে যাকে বলে "#অকিঞ্চন_সমরস"'—শ্রীনিত্যানন্দপ্রভু গৌড় ও রাঢ়ে তাই-ই আচণ্ডালে প্রচার করেছেন ৷
-------
ভাগবতে যাকে বলে 'অকিঞ্চন সমরস';—
নিত্যানন্দপ্রভু গৌড় ও রাঢ়ে তাই অাচণ্ডালে প্রচার করেছেন ৷ নিত্যানন্দপ্রভু জীবকে এই শিক্ষা দিলেন যে,শ্রদ্ধা করবে, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অাচার্যদেব ভব, সকলকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে ৷ সমান ভাববে জাত-পাতের বেড়া ভেঙে সমাজের বর্ণাশ্রম ধর্ম একপাশে সরিয়ে সকলকে এক ছত্রতলে নিয়ে এসেছিলেন ৷ বিপুল সংখ্যক মানুষের কথা চিন্তা করবে ৷ "যারে তুমি নিচে ফেল, সে তোমারে বাঁধিবে যে নীচে ৷ পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে ৷ দেখিতে পাওনা তুমি ? মৃত্যুদুত দাঁড়ায়েছে দ্বারে ৷ অভিশাপ অাঁকি দিল তোমার জাতির অহঙ্কারে ৷ মৃত্যু মাঝে হবে তব চিতাভস্মে সবার সমান ৷
বস্তুনিষ্ঠতা,বাস্তব ধর্মিতা ৷ লক্ষ্য এবং মোক্ষ দুটিই থাকা চাই সংগঠনে ৷ লক্ষ্য-সব জীবের অাত্যন্তিক মঙ্গলসাধন ৷ নিত্যানন্দ প্রভু তাঁর প্রাণ মন সবকিছুই উৎসর্গ করেছিলেন জীব কল্যাণের নিমিত্ত ৷ এর জন্য অনেকের কটুকথা, নিন্দা, উপহাস এমনকি মার পর্যন্ত খেয়েছিলেন তবুও জীবকল্যাণের সংকল্প থেকে তিনি সরে অাসেননি ৷ নিজের লক্ষ্যে তিনি ছিলেন অবিচল ৷ তাঁর অবাধ ব্যক্তিত্ব, অটুট অাত্মবিশ্বাস ও প্রবল ইচ্ছাশক্তির কাছে সকলেই অবনত হয়েছিল ৷ দুষ্ট,দুরাচারী,লুণ্ঠনকারী,মদ্যপায়ী কেউই বাদ গেল না তাঁর উদার সৌহার্দ্য, অহেতুক ভালবাসা ও নিঃস্বার্থ প্রেমের কাছে ৷ সবাই হার মানল এই মানবতাবাদী নিত্যানন্দের কাছে ৷ পরাজিত হল তাঁর ক্ষমার কাছে ৷ " ক্ষমাই "
যে দুনিয়ার সব থেকে বড় অস্ত্র বা সব থেকে বড় দণ্ড তা তিনি নিজ জীবনে প্রত্যক্ষ করে দেখিয়ে দিলেন গণনায়ক নিত্যানন্দ ৷ ক্ষমার দ্বারা মানুষের মনকে যেভাবে বশ করা যায় তেমনটি কোন অস্ত্রের দ্বারা সম্ভব নয় ৷ এর পর মোক্ষ-মানে মুক্তি, এই লক্ষ্যেও নিত্যানন্দ পূর্ণ সফল হয়েছিলেন ৷ মায়িক দেহোপাধি ছেড়ে অাত্মস্বরূপে স্বিতির নাম মুক্তি, সেই স্বরূপে স্থিত হয়ে যুগলের নিষ্কাম সেবা ৷ সাংসারিক ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হয়ে শাশ্বত অানন্দ প্রাপ্তির নাম মুক্তি ৷ শ্রেণীহীন,শোষণ হীন সমাজ, প্রথম কে দিয়ে গেল ? অাজ থেকে প্রায় সাড়ে পাঁচশত বছরেরও অাগে, যখন সমাজে গোঁড়ামি,কুসংস্কারে ভরে গিয়েছিল,নীচু জাতেরা অবহেলিত,অপাংক্তেয় হয়ে ধর্মান্তরিত হচ্ছিল,সেই যুগসন্ধিক্ষণে এসে নিত্যানন্দ প্রভু ক্ষয়িষ্ণু সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন,সকলকে বাঁচার মন্ত্র শুনিয়েছিলেন,শুধুমাত্র হরিনাম করলেই মুক্তি ৷ মানুষ মাত্রই সবাই এক,সবাই সমান ৷ এই অধিকার দিল কে ? শ্রীনিত্যানন্দ প্রভুই দিলেন-সমানভাবে বাঁচার অধিকার,একসাথে খাবার অধিকার ৷ বোঝাপড়া, সামঞ্জস্য,সেকালের গোঁড়া ব্রাহ্মণদের ও নিচুতলার মানুষদের মাঝে সামঞ্জস্য করে একই সারিতে নিয়ে এসেছিলেন সবাইকে ৷ নিত্যানন্দের প্রেমধর্মে সবাই বিভেদ ভুলে একসঙ্গে হরিনাম সংকীর্তন ও পংক্তিভোজন করতেন ৷ সৃষ্টিশীলতা,ভবিষ্যতগ্রাহ্যতা, দুরদর্শিতা, কলির জীব,অন্তগত প্রাণ,ধ্যানাদি সাধনে অক্ষম, তাই হরিনাম সাধন দিলেন, কোন বিধি নিষেধ দিলেন না ৷ নাম সাধনে চিত্ত শুদ্ধ হলে, অাপনা-অাপনি বিধি পালন করবে ৷ অাজ সারা বিশ্ব হরিনাম করছে শ্রীনিত্যানন্দপ্রভুর দুরদর্শিতায় ৷
শ্রীনিত্যানন্দপ্রভু জীবের দুঃখে ব্যাকুল হয়ে চেষ্টা করেছিলেন,তাদের উন্নয়নের,তাদের অভাব পূরণের ৷ এই হল দয়াল সবার নিতাই ৷
#ডেমোক্রেসী_যদি_একটা_রস হয়, তবে শ্রীনিত্যানন্দপ্রভুর গুণাবলী তার নামই 'অকিঞ্চন সমরস' এবং শ্রীনিত্যানন্দপ্রভুই বাঙলার ইতিহাসের সর্ব্বশ্রেষ্ঠ 'ডেমোক্রোট' মহাপ্রভুর দ্বারা অনুপ্রাণিত হয়ে সপ্তদশ শতাব্দীতে বৃন্দাবনের গোস্বামীগণ (শ্রীরূপ,শ্রীসনাতন, শ্রীজীব) প্রচার করেছিলেন-'যুগলরস'-অার ষোড়শ শতাব্দীতে শ্রীনিত্যানন্দপ্রভু প্রচার করেন 'অকিঞ্চন সমরস' ৷ এই দুটি ধারা পর-পর বাঙলায় এসে মিলিত হয়ে মহাপ্রভুর নামাঙ্কাত 'গৌড়ীয়-বৈষ্ণবধর্ম' নামে প্রচারিত হয়েছে ৷ শুধুমাত্র 'যুগলরস' বৈষ্ণবধর্ম নয়, এর সঙ্গে 'অকাঞ্চন সমরস' (পতিত উদ্ধার) থাকতে হবে, নচেৎ 'গৌড়ীয় বৈষ্ণবধর্ম অসম্পূর্ণ ৷ "জয়-গৌরনিতাই"
"অপরাধশূন্য হ'য়ে লহ কৃষ্ণনাম ৷
কৃষ্ণ মাতা,কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন-প্রাণ॥ কৃষ্ণের সংসার কর ছাড়ি' অনাচার ৷ জীবে দয়া,কৃষ্ণনাম সর্ব্বধর্ম্মসার॥ (ভক্তিবিনোদঠাকুর)
(তথ্যঋণ-বিভিন্ন লেখকের লেখা অধ্যয়ন ৷ )
"জয় নিতাই গৌরহরিবোল"৷
* * ✴️ * *
* ✴️ *
*
✴️শ্রীশ্রীনিত্যানন্দ জন্মস্থান আশ্রম ! নিতাই বাড়ি ! একচক্রা ! বীরভূম !✴️
✴️একচক্রা (নিতাই বাড়ি) স্থিত গোপীশরণদাসজীর সাথে আমার প্রায়শই আলাপ-চারিতা হয়, বিভিন্ন বৈষ্ণবীয় তথ্য জানার পরিপেক্ষিতে, আমার "রাধাভাবে ভোরা গোরা" গ্রন্থটি লেখার সময় তিনি আমাকে অনেক তথ্য দিয়ে সাহায্য করেন, তাছাড়াও ময়নাডাল সম্বন্ধে লেখার জন্য তিনি আমাকে প্রেরণা দেন, আমি যখন এই গ্রন্থটি লেখা শুরু করি তখন গোপীশরণদাসজির কাছে নিত্যানন্দ কথা জানতে চাইলে তাঁর কথার মধ্যদিয়ে যেটুকু জানতে পেরেছি তার কিছুটা অংশ এখানে তুলে ধরলাম:—
১৪৭৩ খ্রিস্টাব্দে মুকুন্দ বন্দোপাধ্যায় ও মা পদ্মাবতীদেবীর কোল আলো করে জন্ম নেন আমাদের প্রানের বন্ধু নিত্যানন্দ।
মহাভারতে বর্ণিত একচক্রা নামক এই নগরীতে অজ্ঞাত বাসের সময় পাণ্ডবগণ এসে কিছুকালের জন্য আশ্রয় নিয়েছিলেন। এসময়েই ভীমসেন বকাসুরকে বধ করেন, কোটাসুর নামক স্থানে।তারপরই তাঁরা পাঞ্চাল রাজ্যে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গমন করেন।
রাজা মুকুটনারায়ন রায় বাস করতেন ময়ূরেশ্বর গ্রামে। তাঁর একমাত্র কন্যা শ্রীমতী পদ্মাবতীদেবীর সঙ্গে এই মুকুন্দের বিবাহ হয়। তাঁর বাবা মুরারি এ বিবাহে কোন যৌতুক গ্রহণ করেন নাই। তাই রাজা মুকুটনারায়ণ রায় নিজ কন্যার নাম অনুসারে একটি পুকুর খনন করে দেন। বর্তমানে তার নাম পদ্মাবতী পুকুর বা পদ্মাপুকুর নামে পরিচিত।
কেউ কেউ বলেন ছোটবেলায় তার নাম ছিল চিদানন্দ। বাবা-মা, সঙ্গী-সাথীরা তাকে "কুবের" বলে ডাকতেন। যেখানে নিতাই এর জন্ম হয় সেই জায়গাটির নাম বর্তমানে "সূতিকা মন্দির"।
মা পদ্মাবতী এখানেই নিতাইচাঁদ কে প্রসব করেন।
পাশেই একটি ছোট্ট পুকুর। সেখানে নিতাই ছেলেবেলায় স্নান-পান করতেন এবং সাঁতার কাটতেন। সেই পুকুরটির নাম বর্তমানে "নিতাই কুণ্ড"।
বালকসুলভ চেষ্টায় সকলকে আনন্দ দিয়ে কুবের বড় হতে লাগলেন, এই মুকুন্দ আলয় বা হাড়াই পণ্ডিত ভবনে।
হাড়াই পণ্ডিতের সাত পুত্র ছিল।
1.নিত্যানন্দ
2.কৃষ্ণানন্দ
3.সর্বানন্দ
4.ব্রহ্মানন্দ
5.পূর্ণানন্দ
6.প্রেমানন্দ
7.বিশুদ্ধানন্দ।
সকলের বড় ছিল এই কুবের।
ছোট থেকেই কুবেরের খেলাধুলায় খুব সখ। সমবয়সী শিশুদের নিয়ে দিনরাত খেলায় মেতে থাকতেন ।তার খেলাগুলি ছিল ভগবান কে নিয়ে। কোনদিন কৃষ্ণলীলা, কোনদিন রামলীলা তো কোনদিন ভক্ত লীলা। চারপাশে এমন কোন স্থান নেই যেখানে কুবের কোন লীলা-খেলা করেন নাই।
যে স্থানে কালীয়দমন লীলা করেছিলেন কুবের, সে জায়গাটির বর্তমান নাম "কালীসাড়ার মাঠ"।
সব সময় খেলাধুলা করলেও কুবের পড়াশোনায় খুব ভাল ছিল। অল্প বয়সেই বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি, সংস্কৃত ব্যাকরন এবং অন্যান্য ধর্মগ্ৰন্থ গুলিও আয়ত্ত করে ফেলেন। অল্পদিনেই অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে সকলের প্রিয়পাত্র হন। বাবা ক্ষণকাল না দেখলেই ব্যাকুল হয়ে পড়েন। তার ইচ্ছা সব সময় কুবের আমার কাছেই থাকুক। যেখানেই যেতেন সাথে নিয়ে যেতেন। মায়ের অত্যন্ত আদরের দুলাল ছিলেন কুবের। সব সময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন মা, ছেলের স্নান, বেশভূষা, খাবারের প্রতি। খেলায় মত্ত হলেও মা গিয়ে ডেকে এনে খাওয়াতেন। বালক বন্ধুরা তাকে ছেড়ে যেতে চাইতো না। তাদের মনে হতো সব সময় খেলি কুবেরের সঙ্গে। খেলে তাদের আশা মিটতো না। খাওয়া-দাওয়ার কথাও কারো মনে থাকত না। প্রাণের থেকেও সকলে ভালোবাসতো কুবেরকে। একমুহূর্ত সঙ্গ ছাড়া হলেই দুঃখিত হয়ে পড়তো।১৪
তার মামার বাড়ি ছিল ময়ূরেশ্বরে। একবার নিতাই মামার বাড়ি বেড়াতে গেল।অপরূপ রূপ দেখে গ্রামের লোক এসে একদৃষ্টে দেখতে লাগল। অল্প সময়ে সকলের ভালোবাসার পাত্র হয়ে গেল নিতাই। সঙ্গী-সাথীর ও অভাব হলো না। ছেলেদের সঙ্গে সেখানেও খেলায় মেতে উঠলেন নিতাই।
একদিন ছেলেরা নিয়ে গেল একটি গর্তের ধারে আর সবাই বললো দেখ নিতাই, এখানেই একটা বিশাল সাপ আছে। মাঝেমধ্যেই লোককে কামড়ায়। একবার কামড়ালে সে আর বাঁচে না। কৌতুহলবশে নিতাই গিয়ে দেখলেন সে গর্তের ভেতরে মহাকায় সাপটি কুণ্ডলী পাকিয়ে আছে। খেলার ছলে নিতাই ছেলেদের সাথে ধরাধরি করে একটা বড় পাথর এনে ওর মুখে চাপা দিয়ে দিলেন। সাপটি আর কোনদিন সেখান থেকে বের হতে পারে নাই। সকলেই নিঃশঙ্কচিত্তে ঘোরাফেরা করতে লাগল আর কারো কোন ভয় থাকলো না। আসল ঘটনাটা ছিল এই রূপ-
জতুগৃহ দাহের পর পঞ্চপান্ডবগণ নানা দেশ ঘুরতে ঘুরতে ব্যাসদেবের সঙ্গে দেখা হয়। তিনি একচক্রায় এক ব্রাহ্মণের গৃহে একমাস যাবত অবস্থান করতে নির্দেশ দিয়ে একমাস পর পুনরায় আগমন করবেন বলে প্রস্থান করেন।
যে বাড়িতে পাণ্ডবগণ ছিলেন, সেখানে তারা অল্প সময়ই থাকতেন। অধিকাংশ সময় বনশোভা দর্শন ও নগরে ভিক্ষা করে কাটাতেন।
পাঁচ ভাই ভিক্ষা করে এনে কুন্তী মাতাকে সমর্পন করতেন। মা রন্ধন করে অর্ধেক ভীমসেনকে ও বাকি অর্ধেক পাঁচজন মিলে খেতেন।
একদিন ভীম সেন ভিক্ষায় যান নি, মায়ের কাছে ঘরে বসে আছেন। এমন সময় ব্রাহ্মণের ঘরে কান্নার রোল উঠল। ভীমের ইচ্ছানুসারে কুন্তী গেলেন কারন জানতে। জানা গেল, এই নগরের সমীপেই "বক" নামে এক রাক্ষস বাস করে। সে নগরের কর্তা।নিজের সামর্থ্যে, সে জনপদ, নগরসহ সমগ্র দেশকে পরচক্র বা হিংস্র প্রাণীদের আক্রমণ হতে রক্ষা করে। নিজের দৈনিক উদরপূর্তির জন্য সে একচক্রানগরে এক নিয়ম প্রবর্তন করেছে। পর্যায়ক্রমে এক এক গৃহস্থের বাড়ি থেকে একটি করে মানুষ, দুটি মহিষ, এবং কুড়ি খারি পরিমিত অন্নব্যঞ্জনের ব্যবস্থা করতে হবে।
আগামীকাল এই বাড়ির পালা,তাই কে যাবে, সেই নিয়ে কথা কথান্তর এবং কান্নাকাটি হচ্ছে। ব্রাহ্মণের সংসারের লোক মাত্র চার জন। ব্রাহ্মণ, ব্রাহ্মণী, পুত্র,কন্যা। সকলেই অন্যদের নিবৃত্ত করে নিজে যেতে ইচ্ছা প্রকাশ করছে। কুন্তি তখন বললেন, আপনারা বিষাদগ্রস্ত হবেন না। আমার একটি ছেলেকে আমি পাঠাব। সে বলশালী ও মন্ত্রসিদ্ধ; সে এর পূর্বেও বহু মহাকায় দৈত্যদের নিধন করেছে। তবে একথা কাউকে জানাবেন না। তাহলে বিদ্যার্থীরা তাকে বিরক্ত করতে পারে। ঐ দিন সন্ধ্যায় যুধিষ্ঠিরাদি ফিরে এলে কুন্তী সব ঘটনা খুলে বললেন। প্রথমতঃ যুধিষ্ঠির এ সংবাদে সুখী হলেন না। কিন্তু পরে যখন কুন্তী বললেন যে, আশ্রয়দাতা ব্রাহ্মণের উপকার করা আমাদের অবশ্যকর্তব্য, তখন ধর্মপুত্র সে কথা মেনে নিলেন। রাত্রি কেটে গেল। পরদিন ভীম, বকের জন্য নির্দিষ্ট আহার্য নিয়ে রওনা হলেন। বকের গৃহসমীপে এসে ভীম, বককে আহ্বান করতে করতে ঐ স্থানে উপবেশন করে, রাক্ষসের জন্য আনীত অন্ন নিজেই উদরসাৎ করতে লাগলেন। ইতিমধ্যে রাক্ষস এসে ব্যাপার দেখে অত্যন্ত রেগে গেল এবং ভীমকে প্রচন্ড প্রহার করতে আরম্ভ করল। কিন্তু ভীম অবিচলিতচিত্তে ভোজন সমাধা করে ফেললেন এবং তারপর উভয়ের প্রচন্ড দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেল। বকের সঙ্গে ভীমের যুদ্ধে ক্রমে বন বৃক্ষশূন্য হয়ে পড়ল। পরস্পর পরস্পরকে ভূতলে নিক্ষেপ করতে থাকায় ধরা কম্পিতা হলেন। কালক্রমে বক পরাস্ত হল ও রক্ত বমন করতে করতে অবশেষে প্রাণ ত্যাগ করল।
এখনও এই অঞ্চলের প্রথম বন্ধনীর ন্যায় আকৃতির এক বিরাট অল্প-জলময় নিম্নভূমিকে দেখিয়ে স্থানীয়গণ বলেন যে, এই বিস্তৃত অঞ্চলের উপর বক ও ভীমের ভয়াবহ যুদ্ধ হয়েছিল। পরস্পরের ধরাপতন ও আস্ফালনে এই অঞ্চলের এই অবস্থা। এই বিলের মত স্থানটির আকার,বক্র। স্থানটি এখনও সেই স্মৃতি বহন করছে।বকের দেহান্তের পর তার পরিজনেরা বিশেষ ভীত হয়ে পড়ায় ভীম তাদের অভয় দিলেন এবং তাদের শুভবুদ্ধি জাগ্রত করলেন।তখন থেকে তারা শান্ত হল। ভীমের আসতে অনেক দেরি দেখে, ভীমের অনিষ্ট আশঙ্কা করে, তার সাহায্যে এগিয়ে আসছিলেন তৃতীয় পাণ্ডব, অর্জুন। ধনুকের জ্যাতে শর যোজনা করে সশঙ্কচিত্তে অগ্রসর হচ্ছিলেন অর্জুন__ না জানি কোন দিক হতে মায়াবী রাক্ষস আক্রমণ করবে, মনে করে। কিন্তু পথেই ভীমের সাথে দেখা হয়ে গেল। বর্তমান ময়ূরেশ্বরের শেষ প্রান্তে। তাই অর্জুন কে আর বকের বসতিস্থল কোটাসুরের সন্নিকটে যেতে হল না। প্রসঙ্গতঃ বলতে পারি কোটাসুর অর্থ, অসুরের বা রাক্ষসের কোট অর্থাৎ নগর বা বাসভূমি। কোট শব্দ দিয়ে আরও স্থানের নাম প্রচলিত আছে, যেমন মঙ্গলকোট, রাজকোট ইত্যাদি।এই কোট শব্দ হতেই কোটাল শব্দ এসেছে, যার অর্থ নগরপালক বা অঞ্চল-শাসক। এসেছে কোতোয়াল শব্দটিও। যার অর্থ দারোগা।
কোটাসুরে যেতে ময়ূরেশ্বরের প্রান্তভাগে ভীমকে দেখে অর্জুন, আর প্রয়োজন নাই জেনে ধনুকের জ্যাতে স্থাপিত সর্পবানকে ভূমিতে নিক্ষেপ করলেন।প্রবাদ__ ঐ সর্পবান বিষধর সর্পরূপ ধারণ করে ঐ স্থানে অবস্থান করছিল এবং স্থানীয়দের যথেষ্ট উদ্বেগের কারণ ছিল। উত্তরকালে নিত্যানন্দ প্রভু,তার মাতামহালয় ময়ূরেশ্বরে শুভাগমন করে এবিষয়ে জানতে পারেন এবং কৌশলে সাপের গর্তটির মুখ, প্রস্তরখণ্ড দ্বারা বন্ধ করে দেন। ফলে বিষধরের উৎপাত চিরতরে বন্ধ হয়। ময়ূরেশ্বরের কুণ্ডলীদমন স্থান বা কুণ্ডলতলায় যুগল বিগ্রহের মন্দিরের একপাশে এখনো ঐ প্রস্তরখণ্ড দেখা যায়। সাপ প্রায়ই গোল হয়ে কুণ্ডলী পাকিয়েই থাকে। সাপের গর্তে নিত্যানন্দ প্রভু ওই পাথরটি দিয়ে তার বহিরাগমন পথরোধ করে তাকে ওই গর্তে আবদ্ধ করে রাখেন।তাই "কুণ্ডলীদমনতলা" বলে ওই স্থানের নাম পড়ে যায়। কালে তা__ কুণ্ডলীতলা এবং অতি অল্প কথায় কুণ্ডলতলা নামে রূপান্তরিত হয়েছে।
একদিন এক সন্ন্যাসীর আগমন হল বাড়িতে।
হাড়াই পণ্ডিত অত্যন্ত আদর করে গৃহে স্থান দিলেন।
রাত্রে খাওয়ার পরে সারারাত ধরে চলল কৃষ্ণকথা আলোচনা।
পরদিন সকালে সন্ন্যাসী যাবার সময় একটি ভিক্ষা চাইলেন। পরম উদার হাড়াই পণ্ডিত বললেন, "আজ্ঞা করুন!সন্ন্যাসী ঠাকুর বললেন , "তোমার এই বড় ছেলেটিকে আমাকে দাও।
শুনে হাড়াই পণ্ডিত মূর্চ্ছিত হয়ে পড়লেন।
জ্ঞান ফেরার পরে হাতজোড় করে বললেন, "আপনি প্রাণ চাইলে দিয়ে দিতাম। কিন্তু এ যে প্রাণের থেকেও অধিক প্রিয়"।
সন্ন্যাসী কিন্তু নিজের কথায় অনড়,
হাড়াই পণ্ডিত ভেতরে গিয়ে পদ্মাবতীদেবীর অনুমতি নিয়ে নিতাই কে এনে সন্ন্যাসীর হাতে সমর্পন করলেন।
সন্ন্যাসী নিতাইকে নিয়ে রওনা দিলেন।
গ্রামের বাইরে এসে নিতাই একটি স্থানে বসলেন।
শেষবারের মতো বন্ধুদের দেখার জন্য। গ্রামবাসীগণ সকলেই প্রাণভরে দর্শন করলেন, সবারই চোখে জল। সকলেই ব্যাকুল হয়ে পড়ল, বন্ধুরা বারবার এসে আলিঙ্গন করতে লাগলো। কিছুক্ষণ পরে সকলের প্রতি শুভদৃষ্টি করে নিতাই সন্ন্যাসীর সঙ্গে এগিয়ে চললেন।
যে জায়গাতে নিতাই বসেছিলেন, সেই জায়গাটিকে এখনও লোকে "বিশ্রাম তলা" বলে থাকে।
ঘর থেকে বেরিয়ে সন্ন্যাসীর সাথে সাথে একচক্রা হতে দক্ষিণ পশ্চিম দিকে এগোতে লাগলেন নিতাই।
রাস্তায় যাওয়ার সময় গ্রামের লোকেরা অপার কৌতূহলে অপলক নয়নে তাকিয়ে রয়েছেন। বিশেষ করে নিতাইয়ের দিকেই।
তার শরীরের গঠন ছোট থেকেই বাড়ন্ত গঠনের। 12 বছরের ছেলেকে দেখে 16/18 বছরের যুবক বলে বোধ হচ্ছে সবার।অনুপম সৌন্দর্য ও লাবণ্যে পথ আলো করে চলেছেন সন্ন্যাসীর সঙ্গে।কেউ কেউ দেখে মনে করছেন সন্ন্যাসী ঠাকুর না জানি কার ঘর আঁধার করে নিয়ে চলে যাচ্ছেন তার হিয়ার মানিককে।
সন্ন্যাসীর সাথে নিতাই বক্রেশ্বরে আসলেন।সেখানের প্রাকৃতিক শোভা দেখে মুগ্ধ হলেন পথপ্রদর্শক সন্ন্যাসী ও পথিক নিত্যানন্দ।
দক্ষিণে পাপহরা নদী আর উত্তরে বক্রেশ্বর নদের মাঝে দেবালয় প্রাঙ্গণে বিরাজিতা শ্বেতগঙ্গা।
সেখানে উভয়ে তপ্ত কুণ্ডে নামলেন স্নানের জন্য ,গরম জল পেয়ে সে কি আনন্দ!
সুন্দর স্বচ্ছ জল দেখে নিতাই দুই হাতে তুলে প্রাণ ভরে জল পান করলেন।
তারপর অনেকক্ষণ ধরে স্নান করলেন।
উপরে উঠে দেখছেন যে, সন্ন্যাসী আর নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া গেল না।অবশেষে একাই রওনা দিলেন বৈদ্যনাথ ধামের দিকে।
বৈদ্যনাথ ধামে এসে বৈদ্যনাথ বাবার দর্শন করে আনন্দে নাচতে লাগলেন।
পাশের সরোবরে স্নান করলেন।
তারপর গয়ায় এসে বিষ্ণুপাদপদ্ম দর্শন করে আনন্দে নাচগান করলেন।
গয়া থেকে কাশীধামে এসে কাশীবিশ্বনাথ দর্শন করে নাচতে লাগলেন।
তারপর নিতাই কাশীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গাস্নান করলেন।কাশী থেকে প্রয়াগে এসে ত্রিবেণীসঙ্গমে স্নান করলেন।
তারপর বিন্দুমাধব দর্শনে পরমানন্দিত হলেন।
প্রয়াগ থেকে মথুরা এসে বিশ্রাম ঘাটে স্নান করলেন।
তারপর মথুরায় কেশবদেব দর্শন করে আনন্দে নাচতে লাগলেন।
তারপর নিতাই বৃন্দাবনের বনে বনে ঘুরতে লাগলেন। কিছুদিন পরে নবদ্বীপে এসে মহাপ্রভু সঙ্গে মিলিত হলেন। তারপর তার শুরু হলো নাম-প্রেম প্রচার ও জীবোদ্ধার লীলা।
ষোড়শ শতকের আত্মবিস্মৃত ,অধঃপতিত একটি মৃত প্রায় জাতিকে প্রেমের মন্ত্রে উত্তরণের পথ দেখিয়েছিলেন l সামাজিক আন্দোলনে যারা সাফল্য দেখিয়েছেন এবং এ যুগেও দেখাচ্ছেন;তাদের সাফল্যের মূলকথা জনসংযোগ l যে নেতার সঙ্গে জনগনের কোনো সংযোগ নেই ,সেই নেতা কালের অতল গহ্বরে তলিয়ে গেছে অচিরেই l প্ৰকৃত জননেতার কাছে উত্তম-অধম,ধনী-দারিদ্র ,হিন্দু-মুসলমান কোনো ভেদ নাই l নিত্যানন্দ এই ভেদের উর্ধ্বে উঠে প্রেমের মন্ত্রে একটা জাতিকে উজ্জীবিত করেছিলেন l মুসলিম শাসনকালে স্বধর্ম রক্ষার জন্য এই কৌশল ছাড়া আর কোনো উপায় ছিল না l সে যুগে গণতান্ত্রিক পরিকাঠামো গড়ে ওঠে নি l বংশ পরম্পরায় সিংহাসন লাভ অথবা শক্তি প্রদর্শনের দ্বারা ক্ষমতা লাভই ছিল একমাত্র রীতি l ইসলামী শাসন মূলত ধৰ্মকেন্দ্রিক l সম্রাট হুসেন শাহের রাজত্বকালেও তার ব্যতিক্রম ছিল না l শ্রীচৈতন্যদেব বুঝেছিলেন এই পরিস্থিতিতে জাতিকে তথা বাংলার মানুষকে উদ্ধার করতে হলে জননেতার ঔদার্য একান্ত অপরিহার্য l বাংলা ও বাঙালিকে উদ্ধারের জন্য তিনি নিত্যনন্দকে দায়িত্ব দিয়েছিলেন l মহাপ্রভুও সেই ইচ্ছা প্রকাশ করেছেন __'প্রতি বর্ষ নীলাচলে তুমি না আসিবা l গৌড়ে থাকি মোর ইচ্ছা সফল করিবা l।মহাপ্রভুর আদেশ মেনে "নিতাই সামাজিক আন্দোলনে আত্মনিয়োগ করেছিলেন l সে সময়ে মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত ছিল l জন্মানুসারে তারা নিজ নিজ জাতিগত কাজে নিযুক্ত ছিল l জাতিগত বৈষম্যের ফলে কিছু মানুষ অচ্ছুত অপাংক্তেয় হয়ে পড়েছিল l জাতিগত ভেদ দূর করে নিতাই সকল শ্রেণীর মানুষকে একত্র করলেন l দীনের মাঝে না নামলে দীনবন্ধু হওয়া যায় না l তাই তিনি দৃঢ়স্বরে উদ্ঘোষ করলেন - ভক্তিধর্মে কোনো জাতিভেদ নেই l "যেই ভজে সেই বড় অভক্ত হীন ছার l কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার l l" যারা নিজেকে মানুষ ভাবতে ভুলে গিয়েছিলেন ,তারা আবার নিজেকে মানুষ মনে করতে লাগলেন l উচ্চবর্ণের নিপীড়নে সর্বহারা মানুষেরা আবার মনুষ্যত্বের আস্বাদ প্রাপ্ত হলেন l ইসলামী শাসনকালে মহাপ্রভুর ভক্তি ধর্ম মানবধর্ম রূপে সার্বজনীন হয়ে উঠে উঠল l নিত্যানন্দ ধর্মকে তত্ত্বের খোলস থেকে মুক্ত করে মানব ধর্মে রূপায়িত করেছিল l মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি নাম-প্রেম বিলিয়েছেন __"দন্তে তৃণ ধরিয়া নিতাই বলে যাচিয়ে l ভজ গৌরহরি মোরে লহ কিনিয়ে l l" 'এই বার্তা সে যুগের সামাজিক ক্ষেত্রে অভিনব ছিল l
দ্বিতীয়তঃ নিত্যানন্দ ছিলেন সমাজ দার্শনিক। তিনি তৎকালীন সমাজ ও মানুষের অভিমুখ সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। তখন সামাজিক ক্ষেত্রে ধর্মের অধিকার অর্জন ছিল খুব গুরুত্বপূর্ণ।সাধারণমানুষ তথাকথিত ব্রাহ্মণ্যবাদ দ্বারা ঘৃণিত এবং বঞ্চিত ছিল।নিত্যানন্দ সর্বপ্রথম সাধারণ মানুষকে নামের অধিকার দিয়ে সামাজিক মর্যাদা দিয়েছিলেন।সমাজের অতি সাধারণ মানুষ তাঁর সংকীর্তন দলে যোগ দিয়েছিলেন। এই ব্যাপারে নিত্যানন্দ ছিলেন একজন দক্ষ সংগঠক।
তৃতীয়তঃ নিত্যানন্দ ছিলেন অবধূত। তাই তাঁর কাছে ভাল মন্দের কোন বিচার ছিল না। কথায় আছে -"উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।।"
নিত্যানন্দ ছিলেন উত্তম, তাই সবার সঙ্গে মিশতেন এবং কোনো ভেদ বিচার মানতেন না। নিত্যানন্দের আচরণ নিয়ে চৈতন্যদেবের কাছে অভিযোগ জানানো হয়েছিল,কিন্তু মহাপ্রভু এ ব্যাপারে নীরব ছিলেন। তিনি বুঝেছিলেন,নিত্যানন্দের কিছু আচরন সমর্থনযোগ্য না হলেও সামাজিক প্রয়োজনে সেগুলি মেনে নিতে হবে। মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপিত না হলে সমাজ সংহতি সুদূরপ্রসারী হয় না। এ কথা বুঝেই নিত্যানন্দ নিম্নবর্গের মানুষদের সঙ্গে অবাধে মেলামেশা করতেন। এর ফলে বাংলার ভক্তি আন্দোলন প্রবল জনসমর্থন লাভ করেছিল।
বর্তমান সময়ে আমরা "জয় নিতাই" উচ্চারণ করে প্রতিবেশীকে সম্ভাষণ করি। সাধারণ মানুষের মুখে এই সম্ভাষণ আজও ব্যাপকভাবে প্রচলিত। নিত্যানন্দ বৈষ্ণবধর্মকে গণধর্মে রূপান্তরিত করেছিলেন। তিনি ধর্মীয় গণতন্ত্রের দিশারী ছিলেন। রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার বহুপূর্বে নিত্যানন্দ ধর্মীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সমাজকে নবজাগরণের পথে পরিচালিত করেছিলেন।
স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বলেছেন - "রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই । আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই।।" ......"এই নিত্যানন্দ যেই করান আমারে। সেই আমি করি এই কহিনু তোমারে।।"
এই যোগ্য সংগঠককে মহাপ্রভু দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ছিলেন। নিত্যানন্দ মহাপ্রভুর আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। দেহ-মন-প্রাণ বিবেক-বুদ্ধি সব উজাড় করে ঢেলে দিয়েছিলেন মহাপ্রভুর সেবায়। মহাপ্রভুর আদেশে নরনারায়ণের সেবা করাই ছিল তাঁর জীবনের লক্ষ্য। জীবের আত্যন্তিক কল্যাণ সাধন করে পরম প্রভুর কাছে পৌঁছে দেওয়াই ছিল তাঁর অভীষ্ট।তার জন্য তাকে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে, অনেকে নিন্দা-সমালোচনাও করেছেন, কিন্তু সব বিষয়ে তিনি ছিলেন বেপরোয়া। জীবের সমষ্টি কল্যাণের জন্য তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। অটুট আত্মবিশ্বাস আর প্রবলা ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তিনি এক মজবুত সংগঠন তৈরি করেছিলেন। শুধু সংগঠন তৈরি করাই তার লক্ষ্য ছিল না,তাদের সুখ-দুঃখ সুবিধা-অসুবিধা, অভাব-অভিযোগ সব কিছুরই খবর নিতেন এবং যথাসময়ে সুবন্দোবস্তও করতেন। ধনী ভক্তের অর্থসাহায্যে তিনি গরিবদের অন্নের সংস্থান, গৃহহীনে গৃহদান, বস্ত্রহীনে বস্ত্রদান করেছেন অকাতরে। সকলের অভাব-অভিযোগ পূর্ণ করলেও নিজের দিকটা তিনি রেখেছিলেন শূন্য। সবই জনগনের সেবায় বিলিয়ে দিয়েছেন নিঃশেষে, নিজের জন্য কিছুই রাখেন নাই। কোন সুরম্য অট্টালিকা মন্দির আদি প্রতিষ্ঠা করেন নাই। এই হল আদর্শ দলনেতা।
তুলসীদাসজী বললেন - *"মুখিয়া মুখ সো চাহিয়ে খান পান কহুঁ এক। পালৈ পোষৈ সকল অঙ্গ তুলসী সহিত বিবেক।"*
মুখিয়া অর্থাৎ দলনেতা মুখের কাছ থেকে শিক্ষা নেবেন, মুখ যেমন সব কিছু গ্রহণ করে। কিন্তু এক কণাও নিজের কাছে রাখে না সব পাকস্থলীতে পাঠিয়ে দেয়। সেইরূপ দলনেতা ও নিজের জন্য কিছুমাত্র চিন্তা না করে , সমষ্টি মঙ্গলের জন্য সবকিছু বিলিয়ে দেবেন। মুখে যেমন এককণা অন্ন দাঁতের ফাঁকে লেগে থাকলে মুখে দুর্গন্ধ হয় তেমনি দলনেতা নিজের জন্য কিঞ্চিৎ মাত্রও সঞ্চয় করলে অপযশের ভাগী হয়। নিত্যানন্দ ছিলেন ব্যতিক্রমধর্মী মানব তাই তিনি নিজের দিকে না তাকিয়ে জীবের মঙ্গলের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছিলেন। সবকিছু দিয়েই তিনি নিজেকে পূর্ণ করেছিলেন।সংসারে থেকে ও ত্যাগের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন। তাই আজও সকলের মনের মনিকোঠায় প্রভু নিত্যানন্দ স্বমহিমায় উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান।আজও নিতাই এর নামে সমাজে সবার মনে ভাবের জোয়ার আসে, নেত্র সজল হয়, হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আজও গৌড়বঙ্গের কোণে কোণে *"জয় নিতাই"* ধ্বনি মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায়। মাথার রক্ত দিয়েও জীবের কল্যাণ কামনা করা এমনি এক অসমান্তরাল ব্যক্তিত্বের জুটি মেলা ভার। ইতিহাসের পাতা খুঁজেও কোথাও পাওয়া যায় না এমন একটি বিরল দৃষ্টান্ত, সর্বসমর্থ হয়েও ক্ষমা করছেন, মহাপ্রভু দণ্ড দিতে চাইলেও তার পায়ে ধরে ক্ষমা চাইছেন, বলছেন আমি যদি জীবনে এতটুকুও ভক্তি করে থাকি তার বিনিময়ে মাধাইকে ক্ষমা করো। এমনি ছিলেন আমাদের পরম-দয়াল, পতিত-পাবন, অগতির-গতিদাতা প্রভু নিত্যানন্দ।।
✴️✳️***✴️***✳️✴️
