✴️'গম্ভীরালীলায় মহাপ্রভু'✴️
✴️'গম্ভীরালীলায় মহাপ্রভু'✴️
✴️✳️'বৃন্দাবন দর্শনান্তে নীলাচলে শ্রীহরিদাস ঠাকুরের মহানির্যানের পর গম্ভীরা লীলায় মহাপ্রভু'✳️✴️
🌹💐”প্রা ক ক থ ন!”💐🌹
“উদ্ভব দর্শনে যৈছে রাধার বিলাপ।
ক্রমে ক্রমে হৈল প্রভুর সে উন্মাদ দশা ।।
রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান।
সেই ভাবে আপনাকে হয় রাধাজ্ঞান ।।
দিব্যোন্মাদে ঐছে হয় কি ইহা বিস্ময় ।
অধিরূঢ়ভাবে দিব্যোন্মাদ প্রলাপ হয় ।। “
( চৈ, চ, )
উদ্ধব-দর্শনে যৈছে রাধার বিলাপ: কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর তাঁর প্রিয় সখা উদ্ধব বৃন্দাবনে এলে, শ্রীমতী রাধারানি কৃষ্ণের বিরহে যেভাবে প্রলাপ ও বিলাপ করেছিলেন, মহাপ্রভুর অবস্থার সাথে তার তুলনা করা হয়েছে।
ক্রমে ক্রমে হৈল প্রভুর উন্মাদ সে উন্মাদ বিলাপ: নীলাচলে (পুরীতে) গম্ভীরায় অবস্থানকালে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণবিরহ তীব্র থেকে তীব্রতর হয়ে ক্রমেই এক গভীর উন্মাদ দশায় পরিণত হয়েছিল।
রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান :
(রাধাভাবে বিভোরতা) মহাপ্রভু সর্বদা শ্রীমতী রাধারানির প্রেমভাবে (অভিমানে) এতটাই তন্ময় থাকতেন যে, তিনি নিজেকে স্বয়ং শ্রীরাধা বলেই মনে করতেন।
অধিরুঢ়ভাবে দিব্যোন্মাদ প্রলাপ হয়:
(দিব্যোন্মাদ ও অধিরূঢ় ভাব) প্রেমভক্তির সর্বোচ্চ স্তর হলো ‘অধিরূঢ় মহাভাব’, আর এই ভাবের চূড়ান্ত প্রকাশই হলো ‘দিব্যোন্মাদ’ (ঐশ্বরিক উন্মাদনা)। এই অবস্থায় ভক্তের বাহ্যিক জ্ঞান লোপ পায় এবং তিনি প্রিয়তমের বিরহে অসংলগ্ন কিন্তু গভীর প্রেমময় প্রলাপ বকতে থাকেন, যা সাধারণ মানুষের কাছে বিস্ময়কর মনে হলেও ভক্তিশাস্ত্রে তা অত্যন্ত স্বাভাবিক। বৈষ্ণব দর্শন অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাধারানির প্রেমের মহিমা আস্বাদন করার জন্য ‘রাধাভাবদ্যুতিসুবলিত’ হয়ে শ্রীচৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন।
শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত ‘শ্রীচৈতন্যচরিতামৃত’ (অন্ত্যলীলা, চতুর্দশ পরিচ্ছেদ) গ্রন্থের এই পয়ার গুলোর মাধ্যমে কবি বুঝিয়েছেন যে, মহাপ্রভু কেবল কৃষ্ণের ভক্ত হিসেবে নন, বরং স্বয়ং রাধারানির হৃদয়ের গভীরতম বিরহ-যন্ত্রণা ও প্রেমানন্দ নিজ দেহে অনুভব করে চরম ভাবোন্মত্ততায় পৌঁছেছিলেন।
‘কাঁহা গেল কৃষ্ণ
এখনি পাঁইলু দর্শন’...
‘কাঁহা করু ! কাঁহা যাঙ্ !
কাঁহা গেলে কৃষ্ণ পাঙ্ !’
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর দুই ভাব- ভক্তভাব ও ভগবদ্ভাব : বা শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত বিগ্ৰহ- তিনি অন্তরে কৃষ্ণ, বাইরে গৌর। জীবশিক্ষার জন্য শ্রীগৌরাঙ্গদেব (মহাপ্রভু) শেষ দ্বাদশটি বছর রাধাকৃষ্ণ-লীলারূপ কূপ থেকে সুধা পান করাতে আরম্ভ করলেন বিশ্বসংসারের সকলকে। মহাপ্রভু রাধাভাব গ্ৰহণ করলেন, কৃষ্ণকথা বলতে বলতে বা কৃষ্ণসঙ্গ করতে করতে কখনও চৈতন্য হারাতেন, কখনও কখনও চৈতন্য লাভ করতেন। বিশুদ্ধ বাতাবরণে নিরিবিলি নির্জনে ভক্ত-ভগবানের মধূর লীলা ৷ শ্রীমন্ মহাপ্রভুর দিব্য “রাধাভাবে বিভোর” প্রসঙ্গে কিঞ্চিৎ ভাবনা রাখতে প্রয়াসী হব ৷ এদিকে গোলকে চাঞ্চল্য, গোলকবিহারীর মনে অস্থিরতা ৷ এদিকে শান্তিপুরে অদ্বৈতাচার্য হাতে গঙ্গাজল-তুলসীপত্র নিয়ে মূহুর্মূহ হুংকার করে চলেছেন, প্রবল হরিনামের মাধ্যাকর্ষণ হরিদাস ঠাকুরের ৷ এদিকে গোলকে গোলকবিহারীকে নিত্যসহচরী গোপিনীরা ঘিরে ধরলে তখন প্রভু বললেন—“আমি শীঘ্রই মর্তে অবতরণ করব,জগতে প্রেম প্রয়োজন ৷” গোপিনীরা বললেন-“ভালো কথা, তুমি আমাদের কাছে ঋণী, মনে আছে ? প্রভু হাসলেন, কিভাবে তা শোধ হবে,তোমরাই বলে দাও ৷” গোপিনীরা বললেন-“মনে আছে তোমার জন্য আমরা যেমন কেঁদেছি,ঠিক তেমনই তোমাকেও কেঁদে কেঁদে ঘরে ঘরে বিলাতে হবে মধুর কৃষ্ণনাম,আর নিজে কেঁদেও জগৎবাসীকে কাঁদাতে হবে, তবেই জগৎ উদ্ধার পাবে, আমরাও সাথী হব তোমার এই লীলায় ৷” প্রভু সস্মত হলেন,অতঃপর একান্তে প্রভু শ্রীমতীরাধারাণীর সঙ্গে ভয়ে ভয়ে দেখা করে বললেন, রাধে কীভাবে ঋণ শোধ করব ? শুনে শ্রীরাধা বললেন-শোধ করবে তোমার সাধ্য কি ? তবে উপায় একটা আছে , শ্রীরাধার প্রেমে তখন প্রভু ঢলে পড়লেন কোলে,শ্রীমতীরাধা তখন বললেন,”আমার হৃদয় আর কান্তি তুমি ধার নাও, কারণ তোমার পুরুষ হৃদয় দিয়ে কৃষ্ণপ্রেম আস্বাদন হবে না , একমাত্র আমার হৃদয়েই কৃষ্ণপ্রেম উপভোগ্য ৷” আজ ধার নাও,লীলান্তে আবার ফিরিয়ে দিও ৷ প্রভু বললেন-“তাই কি হয়, রাধে ? যথা রাধা তথা কৃষ্ণ, যথা কৃষ্ণ তথা রাধা, বস্তুতঃ এক, কোন ভেদ নেই ৷ তাই বলি চলো এবার নদীয়াতে দুজনে যুগলে অবতীর্ণ হই ৷ শ্রীমতী রাধারাণী সস্মতি দিলেন-“তবে তাই হোক” তোমার ইচ্ছাই পূর্ণ হোক ৷” তখন গোপিনীরা হাততালি দিয়ে একসঙ্গে বলে উঠলেন—জয় রাধা মাধবের জয় হোক ।
অতএব তা-ই হলো ৷ শ্রীরাধার ভাবকান্তি চুরি করে নদীয়ার শ্রীনবদ্বীপধামে শ্রীগৌরচন্দ্র উদিত হলেন ৷ জগৎ আলোকিত হল অপরূপ চন্দ্রচ্ছ্বটায় ৷ হরিগুণগানে ভুবন ভরে উঠল ৷ চাঁদ কাজী,জগাই-মাধাই উদ্ধার হল ৷ গৌরচন্দ্র হলেন চৈতন্যচন্দ্র ৷ দিকে দিকে,ঘরে ঘরে, নাম প্রেম প্রচারিত হল ৷ প্রভু নিত্যানন্দ, অদ্বৈত প্রভু,শ্রীবাস-গদাধর, হরিদাস ঠাকুর, রূপ-সনাতন, স্বরূপ-রামানন্দ আরও লক্ষ লক্ষ, কোটি কোটি গৌরভক্তবৃন্দ ৷ উপলব্ধি হ’লো- প্রথমে নাম, তারপরে প্রেম ; নামের প্রাবল্য প্রথমে,তারপরে নামের ফল প্রেমের উদয় ৷ প্রেম ব্যতীত প্রেমনিধিকে ধরা যায় না ৷ এই নামপ্রেমেই প্রয়োজন জগতের, এই নামপ্রেমই মরুভূমিতে মরূদ্যান ৷ মহাপ্রভুর আবির্ভাব এই নামপ্রেমের জন্যই ৷ মৃদঙ্গ,করতাল সহযোগে নৃত্য-কীর্তন,লম্ফ-ঝম্প,গড়াগড়ি একে একে সব হ’লো, নদীয়া নাম-প্রেমে ডুবু ডুবু,নবদ্বীপ-শান্তিপুর নাম-প্রেমে ভেসে গেল, শ্রীক্ষেত্রে চাঁদের হাট,প্রেমের ঘাট, নাম-সংকীর্তনের প্রবল সমুদ্রোচ্ছ্বাসে দেশ ভেসে গেল ৷ জগতের প্রয়োজন তো মিটল, এখন নিজের প্রয়োজন ৷ স্বকীয় মাধুর্য আস্বাদন তথা নিজেই ভক্তভ্রমর হয়ে নিজ মধু পান ৷ অদ্বৈতাচার্যও তাঁকে ছুটি করে দিয়েছেন ৷ প্রাণাধিক প্রিয় ঠাকুরহরিদাস বিদায় নিয়েছেন ৷ এখন অবসর, প্রাণের অবসর প্রাণারামের জন্য, ষোল আনাই প্রভুর জন্য অবসর ৷ তাই কাশী মিশ্রালয়ের এই কক্ষে অন্তরঙ্গদের সঙ্গতে শুধুই কৃষ্ণ কথা,লীলা কথা ৷ অন্তর্দশাই শুধুই কৃষ্ণামৃত পান,লীলামৃত পান ৷ শ্রীরাধার মহাভাবে ভাবিত হয়ে,শ্রীরাধার কৃষ্ণপ্রেমে শুধুই শ্রীকৃষ্ণকমলের সহস্রধারায় মধু পান করতে করতে মহাপ্রভু একসময় জগন্নাথে বিলীন হলেন ৷ ‘রাধাভাবে ভোরা গোরা’ অত্যধিক মহাভাব, অত্যদ্ভুত বিকারসমুহ,ভগবৎ-বিরহ ও কৃষ্ণপ্রেমোন্মাদনা সুপরিস্ফুট ।
নীলাচলে যাবার পূর্বেই মহাপ্রভু শ্রীরাধার ভাবে ব্রজরস সুধামাধুরী আস্বাদন করেছিলেন, তা শ্রীশ্রীচৈতন্যভাগবত ও শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত বিশেষ প্রামান্য গ্রন্থ অধ্যয়ন করে বুঝা যায় ৷ সেই ভাবই এক কলা দুই কলা বর্দ্ধিত হতে হতে নীলাচলে গম্ভীরা লীলায় ষোল কলায় পরিপূর্ণ হয়েছিল ৷
শান্তিপুরের পর নীলাচলে দীর্ঘ বারো বৎসর ব্যাপী গম্ভীরা লীলার প্রারম্ভে মহাপ্রভু কীভাবে লীলায়িত থাকতেন—
মহাপ্রভু প্রতিদিন অতি প্রত্যুষেগাত্রোথ্বান করে প্রাতঃকৃত্য সমাপন করে শ্রীজগন্নাথ মন্দিরে যেতেন মঙ্গলারতি দর্শন করতে ৷ তারপর শীত-গ্রীষ্ম-বর্ষা-বাধাবিঘ্ন উপেক্ষা করে প্রিয়ভক্ত হরিদাস মিলনে সিদ্ধ বকুল তলায় যেতেন ৷ সেখানে প্রতিদিন কৃষ্ণকথা ও কৃষ্ণনামসংকীর্তন চলত নানারঙ্গে ও মহানন্দে ৷ প্রতিদিন শ্রীজগন্নাথের মঙ্গল অারতিকালে মহাপ্রভু শ্রীজগন্নাথ দর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণের যে অপূর্ব রূপমাধুরী অবলোকন করতেন তাতে প্রেমবিহ্বল অবস্থায় মহাপ্রভুর মুখমণ্ডল বিদ্যুন্মালার মত ঝলমল করে উঠত সেই অবস্থায় তিনি পরম অাবেগে হরিদাসের নিকট ছুটে এসে তাঁকে দর্শন করতেন,তার ফলে স্বচ্ছদর্পণ সদৃশ হরিদাসের চোখে মুখে মহাপ্রভুর মুখমণ্ডলের অবিকল প্রতিচ্ছায়া প্রতিবিম্বিত হয়ে উঠত ৷ সেই প্রতিবিম্ব দর্শন করে মহাপ্রভু পরমতৃপ্তি লাভ করতেন ৷ এই ভক্তসুখ মাধুর্য পানের মাধ্যমে নিজমুখ দর্শনের দুর্দমনীয় লোভেই মহাপ্রভু প্রতিদিন হরিদাসের কাছে ছুটে অাসতেন এবং তাতে অানন্দ উপভোগও করতেন ৷
শ্রীহরিদাস মহাপ্রভুর এমনই এক প্রেমময় অন্তরঙ্গ ভক্ত ছিলেন যে , তিনি মহাপ্রভুর মনের খবর সমস্তই হৃদয়ঙ্গম করতে পারতেন ৷ তাই মহাপ্রভুকে আনন্দ দিতে মহাপ্রভুর মনে যখন ব্রজভাবের_উদয় হত, হরিদাস তদ্ভাবোচিত শ্রীকৃষ্ণের কথা মহাপ্রভুকে শুনাতেন—
“ মধুরং মধুরং বপুরস্য বিভো র্মধুরং মধুরং বদনং মধুরম্ ৷
মধুগন্ধি মৃদুস্মিতমেতদহো মধুরং মধুরং মধুরং মধুরম্ ॥“ অহো ! এই বিভু শ্রীকৃষ্ণের দেহখানি মধুর , অতি মধুর , তাঁর বদন মধুর , মধুর , অতিতর সুমধুর ; তাঁর মধুগন্ধি মন্দহাসি তার চেয়েও মধুর , সুমধুর-মধুরতম ॥
শ্রীকৃষ্ণের অঙ্গের মাধুর্য , মুখের মাধুর্য ও মন্দহাস্যের মাধুর্য-এই তিন মাধুর্য অাস্বাদনের লোভেই মহাপ্রভু সর্ববিধ বাধাবিঘ্ন উপেক্ষা করে উন্মত্তের মত হরিদাসের কাছে ছুটে আসতেন ৷
“এ সখি হামারি দুখের নাহি ওর ৷
এ ভরা বাদর , মাহ ভাদর ,
শূন্য মোর মন্দির ॥
ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখন্তিয়া ৷
কান্ত পাহুন বিরহ দারুণ
সঘন খর শর হন্তিয়া ॥
কুলিশ শত শত পাত মোদিত
ময়ূর নাচত মাতিয়া ৷
মত্ত দাদুরি ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া ॥
তিমির দিগভরি ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া ৷
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ॥
ব্রাজনন্দন শ্যামসুন্দরকে হারাইবার প্রবল বিরহে শ্রীরাধার যখন চরম বিকারবস্থা, ভক্তিশাস্ত্র মতে তখনই শ্রীরাধিকাদেবীর মুখে কৃষ্ণনাম মহামন্ত্রের প্রকাশ হয়েছিল ৷ শ্যামবিরহিণী শ্রীরাধাঠাকুরাণী সেই মহামন্ত্র জপতে জপতে যখনই তাঁর প্রাণবল্লভের বংশীধ্বনি শ্রবন করত তখনই তাঁর বিরহাগ্নি নির্বাপিত হত ৷ এই কৃষ্ণনাম মহামন্ত্রের মধ্যেই শ্যামসুন্দরের সহিত শ্রীরাধিকার প্রণয় বিলাসের নিগূঢ় রহস্য লুকিয়ে অাছে ইহাই প্রমানিত হয় ৷ সেই অপূর্ব রমনীয় ব্রজলীলারসপুর মহামন্ত্রই হরিদাসঠকুর রাধাভাবাবিষ্ট মহাপ্রভুকে নিত্যদিন শ্রবণ করাতেন এবং নিজের একান্ত বাঞ্ছিত তাহা শ্রভণ করে মহাপ্রভু কাঙ্খিত কৃষ্ণমাধুর্য অনুভব করতেন ৷”
শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভুর সুখে দিন অতিবাহিত হচ্ছে। দিবাভাগে পরিকর ভক্তবৃন্দের সাথে সংকীর্তন-নৃত্য ও শ্রীজগন্নাথ দর্শন এবং রাত্রিকালে শ্রীস্বরূপ- রায়রামের সাথে অপ্রাকৃত কৃষ্ণভক্তি রসাস্বাদন করে ক্রমে প্রভুঅঙ্গে নানা বিকার দেখা দিচ্ছে। চিন্তা, উদ্বেগ, প্রলাপাদি ভাব মহাপ্রভুর সোনার অঙ্গে সাত্ত্বিক বিকার হয়ে ফুটে উঠছে। ঠাকুর হরিদাস এখন শ্রীক্ষেত্রবাসী। মহাপ্রভু মধ্যে মধ্যে তাঁকে দর্শন দিয়ে আনন্দ দান করেন। একদিবস প্রভুসেবক শ্রীগোবিন্দ প্রফুল্ল মনে কিছু মহাপ্রসাদ নিয়ে ঠাকুর হরিদাসের কুটীরে গেলেন। কিন্তু কোথায় শ্রীহরিদাস ? অন্যদিবস কখনো তাঁকে তুলসী মূলে সংখ্যানাম সংকীর্তন করতে দেখা যায়, কখনো বা দূর হতেই শোনা যায় তাঁর উচ্চ সংকীর্তন। তাঁর সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে চারিপাশ, বৃক্ষ লতা ফুলে ফলে অদ্ভুত পুলক জাগে, শাখে শাখে পাখিরাও যেন কূজন থামিয়ে একমনে শুনতে থাকে শ্রীহরিদাসের কলকণ্ঠনিন্দু সুরে নামসংকীর্তন, কেউ বা সংকীর্তনের সুরে সুরে মধুর নৃত্যে চাঁদের হাট বসায় হরিদাস-অঙ্গনে। কিন্তু আজ কোথায় ?
শ্রীগোবিন্দ এসে দেখলেন ঠাকুর হরিদাস তাঁর কুটীর মধ্যে শয়ন করে আছেন আর শুয়ে শুয়ে মন্দ মন্দ স্বরে সংখ্যানাম করছেন। শ্রীগোবিন্দ হয়তো অবাক হলেন, হয়তো বা হলেন না; কিংবা হয়তো মহাভাগবতের কর্ম বোঝা দুঃসাধ্য ভেবে তিনি ডাক দিলেন ঠাকুর হরিদাসকে; বললেন: “আপনি উঠে এসে ভোজন করুন”। শ্রীগোবিন্দের আহ্বানে ঠাকুর হরিদাস সাড়া দিয়ে বললেন- “আজ আমি উপবাস করব। আমার সংখ্যানাম সংকীর্তন সম্পূর্ণ হয়নি, আমার তো ভোজন করা উচিত নয়। কিন্তু আপনি মহাপ্রসাদ এনেছেন, তাও উপেক্ষা করা উচিত নয়।“ গৌড়ীয় বৈষ্ণবের এই হচ্ছে স্বরূপ। তাঁরা হরিনামগত প্রাণ। শ্রীহরিনাম জপ ও কীর্তনই তাঁদের মূলসাধনা। তাঁরা নামনিষ্ঠ, নিষ্কিঞ্চন, বৈরাগ্যমুরতি, শ্রীনাম বিহনে তাঁরা বিরহদহন অনুভব করেন, শ্রীনাম ছাড়া তাঁরা আর কিচ্ছুটি চান না। এই তো পরমহংসের ভাব। না কোন প্রাচুর্যের পিপাসা, না কোন ঐশ্বর্যের আকাঙ্ক্ষা। শ্রীমন্মহাপ্রভুর চরণযুগলে দেহমনপ্রাণ সর্বস্ব অর্পণ করে নামাবলম্বন করে বেঁচে থাকা। শ্রীমন্মহাপ্রভু এমন অনন্যশরণ শুদ্ধ ভক্তকে দেখে বড় সুখ পান। ঠাকুর হরিদাস গাত্রোত্থান করলেন। শ্রীগোবিন্দের নিকট হতে মহাপ্রসাদ গ্রহণ করে প্রথমে বন্দনা করলেন শ্রীঅধরামৃতকে। তারপর এক রঞ্চ মাত্র মহাপ্রসাদ নিয়ে জিহ্বায় রেখে প্রসাদসম্মান করলেন। নামসংকীর্তন পূরণ হয় নাই, তাই তিনি আজ ভোজন করবেন না- এই তাঁর পণ। কিন্তু মহাপ্রসাদ উপেক্ষায় অপরাধ সম্ভাবনা। তাই এক কণা মাত্র প্রসাদ সেবা করে উভয়কূল রক্ষণ করলেন ঠাকুর হরিদাস। গৌরভক্তগণ হয়তো এমনই নিষ্ঠাবান হন।
পরদিবস মহাপ্রভু এলেন ঠাকুর হরিদাসের সন্নিধানে। তাঁর প্রাণপ্রিয় ভক্ত হরিদাস কুশলে নেই; ভক্তাধীন ভগবানকে আসতে যে হবেই। মহাপ্রভুর দিব্যরূপের ছটায় আলো হল সে ছোট্ট কুটীর; আলো হল ভক্ত হৃদয়; বললেন : “হরিদাস, তুমি সুস্থ হয়েছ?” কণ্ঠে তাঁর অদ্ভুত শীতলতা; যেন জগতের সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা এই দিব্যকণ্ঠস্বরের ছোঁয়াতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মহাপ্রভুকে দর্শন করে শ্রীহরিদাসের হৃদয় প্রফুল্লিত হল। দন্ডবৎ প্রণাম করে বিনীত স্বরে শ্রীহরিদাস বললেন- “মহাপ্রভু, আমার শরীর তো সুস্থই। কিন্তু মন সুস্থ নয়।“ ভক্তমুখে এমন কথা শুনে শ্রীগৌরসুন্দর বললেন- “কী ব্যাধি হয়েছে তোমার, তুমি কী তা জানো ?” ঠাকুর হরিদাস বললেন- “আমার সংখ্যা নাম পূরণ হয় না যে।“
“হরিদাস, তুমি বৃদ্ধ হয়েছ। এখন অল্প করে নাম কর। তাছাড়া তুমি তো সিদ্ধ হয়েছ। সাধনে এত আগ্রহ প্রয়োজন কী?
লোকনিস্তার হেতু তোমার এই অবতারে শ্রীনাম মহিমা তুমি প্রচার করেছ। তাই এখন অল্প করে সংখ্যা কীর্তন করতে পারো।“ অহো কী ভাগ্য ! স্বয়ং মূর্তিমন্ত নামব্রহ্ম শচীনন্দন গৌরহরি সামনে এসে বলছেন, তুমি এত বেশী নাম না করে, অল্প নাম কর। এ পাওয়ার থেকে বড় আর কি কিছু হতে পারে ? অখিল জগজ্জীব নিত্য হরিবিমুখ। নামমহিমা প্রচারের উদ্দেশ্যে স্বয়ং ভগবান গৌরসুন্দর রূপে বিমুখজীবের হৃদয়ে নামরুচি জাগিয়ে তুলতে আসেন; নিতাইচাঁদের আমাদের দুয়ারে দুয়ারে দন্তে তৃণ ধরে নাম বিলিয়ে দিলেন – তথাপি বহির্মুখ জীব নামপরায়ণ হয় না। কিন্তু আজ ঠাকুর হরিদাসের ভাগ্য দেখে বুঝি স্বর্গের দেবতারাও ঈর্ষান্বিত হলেন।
ওদিকে ঠাকুর হরিদাসের হৃদয়ে সংশয়ের দোলাচল। হৃদবিহারী গৌরহরি কী তা জানেন না? নিশ্চয়ই জানেন; তিনি যে অখিল জীবের হৃদয়হরণ, সর্বান্তর্যামী। তবুও মর্যাদা রক্ষা হেতু তাঁর লোকোচিত ব্যবহার। ঠাকুর হরিদাস বলতে লাগলেন: “মহাপ্রভু, দয়া করে আমার প্রকৃত নিবেদন শুনো। আমি যে হীনজাতি, অপবিত্র কলেবর। হীনকর্মে রত আমি বড়োই অধম পামর। আমি দর্শন স্পর্শনের যোগ্যই নই। কিন্তু তুমি যে পতিতপাবন গৌরহরি। আমার মত পতিতকে অঙ্গীকার করেছ- যেন রৌরব হতে ছিনিয়ে নিয়ে আমাকে বৈকুণ্ঠে বসিয়েছ। অবশ্য এতে আমার কী কৃতিত্ব ? তুমি মহাপ্রভু, জগৎ ঈশ্বর। তুমি ইচ্ছাতেই জগৎ নাচে। তেমনি আমাকেও নাচিয়েছ অনেক। আর আমাকে দেখ ! ম্লেচ্ছ হয়ে ব্রাহ্মণের শ্রাদ্ধপাত্র খেয়েছি।“
এহেন দৈন্যোক্তি শুনে মহাপ্রভুর হৃদয় কেঁদে উঠল। ঠাকুর হরিদাস বলতে চললেন: “মহাপ্রভু, আমার হৃদয়ে বহুদিন হতে কেবল এক ইচ্ছা আছে। আমার মন বলে যে, তুমি শিগগিরই লীলা সম্বরণ করবে। সে দিন আর দূরে নয়। তাই আমার ইচ্ছা হল, তোমার অন্তর্ধান লীলা আমাকে যেন দর্শন করতে না হয়। তোমার আগেই আমার শরীর নাশ কর।
হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ।
নয়নে দেখিমু তোমার চাঁদ বদন।।
জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণচৈতন্য নাম।
এইমত মোর ইচ্ছা ছাড়িমু পরাণ।।
-হে মহাপ্রভু, তোমার চরণকমল এই ভাঙা হৃদয়ের মাঝে ধরব। এ দুই পোড়া নয়নে অপলকে দর্শন করব তোমার চাঁদ বদন আর জিহ্বায় তোমার পাবন “কৃষ্ণচৈতন্য” নাম উচ্চারণ করতে করতে আমি প্রাণ ছাড়ব। এই আমার নিবেদন প্রভু। যদি তোমার দয়া হয়, তবে এই বাঞ্ছা পূর্তি কর। আমার এই নীচ দেহ তোমার আগে পড়ুক। এই আমার ইচ্ছা।“
নিকটস্থ টোটার পক্ষীকূল যেন বিলাপ করে উঠল একথা শুনে। দীর্ঘশ্বাসের মত বাতাস এসে গাছের পাতা থেকে, ফুলের পাপড়ি থেকে অশ্রুপাতের মত ঝরিয়ে দিল শিশিরের বিন্দু। মা পৃথিবী বিষণ্ণা হলেন। তাঁর বুকের হাহাকার সমুদ্রের ঢেউ হয়ে হুহু করে আছড়ে পড়ল সৈকতের বালুকারাশির উপর। অন্তরীক্ষে দেবতারা বিলাপ করতে লাগলেন। জগৎপ্রাণ গৌরহরি নিজভক্তের কথা শুনে খেদের সাথে বলতে লাগলেন, “ হরিদাস, কৃষ্ণ কৃপাময়। তুমি যা চাইবে তিনি তা অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু আমার এই এত সুখ সব তো তোমাকে ঘিরেই। আমি নিশ্চয়ই তোমার যোগ্য নই, তাই আমাকে ছেড়ে যেতে চাইছ।“ আহা! কী মধুর সংলাপ ভক্ত আর ভগবানের মধ্যে। যেমন দৈন্য গৌরহরির, ততোধিক দৈন্য গৌরভক্তের। মহাপ্রভুর চরণে ধরে ঠাকুর হরিদাস বললেন: “মহাপ্রভু তুমি মায়া কর না। অধমকে এই দয়াটুকু কর। আমার শিরোমণি তুল্য কত ভক্ত তোমার লীলা পরিকর। একটি পিপীলিকা মরলে পৃথিবীর যেমন কোন হানি হয় না, তেমনি আমি মরলে তোমার কোন হানি হবে না। তুমি ভক্তবৎসল, কিন্তু আমি ভক্তাভাস মাত্র। আমার এই অভিলাষ পূরণ কর প্রভু।“
মহাপ্রভু অত্যন্ত বিষণ্ণ হলেন। তারপর ধীরে ধীরে মধ্যাহ্ন সন্ধ্যা করতে অন্তর্ধান হলেন। বুঝি বা কাল ঈশ্বরদর্শনের পশ্চাতে দর্শন দিবেন পুনরায়। শ্রীল হরিদাস ঠাকুরের মুখে তাঁর নির্যাণেচ্ছার বার্তা পেয়ে ভক্তপ্রাণ গৌরসুন্দরের হৃদয় যারপরনাই পীড়িত হলেন। কিন্তু মহাপ্রভু সর্বদাই ভক্তাধীন। ভক্তের ইচ্ছাই তাঁর ইচ্ছা। তারপর মহাপ্রভু ঠাকুর হরিদাসকে মধুর আলিঙ্গন দিয়ে মধ্যাহ্ন করতে মহোদধি অভিমুখে বিজয় করলেন। পরদিবস প্রাতে মহাপ্রভু যেন অতিশয় ব্যস্ত। কখন তিনি তাঁর প্রাণপ্রিয় ভক্ত হরিদাসকে দর্শন দান করবেন, তা ভেবে উতলা। ধন্য ভক্ত হরিদাস! যাঁকে দর্শন দানের জন্য স্বয়ং ভগবান গৌরহরি ব্যগ্র হয়ে ওঠেন।
শ্রীমন্দিরে ঈশ্বরদর্শনান্তে মহাপ্রভু স্বপরিকর ভক্তগোষ্ঠী সঙ্গে শ্রীল হরিদাসের কুটীর সমীপে উপস্থিত হলেন। এগিয়ে গেলেন ভক্ত হরিদাসের দিকে। মহাপ্রভু দেবদুর্লভ চিদানন্দময় রূপে দর্শন দিলেন ঠাকুর হরিদাসকে। সেই আজানুলম্বিত বাহুযুগল, সেই কনকপুতলী গড়ন, কমলায়ত আঁখিপাতে শিশিরের মত টলমল করছে প্রেমাশ্রু, কালো ভ্রমরের মত নয়নতারায় যেন হৃদয়দ্রাবক দৃষ্টি, উন্নত নাসা, বিম্বরঙা অধরোষ্ঠ, প্রতি অঙ্গ অদ্ভুত মধুরিমামণ্ডিত; তাতে দৃঢ়তা আছে, বলিষ্ঠতা আছে, কিন্তু কঠোরতা বা কর্কশতা নেই; আছে হৃদয়পদ্ম কোরকের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা সেই তৃষ্ণার অমৃতধারা, যে তৃষ্ণা জন্ম জন্মান্তরে, গ্রহে গ্রহান্তরে ছুটিয়ে নিয়ে বেড়ায় তৃষ্ণার্ত তাপিতপরাণ জীবাত্মাকে।
মহাপ্রভুর অপার্থিব রূপ দর্শন করে ঠাকুর হরিদাস দন্ডবৎ প্রণাম করলেন। তারপর মহাপ্রভু এবং তাঁর সাথে আগত সকল ভক্তের চরণ বন্দন করলেন করজোড়ে। প্রভুশক্তি স্বরূপা পরাবিদ্যা সরস্বতী নিজপ্রভুর সেবাসুখ বিধানে তৎপরা হয়ে প্রকাশিতা হলেন শ্রীহরিদাসের জিহ্বামূলে; ঝঙ্কার তুললেন নিজ বীণায় আর সেই ঝঙ্কারের সাথে ঠাকুর হরিদাস সপরিকর শ্রীমন্মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন। কী মধুর সেই স্তুতি ! মনপ্রাণ পাগল করা! এ যে তাঁর অন্তিম স্তবন। সেই বাইশ বাজারে বেত্রাঘাত, সেই লক্ষহীরা উদ্ধার, সেই শ্রীবাস অঙ্গনে সাতপ্রহরিয়া মহাপ্রকাশ লীলা, সেই গৌরবিরহে আঁধার নবদ্বীপ মায়াপুর, সেই রথাগ্রে নর্তনাদি সংকীর্তন বিলাস- সুখদুঃখে সর্বাবস্থায় শ্রীহরিদাস মহাপ্রভু গৌরহরিকে সর্বস্বসার করে প্রাণধারণ করেছেন। আর আজ এই অপূর্ব ভৌমলীলা হতে তাঁর অন্তর্ধানের লগ্ন আগত। এতকাল প্রভুপাশে নামসংকীর্তন মহামিলন সমারোহের পর বুঝি বা বিপ্রলম্ভ এল আজ!
- “কী সমাচার হরিদাস?” মহাপ্রভু বললেন।
- “তোমার কৃপা প্রভু” বললেন শ্রীহরিদাস।
তবে মহাপ্রভু হরিদাস-অঙ্গনে মহাসংকীর্তন আরম্ভ করলেন। প্রভুপার্ষদ শ্রীল বক্রেশ্বর পণ্ডিত নৃত্যে মেতে উঠলেন। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী সহ অন্যান্য পারিষদ বর্গ ঠাকুর হরিদাসকে ঘেরি ঘেরি কীর্তন করতে লাগলেন।
এক অপূর্ব দৃশ্যপট রচিত হল ! এতকাল ঠাকুর হরিদাস হরিনাম সংকীর্তন করেছেন আর আজ স্বয়ং ভগবান গৌরহরি তাঁর গুণ গাইতে লাগলেন। শ্রীল রায় রামানন্দ, ভট্টাচার্য সার্বভৌম প্রমুখ সবার আগে আগে গিয়ে মহাপ্রভু ভক্তহরিদাসের গুণকীর্তন করতে লাগলেন।
ধন্য গৌড়ীয়নাথ গৌরহরি! ভক্তবৃন্দ গান প্রভুর গুণ আর প্রভু গান ভক্তের গুণ।
গাইতে গাইতে যেন মহাপ্রভু পঞ্চমুখ হলেন। ভক্তগুণ কীর্তনে তাঁর মহাসুখ ক্রমশঃ বাড়তে লাগল। সমবেত ভক্তবৃন্দ বিস্মিত হলেন। সবে মিলি বন্দনা করলেন ঠাকুর হরিদাসের চরণ।
এইবার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত।
“হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা।
নিজনেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা।।
স্বহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ।
সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ।।
শ্রীকৃষ্ণচৈতন্য শব্দ বলেন বার বার।
প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার।।
শ্রীকৃষ্ণচৈতন্য শব্দ করিতে উচ্চারণ।
নামের সহিত প্রাণ কৈল উৎক্রামণ।।“
-ঠাকুর হরিদাস নিজের সামনে মহাপ্রভুকে বসালেন, নিজের দুই মধুকরতুল্য আঁখি দ্বারা অনিমিখ নয়নে পান করতে লাগলেন মহাপ্রভুর মুখপদ্মের সৌন্দর্যসুধা। নিজের বুকের উপর মহাপ্রভুর শ্রীচরণ স্থাপন করলেন, সমবেত সকল ভক্তের চরণরেণু মাথায় নিলেন তুলে। আর তারপর তাঁর নয়ন জুড়ে ঝরতে লাগল প্রেমাশ্রু ধারা, কাতর স্বরে ডাকতে লাগলেন “শ্রীকৃষ্ণচৈতন্য শ্রীকৃষ্ণচৈতন্য”। হঠাৎ ক্রন্দন করতে করতে নিথর হলেন তিনি। প্রাণত্যাগ করলেন ঠাকুর হরিদাস। সাথে সাথেই সমবেত ভক্তবৃন্দ ‘হরি’ ‘কৃষ্ণ’ প্রভৃতি ভগবন্নামধ্বনিতে চতুর্দিক মুখরিত করে তুললেন। প্রেমানন্দে মহাপ্রভু বিহ্বল হলেন। হরিদাসের নিথর শ্রীদেহ নিজ শ্রীক্রোড়ে উঠিয়ে তিনি প্রেমাবিষ্ট হলেন। অঙ্গন জুড়ে শুরু করলেন মধুর নৃত্য । মহাপ্রভুর আবেশে সমস্ত ভক্তও প্রেমাবিষ্ট হয়ে নৃত্যকীর্তন করতে লাগলেন। এইভাবে দীর্ঘ সময় নৃত্য কীর্তনে অতিবাহিত হলে শ্রীল দামোদর গোস্বামী মহাপ্রভুকে স্মরণ করালেন যে হাতে সময় স্বল্প। এখনো বহু কৃত্য বাকি। তবে থামলেন গৌররায়। বিমানে আরোহণ করিয়ে শ্রীহরিদাসের শ্রীতনুকে আনা হল মহোদধির তীরে। আগে আগে মহাপ্রভু, পিছে পিছে পণ্ডিত বক্রেশ্বর সহ ভক্তবৃন্দ। মহাসংকীর্তন আর নৃত্যে মুখর হল বেলাভূমি। মহোদধি সলিলে স্নান করানো শ্রীহরিদাস প্রভুকে। তাঁর দিব্য অঙ্গপ্রত্যঙ্গ বেয়ে সেই পবিত্র স্নানসলিল গিয়ে মিশল মহোদধির জলরাশিতে। ভক্তবৎসল গৌরসুন্দর বললেন,
“সমুদ্র আজ হতে মহাতীর্থ হল”।
শ্রীহরিদাসের পাদোদক পান করলেন ভক্তগণ। অঙ্গে দিলেন প্রসাদী শ্রীচন্দন। সাথে ডোর, কড়ার, প্রসাদ। বালুকায় গর্ত করে তাঁকে শয়ন করানো হল। চতুর্দিকে তখন নিরবচ্ছিন্ন কীর্তন এবং ভক্ত সঙ্গে পণ্ডিত বক্রেশ্বরের নৃত্য। “হরিবোল হরিবোল” বলে মহাপ্রভু নিজহস্তে বালু তুলে দিলেন হরিদাসের শ্রীঅঙ্গে। ধীরে ধীরে শেষ হল সমাধি পর্ব। মহাপ্রভু শ্রীহস্তে বালুদ্বারা পিণ্ডা বাঁধিয়ে তাতে মহা আবরণ দিলেন। ভক্তবৃন্দ সঙ্গে করে সেই সমাধি ঘেরি ঘেরি নর্তন কীর্তন করলেন মহাপ্রভু। হরিধ্বনি কোলাহলে ব্যাপ্ত হল চৌদ্দ ভুবন।
এবার স্নান পর্ব।
মহোদধির জলরাশিতে প্রবেশ করলেন গৌররায়। ভক্তসঙ্গে জলকেলি রঙ্গে সমাধা করলেন সমুদ্র স্নান। তারপর নিজভক্ত হরিদাসকে প্রদক্ষিণ করে সিংহদ্বারে এলেন। নগর জুড়ে শুরু হল কোলাহল। সিংহদ্বারে এসে মহাপ্রভু নিজের আঁচল পেতে প্রত্যেক পসারীর নিকটে যাচ্ছেন আর বলছেন “আমি হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য ভিক্ষা করতে এসেছি, তোমরা আমাকে দাও”।
নীলাদ্রীশেখর জগন্নাথের সচল বিগ্রহ গৌরচন্দ্র ভগবান আজ নিজভক্তের জন্য ভিক্ষা করছেন।
পসারী সব চাঙ্গড়ি উঠিয়ে দিতে এলেন। তাঁদের বারণ করলেন শ্রীস্বরূপ দামোদর। মহাপ্রভুকে গৃহে পাঠিয়ে দিয়ে তিনি সমস্ত পসারীকে পসরা থেকে এক এক পুঞ্জা করে দিতে বললেন। ভিক্ষা শেষ হল। সব বেঁধে চারজনের মাথায় চড়িয়ে সে সব আনলেন শ্রীস্বরূপ গোস্বামী। ওদিকে শ্রীল বাণীনাথ পট্টনায়েক এবং শ্রীল কাশীমিশ্রও অনেক প্রসাদ পাঠিয়েছেন।
এবার মহোৎসবের পালা।
শ্রীমন্মহাপ্রভু আদর করে সবাইকে বসালেন। তারপর জনা চারেক লোক নিয়ে শুরু করলেন পরিবেশন। অকৃপণ হস্ত মহাপ্রভুর। শ্রীহস্তে কার্পণ্য নাই কোন। তাই বেশী বেশী করে একজনের পাতে পাঁচজনার ভোজ্য তুলে দিতে লাগলেন। তা দেখে গোস্বামী স্বরূপ বললেন, “মহাপ্রভু, তুমি বসে দর্শন কর, আমি বরং দিই।“ এই বলে শ্রীস্বরূপ সাথে নিলেন শ্রীজগদানন্দ, কাশীশ্বর আর শঙ্করকে। প্রসাদ পরিবেশন করতে লাগলেন সমবেত ভক্তবৃন্দকে। ওদিকে মহাপ্রভু না ভোজন করলে কেউই প্রসাদ পেতে চান না। কিন্তু মহাপ্রভুর সেদিন কাশীমিশ্রের বাড়ি নিমন্ত্রণ। কী করা যায়! অগত্যা ত্বরিতে কাশীমিশ্র প্রসাদ নিয়ে আসলেন সেই স্থানে। পরমানন্দ পুরী ও ব্রহ্মানন্দ ভারতীর সাথে মিলে একযোগে মহাপ্রভু প্রসাদ পেলেন। তবে গৌরহরির ভোজনান্তে সবাই প্রসাদ পেলেন। ভক্তপ্রাণ গৌরসুন্দর আনন্দোল্লাসে দর্শন করছেন আর বলছেন “আরো দাও আরো দাও”। আজ যে তাঁর প্রাণপ্রিয় ভক্ত হরিদাসের মহোৎসব। আনন্দ আর ধরে না যে ! কিন্তু দুঃখও
কম কিছু নয়; এমন ভক্ত বিহনে তাঁর মনেও ধিকিধিক জ্বলছে অশান্তির আগুন। শান্ত স্বরে বললেন,
“হরিদাসের বিজয়োৎসব যে কৈল দর্শন।
যে ইঁহা নৃত্য কৈল যে কৈল কীর্তন।
যে তাঁরে বালু দিতে করিল গমন।
তার মধ্যে মহোৎসবে যে কৈল ভোজন।
অচিরে তা সবার হৈবে কৃষ্ণভক্তি।
হরিদাস দরশনে হয় ঐছে শক্তি।।“
অহো ! কল্পতরু গৌরসুন্দর আজ ভক্তের স্মরণে আর কোন বাছবিচার রাখলেন না। আজ যারা যারা ঠাকুর হরিদাসের মহোৎসবে নৃত্য গীত কীর্তনাদি সঙ্গতে অংশগ্রহণ করেছে, যারা বালু দিয়েছে অথবা মহাপ্রসাদ ভোজন করেছে- তাদের সবার কৃষ্ণভক্তি হোক। এই বর দিলেন গৌরসুন্দর। এমনিই মহিমা ঠাকুর হরিদাসের। সাধে কী আর মহাজন বলেছেন, “ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে।“
তারপর মহাপ্রভু গৌরাঙ্গদেব ভক্তবিরহে বলতে লাগলেন, “ শুদ্ধ ভক্ত হরিদাসের সঙ্গ কৃপা করে কৃষ্ণ আমাকে দিয়েছিলেন। কিন্তু কৃষ্ণের ইচ্ছা স্বতন্ত্র। তিনি চেয়েছেন, তাই সে সঙ্গ ভঙ্গ করলেন। আজ হরিদাস যেতে চাইলে আমার শক্তি নেই তাঁকে আটকাবার। হরিদাস পৃথিবীর রত্ন। আজ তাঁকে হারিয়ে পৃথিবী রত্নশূন্যা হল। তোমরা সবাই জয় জয় হরিদাস বলে প্রেমধ্বনি দাও।“ এইমত বলে মহাপ্রভু আনন্দে নাচতে লাগলেন। সবাই প্রেমধ্বনি দিলেন ঠাকুর হরিদাসের নামে। তবে মহাপ্রভু সবাইকে হর্ষে বিষাদে বিদায় দিয়ে বিশ্রাম করলেন। এযাবৎ লিখে শ্রীল কবিরাজ গোস্বামী প্রভু পুনরায় লিখলেন,
“এই তো কহিলুঁ হরিদাসের বিজয়।
যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ়ভক্তি হয়।।
চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি।
ভক্তবাঞ্ছা পূর্ণ কৈলা ন্যাসি শিরোমণি।।
আপনে শ্রীহস্তে কৃপায় তাঁরে বালু দিলা।
আপনে প্রসাদ মাগি মহোৎসব কৈলা।।
মহাভাগবত হরিদাস পরম বিদ্বান।
এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ।।“
আজাবধি টোটা গোপীনাথ হতে অনতিদূরে সৈকতের নিকটে ঠাকুর হরিদাসের সমাধি বিদ্যমান।
“হরিদাস সঙ্গই ছিল মহাপ্রভুর সর্বোত্তম সঙ্গ এবং এই কারণেই তিনি প্রতিদিন হরিদাস মিলনে যেতেন ৷ মহাপ্রভুর অন্তর্ধানের কয়েকমাস পূর্ব থেকেই যে চরমতম কৃষ্ণবিরহ ভাবের স্ফূরণ হয়েছিল তার মুখ্যহেতু ছিল এই সিদ্ধ বকুল তলায় হরিদাস নির্যাণ , কারণ মহাপ্রভুর অন্তর্ধানের কয়েকমাস পূর্বে এই সিদ্ধ বকুল তলায় মহাপ্রভুর প্রাণপ্রিয় ভক্ত হরিদাসঠাকুরকে হারাতেই হরিদাস বিরহ জনিত বেদনার সহিত কৃষ্ণবিরহযুক্ত বেদনা সংযুক্ত হওয়ায় মহাপ্রভুর চরমতম বিরহ দশা দেখা দিয়েছিল—
অতঃপর মহাপ্রভুর বিষন্ন অন্তর ৷
কৃষ্ণের বিয়োগ-দশা স্ফূরে নিরন্তর ॥
হা ! হা কৃষ্ণ ! প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন ৷
কাঁহা যাও , কাঁহা পাঙ মুরলীবদন ॥
রাত্রি দিনে এই দশা স্বাস্থ্য নাহি মনে ৷
কষ্টে রাত্রি গোঙায় স্বরূপ-রামানন্দ সনে ॥
(চৈ;চ;-৩/১২/৩/৪/৫)
মহাপ্রভুর গম্ভীরা লীলায় কৃষ্ণবিরহরূপ অপার্থিব বেদনার স্ফূর্তি প্রাণাধিক প্রিয় হরিদাস ঠাকুরের বিরহের সহিত সমম্বিত হয়ে মহাপ্রভুকে যে সত্য সত্যই অধিকতর বিরহোন্মাদ দশায় স্থাপিত করে গম্ভীরার অাশ্রয়রূপ চরমতম লীলায় পরিণত করেছিল তা শ্রীশ্রীচৈতন্য- চরিতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে হরিদাস নির্যাণ লীলাটি বর্ণনার পরবর্তী দ্বাদশ পরিচ্ছেদের এই তিনটি পয়ার থেকেই স্পষ্ট বুঝা যায় ৷....
চৈতন্যচরিতামৃত রচয়িতা লিখেছেন—
“স্বরূপ গোঁসাঞি আর রঘুনাথ দাস।
এই দুই কড়চাতে এ লীলা প্রকাশ।।
সেই কালে এই দুই রহে মহাপ্রভুর পাশে।
আর সব কড়চাকর্তা রহে দূরদেশে।।
(চৈ, চ,- ৩/১৪/৬-৭)
------------
🌹‼️❤ ৬ ২ ‼️🌹
🌹এতেক চিন্তিতে রাধার নির্মল হৃদয় ৷
স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়॥
ঈর্ষা উৎকণ্ঠা দৈন্য পৌঢ়ি বিনয় ৷
এত ভাব এক ঠাঞি করিল উদয়॥
এত ভাবে রাধার মন অস্থির হইল ৷
সখীগণ আগে পৌঢ়ি শ্লোক (প্রগলভতাময় শ্লোক) যে পড়িল॥
সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিল ৷
শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনি হইল॥‘
(চৈ;চ;-৩/৩৪-৩৭)
শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধার হৃদয়ে স্বভাবসিদ্ধ, নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেমের সঞ্চারী ভাব-আদির উদয় হল, শ্রীকৃষ্ণ তাঁকে ত্যাগ করে হয়তো অন্য রমণীর সঙ্গ করছেন এই ভেবে শ্রীরাধার মনে ঈর্ষার উদয় হল, শ্রীরাধার শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য উৎকণ্ঠা হল, তাঁরই প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ যে তাঁকে ছেড়ে গিয়েছেন ভেবে শ্রীরাধার চিত্তে দৈন্যের উদয় হল,তাই শ্রীরাধা তখন মহাবিরহে সম্পূর্ণ নিঃসংঙ্কোচে সখীগণের কাছে তাঁর মনে ভাবটি প্রকাশ করলেন—
‘আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টু মা মদর্শনান্মর্মহতাং করোতু বা ।
যথাতথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু স এব নাপরঃ॥‘
( শিক্ষাষ্টক -০৮)
অর্থাৎ— শ্রীরাধা বললেন— ‘হে সখি ! শ্রীকৃষ্ণ তাঁর পদদাসী আমাকে আলিঙ্গন করে বক্ষঃস্থলে নিষ্পেষিতই করুন, অথবা দর্শন না দিয়ে আমাকে মর্মাহতই করুন, অথবা সেই বহুবল্লভ যেখানে সেখানে বিহার’ই করুন—তিনি যা-ই করুন না কেন- ‘তবু তিনিই আমার প্রাণনাথ ; আর কেউ নন’।
শ্রীরাধা ভাবাবিষ্ট মহাপ্রভু রামানন্দ রায় ও স্বরূপ দামোদরকে তাঁহার ব্রজের সখী মনে করে বলছেন— সখী ! কৃষ্ণের প্রতি উপেক্ষার ভাব দেখাইতে তোমরা যে আমাকে উপদেশ করলে, কিন্তু সখী আমি কিভাবে তাঁর প্রতি উপেক্ষা প্রদর্শন করব ? আমিতো কক্ষনো আমার নিজের সুখ কামনা করি না, আমি কামনা করি কেবলমাত্র তাঁর সুখ। আমার দেহ, মনোপ্রাণ সমস্তই যে আমি শুধুমাত্র তাঁর সুখ-বিধানের নিমিত্ত সম্পূর্ণরূপ উৎসর্গ করেছি৷ তাই আমাকে দুঃখ দিয়ে তিনি যদি সুখ অনুভব করেন, সেই দুঃখকে আমি আনন্দের সঙ্গে বরণ করে নেব ৷ সেই দুঃখই যে আমার মহাসুখ—
‘না গণি আপন দুঃখ,
সবে বাঞ্ছি তাঁর সুখ,
তাঁর সুখে আমার তাৎপর্য ৷
মোরে যদি দিলে দুঃখ,
তাঁর হৈল মহাসুখ,
সেই দুঃখ মোর সুখবর্য্য॥‘
( চৈ:চ;—৩/২০/৪৩)
( সুখবর্য্য—অর্থাৎ—সর্বশ্রেষ্ঠ সুখ পরম সুখ )
শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্য শ্রীরাধার যে কতদূর আকুলতা, ব্যাকুলতা তা এই উক্তিতেই প্রকাশ পেয়েছে ৷ পাতকউদ্ধারক মহাপ্রভু গম্ভীরাতে এইভাবে গভীর প্রেমোন্মাদ অবস্থায় শ্রীরাধাভাবে আবিষ্ট হয়ে রামানন্দ রায় ও স্বরূপদামোদের কাছে স্বরচিত আটটি শ্লোক (শিক্ষাষ্টক) আস্বাদন করলেন, আর সেই সাথে প্রলাপোক্তির মাধ্যমে শ্লোকের মর্মার্থও প্রকাশ করলেন ৷ নীলাচলে গম্ভীরায় মহাপ্রভুর চরমতম কৃষ্ণবিরহদশায় তাঁর অন্তরঙ্গ দুই ভক্ত রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর মহাপ্রভুকে কৃষ্ণকথা ও সঙ্গীত শুনিয়ে মহাপ্রভুর প্রাণ রক্ষা করতেন, তখন এদিকে নবদ্বীপে—
“প্রভু অদর্শনে বিষ্ণুপ্রিয়া ঠাকুরাণী ৷
বিরহ-সমুদ্রে ভাসে দিবসরজনী ॥“
অনুরূপভাবেই নবদ্বীপের গম্ভীরায় বিষ্ণুপ্রিয়া-দেবীর গভীর বিরহদশায় তাঁর দুই অন্তরঙ্গা সখী অমিতা ও কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াদেবীকে গৌরকথা ও গান শুনিয়ে বিষ্ণুপ্রিয়াদেবীর প্রাণ রক্ষা করতেন— “অমিতার গৌরকথা কাঞ্চনার গান ৷ বিরহিণী বিষ্ণুপ্রিয়ার রাখয়ে প্রাণ ॥“- ঠিক এইভাবেই সেইসময়ে নীলাচলে মহাপ্রভুর গম্ভীরা লীলার এক অবিকল প্রতিচ্ছবি নবদ্বীপেও হয়েছিল ৷ নীলাচলে মহাপ্রভু যেমন—“হা-কৃষ্ণ ! হা-প্রাণনাথ !” বলে অঝোরে কাঁদতেন, অনুরূপভাবে নবদ্বীপে একই সময়ে বিষ্ণুপ্রিয়া-দেবীও “হা-গৌরাঙ্গ ! হা-প্রাণনাথ !” বলে কাতর স্বরে চোখের জলে বক্ষ ভাসাতেন ৷ গৌরাঙ্গ স্বরূপে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন নীলাচলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাতর কণ্ঠে অশ্রু বিষর্জন করছেন, অন্যদিকে কৃষ্ণ বা গৌরাঙ্গের লীলাসঙ্গিনীও তখন গৌরাঙ্গনামের মাধ্যমে কৃষ্ণনামেই উন্মাদ দশা প্রাপ্ত হয়েছেন ৷ অর্থাৎ- মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়াদেবী জগজ্জীবকে কৃষ্ণোন্মুখী করতে অাপন অাপন জীবন ও অাচরণ সম্পূর্ণভাবেই কৃষ্ণার্থেই নিয়োজিত করেছেন ৷
‘প্রেমোদ্ভাবিতহর্ষের্ষ্যোদ্বেগদৈন্যার্তিমিশ্রিতম্ ৷
লপিতং গৌরচন্দ্রস্য ভাগ্যবদ্ভির্নিষেব্যতে ॥‘
( চৈ;চ;-৩/২০-শ্লোক-০১)
অর্থাৎ—প্রেমজনিত হর্ষ, ঈর্ষা, উদ্বেগ, দৈন্য ও আর্তিমিশ্রিত শ্রীগৌরাঙ্গের প্রলাপ বাক্য ভাগ্যবান জনেরাই শ্রবণ করে থাকেন ৷ মহাপ্রভু সেই প্রেম রসাইত নামের মাধ্যমে রসময় রসিক নাগর শ্যামসুন্দরের স্পর্শ সুখ নিত্য অনুভব করে জগজ্জীবকে তার স্বাদ নিতে বারাংবার আহ্বান করেছেন ৷ এই মহা মহাসত্য কথাগুলি কলিহত জীবকে বুঝিয়ে তাদের নামে প্রণোদিত করতে মহাপ্রভু জীবনভর নাম সংকীর্তন করেছেন ৷ মহাপ্রভু নাম মাহাত্ম্য প্রতিপাদক কতকগুলি শ্নোক(শিক্ষাষ্টক) রচনাও করেছেন, এবং নানাভাবেই নাম প্রচার করেছেন, এককথায় মহাপ্রভুর সমগ্র জীবনটাই কৃষ্ণনাম সংকীর্তনের এক মহাযজ্ঞ ৷ এই গম্ভীরা লীলায় কলিযুগপাবন অবতার মহাপ্রভু দিব্যোন্মাদে ভরপুর এই লীলার শেষ পর্যায়ে অর্থাৎ লীলা সম্বরণের প্রাক্কালে রামানন্দ রায় ও স্বরূপ দামোদরের সঙ্গে কলিহত জীবোদ্ধারে সর্বোপরি প্রয়োজন যে নাম সংকীর্তন, যা মহাপ্রভু নিজেই প্রচার করেছেন , সেই নাম সংকীর্তন ও তার মাহাত্ম্যের কথা বর্ণনাও করেছেন৷ সেই সময় নাম সংকীর্তনের মাহাত্ম্য উপলব্ধি করানোর জন্য মহাপ্রভুর মনে যে কারুণ্যের স্ফুরণ হয়েছিল তা তিনি জগজ্জীবকে আকর্ষণ করে প্রত্যক্ষ করিয়েছিলেন—
‘হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায় ৷
নাম সংকীর্তন কলৌ পরম উপায়॥
সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন ৷
সেই ত সুমেধা পায় কৃষ্ণের চরণ।।‘
(চৈ;চ;-৩/২০/৭-৮)
শুন স্বরূপদামোদর ও রায় রামানন্দ কলিতে নাম ছাড়া আর কোন উপায় নাই – কলিযুগে সর্বশ্রেষ্ঠ সাধন, সংকীর্তন-যজ্ঞ, নাম-সংকীর্তন দ্বারা পূজাকরণ বা, নাম-সংকীর্তনের সঙ্গ-করণ বা সর্বদা সঙ্কীর্তন করা ৷ বর্তমান কলিযুগের সমস্ত জীবের জন্য নাম সংকীর্তনকেই মহাপ্রভু পরম উপায় বলে উক্তি করেছেন ৷ কেন করেছেন ? কারণ—কলিহত জীব হীনশক্তি,অল্পায়ূ, অসংযমী এবং নানাপ্রকার দুঃখ দৈন্য বিপদ-আপদে জর্জরিত, তাই মায়াবন্ধন জনিত সেই সবরকম উপসর্গ হতে তাদের উদ্ধার ও কলিযুগে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের পরমপদ লাভ করবার একটিই মাত্র পথ ও পন্থা, যেহেতু একমাত্র নাম সংকীর্তন , সেইহেতু নাম সংকীর্তনকে মহাপ্রভু পরম উপায় বলে উক্তি করেছেন ৷
“পূর্বে অষ্টশ্লোক করি লোক শিখাইল ৷
সেই অষ্টশ্লোকের অর্থ আপনে আস্বাদিল॥“
(চৈ;চ;-৩/২০/৫৫)”
এই শিক্ষাষ্টকের— প্রথম শ্লোকে মহাপ্রভু কৃষ্ণনাম সংকীর্তনের অপূর্ব মহিমা, দ্বিতীয় শ্লোকে কৃষ্ণের অনন্ত নামের প্রত্যেকটি নামই যে সর্বশক্তি সম্পন্ন ও সর্বাভীষ্ট ফলপ্রদ তার বর্ণনা, তৃতীয় শ্লোকে কিভাবে নাম করলে প্রেমোদয় হয়, চতুর্থ শ্লোকে কৃষ্ণসেবা ব্যতিরেকে অন্যসমস্ত বাসনা বর্জনের উপদেশ, পঞ্চম শ্লোকে শ্রীকৃষ্ণের দাসত্ব প্রার্থনা, ষষ্ঠ শ্লোকে প্রেমোদয়ে ভক্তের কি অবস্থা হয়, সপ্তম শ্লোকে শ্রীরাধাভাবটি মহাপ্রভুতে কিভাবে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে,, আর অষ্টম শ্লোকে শ্রীরাধার বিশুদ্ধ প্রেমের মহিমা আচরণের মাধ্যমে আস্বাদন করেছেন ৷ শ্রীমন্মহাপ্রভু এইভাবে শিক্ষাষ্টকের আস্বাদন এবং সেইসাথে—
“যেই যেই শ্লোক জয়দেবে ভাগবতে ৷
রায়ের নাটকে যেই আর কর্ণামৃতে ॥
সেই সেই ভাবের শ্লোক করিয়া পঠন ৷
সেই সেই ভাবাবেশে করে আস্বাদন ॥
দ্বাদশ বৎসর ঐছে দশা রাত্রিদিনে ৷
কৃষ্ণরস আস্বাদয়ে দুই বন্ধু সনে॥“
(চৈ;চ;-৩/২০/৫৮—৬০)
এইভাবে দ্বাদশটি বৎসর অতিক্রান্ত হলে অবশেষে মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তবৃন্দের সাথে শুধুমাত্র ব্রজলীলার কথা আলোচনা করতে থাকলেন ৷ আর অহরহ অনন্যমনে অশ্রু বিগলিত নয়নে কেবল মাত্র কামনার ধন কৃষ্ণ অন্বেষণ করতে লাগলেন ৷ সেইসময়টাতে মহাপ্রভুর আকৃতি-প্রকৃতি দর্শনে সকলেই অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়তেন ৷ কারণ,তখন মহাপ্রভুর নয়নদ্বয় উর্দ্ধদৃষ্টিতে যেন প্রাকৃত জগতের বর্হিভূত কি এক অপ্রাকৃত বস্তুর অনুসন্ধান করছে এবং নয়নের নিম্নদিক দিয়ে যেন নদীর স্রোতের অবিরাম অশ্রুপ্রবাহ প্রবাহিত হচ্ছে আর যুগপৎ সাত্ত্বিক বিকারগুলি স্পষ্টভাবে একযোগে প্রকাশিত হচ্ছে। মহাপ্রভুর সুদীর্ঘ দ্বাদশ বৎসর ব্যাপী এই যে গম্ভীরা লীলা, তা কেবল অবিরল অশ্রু ঝরারই লীলা ৷ কারণ, সেইসময়ে রাধাভাবে কৃষ্ণবিরহে তাঁর চোখদুটি সর্বক্ষণই অশ্রুভারাক্রান্ত হয়ে থাকত—যৎসামান্য উদ্দীপকের প্রভাবেই তা বাঁধভাঙ্গা নদীর মতো তীব্র গতিতে নির্গত হত ৷ কারণ, বৈষ্ণবজগতের মুখ্যতম প্রামান্য গ্রন্থ শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃতে শ্রীমন্ মহাপ্রভুর সেই সময়ের অপরিমিত অশ্রুধারা নির্গমনের প্রকৃতি এইভাবেই লিপিবদ্ধ আছে—
“দুই নেত্র ভরি অশ্রু বহয়ে অপার ৷
সমুদ্রে মিলিল যেন গঙ্গাযমুনাধার॥“
(চৈ;চ;-৩/১৪/৮৮)
মহাপ্রভুর আকর্ণ বিস্তৃত দুচোখ থেকে তখন এত প্রবল বেগে জলধারা বের হত যে, তা দেখে মনে হত দুচোখ ঠিক যেন দুটি নদীর ন্যায়ই নিকটবর্তী সমুদ্রের সঙ্গে মিলনমুখী হয়ে দুর্নিবার বেগে ছুটে চলেছে ৷ প্রেমাবতার মহাপ্রভুর ইষ্টানুসন্ধানের এই অতীব আকুলতা আর অদর্শনের এই অচিন্ত্য আক্ষেপ ও আর্তনাদই যে পরমধন কৃষ্ণপ্রেম প্রাপ্তির অব্যর্থ উপায় তা গম্ভীরা লীলাকালে তিনি আচরণ পূর্বক জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেছেন ৷ এরইমধ্যে একদিন মহাপ্রভুর মনে হল—যে জন্য জগতে এসেছি, সেই নাম-প্রেম প্রচার কার্য যথেষ্ট করেছি, এবং মনের সাধ মিটাতে দীর্ঘ বারো বছর ধরে ব্রজের অপূর্ণ তিন বাঞ্ছাও প্রাণ ভরে আস্বাদন করেছি--
“সেই দিন হৈতে প্রভুর আর দশা হৈল ৷
কৃষ্ণের বিচ্ছেদ দশা দ্বিগুণ বাড়িল॥“
( চৈ;চ;-৩/২০/২৯)
এখন আর বিলম্ব নয়- বিশেষভাবে যিনি আমাকে এই জগতে আবাহন করে এনেছিলেন সেই অদ্বৈতাচার্যই যখন জগদানন্দের নিকট আমার বিদায় লইবার এক জরুরী বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছেন, তখন আর এ জগতে অবস্থান করব না, এখন চিন্ময় নিত্যবৃন্দাবন ধামেই চলে যাব— “চৈতন্যমঙ্গলে তিঁহো লিখিয়াছে স্থানে স্থানে ৷
সেই বচন শুন সেই পরম প্রমানে॥“
(চৈ;চ;-৩/২০/৭৬)
এইভাবে দেখতে দেখতে ১৪৫৫ শকের আষাঢ় মাস এসে পড়ল , শ্রীক্ষেত্র তখন গৌড়ীয় ভক্তে পরিপূর্ণ, রথযাত্রা সমাগত, শ্রীমন্ মহাপ্রভু যথারীতি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে মহানন্দে রথযাত্রা উৎসব পালনে তৎপর ৷ অবশেষে নৃত্য-কীর্তন আর মূহুর্মূহু জগন্নাথ দেবের জয়ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে গুণ্ডিচা উৎসব এবং শ্রীশ্রীজগন্নাথদেবের পুনর্যাত্রাও যথারীতি সমাপ্ত হল ৷ অতঃপর ? অতঃপর মহাপ্রভু লীলাবসানের নিমিত্ত সম্পূর্ণ প্রস্তুত হলেন, যাতে গৌড়ীয় ভক্তবৃন্দের মনে মহাপ্রভু বিহনে প্রবল শেল বিঁধে এই ভয়ে যথাসম্ভব ভাব গোপন করলেন, তবে স্বরূপ দামোদর ও রামানন্দ রায় প্রমুখ কজন অন্তরঙ্গ ঠারেঠোরে বুঝতে পারলেন যে, মহাপ্রভুর লীলাবসান বেলা সমাগত ৷ মহাপ্রভুকে আর ধরে রাখা যাবে না ! অতএব সেইদিনটি এসে পড়ল, ১৪৫৫ শকের আষাঢ় মাসের কৃষ্ণা সপ্তমী তিথি বেলা তৃতীয় প্রহর ৷ গত নিশীথে মহাপ্রভু স্বপ্নে দেখেছেন, গোপীগণ দিব্য বিমানযোগে ব্রজপুরী হতে জগন্নাথপুরীতে এসে বলছেন—“এসো, কাজ শেষ হয়েছ, এইবার স্বীয় স্বরূপে ব্রজের কানাই ব্রজে চল ! আর অন্য দিকে দুই বাহু সন্মুখে প্রসারিত করে আজ স্বয়ং প্রভু শ্রীশ্রীজগন্নাথ, মহাপ্রভুকে আহ্বান করে বলছেন—“এসো সময় হয়েছে৷ এইবার গৌর বর্ণের অন্তরালে কৃষ্ণবর্ণ মূল কৃষ্ণবর্ণে মিলে মিশে পূর্ববৎ এক হয়ে যাক ৷”
সেইদিন মহাপ্রভু তাঁর অপ্রকটকালীন অভিনব লীলায় ভাবগম্ভীর মানসে গম্ভীরা গৃহে অবস্থান করছিলেন ৷ আর রামানন্দ রায়, স্বরূপ দামোদরাদিও বহিরঙ্গনে ভক্তদের সঙ্গে মহাপ্রভুর বিষয়েই আলাপচারিতায় মগ্ন ছিলেন ৷ বেলা তৃতীয় প্রহর , অকস্মাৎ মহাপ্রভু কাউকে কিছু না বলে গম্ভীরা হতে বাহির হয়ে দুই হাত তুলে উচ্চ কণ্ঠে কৃষ্ণনাম মহামন্ত্র কীর্তন করতে করতে দ্রুতপদে শ্রীশ্রীজগন্নাথ মন্দিরের দিকে ধাবিত হলেন ৷ কিংকর্তব্যবিমূঢ় ভক্তগণও মহাপ্রভুর পশ্চাৎ ধাবন করলেন—শ্রীমন্দির মধ্যে দুই বাহু সন্মুখে বাড়িয়ে কৃষ্ণবর্ণ শ্রীশ্রীজগন্নাথ হরি মৃদু-মধুর হেসে মহাপ্রভুকে সম্বোধন করে যেন বলে উঠলেন—“এসো ! এসো ! আর অনুরূপ ভাবে দুটি বাহু সন্মুখে মেলে গৌরবর্ণ গৌরহরি সজল নেত্রে প্রত্যুত্তর দিলেন—“এসেছি ! এসেছি ! দেহ আলিঙ্গন ৷” মহাপ্রভু আলিঙ্গনের জন্য সবেগে ধাবিত হতেই গর্ভ মন্দিরের দ্বার আপনা হতেই বন্ধ হয়ে গেল....”তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে ৷ জগন্নাথে লীন প্রভু হইলা আপনে ॥“
“(শ্রীশ্রীচৈতন্যমঙ্গলের শেষ খণ্ড)”
‘’অদ্যপিও সেই লীলা করে গৌররায় ৷ কোন কোন ভাগ্যবান দেখিবারে পায় ॥‘ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ॥ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥“
--------- ---------- ----------
‘কৃষ্ণবিচ্ছেদবিভ্রান্ত্যা মনসা বপুষা ধিয়া ৷
যদ্ যদ্ব্যধত্ত গৌরাঙ্গস্তল্লেশঃ কথ্যতেহধুনা ॥‘
অর্থাৎ—শ্রীকৃষ্ণবিরহে বিভ্রান্ত হয়ে মন, দেহ ও বুদ্ধিদ্বারা শ্রীগৌরাঙ্গ যা যা করেছিলেন, এখন তার কিছু কিছু বলা হচ্ছে ৷ জগৎপ্রাণ মহাপ্রভু জগন্নাথক্ষেত্রে পরমভক্ত কাশীমিশ্রালয়ে একটি ক্ষূদ্র প্রকোষ্ঠে তাঁহার দিব্য জীবনের শেষ বারোটি বছর শ্রীব্রজ-বিরহিণীর মহাভাবে বিভাবিত হয়ে ক্ষণে ক্ষণে যে অপরূপ লীলামাধুরী আস্বাদন করেছিলেন তাই গম্ভীরালীলা নামে জগদ্বিখ্যাত ৷ গম্ভীরালীলা মহাপ্রভুর এক পরম মধুময় লীলা ৷ এমন মাধুর্যমন্ডিত লীলা কোনকালে হয় নাই বা হইবারও নহে। কারণ, এই লীলাতে মহাপ্রভুর দিব্যোন্মাদ দশা যেমন পূর্ণ রূপে প্রকাশিত , তেমন আর কোন যুগে কোন লীলাতেই হয় নাই বা হবেও না ৷ বৈষ্ণবদর্শনের চূড়ান্ত বিষয় যে *রাধাপ্রেম* তাহার চরমতম অভিব্যক্তি একমাত্র এই গম্ভীরা লীলাতেই পূর্ণচন্দ্রের চন্দ্রিমার মত পরিপূর্ণরূপে প্রতিভাত হয়েছে ৷ মহাপ্রভুর গম্ভীরালীলা সত্যসত্যই মহাসাগরের মতই অতীব দুরবগাহ ও গম্ভীর ৷
‘গম্ভীরা ভিতরে রাত্র্যে নাহি নিদ্রা লব ৷
ভিত্ত্যে মুখ শির ঘসে ক্ষত হয় সব ॥
(চৈ; চ; ২/২/৬)
সেইকালে রাতভোর তিনি সকরুণ আর্তিতে বিরামবিহীনভাবে কেবল কৃষ্ণনামই কীর্তন করেছেন ৷ এমনকি গম্ভীরার ভিত্তিতে মুখ ঘর্ষণাদি পরম অদ্ভুত প্রেম বিকারের মধ্যেও তিনি শুধু কৃষ্ণনামই কীর্তন করেছেন ৷ আবার গম্ভীরার বাহিরে কখনও হস্তপদ গ্রন্থি শিথিল হয়ে দীর্ঘাকৃতি ধারণ,কখনও মাংসপিন্ডবৎ কূর্মাকৃতি হয়ে যাওয়া, কখনও সমুদ্রে পতন প্রভৃতি সর্বাবস্থাতেই লক্ষ্যণীয় ‘রাধাভাবাক্রান্ত’ ক্রন্দনরত মূর্তি মহাপ্রভুর মুখে শুধুমাত্র কৃষ্ণনামই ধ্বনিত হয়েছে। এইভাবে ‘মহাভাবে’ বিভাবিত মহাপ্রভু লোক শিক্ষার্থে তাঁহার প্রেম পিপাসার অনন্ত হাহাকার কৃষ্ণনামে শান্ত ও নিবৃত্ত করে স্বমাধূর্য আস্বাদনের সহিত কৃষ্ণনাম সংকীর্তনের মহিমাকেও সমুজ্জ্বল করে তুলেছিলেন ৷
‘মহাপ্রভু’ তাঁর আচরণের মাধ্যমে যেখানে যেভাবেই লীলায়িত হোন না কেন সর্বদা কলিজীব উদ্ধারক মহানাম নিজে আচরণ করে তা জগজ্জীবকে অনুসরণ করিতে বারাংবার প্রলুব্ধ করেছেন ৷ ভাবের রহস্য বোঝা বড়ই কঠিন , শুধু ভাব নয়-মহাভাবের মহাপীঠের মহোত্তম স্মৃতি মহাপ্রভুর গম্ভীরালীলা। মহাপ্রভুর গম্ভীরালীলা সর্বকালের সর্বশ্রেষ্ঠতম লীলা ৷ তাই গম্ভীরালীলা শ্রীভগবানের অনন্তলীলার মধ্যে শ্রেষ্ঠতম লীলা ৷
‘গম্ভীরা’ নামকরণটি যেমন বলা যায়-
* প্রথমত ;—উৎকলে ‘গম্ভীরা’ শব্দে ভিতরের নির্জন গৃহ ৷
* দ্বিতীয়ত ; ভগবৎলীলা যেখানে অত্যন্ত গভীর হইয়াছে সেই স্থানকেও ‘গম্ভীরা’ বলা হয় ৷ নীলাচলে কাশী মিশ্রালয়ের সেই অতিক্ষূদ্র গৃহটিতে শ্রীশ্রীরাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ মহাপ্রভুর নিগূঢ় ভাব মাধূর্য যেহেতু পূর্ণিমা চন্দ্রের চন্দ্রিমার পূর্ণরূপেই প্রস্ফুটিত হয়েছিল। সেইহেতুও বলা যায় সেই গৃহটি গম্ভীরা ৷
প্রসঙ্গক্রমে এখানে এই শাস্ত্রোক্তিটিও সবিশেষ প্রণিধানযোগ্য—‘’লীলাতু গম্ভীরা যত্র গম্ভীরা সা নিগদ্যতে’’-অর্থাৎ যে স্থানে ভগবৎলীলা প্রগাঢ় রূপ পরিগ্রহ করেছে সেই স্থানটিই গম্ভীরা ৷ * তৃতীয়ত ; সহজ কথায় গম্ভীরা লীলার অর্থ “গভীরলীলা”*৷
অর্থাৎ যাহার গভীরতা অতি দুর্জ্ঞেয় ৷ মহাপ্রভু মহাভাবে ভাবিত হয়ে সেই রাধাভাবই আস্বাদন করেছিলেন কাশী মিশ্রালয়ের একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে ৷ ভাবের ঘোরে জ্ঞান শূন্য অবস্থায় প্রেমের প্রাবল্যে তিনি সেখানে কখনও মৃত্তিকায় নাসিকা. কখনও নৃত্য, কখনও উন্মাদবৎ আচরণ ইত্যাকার আরও যে সমস্ত গভীর লীলা প্রকাশ করেছেন তাই’ই *গম্ভীরা লীলা* নামে খ্যাত ৷ এতদিন মহাপ্রভু নাম-প্রেম বিতরণ করলেন জীবের জন্য। এখন দ্বাদশ বৎসর অবতারের মূল প্রয়োজন গম্ভীরাতে রাধাভাবে নিজ আস্বাদন- ‘শ্রীরাধার প্রেম-মাহাত্ম্য কিরূপ, ঐ প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত-মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কিরূপ এবং আমার মাধুর্য-আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পান, সেই সুখই বা কিরূপ-এই সমস্ত বিষয়ে লোভ বশতঃ শ্রীরাধাভাবাঢ্য হয়ে কৃষ্ণচন্দ্র শচীগর্ভসিন্ধুতে আবির্ভূত হলেন ৷ * চতুর্থত ; গম্ভীরা অর্থে প্রেমের গভীরতম বা চরমতম অবস্থা বুঝায়। * পঞ্চমত ; গম্ভীরা অর্থে গভীরতম বা চরমতম বিরহকেও বুঝিতে পারি ৷ কারণ, কৃষ্ণার্থে গভীর আকুলতাই কৃষ্ণপ্রেম প্রবাহিণীতে স্নাত হওয়ার প্রকৃষ্ট পথ ও পন্থা ৷ ব্রজের অপ্রাকৃত কৃষ্ণানুরাগ, যাহা ব্রজদেবীগণেই বিশেষভাবে প্রকটিত হয়েছিল, কৃষ্ণ অদর্শনে উন্মাদিনী গোপীগণ বাহ্যদশা হারাইয়া কৃষ্ণ প্রেমসাগরে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করে যে ভাব ও প্রলাপোক্তি প্রকাশ করোছিলেন, গম্ভীরা লীলায় মহাপ্রভু ঠিক সেই মহাভাব সাগরে নিমজ্জিত হয়ে কৃষ্ণবিরহের চরমতম অবস্থা জগজ্জীবকে প্রত্যক্ষ করিয়ে পবিত্র ও ধন্য করেছিলেন।
গম্ভীরালীলা বিষয়ে শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে বেশ কয়েকটি পয়ার পরিলক্ষিত হয় ৷ যথা—২/২/৬ ,, ৩/১০/৭৯,, ৩/১৭/৮,, ৩/১৯,, ৩/১৯/৫২,, ৩/১৯/৫৫—এই পয়ার গুলিকেই কেন্দ্র করে মহাপ্রভুর গম্ভীরা লীলার কথাটি ক্রমান্বয়ে আজ সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়েছে ৷ শুধুমাত্র বঙ্গবাসী বা ভারতবাসী নয়, সমগ্র বিশ্ববাসীর পরম আদরণীয় গ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা,
আর এই গীতা গ্রন্থখানির একটি বিশেষ জ্ঞাতব্য বিষয় হল—
‘পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্ ৷
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥‘ ( গীতা )
গোলকাধিপতি সচ্চিদানন্দঘন বিগ্রহ স্বয়ংভগবান শ্রীকৃষ্ণ জগৎকল্যাণার্থে দিব্য অথচ নরদেহ ধারণ পূর্বক যুগে যুগে আমাদের এই ধূলামাটির পৃথিবীতে অবতীর্ণ হন ৷ এই ভাবধারাতেই ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান কলিযুগের প্রারম্ভে শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু রূপে আটশত বিরানব্বই বঙ্গাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপ মহাতীর্থে অবতীর্ণ হয়েছিলেন ৷ বিভিন্ন শাস্ত্রবাণীতে এই সত্যই স্পষ্ট ৷
সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভুু নীলাচলে এসে কিছুদিন অবস্থানের পরই তীর্থ দর্শনে পদব্রজে সমগ্র দাক্ষিণাত্য ও দক্ষিণে সেতুবন্ধ রামেশ্বর পর্যন্ত, পূর্ব ও পশ্চিমে সমুদ্রকূল পর্যন্ত প্রভৃতি যতস্থানেই ভ্রমণ করেছিলেন, তখন তাঁর স্বতঃস্ফূর্ত প্রভাবই সকলকে মুগ্ধ করে নামসংকীর্তন রূপ ভক্তিধর্মে প্রবেশ করেছিল ৷ নীলাচলে সার্বভৌম ভট্টাচার্য, বিদ্যানগরে রায় রামানন্দ, দক্ষিণদেশে বেঙ্কট ভট্ট, প্রয়াগে বল্লভ ভট্ট, শ্রীরূপ গোস্বামী, কাশীতে শ্রীসনাতন গোস্বামী, শ্রীপ্রকাশানন্দ সরস্বতী প্রমুখ তৎকালীন মহাজ্ঞানী ও পণ্ডিতবর্গকে নিজপ্রভাবে অতি সহজে বিশুদ্ধ ভক্তিপথে আনয়ন করে বার বার তিনি তাঁহাদের দ্বারাই জগতে নাম-প্রেম প্রচার করিয়েছিলেন ৷ কৃপাসিন্ধু মহাপ্রভু এইভাবেই আসমুদ্রহিমাচল বহুস্থানে গিয়ে নামপ্রেম প্রচার করেন এবং বহুস্থানে তাঁহার প্রচারকদের অসীমশক্তি সঞ্চারপূর্বক প্রচার কার্যে নিয়োজিত করেন ৷ অনাদিকাল হইতে অদ্যাবধি কোনযুগে কোনদিন যাহা অর্পিত হয় নাই, সেই উন্নত ও উজ্জ্বলরসময়ী প্রেমসম্পদ ভক্তাভক্ত নির্বিচারে সকলকে বিতরণ করিবার জন্যই জীবনেশ্বর মহাপ্রভু করুণাবশতঃ বর্তমান কলিযুগের প্রারম্ভে এই ভারতভূমিতে আবির্ভূত হয়েছিলেন। সাধন ভজনাদির অপেক্ষা না রেখে মহাপ্রভু এইযুগে যত্র-তত্র যাহাকে-তাহাকে অযাচিত ভাবে সুদুর্লভ ব্রজপ্রেম যেভাবে দান করেছেন, তেমনটি অন্যকোন যুগে বা অন্যান্য স্বরূপের চিন্তন তো বহু দূরের কথা স্বয়ং ব্রজেন্দ্রনন্দন স্বরূপেও প্রকাশ করেন নাই ৷ অপ্রাকৃত বৃন্দাবনলীলার রসেপূর্ণ গম্ভীরালীলাটির গম্ভীরালীলা রূপ রঙ্গমঞ্চে মহাপ্রভুর দিব্যোন্মাদ ও মহাভাবের লীলাবিলাস রূপ আলোচনার পূর্বে মহাপ্রভুর নিকটস্থ পরিকর কয়েকজনের সম্পর্কে একটু অবগত হওয়া যাক ৷।
“সঞ্চার্য রামাভিধভক্তমেঘে স্বভক্তিসিদ্ধান্তচয়ামৃতানি ৷ গৌরাব্ধিরেতৈরমুনা বিতীর্ণৈস্তজ্জ্ঞত্বরত্নালয়তাং প্রয়াতি॥
( চৈ, চ,২/৮/শ্লোক—০১)।“
শ্রীগৌরাঙ্গ সমুদ্র , আর ভক্ত রায় রামানন্দ যেন মেঘ ৷ সমুদ্র থেকে যেমন মেঘে জল সঞ্চারিত হয়, তেমনি রায় রামানন্দ রূপ মেঘে স্বভক্তি সিন্ধান্তরূপ (কৃষ্ণভক্তি) অমৃত সঞ্চারিত হল ৷ রামানন্দের মুখে সেই সিদ্ধান্তরূপ অমৃত বৃষ্টির মতো ঝড়ে পড়ে সমুদ্ররূপ মহাপ্রভুতেই অাবার ফিরে এল ৷ বৃষ্টির জল সমুদ্রে পড়লে রত্ন জন্মে,তখন সমুদ্রের নাম হয় রত্নাকর, তেমনি রামানন্দের মুখনিঃসৃত সিদ্ধান্তের উপলব্ধিগুলো কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সমুদ্র বা রত্নাকর ৷
বৈষ্ণব জগতে রামানন্দ রায় নামটি অতীব আদরণীয় নাম ! মহাপ্রভু নিজে মনের আনন্দে এই উক্তি করেছেন—
‘তুমি পাণ্ড-ু পঞ্চপাণ্ডব তোমার নন্দন ॥
এই পঞ্চপুত্র তোমার-মোর প্রিয় পাত্র ৷
রামানন্দ সহ মোর দেহ মাত্র ভেদ ॥
(চৈ;চ;১/১০/ ১৩০ ও ১৩২ )।
নীলাচলে মহাপ্রভু রামানন্দের পিতার সঙ্গে মিলনের সময় একথা বলেছিলেন ৷ মহাপ্রভু স্পষ্টাক্ষরেই বলিয়াছেন তাঁহাতে এবং রামানন্দে দেহগত ভাবেই মাত্র পৃথক , তাঁহারা দুইজন অভিন্নাত্মা ৷ মহাপ্রভুর এই উক্তি সত্য সত্যই মহাসত্য তাতে কোন সন্দেহ নাই ৷ মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণের মধ্যে রামানন্দের মুখই ‘সাধ্যসাধনতত্ত্ব ও তদ্ ব্যপদেশে রাধাপ্রেমের অপূর্ব মহিমা’ প্রকাশিত করাইয়া পরিশেষে রামানন্দের নিকট নিজের স্বরূপ ‘রসরাজ মহাভাব দুইয়ে যে একরূপ’’ তাহা প্রকাশের মাধ্যমে স্বীয় অত্যন্ত নিগূঢ় তত্ত্ব ব্যক্ত করেছিলেন ৷ মহাপ্রভুর অত্যন্ত মরমী পরিকর রামানন্দ রায়ের আরও পরিচয় পরিলক্ষিত হয় ৷ তিনি উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের মন্ত্রীরূপে সকল বিষয় কর্মে ব্যাপৃত থাকা সত্ত্বেও রামানন্দ ছিলেন পরমভাগবত প্রেমিক, পরমপ্রেমিক , পরমপণ্ডিত , ও পরমরসজ্ঞ ভক্ত ৷ শুধু তাই নয় রামানন্দ সুনিপুণ লেখক, সুদক্ষ অভিনেতা , এবং সুদক্ষ বক্তাও ছিলেন , রামানন্দের সংস্কৃতে লেখা “জগন্নাথ বল্লভ” নাটকটি বৈষ্ণব সমাজে অত্যন্ত আদরণীয় ৷ স্বয়ং মহাপ্রভুই স্বানুভাবে বলেছেন তা চৈতন্যচরিতামৃতে উল্লেখ রয়েছে—
“রামানন্দ রায় মহাভাগবত- প্রধান।
তেঁহো জানাইল-কৃষ্ণ স্বয়ং ভগবান ॥
তাতে প্রেমভক্তি পুরুষার্থ শিরোমণি ৷
রাগমার্গে প্রেমভক্তি সর্বাধিক জানি॥“
(চৈ;চ;-৩/৭/২০—২১ )।
রামানন্দের মুখ নিঃসৃত পরম আস্বাদ্য, পরম লোভনীয়, পরম চিত্তাকর্ষক ভক্তিসিদ্ধান্তরূপ কৃষ্ণকথা শ্রবণে-পঠনে সকলেই , এমনকি স্বয়ং মহাপ্রভুও পরম তৃপ্তিলাভ করিতেন এবং এইকথা শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে ভক্তিমার্গের ইতিহাসে সর্বশ্রেষ্ঠতম মধুরাতিমধুর *”সাধ্যসাধনতত্ত্ব রায় রামানন্দ ও মহাপ্রভু সংবাদ”।*
দ্বাপরে ব্রজলীলার বিশাখাই কলিতে নবদ্বীপ লীলায় কৃষ্ণভক্তিরসের পরিপূর্ণ প্রবাহরূপে রামানন্দরায়ে বিরাজিতা ৷ কৃষ্ণভক্তি-রসময়ত্বই তাঁর প্রকৃত স্বরূপ ৷ রামানন্দকে দর্শন আর কৃষ্ণভক্তিরসঘন মূর্তি দর্শন একই দর্শন ৷ রামানন্দের শ্রীকণ্ঠে কৃষ্ণকথা শ্রবণ আর কৃষ্ণকথামৃত সুধাসিন্ধুতে নিমজ্জন একই কথা ৷ তখনকার দিনে জাতি-ধর্ম-বর্ণ ভক্তাভক্ত নির্বিশেষে যিনিই একবার রামানন্দের সাথে কৃষ্ণকথা আলাপন করতেন তাঁর হৃদয় কৃষ্ণভক্তিপ্রেমরসে পরিপ্লুত হয়ে উঠত ৷ কারণ;—তাঁর সুললিত কন্ঠের কৃষ্ণকথা-সুধাসরিৎ শ্রীকৃষ্ণপ্রেম সমুদ্রে নিত্য সংযুক্ত ৷
‘মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণের সময় গোদাবরী তীরে প্রথম রামানন্দ রায়ের সক্ষাতে যে সাধ্যসাধনতত্ত্ব আলোচনা হয়, যা চৈতন্যচরিতামৃতে উল্লেখ আছে সেই-রায় রামানন্দ ও মহাপ্রভু সংবাদ’ আলোচনায় একটু সংক্ষিপ্ত আলোকপাত ;
“নমস্কার কৈল রায়, প্রভু৷ কৈল আলিঙ্গনে ৷
দুইজনে কথা কহে বসি রহঃস্থানে॥“
(চৈ;চ;-২/৮ )।....
🌹💐গোদাবরী নদীতে স্নানের পর রামানন্দ রায়ের নবীন সন্ন্যাসীর সাথে আলাপের সময় মহাপ্রভু তাঁর পরিচয় গোপন করেছিলেন, কিন্তু নবীন সন্ন্যাসীর আকৃতিতে- প্রকৃতিতে ঈশ্বরের লক্ষণ দেখায় রামানন্দ নবীন সন্ন্যাসীকে ( মহাপ্রভুকে) কিছুদিন বিদ্যানগরে অবস্থান করার জন্য অনুরোধ করলে মহাপ্রভু সস্মত হলে রামানন্দ রায় মহাপ্রভুর আসনের জন্য মনোরম একান্ত স্থান ও অন্যান্য সুব্যবস্থা করলেন ৷ আলাপকালে মহাপ্রভু ঈষৎ হেসে রামানন্দকে বলেছিলেন তোমার মুখে কৃষ্ণকথা শুনতে মন হয় ৷ এরপর মহাপ্রভুর বিশ্রামান্তে রামানন্দ এলে মহাপ্রভু বারাংবার রামানন্দের থেকে ভক্তির “তত্ত্ব ও ভজন-প্রণালী” জানবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে রামানন্দ বলতে সম্মত হলে—
“প্রভু কহে—পড় শ্লোক সাধ্যের নির্ণয় ৷
রায় কহে—স্বধর্মাচরণে বিষ্ণুভক্তি হয় ॥“
(চৈ;চ;-২/৮/৫৪)
রামানন্দ বলতে শুরু করলেন সাধ্য- ‘জীবের অভীষ্ট বা কাম্যবস্তুই হল সাধ্য ৷ আর সাধ্যবস্তু পাওয়ার উপায় হল সাধন ৷’- স্বধর্মাচরণ ? ‘ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র—এই চারটি বর্ণাশ্রমের এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বাণপ্রস্থ ও সন্ন্যাস—এই চারটি চতুরাশ্রমের জন্য শাস্ত্রে যে সমস্ত কর্তব্য-কর্মের উপদেশ আছে, তার অনুষ্ঠান বা আচরণই হল তাঁর স্বধর্মাচরণ ৷’ বিষ্ণুভক্তি—‘রায় রামানন্দের আলোচনা থেকে বুঝা যাচ্ছে—বিষ্ণুভক্তিই পুরুষার্থ বা সাধ্যবস্তু ; ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণকে সেবা করাই হল বিষ্ণুভক্তি ৷’
মহাপ্রভু বললেন—এ অত্যন্ত বাইরের (বাহ্য)কথা ৷ এরপরে যদি কিছু থাকে, তা বল৷
তখন— ‘রায় কহে-কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার ॥‘ (চৈ;চ;)
কৃষ্ণে-কর্মাপণ ? শ্রীকৃষ্ণেতে সমস্ত কর্মের ফল অর্পণ ৷ কর্ম বলতে বেদবিহিত কর্ম এবং শরীরের স্বাভাবিক ধর্মবশত যে সব কর্ম করা হয়, সেই সব কর্মের বলা কথা হয়েছে ৷ কিন্তু কৃষ্ণে কর্মাপণ সাধ্য নয়, সাধন মাত্র ; এর সাধ্য হল কর্মবন্ধন থেকে মুক্তি ৷ নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করার ভাবনা যেখান আছে সেখানে প্রেম থাকতে পারে না ; কাজেই তা বাহ্য। মহাপ্রভু বললেন—এটাও বাহ্য আগে বল ৷
তখন—‘রায় কহে—স্বধর্মত্যাগ এই সাধ্য সার ৷’ (চৈ;চ;)
স্বধর্ম ত্যাগ ? নিজেকে কর্মবন্ধন থেকে মুক্ত করার ভাবনা যেখানে আছে—সেখানে প্রেম থাকতে পারে না ; কাজেই তা বাহ্য ; তখন-রামানন্দ বললেন ‘স্বধর্মত্যাগ’ অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম ত্যাগই সাধ্য সার ৷ কিন্তু স্বধর্মত্যাগও সাধন মাত্র, এটা সাধন নয় ৷ তাই মহাপ্রভু বললেন— এটাও নিতান্ত বাইরের কথা ৷
তখন— রায় কহে—জ্ঞানমিশ্রা ভক্তি সাধ্য সার ৷ (চৈ;চ;) জ্ঞানমিশ্রা ভক্তি ? জ্ঞানের সঙ্গে মিশ্রিতা ভক্তি ৷ জ্ঞানমার্গের সাধনের সঙ্গে মিশ্রিতা যে ভক্তি, তাই’ই জ্ঞানমিশ্রা ভক্তি ৷ আবার যাঁরা ভক্তিমার্গের সাধন করেন,তাঁদের মধ্যে কেউ কেউ বিভিন্ন তত্ত্বাদি বিষয়ক জ্ঞানলাভের চেষ্টাকে প্রাধান্য দিয়ে থাকন ৷ তাই এঁদের ভক্তিকেউ জ্ঞানমিশ্রা ভক্তি বলা যায়। তবে রামানন্দ জ্ঞান-শব্দে জীব-ব্রহ্মের ঐক্য জ্ঞানকেই বুঝিয়েছেন বলে মনে হয় ৷ তাই এবারও মহাপ্রভু বললেন—এটাও নিতান্ত বাইরের কথা আগে বল ৷
তখন— রায় কহে—জ্ঞানশূন্যা ভক্তি সাধ্য সার ৷ (চৈ;চ;) জ্ঞানশূন্যাভক্তি ? জ্ঞানের সঙ্গে সম্পর্কশূন্য ভক্তি ৷ জ্ঞানের তিনটি অঙ্গ— ভগবত্তত্ত্ব-জ্ঞান , জীবতত্ত্ব জ্ঞান, এবং জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞান ৷ জ্ঞানমিশ্রা ভক্তির ক্ষেত্রে এই তিনটি অঙ্গের সঙ্গে মিশ্রিতা ভক্তির কথাই বলা হয়েছে ৷ কিন্তু ভক্তির সঙ্গে জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞান সঠিক নয় বলে মহাপ্রভু জ্ঞানমিশ্রা ভক্তিকে বাহ্য বলেছেন ৷ তা শুনে—রামানন্দ জ্ঞানের তিনটি অঙ্গের সংশ্রবশূন্যা বা জ্ঞানশূন্যা ভক্তির কথা বললেন ৷ জ্ঞানমিশ্রা ভক্তি থেকে জ্ঞানশূন্যা ভক্তি উৎকর্ষ ; কারণ এই ভক্তিতে জীব-ব্রহ্মের ঐক্যজ্ঞানের মিশ্রণ নেই ৷
রায়ের কথা শুনে মহাপ্রভু জ্ঞানশূন্যা ভক্তিতে—সেব্য-সেবকত্ব ভাব বা সেবাবাসনা থাকায় বললেন— ‘এহো হয় ‘ ; তবু এর পরে কিছু থাকলে মহাপ্রভু তা শুনতে চাইলেন।
রায় রামানন্দ ও মহাপ্রভু সংবাদে ; জ্ঞানশূন্যা ভক্তিতে—সেব্য-সেবকত্ব ভাব বা সেবাবাসনা থাকায় মহাপ্রভু রামানন্দকে বললেন—‘এহো হয়’ তবু এর পরে কিছু থাকলে তা শুনতে চাইলেন ৷
তখন— “রায় কহে—প্রেমভক্তি সর্ব সাধ্য সার ॥“ (চৈ;চ;-২/৮) প্রেমভক্তি ? প্রেমলক্ষণা ভক্তি ৷ প্রেম বলতে ‘কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাসনা’ বুঝায় ৷ সাধন-ভক্তির অনুষ্ঠান করতে করতে ভগবৎ-কৃপায় চিত্তের মলিনতা দূর হলে সেব্য-সেবকত্ব জ্ঞানের উদয়ে ভক্তের সেবা-বাসনা প্রেমরূপে পরিণত হয় ৷ এই প্রেমরূপ সেবা-বাসনার সঙ্গে যে কৃষ্ণসেবা, তা-ই প্রেমভক্তি ৷ মহাপ্রভু বললেন, প্রেমভক্তি সাধ্যবস্তু ঠিকই, কিন্তু এর পরেও বলবার বা শুনবার বস্তু আছে ৷ তখন— রায় কহে—দাস্যপ্রেম সর্ব সাধ্য সার ॥ (চৈ;চ;) দাস্যপ্রেম ? ‘ভগবান সেব্য, আমি তাঁর সেবক; ভগবান প্রভু, আমি তাঁর দাস’- এরূপ ভাবই দাস্যভাব ৷ আর দাস্যভাবজাত যে সেবাবাসনা— তাই দাস্যপ্রেম ৷ কিন্তু সকলেই শ্রীকৃষ্ণের দাস হলেও সেবাবাসনা অনুযায়ী দাস্যপ্রেম বিকাশেরও তারতম্য আছে ৷ শান্তভাবের ভক্ত যাঁরা তাঁদের কৃষ্ণের প্রতি নিষ্ঠা আছে, কিন্তু মমতা-বুদ্ধি নেই ৷ তাই শান্তভাব থেকে দাস্যভাব উন্নত ৷
তাই মহাপ্রভু বললেন- দাস্যপ্রেম সাধ্য ঠিকই ৷ কিন্তু কৃষ্ণের প্রতি মমতাবুদ্ধির আধিক্যহেতু আরও উৎকর্ষ সেবাবাসনার কথা শুনতে চাইলেন মহাপ্রভু ৷
তখন—রায় কহে—সখ্যপ্রেম সর্বসাধ্য সার ॥ (চৈ;চ;) সখ্যপ্রেম ? সখ্যপ্রেম প্রেমাধিক্যবশত যাঁরা শ্রীকৃষ্ণকে নিজেদের সমান বলে মনে করেন, কোনো মতেই নিজের থেকে শ্রেষ্ঠ মনে করেন না, তাঁদের প্রেমকে সখ্য প্রেম বলে ৷ এই প্রেমে শান্তের একনিষ্ঠতা, দাস্যের সেবা আছে ৷কিন্তু দাস্যের ন্যায় গৌরববুদ্ধি, সম্ভ্রম ও সেবায় সঙ্কোচ নেই ৷ এইজন্য এই প্রেম দাস্য অপেক্ষা শ্রেষ্ঠ ৷ মহাপ্রভু সখ্যপ্রেমকে সাধ্য বলে উত্তম বললেন, কিন্তু মমতাবুদ্ধির আধিক্য হেতু আরও প্রেমবৈচিত্রী ও উৎকর্ষময় সেবাবাসনার কথা শুনতে চাইলেন।
তখন—রায় কহে—বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার ॥ (চৈ;চ;) বাৎসল্য প্রেম ? যাঁরা নিজেদেরকে শ্রীকৃষ্ণের গুরুস্থানীয় বলে মনে করেন এবং শ্রীকৃষ্ণকে তাঁদের অনুগ্রহের পাত্র বলে মনে করেন, তাঁদের রতিকে বাৎসল্য প্রেম বলে ৷ এই রতিতে সখ্য অপেক্ষাও মমতাধিক্য আছে ; কারণ নন্দ-যশোদাদি শ্রীকৃষ্ণকে তাড়ন, ভর্ৎসন, বন্ধনাদি করেছেন ৷ এতে শান্ত, দাস্য ও সখ্যের নিষ্ঠা, সেবা, সংকোচহীনতা ছাড়াও শ্রীকৃষ্ণকে পাল্য এবং নিজেকে পালক জ্ঞান আছে ৷ এজন্য সখ্য অপেক্ষা বাৎসল্য শ্রেষ্ঠ ৷ মহাপ্রভু বললেন—বাৎসল্য প্রেম উত্তম বস্তু, কিন্তু এর চেয়েও কিছু উত্তম থাকলে তা বল ৷
তখন—রায় কহে—কান্তাপ্রেম সর্বসাধ্য সার ॥ (চৈ;চ;)
কান্তাপ্রেম ? শ্রীকৃষ্ণকে প্রাণবল্লভ, আর নিজেদেরকে তাঁর কান্তা মনে করে স্বসুখবাসনাশূন্য হয়ে কেবল কৃষ্ণসুখৈক তাৎপর্যময়ী সম্ভোগ-লালসাকে কান্তাপ্রেম বলে ৷ এখানে কান্তা বলতে পরকীয়া ভাবাপন্ন ব্রজগোপীদের বুঝাচ্ছে ৷
কান্তাপ্রেমে শান্তের নিষ্ঠা, দাস্যের সেবা, সখ্যের অসংকোচভাব, বাৎসল্যের লালন ও মমতাধিক্যের সঙ্গে কৃষ্ণের সুখের জন্য নিজাঙ্গ দিয়েও সেবা আছে ; এইজন্য কান্তাপ্রেম শ্রেষ্ঠ ৷ তাছাড়া বাৎসল্য প্রেম বৃদ্ধি পেয়ে ‘ অনুরাগ ‘পর্যন্ত যেতে পারে, কিন্তু কান্তাপ্রেম ভাব ও মহাভাব পর্যন্ত বর্ধিত হয় ; এইজন্য এইপ্রেম বাৎসল্য অপেক্ষাও শ্রেষ্ঠ ৷ তাই কান্তাপ্রেমই সেবা-বাসনার সর্বাতিশায়ী উৎকর্ষতা প্রাপ্ত হয়েছে ৷ তটস্থ হঞা বিচারিলে আছে তরতম ॥ (চৈ;চ;)
তটস্থ হঞা বিচারিলে,অর্থাৎ নিরপেক্ষভাবে বিচার করলে বিভিন্ন ভাবের মধ্যে যে তারতম্য আছে, তা বুঝা যায়। পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হৈতে ৷ এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে॥ (চৈ;চ;-২/৮) শান্তের গুণ দাস্যে , দাস্যের গুণ সখ্যে , সখ্যের গুণ বাৎসল্যে এবং বাৎসল্যের গুণ মধুরে বর্তমান ৷* এইভাবে শান্তের একটি গুণ, দাস্যের দুটি, সখ্যের তিনটি, বাৎসল্যের চারটি এবং মধুরের পাঁচটি গুণ ৷ অর্থাৎ গুণাধিক্যেও কান্তাপ্রেম সর্বশ্রেষ্ঠ ৷ যে রসে গুণ যত বেশি, সেই রসে স্বাদও তত বেশি ; তাই স্বাদাধিক্যেও কান্তাপ্রেমই সর্বশ্রেষ্ঠ ৷ আকাশ, বায়ূ, তেজ, জল ও পৃথিবী—এই পাঁচকে পঞ্চভূত বলে ৷ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ—এই পাঁচটি পঞ্চভূতের পঞ্চগুণ ৷ এই পৃথিবীতে যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস আকাশাদির সমস্ত গুণই আছে, উপরন্তু পৃথিবীর বিশেষ গুণ আছে তেমনই কান্তাপ্রেমে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের গুণ তো আছেই, উপরন্তু নিজাঙ্গ দিয়ে সেবাও আছে, তাই কান্তাপ্রেমের সেবাতেই শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা এবং এই প্রেমেই শ্রীকৃষ্ণ সম্যকরূপে বশীভূত। এই পর্যন্ত রায় রামানন্দ ও মহাপ্রভু সংবাদে ; মহাপ্রভু বললেন, এই সাধ্যাবধি সুনিশ্চয়। আগে-এই কান্তাপ্রেমের মধ্যে যদি কিছু বিশেষত্ব থাকে, তবে তা বল ৷
তখন রায় কহে- ইহার মধ্যে রাধার প্রেম-সাধ্য শিরোমণি ৷ যাঁহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি ॥ (চৈ;চ;)
কান্তাপ্রেম শ্রীরাধার মধ্যে যতখানি বিকশিত হয়েছে, আর অন্য কোথাও এমন বিকশিত হয়নি ৷ তখন ;
প্রভু কহে-আগে কহ, শুনি পাইয়ে সুখে ৷
অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে ॥
‘রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ ৷
তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ ॥
রায় কহে তাহা শুন প্রেমের মহিমা ৷
ত্রিজগতে নাহি রাধা প্রেমের উপমা ॥‘ (চৈ;চ;)
সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা ৷
রাধার কুটিল প্রেম হইল বামতা॥ (চৈ;চ;)
সব গোপীর প্রতিই কৃষ্ণের যে ব্যবহার, রাধার প্রতিও সেই একই ব্যবহার দেখে রাধার মনে প্রেমের কুটিলতাবশত বাম্যভাব জন্মাল ৷ রসপুষ্টির জন্যেই প্রেমের এই কুটিলতা ৷ ‘সম্যক্ সার বাসনা কৃষ্ণের রাসলীলা ৷
রাসলীলা বাসনাতে রাধিকা শৃক্ষলা ॥
তাঁহা বিনু রাসলীলা নাহি ভায় চিতে ৷
মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে ॥
ইতস্ততঃ ভ্রমি কাঁহা রাধা না পাইয়া ৷
বিষাদ করেন কামবাণে খিন্ন হইয়া ॥‘ ( চৈ, চ, )
শ্রীকৃষ্ণের যত বাসনা আছে, তাদের মধ্যে রাসলীলার বাসনাই সর্বাপেক্ষা প্রধান বাসনা ৷ এই রাসলীলার শৃঙ্খল বা শিকলই হলেন শ্রীরাধা ; তাঁকে ছাড়া রাস লীলা অসম্ভব ৷ তাঁকে (শ্রীরাধা) বিনা প্রকাশ পায় না ; স্ফুরিত হয় না ; ভালো লাগে না। এই কাম (কামবাণ) প্রাকৃত কাম নয় ; এ প্রেমেরই বৈচিত্রী বিশেষ ৷ শ্রীরাধার প্রতি প্রেমজনিত উৎকণ্ঠাকেই এখানে ‘কামবাণ’ বলা হয়েছে ৷
*”শতকোটী গোপীতে নহে কাম নির্বাপণ ৷
ইহাতেই অনুমানি শ্রীরাধিকার গুণ ॥“*(চৈ;চ;)
শতকোটি ব্রজসুন্দরীর প্রেম একত্র করলে যা হয়, একা শ্রীরাধার প্রেম তার চেয়ে অনেক অধিক ৷ তাই শ্রীরাধার প্রেম * সাধ্য শিরোমণি* ৷।
️প্রভু কহে যে লাগি আইলাঙ তোমা স্থানে।
সেই সব রসবস্তুতত্ত্ব হৈল জ্ঞানে ৷৷
এবে সে জানিল সেব্য-সাধ্যের নির্ণয় ৷
আগে আর কিছু শুনিবার মন হয় ৷৷
কৃষ্ণের স্বরূপ কহ-রাধিকা স্বরূপ ৷
রস কোন্ তত্ত্ব, প্রেম কোন্ তত্ত্বরূপ ৷৷
রায় কহে ইহা আমি কিছুই না জানি ৷
যে তুমি কহাও সেই কহি আমি বাণী ॥
(চৈ;চ; মধ্য.অষ্টম প.)
( সেব্য সাধ্য;সেব্য হল শ্রীকৃষ্ণ এবং সাধ্য হল রাধাপ্রেম)
শুক(টিয়া)পাখিকে যা পড়ানো যায়,তা-ই পড়ে ; অর্থাৎ রামানন্দকে মহাপ্রভু যা সিদ্ধান্তের জ্ঞান সঞ্চারিত করেছেন, প্রভুর কৃপাতে তা-ই তিনি প্রকাশ করছেন৷
অন্যোন্যে মিলিয়া দোঁহে নিভৃতে বসিয়া ৷
প্রশ্নোত্তর গোষ্ঠী করে আনন্দিত হঞা ॥ (চৈ, চ,)
মহাপ্রভু ও রামানন্দ দুজনের মধ্যে—তামা থেকে কাঁসা , কাঁসা থেকে রূপা.............যেমন উৎকর্ষ , তেমনি— সাধ্য সাধনতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, প্রেমতত্ত্ব, গোপীভাব-প্রাপ্তীর সাধন, রসরাজ মহাভাব দুই একরূপ, একেবারে— বর্ণাশ্রম ধর্ম থেকে মহাভাব পর্যন্ত সাধ্যবস্তুর উত্তরোত্তর উৎকর্ষ , শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা , তত্ত্বকথাদি সম্বন্ধে একজন প্রশ্ন করেন, আর একজন উত্তর দেন ,এইভাবে দশদিন অতিবাহিত হল ৷
প্রভু কহে- কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়।
প্রেমার স্বভাব এই জানিহ নিশ্চয় ॥
রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেম হয় ৷
যাঁহা তাঁহা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়॥
তখন ;
রায় কহে- তুমি প্রভু ছাড় ভারিভূরি ৷
মোর আগে নিজরূপ না করিহ চুরি ॥ (চৈ;চ;)
তখন মহাপ্রভু— তবে হাসি তারে প্রভু দেখাইলা স্বরূপ ৷ রসরাজ মহাভাব দুই একরূপ ॥ (চৈ;চ;) !
‘রসরাজ’ অর্থাৎ অপ্রাকৃত-শৃঙ্গার-রসরাজ-মূর্তি শ্রীকৃষ্ণ এবং ‘মহাভাব’ অর্থাৎ মাদনাখ্য-মহাভাব-স্বরূপিণী শ্রীরাধা-এই দুয়ের মিলিত এক অপূর্বরূপ , রায় রামানন্দকে দর্শন করালে রামানন্দ আনন্দে মূর্ছা গেলে মহাপ্রভুর স্পর্শে চেতনা ফিরলে মহাপ্রভু আলিঙ্গন করে বললেন তোমা বিনা এইরূপ আর দেখে কোন জন ৷
গৌর অঙ্গ নহে , মোর রাধাঙ্গ স্পর্শন ৷
গোপেন্দ্র সূত বিনা তেঁহো না স্পর্শে অন্যজন ॥ (চৈ;চ;) শ্রীরাধা নিজ অঙ্গ দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি অঙ্গকে ঢেকে আছেন বলে বর্তমানে তাঁর ( শ্রীচৈতন্যের) গৌরবর্ণ অঙ্গকান্তি ; বাস্তবিক তাঁর বর্ণ গৌর নয় , কৃষ্ণ বর্ণ ৷ আর শ্রীরাধাও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কাউকেও স্পর্শ করেন না ৷
দক্ষিণ ভারতে গোদাবরী তীরে রামানন্দের মুখ দিয়ে যেদিন অমৃতের নদী প্রবাহিত হয়েছিল, সেইদিনই মহাপ্রভু রামানন্দকে বলেছিলেন--- রামানন্দ ! তুমি আমাকে একটা ভিক্ষা দিবে ? পরমারাধ্য প্রভুর মুখে ভিক্ষার কথা শ্রবণ করা মাত্রই রামানন্দ বলেছিলেন- প্রভুগো ! আমি তোমার ভৃত্যের ভৃত্য ! তুমি আমার প্রাণ চাইলেও তা দিব ,দিবই-দিব তুমি শুধু কৃপা করে মাত্র একটি-বার বল , কি তোমার অভিলাষ ?
মহাপ্রভু বলেছিলেন— রামানন্দ ! তুমি যেভাবে পরম মধুর কৃষ্ণকথা শুনিয়ে আমার প্রাণ জুড়ালে, ঠিক এমনিভাবেই আমি যখন নীলাচলে কাশীমিশ্রালয়ে নিরালায় নিভৃতে অবস্থান করব তখন আমার পার্শ্বে থেকে কৃষ্ণকথা শুনিয়ে আমার প্রাণ জুড়াইও ৷ জগতের লোক জগদীশ্বরের কাছে কতকিছু বিষয় ভিক্ষা করে , আর স্বয়ং জগদীশ্বর কি না, রামানন্দের কাছে, কৃষ্ণকথা ভিক্ষা চাইলেন ! কারণ একটাই যে- ‘বিশুদ্ধ হৃদয় মহাপ্রেমিক ভক্তের মুখে কৃষ্ণকথারূপ অমৃতধারা প্রতি মুহূর্তে বর্দ্ধনশীল হয়ে এক অনাবিল আনন্দ রসাস্বাদিত হয় যে , তখনই অনুভবে আসে তাদৃশ লোভনীয় বস্তু বিশ্বব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কোন কিছুতে নাই ৷’ এই কারণেই মহাপ্রভু গম্ভীরাকক্ষে অবস্থানকালীন রামানন্দ রায়ের মুখে কৃষ্ণকথার রসপ্রাচুর্য ও রসবৈভব প্রাণ ভরে আস্বাদন করতেন।।
দামোদর আগে স্বাতন্ত্র্য না হয় কাহার ৷
তাঁর ভয়ে সভে করে সঙ্কোচ ব্যবহার॥
প্রভুর গণে যার দেখে অল্প মর্যাদা-লঙ্ঘন ৷
বাক্যদণ্ড করি করে মর্যাদা স্থাপন॥ (চৈ, চ,৩/৩/৪৩—৪৪)
স্বরূপ দামোদর—শ্রীল স্বরূপ দামোদরের মত প্রেমময় কৃষ্ণ-রস-‘তত্ত্ববেত্তা’ এবং মহাপ্রভুর ‘হৃদয়তত্ত্ববেত্তা’ দ্বিতীয় ছিল না ৷ স্বরূপ দামোদর সম্পর্কে স্বয়ং মহাপ্রভু এই উক্তিটি করেছেন—
দামোদর স্বরূপ প্রেমরস মূর্তিমান্।
যাঁর সঙ্গে হৈল ব্রজের মধুর-রস জ্ঞান॥ (চৈ;চ;-৩-৭-৩০)
এই সমস্ত কারণের জন্যই স্বরূপ দামোদরকে বলা হয়- মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ ৷ স্বরূপ দামোদর শাস্ত্রে বৃহস্পতিতুল্য মহাপণ্ডিত তো ছিলেনই এবং সঙ্গীতেও গন্ধর্ব সমান এমনই সুমিষ্ট কণ্ঠের অধিকারী ছিলেন যে, সহস্র কোকিলের সুমধুর ধ্বনি এবং সেই সাথে সহস্র কিন্নর কণ্ঠীর সুমধুর ধ্বনি একত্রিভূত হলেও স্বরূপ দামোদরের সমান মিষ্ট হত না ৷ স্বরূপ দামোদরের সুললিত কণ্ঠ নিঃসৃত মধুরাতিমধুর সঙ্গীত অমৃতের নদী হয়ে মহাপ্রভুর হৃদয়কে প্লাবিত করে দিত, তাতে মহাপ্রভু প্রেমোন্মাদনায় মেতে থাকতেন ৷ স্বরূপ দামোদর মহাপ্রভুর মনের ভাব অনুধাবন করতে পারতেন ৷ তাই মহাপ্রভুর কৃষ্ণ বিরহ দশায় তাঁর মনের ভাব অনুযায়ী ভাগবতের শ্লোক এবং বিদ্যাপতি , চণ্ডীদাস, গীতগোবিন্দের পদ সুমধুর স্বরে কীর্তন করে স্বরূপ দামোদর সর্বদা মহাপ্রভুর আনন্দ দান এবং ভাবের পুষ্টি সাধন করতে পারতেন ৷
ভক্তিসিদ্ধান্ত বিরুদ্ধ কোন কথা শ্রবণ করলে মহাপ্রভু মনে মনে কষ্ট পেতেন ৷ মহাপ্রভুর মনের ভাব স্বরূপ দামোদর বুঝতে পারতেন বলে তিনি নিয়ম করে দিয়েছিলেন-কেউ কিছু রচনা করে মহাপ্রভুকে শোনাবার জন্য আনলে প্রথমে স্বরূপ দামোদর’ই সেটি পরীক্ষা করে দেখবেন ৷ শ্রীজগন্নাথ মন্দির, রাজপথ, সমুদ্র সৈকত যে কোন স্থানে যখনই মহাপ্রভুর বিরহ ও মহাভাবের উদয় হত তখনই মহাপ্রভুকে নিয়ে যত বিপদের সম্ভাবনা দেখা দিত, সেই অবস্থায় স্বরূপ দামোদরই ঠিক সময় মত মহাপ্রভুকে রক্ষা করতেন ৷ অর্থাৎ দয়াময় মহাপ্রভুর মনের ভাব স্বরূপ দামোদর পরিপূর্ণভাবে বুঝতে পারতেন বলেই মহাপ্রভুকে সদাসর্বদা সর্বতোভাবে আগলে রাখতে পারতেন ৷
মহাপ্রভুর গম্ভীরা লীলাতে বিশেষভাবে রামানন্দ রায় নিত্যদিন গভীর রাতে মহাপ্রভুকে শয়নে দিয়ে নিজের বাসভবনে চলে যেতেন, তখন শুধুমাত্র স্বরূপ দামোদরই মহাপ্রভুর পাশে থেকে গোবিন্দের সাহচর্যে বিনিদ্র রাত্রি যাপন করে মহাপ্রভুকে রক্ষা করতেন ৷ রামানন্দ রায় এবং স্বরূপদামোদর সমগ্র গম্ভীরা লীলার সর্বত্রই মহাপ্রভুর মুখ্য সঙ্গীরূপে বিরাজমান ছিলেন ৷ এই বিষয়ে শ্রীশ্রীচৈতন্য- চরিতামৃতে অসংখ্য পয়ার আছে, যার মধ্যে মাত্র কয়েকটি উল্লেখ করছি যাতে বিষয়টির সত্যতা উপলব্ধি করা যায়—রামানন্দের কৃষ্ণকথা, স্বরূপের গান। বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ॥ (৩/৬/৫) দিনে নৃত্য, কীর্তন, ঈশ্বর-দরশন ৷ রাত্রে রায় স্বরূপ সনে রস-আস্বাদন ॥ (৩/১১/১১)
স্বরূপ গোঁসাঞি আর রামানন্দ রায় ৷ রাত্রিদিনে করে দোঁহে প্রভুর সহায় ॥*(৩/১১/১৪) অতঃপর মহাপ্রভু বিষন্ন অন্তর।কৃষ্ণের বিয়োগ-দশা স্ফুরে নিরন্তর ৷৷ (৩/১২/৩) হা ! হা কৃষ্ণ ! প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন । কাঁহা যাও, কাঁহা পাঙ মুরলীবদন।। (৩/১২/৪)- রাত্রি দিনে এই দশা স্বাস্থ্য নাহি মনে ৷ কষ্টে রাত্রি গোঙায় স্বরূপ-রামানন্দ সনে ॥ (৩/১২/৫)- এই মত গৌরপ্রভু প্রতি দিনে দিনে ৷ বিলাপ করেন স্বরূপ-রামানন্দ সনে ॥ (৩/১৫/২৩) সেই দুই জন প্রভুর করে আস্বাসন।স্বরূপ গায়, রায় করে শ্লোক পঠন॥ (৩/১৫/২৪)- এই মত মহাপ্রভু বৈসে নীলাচলে ৷ রজনী দিবস কৃষ্ণবিরহে বিহ্বলে ॥ (৩/২০/২)
স্বরূপ রামানন্দ এই দুজনার সনে ৷ রাত্রিদিনে রসগীত শ্লোক-আস্বাদনে ॥ (৩/২০/৩) হর্ষে প্রভু কহে, শুন স্বরূপ রাম রায় ৷ নাম সংকীর্তন কলৌ পরম উপায় ॥ (চৈ, চ,৩/২০/৭)
চণ্ডীদাস বিদ্যাপতি ,
রায়ের নাটক গীতি ,
কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ ৷
স্বরূপ রামানন্দসনে ,
মহাপ্রভু রাত্রিদিনে ,
গায় শুনে পরম আনন্দ॥ (চৈ ; চ;-২/২/৬৬)
আরও এমন অনেক পয়ার শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃতে আছে !
এখন শেষের পয়ারটি তে একটু আলোকপাত করা যাক ৷ এই পয়ারটি হতে স্পষ্টতই বুঝতে পারা যায়, গম্ভীরায় বিবিধভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু চণ্ডীদাস ও বিদ্যাপতির পদাবলী, রায় রামানন্দের জগন্নাথবল্লভ নাটক, শ্রীবিল্বমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণকর্ণামৃত এবং শ্রীজয়দেব গোস্বামীর শ্রীশ্রীগীতগোবিন্দ থেকে স্বীয় ভাবানুকুল পদ কখনও নিজে কীর্তন করতেন, আবার কখনও রামানন্দ রায় বা স্বরূপ দামোদর কীর্তন করে মহাপ্রভুকে শোনাতেন ৷ মহাপ্রভুর আস্বাদ্য কাব্য বা গ্রন্থের মধ্যে শ্রীকৃষ্ণকর্ণামৃত, রামানন্দ রায়ের শ্রীজগন্নাথবল্লভ নাটক এবং শ্রীজয়দেব গোস্বামীর শ্রীগীতগোবিন্দ তিনখানিই সংস্কৃতে রচিত এবং সমস্তই কৃষ্ণলীলা-বিষয়ক ৷ শ্রীবিল্বমঙ্গল ঠাকুর রচিত কর্ণামৃত এবং শ্রীজয়দেব গোস্বামী রচিত শ্রীগীতগোবিন্দ আধ্যাত্ম জগতে অত্যন্ত সুবিদিত ৷ জগতে শত শত লেখকের অগণিত গ্রন্থ থাকতেও দীর্ঘ বারো বছর গম্ভীরালীলায় মহাপ্রভু । উপরি উল্লেখিত ঐ পাঁচজন বৈষ্ণব কবির পাঁচখানি গ্রন্থের—রসমাধুর্যই শুধু আস্বাদন করতেন কেন ? ঐ পাঁচজন বৈষ্ণব কবির এবং তাঁদের পাঁচখানি গ্রন্থ থেকে একটু আলোকপাত করা যাক ৷...
•🌹 *
‼️❤ ৬ ৩ ❤️‼️
‘বৈষ্ণব কবি চণ্ডিদাস ও তাঁর পদাবলী’—
চণ্ডীদাস বৈষ্ণব পদ সাহিত্যের সেরা কবি ৷ তাঁর পদাবলীতে কীর্তন জগৎ এবং বৈষ্ণব সাহিত্যে এক অভিনব সৃষ্টি ৷ তাঁর পদাবলীর ভাব অতি গম্ভীর অথচ অত্যন্ত সরল ভাষা ৷
শ্রীরাধাকৃষ্ণের অপার্থিব প্রেম-বৈচিত্রের সুপরিস্ফুট মর্মস্পর্শী চিত্রাঙ্কনে কবি চণ্ডীদাসের পদাবলী অতুলনীয় ৷ যেমন—
‘সই, কেবা শুনাইল শ্যাম-নাম ৷
কানের ভিতর দিয়া
মরমে পশিল গো ,
আকুল করিল মোর প্রাণ॥
না জানি কতেক মধু
শ্যাম-নামে আছে গো ,
বদন ছাড়িতে নাহি পারে ৷
জপিতে জপিতে নাম ,
অবশ করিল গো ,
কেমনে পাইব সই তারে ॥‘
এখানে বিশেষভাবে লক্ষ্য করতে হবে কলিপাবন মহাপ্রভু জগজ্জীবের উদ্ধার কল্পে যে প্রেম-মাখা নামের ডালি নিয়ে অবতীর্ণ হন, কবি চণ্ডীদাস তাঁর রচিত পদের মাধ্যমে সেই মধু হতে মধুময় নামের তীব্র আকর্ষণ শক্তির উল্লেখ করে শ্রীরাধাঠাকুরাণীর মাধ্যমে নামীর শ্রীমূর্তির সুশীতল পদ তল আহ্বান করেছেন ৷ মনে হয় এই কারণেই মহাপ্রেমিক সন্ন্যাসী মহাপ্রভু গম্ভীরাতে অবস্থানকালীন চণ্ডীদাসের রচিত পদ প্রাণ ভরে পান করে রাধাভাবের নিগূঢ় অমৃতস্পর্শে আত্মহারা হয়ে থাকতেন ৷
কবির অন্য একটি পদ—
“বঁধূ তুমি সে আমার প্রাণ
দেহ মন আদি তোমারে সঁপেছি
কূলশীল জাতি মান ॥
অখিলের নাথ তুমি হে কালিয়া
যোগীর আরাধ্য ধন ৷
গোপ-গোয়ালিণী হাম অতি দীনা
না জানি ভজন পূজন ॥
পিরীতি রসেতে ঢালি তনু মন
দিয়াছি তোমার পায় ৷
তুমি মোর পতি তুমি মোর গতি
মন নাহি আন ভায় ॥
কলঙ্কিনী বলি ডাকে সব লোকে
তাহাতে নাহিক দুখ ৷
তোমার লাগিয়া কলঙ্কের হার
গলায় পরিতে সুখ ॥
সতী বা অসতী তোমাতে বিদিত
ভাল মন্দ নাহি জানি ৷
কহে চণ্ডীদাস পাপ পুণ্য সম
তোমার চরণ খানি ॥“
পদটির ভাবার্থ—
শ্রীকৃষ্ণের প্রতি রাধিকাদেবীর যে গভীর অনুরাগ তারই প্রতিচ্ছবি কবি চণ্ডীদাসের এই পদটিতে চরমতম রূপে ফুটে উঠেছে ৷ যাঁকে ভালোবেসেছেন, তাঁর জন্য মান সম্ভ্রম, সুখ-দুঃখ যত কিছু প্রতিবন্ধকতা জীবনে আছে বা আসে শ্রীমতীরাধিকাদেবী সব কিছুকে উপেক্ষা করে সেই কৃষ্ণপ্রেম সাগরে নিজেকে চিরতরে নিমজ্জিত করেছেন ৷ এখন শুধু প্রয়োজন চিরদয়িতের সহিত চিরমিলনের প্রার্থনা এবং তারই রসময় সুমধুর ভাব প্রকাশিত হয়েছে বৈষ্ণব কবি চণ্ডীদাসের অপূর্ব ছন্দময় এই লেখনীর মাধ্যমে ৷
মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধিকাদেবীর গভীর অনুরাগময় আবেদনে অভিভূত হয়ে স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের কাছে বার বার চণ্ডীদাসের পদ শুনে গম্ভীরায় ভাব বিহ্বল হয়ে পড়তেন ৷
‘বিদ্যাপতি ও তাঁর পদাবলী’—
মিথিলার রাজা শিব সিংহের সভাকবি বিদ্যাপতি ছিলেন-মহাভক্ত, মহাভাবুক , মহাপ্রেমিক এবং ব্রজলীলার রসবিৎ মহাকবি ! বিদ্যাপতির সুললিত পদাবলী বৈষ্ণব সাহিত্যে এক অমূল্য সম্পদও বটে ! তাঁর পদাবলীতে
কামগন্ধবর্জিত ব্রজভাবের এক মহা সামগ্রী ৷ তিনি তাঁর পদাবলীতে রূপে-রসে শ্রীরাধাকৃষ্ণের প্রেম যে তুলে ধরেছেন তা চিরনতুন, চির মধুর এবং চিরসুন্দর ! যেমন—
“শ্যাম সুন্দর এ বাটে আএল
তেঁ মোরি লাগল আঁখি ৷
আরতি আঁচর সাজি না ভেলে
সভে সখীজন সাথী ॥
কহ কি মো সখি কহ হি মো
কত এ তাহারি বাসা ৷
দূরহ দুগুণ এড়ি মঞে আরও
পুন দরশন আশা ॥
কি মোরা জীবনে কি মোরা যৌবনে
কি মোরা চতুরাপণে ৷
মানে বানে মুরছিলা অছঞো
সহঞো জীব অপনে ॥
আধপদে যো ধরতে মোর দেখ
নাগর-জন-সমাজে ৷
কঠিন হৃদয় ভেদি না ভেলে
যাঁও রসাতল লাজে ॥
সুরপতি পাত্র লোচন মাগঞো
গরুড় মাগঞো পাখী
নন্দেরি নন্দন মঞে দেখি আবঞো
মন মনোরথ রাখি ॥“
এই পদটিতে কৃষ্ণরূপে চিরমুগ্ধা ও আত্মসমর্পিতা শ্রীরাধিকাদেবী কৃষ্ণবিরহের চরমতম বেদনা প্রকাশ করে অসহায় অবস্থায় শ্রীরাধা সখীদের নিকট গভীর মর্মবেদনা প্রকাশ করছেন ৷” তাই_গম্ভীরায়_রাধাভাবে
ভাবিত মহাপ্রভু বিদ্যাপতির ছন্দময় বিরহ আর্তির সহিত নিজেকে একাকার করে উন্মাদের মত বারম্বার স্বরূপ দামোদর ও রামানন্দ রায়দের কাছে এই পদটি শুনিতে চাইতেন ৷” বিদ্যাপতির পদাবলী ব্রজবুলি ভাষাতে হলেও ,
বাংলাভাষীরা বিদ্যাপতির পদগুলির সুমধুর রস আস্বাদন করতে পারেন। তাই এটি বাংলা সাহিত্যের মহাসম্পদ রূপে স্থান করে নিয়েছে ৷
‘রামানন্দ রায় ও তাঁর রচিত জগন্নাথবল্লভ নাটক’—
রামানন্দ রায় উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের রাজকর্মচারী ছিলেন , রামানন্দ রায় যে একজন পণ্ডিত, ঈশ্বরপ্রেমিক , এবং সুনিপুন লেখকও ছিলেন তা রাজা প্রতাপরুদ্র জানতেন এবং রাজা প্রতাপরুদ্রের একান্ত অনুরোধেই রামানন্দ মহাভাবরসে পরিপুষ্ট শ্রীশ্রীজগন্নাথবল্লভ নাটকটি রচনা করেন ৷ রায় রামানন্দ এই নাটকটি গোদাবরী তীরে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের আগেই রচনা করেন ৷ কারণ নাটকটিতে মঙ্গলাচরণে নূপুর সুশোভিত নৃত্যপরায়ণ শ্রীকৃষ্ণের স্তবস্তুতির উল্লেখ আছে, কিন্তু শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর কোন বন্দনা নেই , গোদাবরী তীরে মহাপ্রভু এবং রামানন্দের মধুর মিলনে যে মধুরাতিমধুর প্রেমের তরঙ্গ প্রবাহিত হয়েছিল এবং তার পরে রামানন্দ যে সম্পূর্ণরূপে মহাপ্রভুগত প্রাণ হয়ে গিয়েছিলেন , রামানন্দের মহাপ্রভুর সাথে মিলনের পর রামানন্দের গ্রন্থে মহাপ্রভুর বন্দনা থাকবে না, তা হয় না ৷
রামানন্দ রায়ের ঐ জগন্নাথবল্লভ নাটকটি ব্রজরস মাধুর্যের অপূর্ব মহিমায় রসায়িত তাহার একটি দৃষ্টান্ত—
‘’প্রেমচ্ছেদরুজোহবগচ্ছতি- হরির্নায়ংন চ প্রেম বা স্থানাস্থানমবৈতি নাপি মদনো জানাতি নো দুর্বলাঃ ॥‘’
অর্থাৎ শ্রীরাধা তাঁর সখীকে বলছেন—সখী ! এই হরি, প্রেমভঙ্গজনিত পীড়া যে কত গুরুতর তা জানে না ৷ প্রেমও স্থানাস্থান জানেনা, মদনও জানেনা যে আমরা কত দুর্বল ৷”
এই শ্লোকটির অন্তনির্হিত তাৎপর্য— এখানে শ্রীরাধা শ্রীকৃষ্ণপ্রেমে জর্জর বেদনাতুর মনের ক্লেশ বর্ণনা করছেন ৷ এই কারণে শ্রীকৃষ্ণকে নিন্দা করে বলছেন, হে নাথ ! প্রেম-ভঙ্গ যে কি হৃদয়বিদারক দুঃখ তা তুমি জাননা ৷ আমরা তোমাকে ভালবেসে মরি, আর তুমি ফিরিয়াও চাও না ৷ এই একটি মাত্র শ্লোক থেকেই বলা যায়—রাধাভাবে আবির্ভূত গম্ভীরাগৃহে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীরাধার অভিনয় নয়, সেখানে তিনি প্রকৃতই রাধা হয়ে গিয়েছিলেন ৷ এই কারণেই মহাপ্রভু রামানন্দকৃত এই নাটকটিকে এত সমাদর ও উচ্চ প্রশংসা করতেন এবং নাটকে উল্লেখ্য শ্লোক শ্রবণমাত্রই তিনি ভাবতন্ময় হয়ে পড়তেন ৷
মহাপ্রভু কৃষ্ণবিরহে দিব্যোন্মাদ দশাগ্রস্ত হয়ে যে প্রকৃতই রাধা হয়ে গিয়েছিলেন তা মহাপ্রভুর ঐ প্রলাপ উক্তিতেই স্পষ্ট বোঝা যায়—
*কানুর লাগিয়া, জাগি পোহাইনু
এ ঘোর আন্ধার রাতি ৷
এতদিনে মুঞি, নিশ্চয় জানিনু,
নিঠুর পুরুষ জাতি ॥
মহাপ্রভু পুরুষ হয়েও তাঁর হৃদয় হতে রমণীভাব ( রাধাভাব) গ্রহণ করে অত্যন্ত বিরহের সঙ্গে পুরুষেরই নিন্দা করছেন ৷
‘বিল্বমঙ্গল ও শ্রীকৃষ্ণকর্ণামৃত’—
ভক্ত বিল্বমঙ্গল ও চিন্তামণি নাম্নী বারবনিতার কথা ভক্ত ও সজ্জন-সমাজে সর্ববিদিত ৷ বিল্বমঙ্গলের মনে প্রেমের উচ্ছাস উঠিলে, প্রেমময়কে দেখবার জন্য বৃন্দাবনের পথে পথে ঘুরছিলেন, পথিমধ্যে তাঁর মনে এমনভাবেই বৃন্দাবনেশ্বর ও বৃন্দাবনেশ্বরীর লীলা স্ফূরণ হতে থাকে যে, বিল্বমঙ্গলের শ্রীমুখ হতে অনর্গল ব্রজলীলা বিষয়ের মধুরাতিমধুর শ্লোকাবলী নির্ঝরিত হতে থাকে ৷ সেইগুলিই সঙ্গী পণ্ডিত ও প্রাজ্ঞগণ দ্বারা সংকলিত হয়ে শ্রীকৃষ্ণকর্ণামৃত”’ গ্রন্থ নামে প্রকটিত হয় ৷ শ্রীকৃষ্ণকর্ণামৃতে ভক্তিমাধুর্যের বিশেষ স্ফূরণ হওয়ায় এটি মহাসামগ্রীরূপে ফুটে উঠে , এবং এই কারণেই মহাপ্রভু তাঁর গম্ভীরা লীলায় শ্রীকৃষ্ণকর্ণামৃতের মধুময় রস নিরন্তর আস্বাদন করতেন ৷ মহাপ্রভুর আস্বাদিত ‘শ্রীকৃষ্ণ- কর্ণামৃতের একটি শ্লোক’—
‘কিমিহ কৃণুমঃ কস্য ব্রুমঃ কৃতং কৃতমাশয়া কথয়ত কথামন্যাং ধন্যামহো হৃদয়েশয়ঃ ৷ মধুর মধুরস্মেরাকারে মনোনয়নোৎসবে কৃপণকৃপণা কৃষ্ণে তৃষ্ণা চিরং বত লম্বতে ॥‘
অর্থাৎ, রাধাঠাকুরাণী বলছেন—আমি এখন কি করব ? কাকেই বা বলব ? শ্রীকৃষ্ণকে পাবার আশা করাও বৃথা ৷ কৃষ্ণ কথা ছেড়ে অন্য ভাল কথা বল ৷ হায় ! হায় ! যাঁকে ছাড়ব বলে মনে করছি, তিনি যে আমার হৃদয়ে শয়ন করে আছে, মধুর-মধুর ঈষৎ হাস্যযুক্ত যাঁর আকার, যিনি মন ও নয়নের আনন্দ দায়ক, সেই শ্রীকৃষ্ণে আমার উৎকণ্ঠা-নিমিত্ত অতি দীনা তৃষ্ণা চিরকাল বর্দ্ধিত হচ্ছে ৷ এই শ্লোকটিতে বিরহ-গীতির যে হৃদয়বিদারী তপ্তশ্বাস প্রবাহিত হয়েছে তা কতই না মধুর অথবা মধুর হতেও মধুর ৷ শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃতে অপূর্ব অভিমত দেওয়া আছে—
ব্রাহ্মণ সমাজ সব বৈষ্ণব চরিত ৷
বৈষ্ণব সকল পঢ়ে কৃষ্ণকর্ণামৃত ॥
‘কর্ণামৃত শুনি প্রভুর আনন্দ হইল ৷
আগ্রহ করিয়া পুঁথি লেখাইয়া নিল ॥
কর্ণামৃত সম বস্তু নাহি ত্রিভুবনে ৷
যাহা হৈতে হয় শুদ্ধ কৃষ্ণপ্রেম-জ্ঞানে ॥
সৌন্দর্য মাধুর্য কৃষ্ণলীলার অবধি ৷
সে জানে যে কর্ণামৃত পঢ়ে নিরবধি ॥‘
মহাপ্রভু দক্ষিণদেশ ভ্রমণ কালে ‘’শ্রীকৃষ্ণকর্ণামৃত’ গ্রন্থটি নকল করিয়ে নীলাচলে নিয়ে আসেন এবং গৌড়ীয় ভক্তগণকে দেন এইভাবেই গ্রন্থখানি ভক্তসমাজে বহুল প্রচলিত হয়েছে ৷
-----🌹------ ক্রমশঃ-------🌹--------
🌹 ৪---৫ 🌹
🌹 ৬ ৪🌹
🌹শ্রীজয়দেব গোস্বামী ও তাঁর রচিত শ্রীগীতগোবিন্দ’-
‘স্বরলগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং ৷ দেহি পদপল্লবমুদারং॥ জ্বলতি ময়ি দারুণো মদনকদনানলো ৷ হরতৃ তদুপাহিতবিকারং॥‘ অর্থাৎ-হে প্রিয় ! তোমার রমণীয় পদবল্লব ভূষণস্বরূপ আমার মস্তকে অর্পণ কর , তাতে কেবল আমার মস্তকের শোভা হবে এমন নয় ; যে অনঙ্গরূপ গরল আমাকে জর্জরিত করছে তাও খণ্ডন হবে ; দেখ মদনয়াতনারূপ নিদারুণ অনল আমাকে দহন করছে , তোমার চরণস্পর্শ সেই দাহজনিত বিকার দূর করুক॥
“সরল গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং” এই শ্লোকটি “গীতগোবিন্দ” কাব্যের অন্তর্গত। এই শ্লোকটির অর্থ হল “সরল বিষ দূর হোক, আমার মাথায় অলঙ্কার হোক”। এই শ্লোকটির তাৎপর্য হল, শ্রীরাধার অভিমান দূর করে, কাছে পাওয়ার আকুতি। শ্রীরাধার অভিমানকে বিষের সাথে তুলনা করা হয়েছে এবং এই বিষ দূর হলে তা যেন মস্তকের অলঙ্কারের মতো শোভা পায়, এই কামনাই করা হয়েছে।
“প্রিয়ে চারুশীলে মুঞ্চ ময়ি মানম্।
অয়ি বাসনাবতী বিদগ্ধে মদনমোহনঃ।
সরল গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং।
ত্বং বিরহজ্বালায় জ্বলে মম হৃদয়ম্।।“
এই শ্লোকের প্রথম পংক্তিটি হল “প্রিয়ে চারুশীলে মুঞ্চ ময়ি মানম্”, যার অর্থ “ওগো সুন্দরী, আমার প্রতি অভিমান ত্যাগ করো”। পরবর্তী পংক্তি “অয়ি বাসনাবতী বিদগ্ধে মদনমোহনঃ” অর্থাৎ “হে কামিনী, হে বিদগ্ধা, মদনমোহন এসেছেন”। তৃতীয় পংক্তি “সরল গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং” যা এই প্রশ্নের মূল বিষয়, এর অর্থ “সরল বিষ দূর হোক, আমার মাথায় অলঙ্কার হোক”। এবং চতুর্থ পংক্তি “ত্বং বিরহজ্বালায় জ্বলে মম হৃদয়ম্” অর্থাৎ “তোমার বিরহে আমার হৃদয় দগ্ধ হচ্ছে”। আহা ! হে প্রিয়ে ! কামবিষ-বিনাশক আমার শিরোভূষণ তোমার ঐ পরম সুন্দর পদপল্লব এই মস্তকে স্থাপন কর আমার অন্তর দারুণ মদনানলে জ্বলছে, তোমার চরণ স্পর্শে সে বিকার দূরীভূত হোক। রাধিকার প্রতি প্রযুক্ত মুরারির সুন্দর অনুরাগবাক্য।। গীতগোবিন্দ কাব্যের বৈষ্ণব কবি শ্রীজয়দেব গোস্বামী রচিত এই শ্লোকটি বৈষ্ণব জগতের কাছে অতি চর্চিত । বৈষ্ণব কবি শিরোমণি শ্রীজয়দেব গোস্বামীই শ্রীরাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলার বলতে গেলে আদি স্রষ্টা ৷ তাঁর রচিত শ্রীগীতগোবিন্দ সমগ্র বৈষ্ণব জগতে অদ্বিতীয় ও অতুলনীয় সম্পদ ৷ মনে হয় কোন বৈষ্ণব কবিই শ্রীজয়দেব গোস্বামীর সৃষ্ট প্রভাবকে অতিক্রম করতে পারে নাই । শ্রীজয়দেব গোস্বামী গীতগোবিন্দে যে মানময়ী শ্রীরাধাঠাকুরাণীর মানপ্রশমনের জন্য শ্রীরাধার শ্রীচরণে শ্রীকৃষ্ণকে সমর্পন করাতে কুণ্ঠিত হয়ে— *’স্মরগরলখণ্ডনং মম শিরসিমণ্ডনং’-
এ পর্যন্ত রচনা করে তা অসমাপ্ত রেখে ইতস্ততঃ করতে করতে গঙ্গাস্নানে চলে যান ৷ সেই সময় স্বয়ং শ্রীকৃষ্ণই এসে শ্রীগোস্বামীর জায়া পদ্মাবতীর কাছ থেকে সেই অসমাপ্ত গ্রন্থখানি নিয়ে এই অসম্পূর্ণ শ্লোকটির পাশে—*’দেহি পদপল্লবমুদারং’— কথাটি লিখে শ্লোকটি সম্পূর্ণ করে দেন ৷
যিনি স্বয়ং মানময়ী শ্রীরাধার মান প্রশমনের জন্য তাঁর শ্রীচরণে পতিত হতে বিন্দুমাত্র কুণ্ঠিত হন নাই , রাধাভাবে বিভাবিত স্বয়ং তিনিই যে তাঁর গম্ভীরা লীলায় সেই শ্রীগীতগোবিন্দের রসামৃত আস্বাদনে আত্মহারা থাকতেন, তাতে আর বিস্ময়ের কি থাকতে পারে ? শ্রীজয়দেব গোস্বামী রচিত শ্রীগীতগোবিন্দম্ মনে হয় উচ্চ অধিকারী ব্যতীত সুবিখ্যাত রসকাব্য শ্রীগীতগোবিন্দের উচ্চতম ভাব হৃদয়ঙ্গম করা বড়ই সুকঠিন ৷ একমাত্র রাগমার্গীয় শুদ্ধ ভক্তেরই আস্বাদনের অধিকার ৷ বিষয়াসক্ত বহির্মুখ-চিত্ত সম্পন্ন জীবের অপ্রাকৃত ব্রজরস আস্বাদনের অধিকার কোথায় ? গম্ভীরালীলাতেই তা বিশেষভাবে লক্ষণীয়—লীলাধীশ মহাপ্রভু, রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর এই যে দু’জনকে নিয়ে গম্ভীরায় ব্রজরস আস্বাদন করতেন তাতে কাম বা প্রাকৃত জগতের কোন ভাবই এঁদেরকে স্পর্শ করতে পারেনি ৷ গম্ভীরালীলায় মহাপ্রভু শ্রীরাধাভাবে ভাবিত হয়ে যে যে রসাপ্লুত ভাবে লীলায়িত হতেন তা সুন্দরভাবে লিপিবদ্ধ থাকায় এই গ্রন্থগুলি মহাপ্রভুর নিকট এত আদরের হয়ে উঠেছিল ৷ রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর শ্রীরাধাভাবের সুরসিক ভাবুক এবং বক্তা ছিলেন ৷ তাই মহাপ্রভুর সঙ্গে এঁদের মিলন এক অভিনব ভাগীরথী ধারা সৃষ্টি করে সমস্ত জগৎকে এখনও পবিত্র করে চলেছে ৷
মহাপ্রভুর গম্ভীরালীলার অন্তরঙ্গ ভক্তদের প্রসঙ্গে কিঞ্চিৎ আলোকপাত করতে প্রয়াসী হব —
‘শঙ্কর’—
মহাপ্রভুর অতি আদরের যে দামোদর পণ্ডিত, তাঁরই কনিষ্ঠ শঙ্কর ৷ দামোদর পণ্ডিতের মতই শঙ্করও মহাপ্রভুর অত্যন্ত প্রিয়পাত্র হয়ে উঠেন ৷ মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করে নীলাচলে ফিরে আসার কিছুদিন পর শঙ্কর গৌড়ীয় ভক্তগণের সঙ্গে নীলাচলে আসেন ৷ মহাপ্রভু শঙ্করের সুপবিত্র প্রেম-ভক্তি ভাব দেখে প্রসন্ন হয়ে স্বরূপ দামোদরকে বলেন—দামোদর ! তোমার উপরে আমার সগৌরব-প্রীতি, শঙ্করের উপরে আমার কেবল শুদ্ধ প্রেম ৷ শঙ্করকে আমার কাছে রাখ ৷ শঙ্কর তখন থেকেই নীলাচলে থাকতেন ৷ মহাপ্রভুর যেদিন কৃষ্ণবিরহ-নিমিত্ত অত্যন্ত আর্তির কারণে গম্ভীরা থেকে বাইরে যাবার পথ না পেয়ে দেওয়ালে ঘর্ষণের কারণে মহাপ্রভুর মুখ ও মস্তক ক্ষতবিক্ষত হয়েছিল, তার পরদিন থেকে স্বরূপ দামোদর ও সকলে পরামর্শ করে মহাপ্রভুর দেহরক্ষী হিসাবে শঙ্করকেই গম্ভীরার ভিতরে শয়ন করিবার ব্যবস্থা করেন, যাতে মহাপ্রভুকে ঠিকমত দেখাশোনা করা যায় ৷ সেই থেকে শঙ্কর প্রতিদিন মহাপ্রভুর চরণের নীচে শয়ন করতেন, আর মহাপ্রভু তাঁর পাদদ্বয় শঙ্করের শরীরের উপরে রাখতেন ৷ এই কারণে শঙ্কর মহাপ্রভুর * পাদোপাধান* (পায়ের বালিশ) নামে সুপরিচিতি হয়েছিলেন ৷ এইভাবে অত্যন্ত নিষ্ঠাসহকারে মহাপ্রভুর পদসেবা করতে করতে শঙ্করের সারারাত্রি অতিক্রান্ত হত ৷ মহাপ্রভুর এই পাদসম্বাহন সৌভাগ্যই শঙ্করকে বৈষ্ণব জগতে স্মরণীয়,বরণীয় ও মহনীয় করে রেখেছে ৷
‘গোবিন্দ !’—
কি হেরিলাম অপরূপ গোরা রূপনিধি ৷ কতই চান্দ নিঙ্গাড়িয়া নিরমিল বিধি॥ উগারই সুধা জনু গোরামুখের হাসি ৷ নিরখিতে গোরারূপ হৃদয়ে রইল পশি ৷৷ আঁখি পালটিতে কত যুগ হেন মানি ৷ হিয়ার মাঝে গাঁথি থোব গোরা রূপখানি॥ মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর ৷ গোবিন্দ দাস কহে মুঞি ভেল ভোর॥‘ (মহাজনী পদ)
মহাপ্রভুর অঙ্গসেবক গোবিন্দের সেবার মহিমা অতুলনীয় ৷ একদিন বা দু’দিন নয়, প্রতিদিন মধ্যাহ্ন আহারের পর মহাপ্রভু গম্ভীরাতে শয়ন করলে, গোবিন্দ মহাপ্রভুর অঙ্গসেবা করতেন এবং মহাপ্রভু নিদ্রা যাওয়ার পর গোবিন্দ উঠে এসে আহার করতেন ৷ এই নিয়মটি একদিনের জন্যও ভঙ্গ হয় নাই। এমনকি সেই বেঢ়া কীর্তনের দিন মহাপ্রভু সকাল হতে বেলা তৃতীয় প্রহর পর্যন্ত প্রেমানন্দে নৃত্যকীর্তনাদি করে আহারের পর গম্ভীরার দ্বার জুড়ে এমনভাবে শয়ন করলেন যে, ভিতরে কারো প্রবেশ করবার উপায় ছিল না, তখন গোবিন্দ কোনো উপায় না দেখে অবশেষে নিজের বহির্বাস খানি মহাপ্রভুর অঙ্গে বিছিয়ে মহাপ্রভুকে ডিঙ্গিয়েই ভিতরে প্রবেশ করে তাঁর “পাদসংবাহনাদি” করেন ৷ মহাপ্রভুর অঙ্গসেবার প্রতি গোবিন্দের প্রাণের টান এত অধিক ছিল যে, ভগবদ্ দেহ লঙ্ঘন করবার যে শাস্ত্রীয় বিধি-নিষেধ আছে তা তিনি গ্রাহ্য করেন নাই ৷ ভগবদ্ দেহ ডিঙ্গালে যে ভয়ঙ্কর অপরাধ হবে আর তার ফলে যে নিদারুণ নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তা তিনি জানিয়াও গ্রাহ্য করেন নাই ৷ এই ঘটনার ভিতর দিয়ে ভগবৎ সেবাই যে ভক্তের একমাত্র কর্তব্য এবং তারজন্য যা কিছু প্রয়োজন অপরাধজনক হলেও ভক্ত তা পালন করবেন, কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্ত ভুলক্রমেও কখনও কোনরূপ অন্যায় কর্ম করবেন না, ভক্তিধর্মের এই সূক্ষ্মমর্ম গোবিন্দ সেদিন সকলকে জানিয়ে দিয়েছেন ৷
‘গোবিন্দ মনে কহে আমার সেবা সে নিয়ম।
অপরাধ হোক চাই নরকে গমন।।‘
গোবিন্দের সেবানিষ্ঠায়, মহাপ্রভু যখনই গম্ভীরা হতে বাইরে যেতেন, তখন গোবিন্দ জলপাত্র নিয়ে সঙ্গে সঙ্গে যেতেন ৷ গোবিন্দ জগন্নাথ মন্দিরে প্রবেশের আগে মহাপ্রভুর পাদপ্রক্ষালণ করে দিতেন, এমনকি মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন তখনও গোবিন্দ মহাপ্রভুর পাশে থাকতেন, যাতে মহাপ্রভুর জগন্নাথ দর্শনে কোন বিঘ্ন না ঘটে ৷
একবার—
‘উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাঞা ৷
গরুড়ে চড়ি দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া ॥‘ (চৈ;চ;)
একদিন এক উড়িয়া রমণী, ভাবাবিষ্ট মহাপ্রভুর স্কন্ধোপরি পা রেখে গরুড়স্তম্ভ ধরে জগন্নাথ দর্শন করছিলেন, তখন গোবিন্দই রমণীকে নিষেধ করেছিলেন ৷ মহাপ্রভু তখন বললেন—আদিবশ্যা ! এই স্ত্রীকে না কর বর্জন ৷
করুক যথেষ্ট জগন্নাথ দর্শন।‘ (চৈ;চ;-৩/১৪/২৪)
‘স্ত্রীনাম শুনি প্রভুর বাহ্য হৈলা ৷
পুনরপি সেই পথে বাহুড়ি চলিলা॥
প্রভু কহে গোবিন্দ আজি রাখিলে জীবন ৷
স্ত্রী স্পর্শ হৈলে আমার হইত মরণ ॥‘
মহাপ্রভু দূর হতে এক দেবদাসীর কণ্ঠোচ্চারিত গীতগোবিন্দের গুর্জরী রাগের সুমধুর সঙ্গীত শুনে ভাবোন্মত্ত অবস্থায় সেদিকে ছুটে যাচ্ছিলেন তখন গোবিন্দ অতি দ্রুত ছুটে গিয়ে মহাপ্রভুকে এমনভাবে জড়িয়ে ধরলেন যাতে মহাপ্রভু সেই গায়িকাকে স্পর্শ করিতে না পারেন ,মহাপ্রভু প্রকৃতিস্থ হওয়ার পর গোবিন্দকে বললেন গোবিন্দ তুমি আজ আমার জীবন রক্ষা করলে ৷
‘মুকুন্দার মাতার নাম শুনি প্রভুর সঙ্কোচ হইল ৷
তথাপি তাহার প্রীতে কিছু না বলিল ॥‘ (চৈ;চ;)
এই প্রসঙ্গক্রমে স্ত্রীস্পর্শ করাতো বহু দূরের কথা, মহাপ্রভু স্ত্রী শব্দটি মুখেই উচ্চারণ করতেন না ,বিশেষ কারণেও তিনি স্ত্রী শব্দ না বলে ‘প্রকৃতি’ শব্দটি ব্যবহার করতেন ৷ এমন কি “স্ত্রী” শব্দটি শ্রবণ করলেও মহাপ্রভু সঙ্কোচ বোধ করতেন ৷
‘ স্ত্রীসব দূর হইতে কৈল দরশন ॥‘ (চৈ;চ;)
এই সমস্ত কারণেই স্ত্রীলোকগণ দূরে থেকে অলোকসুন্দর প্রেমের ঠাকুর মহাপ্রভুকে দর্শন করতেন ৷ এইভাবে মহাপ্রভু নিজে আচরণ করে ছোট হরিদাসকে চিরতরে বর্জনের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছিলেন—সাধনপথে কামিনী স্পর্শ বা চিন্তা সাধক জীবের নিকট গভীর অন্তরায় ৷ কারণ, রজোগুণের প্রাবল্যে সৃষ্টি সুখানুভূতি আসে এবং রজোগুণ ঈশ্বর চিন্তার সম্পূর্ণ পরিপন্থী ৷ তাই সৃষ্টি সুখানুভূতির উৎস নারীসঙ্গ, ভোগ ও সংসারাসক্তি সৃষ্টির দ্বারা অধঃপতনই আনয়ন করে ৷ তাই করুণার অবতার মহাপ্রভু শ্রীমুখে বলেছেন—
‘শিশ্নোদরপরায়ণ কৃষ্ণ নাহি পায় ॥‘
(শিশ্নোদরপরায়ণ-কামুক ও পেটুক ) (চৈ;চ;-৩/৬/২২৫)
অর্থাৎ, কাম ও রসনেন্দ্রিয় পরায়ণ ব্যক্তির কখনও কৃষ্ণচরণ প্রাপ্তি হয় না।
একদিন পুরীতে সমুদ্রতীরে “ চটক “ পর্বত দর্শন করতেই মহাপ্রভু গোবর্দ্ধনপর্বত জ্ঞানে প্রেমাবেশে মূর্চ্ছিত হয়ে পড়লে গোবিন্দই মহাপ্রভুর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ও নানাভাবে সেবাশুশ্রূষা করে সুস্থ করে তোলেন ৷ ভক্ত গোবিন্দ সমস্ত ভাবধারায় মহাপ্রভুর রক্ষণাবেক্ষণ এবং পাদসম্বাহনাদি সেবাকার্য করতেন এবং আহারাদির ব্যাবস্থাও করতেন ৷ এমনকি ভক্তবৃন্দ মহাপ্রভুর সেবার নিমিত্ত যে সমস্ত দ্রব্য সামগ্রী আনতেন তাও গোবিন্দই সযত্নে সুরক্ষিত রাখতেন এবং যথা সময়ে মহাপ্রভুকে দিতেন ৷ মহাপ্রভুর প্রসাদ দেওয়ার কাজটিও গোবিন্দই সম্পাদন করতেন ৷ মহাপ্রভু তাই গোবিন্দকে দিয়েই নামাচার্য শ্রীশ্রীহরিদাস ঠাকুরের নিকট নিত্যদিন মহাপ্রসাদ পাঠাতেন ৷ শ্রীশ্রীহরিদাস ঠাকুরের দেহ রক্ষার পূর্ব দিনটিতে তাঁর নিকটে মহাপ্রসাদ নিয়ে গিয়ে গোবিন্দ দেখলেন—
‘দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন ৷
মন্দ মন্দ করিতেছে সংখ্যা-সংকীর্তন ॥‘ (চৈ;চ; ৩/১/১৬)
এছাড়াও মহাপ্রভু গম্ভীরাতে শয়ন করলে গভীর রাতে মহাপ্রভুর যাতে কোন অসুবিধা হয় তা হলে তাঁকে সেবা করবেন এই ভাইবানায় গোবিন্দ তার কর্ণ দুটিকে ঠিক যেন খরগোসের মত খাড়া করে গম্ভীরার বাইরে, দ্বারে শয়ন করে সজাগ থাকতেন, এই সমস্ত কারণে গোবিন্দের গৌরাঙ্গ সেবার তুলনা পাওয়া অতি বিরল।
‘জগদানন্দ পণ্ডিত’—
‘হেন মতে মহাপ্রভু জগদানন্দ সঙ্গে ৷
নানামতে আস্বাদয় প্রেমেরতরঙ্গে॥‘ ( চৈ, চ, ৩/১৩/০২)
জগদানন্দ পণ্ডিত প্রসঙ্গে এই কথাটি সকলের মনে জাগে—
‘পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ ৷
লোকে খ্যাত যেহোঁ সত্যভামার স্বরূপ ॥‘ (চৈ;চ;)
জগদানন্দ জগৎপ্রাণ মহাপ্রভুর এমনই একজন অন্তরঙ্গ ভক্ত যে, তিনি মহাপ্রভু ব্যতীত আর অন্য কিছুই জানতেন না ৷ মহাপ্রভুর প্রতি তাঁর ভালবাসা অতুলনীয় ৷ গম্ভীরা লীলাকালে জগদানন্দের মহাপ্রভুর প্রতি প্রেম-প্রীতি-ভালোবাসার অসংখ্য ঘটনা থেকে একটি মাত্র আস্বাদন করলেই বোঝা যাবে , ঘটনাটি হচ্ছে এক সময়ে জগদানন্দ গৌড়ে গিয়ে শিবানন্দ সেনের কাছ থেকে এক কলসী অত্যন্ত সুগন্ধি চন্দনাদি তেল প্রস্তুত করিয়ে নীলাচলে নিয়ে এসে মহাপ্রভুর প্রিয় ভক্ত গোবিন্দের হাতে দিয়ে বলেন—
‘তাঁর ইচ্ছা প্রভু অল্প মস্তকা লাগায় ৷
পিত্ত বায়ূ ব্যাধি প্রকোপ শান্তি হঞা যায়॥‘ (চৈ;চ;)
কিন্তু জগদানন্দের ইচ্ছা পূর্ণ হল না , কারণ, সেই তেল দর্শন করে মহাপ্রভু বললেন—কোন সন্ন্যাসীর তেল মাখবার অধিকার নাই ৷ এই কথা গোবিন্দের মুখে শুনে জগদানন্দ অভিমান করে নীরব রইলেন ৷ তাঁর মনে শুধু ঐ কথা আনাগোনা করতে লাগল, অতঃপর একদিন তিনি গোবিন্দকে দিয়ে মহাপ্রভুকে ঐ তেল ব্যবহার করতে বললেন ৷ গোবিন্দের মুখে জগদানন্দের এইকথা শুনে মহাপ্রভু বিরক্তি প্রকাশ করে সরস উক্তি করে অনেক উচ্চবাচ্য করলেন এবং পরেরদিন জগদানন্দ যখনই মহাপ্রভুর নিকট এলেন, তখনই
*প্রভু কহে পণ্ডিত ! তৈল আনিল গৌড় হৈতে ৷
আমি ত সন্ন্যাসী তৈল না পারি লইতে ॥
জগন্নাথে দেহ লইয়া দ্বীপ যেন জ্বলে ৷
তোমার সকল শ্রম হইব সফলে ॥*(চৈ;চ;)
এই কথা শুনে জগদানন্দের অভিমানের মাত্রা যেন শতগুণ বৃদ্ধি হল, তাই জগদানন্দ তখনই বলিয়া উঠিলেন —
‘পণ্ডিত কহে কে তোমাকে কহে মিথ্যাবাণী ৷
আমি গৌড় হৈতে তৈল কভু নাহি আনি॥“* (চৈ;চ;)
এই কথা বলে জগদানন্দ গৃহমধ্যে প্রবেশ করে তেলের কলসীটি এনে মহাপ্রভুর সন্মুখে—
তৈল_ভাঙ্গি_সেই_পথে_নিজ ঘরে গিয়া ৷
শুতিয়া রহিল ঘরে কপাট মারিয়া॥ (চৈ;চ;)
জগদানন্দ ঘরে কপাট দিয়ে অনাহারে অনিদ্রায় তিনদিন পড়ে থাকলেন ৷ এদিকে ভক্তাধীন ভগবান, প্রেমবশ্য মহাপ্রভু আর কি স্থির থাকতে পারেন ? কিন্তু কি করবেন ! জগদানন্দ যে আমার সত্যভামা, ওকে তো অন্য কোনভাবে সান্ত্বনা দেওয়া যাবে না ! এই ভাবনায় মহাপ্রভু জগদানন্দের দরজায় গিয়ে বললেন—জগদানন্দ ! আমি জগন্নাথদেবকে দর্শন করতে যাচ্ছি, তোমার গৃহে আজ ভোজন করব ! শীঘ্র রন্ধন কর, আমি আসছি ৷ এইকথা বলে মহাপ্রভু চলে যেতেই জগদানন্দের যত অভিমান মূহুর্তে অপসারিত হয়ে হৃদয়ে আনন্দের ঢেউ উথাল পাথাল করতে লাগল ৷ জগদানন্দ তৎক্ষণাৎ সতীসাধ্বী পতিব্রতা রমণীর মত অতি আদরে রান্নার যোগাড় করতে লাগলেন ৷ অতঃপর যথাসময়ে মহাপ্রভু এলে পারস করে মহাপ্রভুর সন্মুখে ধরিতেই মহাপ্রভু বললেন—‘তোমার ভোজনও প্রস্তুত কর ৷ আজ দুজনে এক সঙ্গে ভোজন করব।
জগদানন্দ বললেন, ঠিক আছে প্রভু, তুমি আগে ভোজন কর,পরে আমি প্রসাদ পাব৷ মহাপ্রভু ভোজন করে যাবার সময় গোবিন্দকে ডেকে বলে গেলেন—জগদানন্দের প্রসাদ পাওয়া হলে তুমি আমাকে সংবাদ দিও ৷এইভাবে মহাপ্রভু এবং জগদানন্দের কত যে মান অভিমানের খেলা হত তার ইয়ত্তা নাই ৷ মহাপ্রভুকে কিসে সুখ দিতে পারবেন তাই ছিল জগদানন্দের জীবনের মূল লক্ষ্য ৷ মহাপ্রভু যে কঠিন শয্যায় শয়ন করতেন তা জগদানন্দ দর্শন করতে পারতেন না ৷ তাই একদিন শিমূল তুলোর একটি শয্যা করে দিলেন এবং তা নিয়ে যে কত রঙ্গ খেলা হল তা বৈষ্ণব জগতে অত্যন্ত সুবিদিত ৷
শ্রীরঘুনাথদাস গোস্বামী*—
‘অনন্ত গুণ রঘুনাথের কে করিবে লেখা ৷
রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা ॥‘ (চৈ;চ;)
‘শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ ৷
চৈতন্যচরিতামৃতে কহে কৃষ্ণদাস॥‘ (২/১৬/২৮৮)
রঘুনাথদাস গোস্বামী, স্বরূপ দামোদরের মতই মহাপ্রভুর একান্ত অন্তরঙ্গ পরিকর ৷ রঘুনাথ স্ত্রী, অঢেল সম্পত্তি যথাসর্বস্ব ত্যাগ করে নীলাচলে এলে, মহাপ্রভু রঘুনাথকে স্বরূপ দামোদের কাছে সমর্পণ করেন ৷ তাতে করেই স্বরূপের রঘুনাথ বলে রঘুনাথের আর একটি নাম হয় ৷ মহাপ্রভু মনে করেন যদি রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করি তাহলে স্বরূপ দামোদরের প্রযত্নে তার মতই ব্রজের নিগূঢ় সাধনতত্ত্ব ও লীলারহস্য সম্পূর্ণরূপে জ্ঞাত হতে পারবে,এবং বাস্তবে তাই হয়েছিল ৷ ‘স্বরূপের-রঘুনাথ’ স্বরূপের মতই সম্পূর্ণরূপে মহাপ্রভুর অচিন্তনীয় অপূর্ব লীলামাধুর্য রসে রসায়িত হয়ে উঠেছিল ৷ মহাপ্রভুর_নীলাচল লীলায় রঘুনাথ নিত্যদিনই দিনের বেলা মহাপ্রভুর মহাঅচিন্ত্যলীলা প্রত্যক্ষ করতেন, কিন্তু গভীর রজনীতে গম্ভীরাতে মহাপ্রভুর যে অতি নিগূঢ় মহাভাবের লীলা হত তাতে রঘুনাথের প্রবেশাধিকার ছিলনা। কিন্তু তিনি স্বকীয় ধ্যানলব্ধ সুগভীর অন্তর্দৃষ্টিতে তৎসমস্তই যে দর্শন করতেন তা তাঁহার গ্রন্থগুলি আস্বাদনে স্পষ্ট বুঝা যায় , কারণ, প্রত্যক্ষদর্শী না হলে তাঁর কলমে কখনও লিখিত হতে পারত না ৷ এইভাবে রঘুনাথ দীর্ঘ ষোল বৎসর মহাপ্রভুর অভূতপূর্ব প্রেমলীলা দর্শন করেছিলেন।সেইসঙ্গে মহাপ্রভুকে অতি অন্তরঙ্গভাবে সেবাও করেছিলেন ৷
মহাপ্রভুর নীলাচল লীলার বিষয়ে রঘুনাথের মত একমাত্র স্বরূপ দামোদর ব্যতীত অন্য আর কেউ অবগত ছিলেন না ৷ মহাপ্রভু লীলা সম্বরণ করতেই তাঁর দ্বিতীয় স্বরূপ, স্বরূপ দামোদরও লীলা সম্বরণ করেন ৷ তাই মহাপ্রভুর অন্তর্ধানের পর মহাপ্রভুর অচিন্তনীয় লীলাশৈলী বর্ণনা করতে একমাত্র রঘুনাথ ব্যতীত আর দ্বিতীয় কেউ ছিল না ৷ মহাপ্রভুর অন্ত্য লীলা যা স্বরূপ দামোদর দর্শন করেছিলেন তা তিনি কৃপাপূর্বক রঘুনাথ দাসকে সমস্তই বলেছিলেন ৷ রাজর্ষি পরীক্ষিতের তত্ত্বময় প্রশ্নগুলিকে কেন্দ্র করে যেমন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা জগতে প্রচারিত হয়েছে, অনুরূপভাবে:— রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু মুখনিঃসৃত লীলাকথা কবিরাজ গোস্বামীর প্রশ্নে , রঘুনাথ দাস গোস্বামীর উত্তরে শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতরূপে জগতে প্রচারিত হয়েছিল, অন্যথায় কলির জীব মহাপ্রভু ও শ্রীশ্রীরাধাকৃষ্ণের ভাবগম্ভীর লীলাকথা এবং অভূতপূর্ব অপরূপ দিব্যোন্মাদে পরিপূর্ণ গম্ভীরালীলার কথা আদৌ জানতে পারত না।
‼️❤ 🌹❤️
ভাবের রহস্য বুঝতে পারা বড়ই কঠিন, শুধু ভাব কেন, মহাভাবের মহাপীঠের মহত্তম স্মৃতি মহাপ্রভুর এই গম্ভীরা লীলা। এই গম্ভীরা লীলা পরম গম্ভীর ও পরম গভীর রহস্যপূর্ণ যে গৌরক্তবৃন্দের পরম আস্বাদ্য এবং কলিহত জীবের মঙ্গলপ্রদ ও পারমার্থিক হিতকর তাতে কোন রকম সন্দেহের অবকাশ নাই। কিন্তু এই অভূতপূর্ব, অশ্রুতপূর্ব এবং অলৌকিক লীলা আস্বাদনের অধিকারী হতে একমাত্র মহৎকৃপা ব্যতিরিকে সম্ভব নয়। তাই ভক্তবৃন্দের কৃপাশিস একান্তভাবে প্রার্থনা করি যাতে এই লীলার কিঞ্চিৎ পরিমাণ পরিবেশিত হলেও তা যেন পরমানন্দের সঞ্চার করে।
নীলাচলে পরমভক্ত কাশী মিশ্রলয়ের ক্ষুদ্র প্রকোষ্ঠে রাধাপ্রেমে বিভাবিত মহাপ্রভু তাঁর দিব্য লীলার শেষ ভাগে গভীর ভাবাবিষ্ট অবস্থায় অচল পর্বতের মতো স্থির থেকে যে মহাভাব আস্বাদন করেন তাই’ই ভক্তসমাজে গম্ভীরালীলা নামে খ্যাত। গম্ভীরায় শক্তি ও শক্তিমানের মিলিত, চিরনিত্য, চির নতুন, নিত্যযগল মিলন। যেমন মৃগনাভি এবং তার সৌরভ, কর্পূর এবং তার গন্ধ যদ্রুপ এও তদ্রুপ। কোনরকম ঐশ্বর্য বা নৈবেদ্য, শঙ্খ, ঘন্টা, ঢাক-ঢোলের নিনাদে এই মহামাধুর্যময় মধুরাতিমধুর রূপ মাধুরীর পূজা হয় না, শুধুমাত্র আত্মনিবেদন রূপ নৈবেদ্য দিলেই হৃদয়-মন্দিরে সেই ভাবমাধুর্যময় শ্রীমূর্তির দর্শন পাওয়া যায়। একনিষ্ঠ নামানুরাগী ও শ্রীভগবৎচরণে আত্মসমর্পণকারী ভক্ত’ই শ্রীভগবানের অলৌকিক কৃপা বলে এই মহোর্দ্ধ মহাভাবময় লীলারস আস্বাদন করতে সক্ষম হন, অন্যথায় মহাসাগরের মতোই অতীব দুরবগাহ ও গম্ভীরলীলা তা কারোর পক্ষেই বোধগম্য হতে পারে না।
মহাপ্রভুর গম্ভীরা লীলা সর্বকালের সর্বশ্রেষ্ঠতম লীলা, হয়তো অনেকের মনের কোণে রাসলীলার কথা পুনঃ পুনঃ জাগতে পারে। কারণ, অনেকেরই মনের মধ্যে এই ধারণা দৃঢ় বদ্ধ মূল হয়ে আছে যে, রাসলীলা’ই শ্রীভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, এর উপরে আর কোন লীলা নাই, কিন্তু এই কথা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন রাসলীলা ‘অপ্রাকৃত’ এবং জীবের পক্ষে দূরধিগম্য সম্ভোগময়ী লীলা, এই কারণে এই ‘প্রাকৃত’ দেহ মন নিয়ে ‘অপ্রাকৃত’ রাসলীলামৃত আস্বাদন করতে গেলে হয়তো বা বিভ্রম দেখা দিতে পারে, পক্ষান্তরে, গম্ভীরা লীলা ‘অপ্রাকৃত’ হলেও আধার অনুযায়ী অল্প বা অধিক অনেকেই আস্বাদন করতে পারেন। কারণ, গম্ভীরা লীলা ‘ভাবের লীলা’ এবং রাসলীলা ভাব ‘প্রয়োগের’। তাই ‘ভাবের প্রয়োগ’ অপেক্ষা ‘ভাব বর্ণনা’ কিঞ্চিৎ সহজ সাধ্য। অতএব জীবের কাছে দুর্বোধ্য কর্ম অপেক্ষা ভাব’ই সহজ লভ্য, তাই গম্ভীরা লীলা শ্রীভগবানের অনন্তলীলার মধ্যে শ্রেষ্ঠতম লীলা।
গম্ভীরা লীলার অর্থ গভীর লীলা, যার গভীরতা অতি দুর্জ্ঞেয়, সাধারণ জ্ঞানে তো অনেক দুরের কথা বিশেষজ্ঞানের দ্বারাও যা উপলব্ধি করা সুকঠিন, এমনকি বিধিভক্তি দ্বারাও ব্রজপ্রেম আস্বাদন অসম্ভব, এই বিষয়ে শ্রীচৈতন্যচরিতামৃতে পরিলক্ষিত হয়—
“বিধিভক্ত্যে ব্রজভাব পাইতে নাহি শক্তি।। (চৈ, চ,১/৩/১৩)
“বিধিমার্গে না পাইয়ে ব্রজে কৃষ্ণচন্দ্র।।“ (চৈ, চ,২/৮/১৮২)
অতএব কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা যোগের দ্বারা এযন কি বিধিভক্তির দ্বারাও যে কৃষ্ণচন্দ্র বশীভূত হন না সেই গম্ভীরা লীলার গভীরের অন্তর্নিহিত ভাব তা সাধারণ জীবের সক্ষে অকল্পনীয়। একমাত্র প্রেমভক্তিরই সেখানে প্রবেশের অধিকার। একমাত্র ভক্তিতেই ভগবান বশীভূত, সেই ভক্তিদ্বারাও কি গম্ভীরা লীলা উপলব্ধি করা যাবে না ? ভক্তি দুই প্রকার, সাধন ভক্তি ও প্রেম ভক্তি। ব্রত, উপাসনাদি সাধনার দ্বারা যে ভক্তি লাভ করা যায় তা সাধন ভক্তি বা সাধ্যা ভক্তি। এই সাধ্যা ভক্তি দ্বারা কখনও কৃষ্ণকে বশীভূত করা যায় না বা সম্যক রূপে জানা যায় না, কারণ এতে লঘু, গুরু বা ঐশ্বর্যজ্ঞান থাকে, এ বিষয়ে শ্রীচৈতন্যচরিতামৃতে উল্লেখ রয়েছে-
“ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত।
ঐশ্বর্য-শিথিল প্রেমে নাহি মোর প্রীত।।“ (চৈ, চ, ১/৩/১৪)
অতএব প্রেমভক্তি দ্বারাই যে কৃষ্ণকে একান্ত আপন বলিয়া গণ্য করা যায় এটি যেমন ধ্রব সত্য, কারণ, এখানে কোন ঐশ্বর্য জ্ঞান নাই, প্রেমভক্তির কোন অগম্য স্থান নাই, অতএব একমাত্র প্রেমভক্তিই ব্রজরসের গভীরে প্রবেশ করাতে সক্ষম।
মহাপ্রভু মহাভাবে ভাবিত হয়ে সেই রাধাভাই আস্বাদন করেছিলেন কাশী মিশ্রালয়ের একটি ক্ষুদ্র কক্ষে। ভাবের ঘরে জ্ঞানশূন্য অবস্থায় প্রেমের প্রাবল্যে তিনি সেখানে কখনও মৃত্তিকায় নাসিকা ঘর্ষণ, কখনও উন্মাদবৎ আচরণ ইত্যাদি আরও যে সমস্ত গভীর লীলা প্রকাশ করেছেন তাই’ই গম্ভীরা লীলা নামে খ্যাত। মহাপ্রভু এতদিন নাম-প্রেম বিতরণ করলেন জীবের জন্য এখন দ্বাদশ বৎসর অবতারের মূল প্রয়োজন গম্ভীরাতে রাধাভাবে নিজ আস্বাদন—
“শ্রীরাধায়াঃ প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈবা-
স্বাদ্যো যেনাদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয়ঃ।
সৌখ্যং চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভা-
ত্তদ্ভাবাঢ্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ।।“
শ্রীরাধার প্রেম-মাহাত্ম্য কিরূপ, ঐ প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত-মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কিরূপ এবং আমার মাধুর্য-আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পান, সেই সুখই বা কিরূপ, এই সমস্ত বিষয়ে লোভ বশতঃ শ্রীরাধার ভাবাঢ্য নিয়ে কৃষ্ণচন্দ্র শচীগর্ভসিন্ধুতে আবির্ভূত হয়েছেন।
শুধুমাত্র বঙ্গবাসী বা ভারতবাসী নয়, সমগ্ৰ বিশ্ববাসীর পরম আদরনীয় গ্ৰন্থ শ্রীমদ্ভগবদগীতা, আর সেই গীতায় চার/আট (৪/৮) শ্লোকের বিশেষ জ্ঞাতব্য বিষয় হ’ল গোলকাধিপতি সচ্চিদানন্দঘন বিগ্ৰহ স্বয়়ং ভগবান শ্রীকৃষ্ণ জগৎকল্যানার্থে দিব্য অথচ নরদেহ ধারণ পূর্বক যুগে যুগে আমাদের এই ধূলামাটির পৃথিবীতে অবতীর্ণ হন। এই ভাবধারাতেই ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান কলিযুগের প্রারম্ভে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু রূপে আটশত বিরানব্বই (৮৯২) বঙ্গাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপ মহাতীর্থে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীভগবান জগৎকল্যাণার্থে যুগে যুগে জগতে অবতীর্ণ হন ধ্রব সত্য, কিন্তু বর্তমান কলিযুগের যত এমন অভূতপূর্ব কারুণ্যগুণ নিয়ে কোনকালে কোন যুগে তিনি আবির্ভূত হন নাই। কলিযুগপাবনাতার মহাপ্রভুর জীবন লীলায় বিশেষভাবে লক্ষ্যনীয়- প্রথম চব্বিশটি বছর গৃহস্থ ধর্মে অবস্থানকালীন তিনি যখন শ্রীবাস অঙ্গনে, সুরধনীর তীরে, চতুষ্পাঠীতে এবং পথে পথে অলিতে-গলিতে গৃহে গৃহে ঘুরে ঘুরে নানাস্থানে নাম-সংকীর্তন আরম্ভ করতেন, তখন অসংখ্য মানুষ তাঁর সঙ্গে যোগদান করতেন। এমনকি যাঁরা বিষয়রসে উন্মত্ত ছিলেন তাঁরাও মহাপ্রভুর অনিন্দ্যসুন্দর দেহে কৃষ্ণপ্রেমের অদ্ভুত বিকার দর্শন করে ও সেই সাথে তৎপ্রবর্তিত নাম-সংকীর্তনে যোগ দিতে লাগলেন। এইভাবে শুষ্ক মরুভূমিতে যেন অপূর্ব নাম-প্রেমরসের প্রবল বন্যা প্রবাহিত হতে লাগল। সেইসমময়ে নামসংকীর্তনরূপ দিব্যঅস্ত্র দ্বারা কত দস্যু, তস্কর, নাস্তিক, লম্পট এবং কত অগণিত অনাচারী, অত্যাচারী ও কত উচ্ছৃঙ্খল জীবনকে যে মহাপ্রভু অতি মহৎজীবনে রূপান্তরিত করেছিলেন তার কোন সীমাসংখ্যা নাই। মহাপ্রভু ভগবদ্বহির্মূখ দেশে এক অভূতপূর্ব পরিবর্তন আনলেন। জগাই-মাধাই উদ্ধার, চাঁদকাজী উদ্ধার, দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মিরী উদ্ধার প্রভৃতি অসংখ্য উদ্ধারলীলা তাঁরই অত্যুজ্জ্বল দৃষ্টান্ত।
অতঃপর শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু কন্টকনগরে শ্রীকেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্ৰহণ করে শ্রীকৃষ্ণচৈতন্য নাম গ্ৰহণ পূর্বক নীলাচলে যাবার সঙ্কল্প করলেন, তার পূর্বে অবশ্য তিনি শান্তিপুরে শ্রীঅদ্বৈতাচার্যের মন্দিরে এলেন, সেখানে জননী শচীদেবী এবং নবদ্বীপের ভক্তবৃন্দকে দর্শন দান করে, সেখান থেকে নীলাচলের পথে রওনা হয়ে একের পর এক রেমুণা, যাজপুর, কটক, ভুবনেশ্বর প্রভৃতি নানাস্থান পরিভ্রমণ করতে করতে নীলাচলের মুখে পৌঁছলেন। তাঁর নীলাচল যাত্রার পথের সাথি শ্রীনিত্যানন্দ, মুকুন্দ প্রমুখেরা পথিমধ্যে শ্রীমন্দিরে ক্ষীরচোরা গোপীনাথ দর্শন ও গোপীনাথের মহিমা বর্ণন এবং শ্রীনিত্যানন্দ প্রভু কর্তৃক দণ্ডভঙ্গ লীলাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সন্ন্যাসাশ্রমে থাকলে সঙ্গে একটি দণ্ড একান্ত অপরিহার্য, অথচ শ্রীনিত্যানন্দ প্রভু দণ্ড ভাঙ্গিলেন কেন ? এই দণ্ডভঙ্গ লীলাটি সামান্য জীব-বুদ্ধির সম্পূর্ণই অনধিগম্য। এই দণ্ড ভাঙ্গিবার কারণে মহাপ্রভু ক্রদ্ধ হয়ে একাকী অতি দ্রুত বেগে আগে শ্রীজগন্নাথ মন্দিরে চলে গেলেন এবং শ্রীজগন্নাথদেবকে দর্শন করে স়ংজ্ঞাশূন্য হয়ে পড়লেন, আর তদ্দর্শনে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিজ গৃহে নিয়ে গিয়ে সূস্থ করলেন। অতঃপর মহাপ্রভু সার্বভৌমকে কৃপা করলেন এবং সার্বভৌম কতৃকই ঘটনাক্রমে মহাপ্রভু কাশীমিশ্রালয়ে গম্ভীরা গৃহে অবস্থান পূর্বক লীলা সম্পাদন করেন। অর্থাৎ দণ্ডভঙ্গ লীলা না হলে তো শ্রীনিত্যানন্দ প্রভু সঙ্গেই থাকতেন, এ সমস্ত কোন কিছুই হত না, অর্থাৎ সর্বকারণের কারণ মহাপ্রভুর লীলাতেই শ্রীনিত্যানন্দ প্রভু দণ্ড ভেঙ্গেছিলেন এই বিষয়ে কোন সন্দেহের অবকাশ নাই।
সার্বভৌমের গৃহে মহাপ্রভু সম্পূর্ণ সংজ্ঞা প্রাপ্ত হলে সার্বভৌমের সাথে মহাপ্রভুর অনেক বাক্যালাপ হয়, তাতে সার্বভৌম স্পষ্ট বুঝতে পারেন যে সন্ন্যাসী ভক্ত, বুদ্ধিমান এবং পণ্ডিতও বটে কিন্তু দোষের মধ্যে বেদান্ত পড়া নাই, তাই তিনি সন্ন্যাসীকে বেদান্ত পড়ার উপদেশ দিলেন এবং মহাপ্রভু তাতে সম্মত হলেন। সার্বভৌমের কাছে বেদান্ত পড়া শুরু হল, কিন্তু একটানা সাতদিন বেদান্ত পড়িয়া মহাপ্রভু হ্যাঁ বা না জিজ্ঞাসা না করিবার কারণে সার্বভৌম যৎকিঞ্চিৎ বিরক্ত হয়ে বললেন, সাতদিন পর্যন্ত তোমাকে বেদান্ত পড়ালাম, কিন্তু তুমি জিজ্ঞাসা করলে না অথবা বুঝলে কি না তাও বুঝতে পারছি না ? তখন মহাপ্রভু সবিনয়ে সার্বভৌমকে বললেন, মূল সূত্রের অর্থ স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে ব্যাখ্যা শুনাচ্ছেন তা বুঝতে পারলাম না। এই কথার পর বিচার শুরু হল। সেই বেদান্ত বিচারে সার্বভৌম সম্পূর্ণ পরাস্ত হলেন, এবং তিনি মনে মনে ভাবলেন ইনি তো সাধারণ কেহ নন, তবে কি এঁর ভক্তগণ যে এঁকে স্বয়় ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে তাই’ই কি ঠিক ? কথিত আছে সব শেষে মনে মনে সার্বভৌম ভাবলেন এই সন্ন্যাসী যদি আমাকে রাম অবতারের দ্বিভুজ, কৃষ্ণ অবতারের দ্বিভুজ এবং শ্রীগৌরাঙ্গ অবতারের দ্বিভুজ একত্রে দেখাতে পারেন তা হলে তাঁকে অবতার বলে মানব। অতঃপর রাত্রি প্রভাত হলে মহাপ্রভু মহাপ্রসাদ হস্তে সার্বভৌমের কাছে উপনীত হয়ে তাঁকে সাদরে প্রদান করলেন, আর সার্বভৌম তখনই “শুষ্ক় পর্য্যুসিতং বাপি নীতং বা দূরদেশতঃ” প্রভৃতি বচন আবৃত্তি করে মহাপ্রসাদ গ্ৰহণ করলেন, আর ঠিক সেই কালেই মহাপ্রভু ষড়ভুজ মূর্তি ধারণ করলেন। সার্বভৌম সাতিশয় বিস্ময় বিস্ফারিত নেত্রে সেই মূর্তি দর্শন করে মূর্চ্ছিত হয়ে পড়লেন। তার পর সার্বভৌম জন্মের মত মহাপ্রভুর শ্রীচরণে দেহ-মন-প্রাণ সমস্তই সমর্পণ করলেন।
সার্বভৌমের বাসভবনে কয়েকদিন অবস্থানের পর মহাপ্রভুর মনে উদয় হল, এই নীলাচলে আমার এমন একটি নির্জন নিরিবিলি বাসস্থানের বিশেষ প্রয়োজন, যেস্থানে থেকে নিত্য নিয়ত মধুরাতিমধুর ব্রজপ্রেমরসমাধুরী আস্বাদন করতে পারব। এবং কথাপ্রসঙ্গে মহাপ্রভু তাঁর মনের এই নিগূ অভিপ্রায়টির যৎকিঞ্চিৎ আভাসমাত্র সার্বভৌমের কাছে ব্যক্ত করলেন। সার্বভৌম আবার যাঁর সভাপণ্ডিত সেই মহারাজ প্রতাপরুদ্রকে বিষয়টি বিশেষভাবে বুঝিয়ে বললেন এবং মহারাজ বিষয়টি শ্রবণমাত্র সমুদ্রের অদূরবর্তী শ্রীজগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে বহুবিধ ফুল ফলে সুশোভিত কাশীমিশ্রের পরমসুদ্ন্দর বাসভবনটি মহারাজের মনে হইল, তিনি ভাবলেন সমগ্ৰ নীলাচলে নিঃসন্তান কাশীমিশ্রের অতি নিরিবিলি বাসভবন সেই নবাগত সন্নাসীর প্রকৃত বাসস্থান হতে পারে। অতঃপর মহারাজ বিষয়টি সবিনয়ে গজপতিবংশের রাজপুরোহিত শ্রী কাশীমিশ্রকে বললেন, তাতে পরমানন্দে কাশীমিশ্র—
“কাশী মিশ্র কহে আমি বড় ভাগবান।
মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান।।“ (চৈ, চ, ২/১০/২১)
কাশী মিশ্র সসম্মত হলে মহারাজ বিষয়টি সভাপণ্ডিত সার্বভৌমকে জ্ঞাত করলেন। এই ঘটনার পর মহাপ্রভু দক্ষিণদেশ থেকে প্রত্যাবর্তন করে শ্রীজগন্নাথদেবকে দর্শন করে শ্রীমন্দিররের অঙ্গনে এলেন, তখন মহাপ্রভুকে সঙ্গে নিয়ে সার্বভৌম ভট্টাচার্য রাজপুরোহিত কাশী মিশ্রের বাসভবনে নিয়ে যান। অনিন্দ্যসুন্দর সেই নবীন সন্ন্যাসীকে দর্শন করতেই কাশীমিশ্র মহাপ্রভুকে সাষ্টাঙ্গে প্রণামান্তে নম্রনত মস্তকে যুক্ত করে তাঁর শ্রীচরণপদ্মের দিকে পলকশূন্য নয়নে চেয়ে ভক্তিবিনম্র বচনে, গদগদ কণ্ঠে প্রথম সম্ভাষণেই বললেন- প্রভুগো ! এই অধমের থেকেও অধমজনের মনঃপ্রাণ জীবনযৌবন ধন জন পরিবার পরিজন যা কিছু আছে তা সমস্তই আপনার। আপনি নিজগুণে কৃপাকরে তৎসমস্তই গ্ৰহণ করে এই অধমকে আপনার শ্রীচরণের দাসজ্ঞানে অঙ্গীকার করুণ। এইভাবে কাশী মিশ্রের অতি অপূর্ব প্রেমাবেশ পূরিত অমৃত থেকে মধুর বাক্য শুনে মহাপ্রভু সাতিশয় প্রীত হলেন, এবং তখনই- কাশী মিশ্রকে কৃপা করে চতুর্ভুজ রূপ দর্শন করালেন। ক্রমশঃ...
‼️❤ ৬ ৫ ❤️‼️
নীলাচলে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচাৰ্যকে ষড়ভুজ মূর্তি দেখিয়েছেন, অতঃপর এখন কাশী মিশ্রকে চতুর্ভুজ মূর্তি দেখাইলেন। এইভাবেই মহাপ্রভু বিভিন্ন ভক্তকে বহুবিধ মূর্তি দেখিয়েছেন। তার মধ্যে কয়েকটি যেমন- শচীমাতার শ্রীকৃষ্ণরূপ দর্শন ( চৈ:ভা: মধ্যখণ্ড, অষ্টম অধ্যায় )। শ্রীধরের শ্রীকৃষ্ণরূপ দর্শন (চৈ:ভা: মধ্যখণ্ড, নবম অধ্যায় )। বনমালী ব্রাহ্মণের শ্রীকৃরূপ দর্শন (শ্রীমুরারী গপ্তের করচা, দুই, এগার, তিন)। রায় রামানন্দের রাধাকৃষ্ণমিলিত স্বরূপ দর্শন (চৈ: চ: মধ্যখণ্ড, অষ্টম অধ্যায়)। শ্রীঅদ্বৈত আচার্য্যের বিশ্বরূপ দর্শন (চৈ:ভা: মধ্যখণ্ড, চব্বিশ অধ্যায়)। শ্রীমুরারী গুপ্তের শ্রীরামচন্দ্র রূপ দর্বন (চৈ:ভা: মধ্যখণ্ড, দশম অধ্যায় )। জগাই-র চতুর্ভুজ রূপদর্শন (চৈ:ভা: মধ্যখণ্ড, ত্রয়োদশ অধ্যায় )। তৈর্থিক ব্রাহ্মণের অষ্টভুজ রূপ দর্শন (চৈ:ভা: আদিখণ্ড, চতুর্থ অধ্যায় )। শ্রীমুরারি গুপ্তের গৃহে বরাহরূপ প্রকটন (চৈ: চ: আদিখণ্ড, সপ্তদশ অধ্যায় )। শ্রীবাসের গৃহে বরাহরূপ প্রকটন (চৈ:ভা: মধ্যখণ্ড, দ্বিতীয় অধ্যায় )। বিষ্ণুমণ্ডপে বলরামরূপ প্রকটন (চৈ:ভা: আদিখণ্ড, সপ্তদশ, অধ্যায় )। শ্রীবাস মন্দিরে চতূর্ভুজ রূপ প্রকটন (চৈ:ভা: মধ্যখণ্ড, বি়শ অধ্যায় )। শ্রীনিত্যনন্দ প্রভুকে ষড়ভুজ দর্শন (শ্রী চৈতনমঙ্গল্য, মধ্যখণ্ড, বিংশ অধ্যায় )। নিজ গৃহে শিব রূপ প্রকটন (চৈ: ভা: মধ্যখণ্ড, অষ্টম অধ্যায়) প্রভৃতি ।
এছাড়াও মহাপ্রভু শ্রীচন্দ্রশেখর আচার্য্যের গৃহে রুক্মিণী, মহালক্ষী এবং জগজ্জননী ভগবতীরূপে নৃত্য প্রকটন (চৈ: ভা: এক, সতের, দুইশত চৌত্রিশ, পঁইত্রিশ)। এবং শ্রীনবদ্বীপে নানাস্থানে নানাবিধ অবতারের রূপ প্রদর্শন করেম্ৎস্য-কূর্ম-বরাহ-বামনাদি (চৈ: ভা: মধ্যখণ্ড, পঁচিশ অধ্যায় ) ভগবৎস্বরূপের রূপ প্রকটিত করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাধারমণ-বিগ্ৰহের শ্রীগৌরমূর্তিতে প্রকাশও উল্লেখনীয়- ( শ্রীশ্রীভক্তি রত্নাকর-৪/৩৪৫ )। এইভাবে মহাপ্রভু তাঁর শ্রীদেহে রাম, নৃসিংহ, নারায়ণ, শিব, দূর্গা, মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি সমস্ত ভগবৎ স্বরূপের রূপ প্রকটিত করে প্রমাণিত করে গিয়েছেন তিনি সত্য সত্যই স্বয়় ভগবান। শাস্ত্রীয় প্রমাণে একমাত্র স্বয়ং ভগবানের মধ্যেই সমস্ত ভগবৎস্বরূপে বিদ্যমান থাকেন এবং এই’ই স্বয়ং ভগবানের লক্ষণ। অতএব যেহেতু মহাপ্রভুর শ্রীদেহে সমস্ত ভগবৎ-স্বরূপ’ ই বিদ্যমান সেইহেতু মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান। যাই হোক কাশী মিশ্রকে চতুর্ভুজ মূর্তি দেখানোর কথা শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে এইভাবে উল্লেখ রয়েছে—
“প্রভু চতুর্ভুজ-মূর্তি তাঁরে দেখাইল।
আত্মস্যাৎ করি’ তাঁরে আলিঙ্গন কৈল।।“ (২/১০/৩৩)।
এইভাবে মহাপ্রভুর শ্রীদেহে চতুর্ভুজ মূর্তি দর্শনে কাশী মিশ্র অতিশয় বিহ্বল হয়ে ভূমিতলে নিপতিত হলেন এবং পরমকরুণ মহাপ্রভু স্বকরুণায় কাশী মিশ্রকে তুলে আলিঙ্গনাবদ্ধ হলেন। এই ঘটনার পর থেকে মহাপ্রভু প্রকটলীলায় নীলাচলে অবস্থানকালীন কাশী মিশ্রালয়েই অবস্থান করেন। এই বিষয়ে শ্রীচৈতন্য ভাগবতে উল্লেখ রয়েছে—
“হেন মতে শ্রীগৌরসুন্দর নীলাচলে।
রহিলেন কাশীমিশ্র-গৃহে কুতুহলে।।
নিরন্তর নৃত্যগীত-আনন্দ-আবেশে।
প্রকাশেন গৌরচন্দ্র, দেখে সর্বদেশ।।
কখন নাচেন জগন্নাথের সন্মুখে।
তিলার্দ্ধেক বাহ্য-নাহি প্রেমানন্দ সুখে।।
কখনও নাচেন কাশী মিশ্রের মন্দিরে।
কখনও নাচেন মহাপ্রভু সিন্ধুনীরে।।“
(চৈ, ভা,-১/৫/১৩০-১৩৩)
মহাপ্রভুর কাশী মিশ্রালয়ে অবস্থান কালে কাশী মিশ্র পরমযত্নে তাঁর প্রাণপ্রিয় মহাপ্রভুর সেবা যত্ন করতে থাকেন। সেই আত্মনিবেদিত সেবাযত্নের তুলনা ত্রিভুবনে কোথাও মিলে না। মহাপ্রভুকে সেবা করবার এই মহাসৌভাগ্য কাশী মিশ্রের পক্ষে কিভাবে সম্ভব হল ? সর্বশাস্ত্রশিরোমণি শ্রীমদ্ভাগবতে উল্লেখ রয়েছে- দশম স্কন্ধ-৪৮/৬—৮)
মথুরা নিবাসিনী কুব্জার ভগবান শ্রীকৃষ্ণের অতি অপরূপ অঙ্গসৌষ্ঠব ও রূপলাবণ্য দর্শনে অতিশয় বিমোহিত হয়ে অত্যাদরে মনের সাধে তাঁকে সুগন্ধি চন্দন পরিয়ে দিয়েছিলেন। আর কি আশ্চর্য ! চন্দন পরানো শেষ হতেই তখনই কুৎসিত কদাকার ত্রিবক্রা কুব্জা এক অনিন্দ্য সুন্দরী রমণীরূপে প্রকাশিত হয়েছিলেন।সেইকালে শ্রীকৃষ্ণের করুণা কটাক্ষ ও করস্পর্শে কুব্জার পৃষ্ঠদেশের কুঁজ সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। শুধু তাই নয়, কুব্জা অত্যধিক আনন্দিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর গৃহে অতিথিরূপে পাইবার বাসনা করে অত্যন্ত আকুলি বিকুলি করতে থাকেন, আর শ্রীকৃষ্ণ তখন তাঁর এক সখা সহ কিছু সময়ের জন্য কুব্জার গৃহে আতিথ্য গ্ৰহণ করেছিলেন। তাতে কুব্জার মনের সাধ মিটে নাই, সেই সাধ মিটাতে কুব্জা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্ৰহ স্থাপন করে পূজাঅর্চনা এবং ধ্যানধারণা করতে থাকেন। সেই কারণেই কি ? কৃষ্ণপ্রেমবিহ্বলা কুব্জার মনের সাধ ষোল আনা মিটাতেই ইচ্ছাময় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় বর্তমান কলিযুগে কুব্জা কাশীমিশ্র রূপে জন্ম গ্ৰহণ করেছেন ? আর তাঁর গৃহে মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণ সুদীর্ঘকাল অবস্থান করেছিলেন হোক দ্বাপর লীলায় কুব্জা দীর্ঘদিনের জন্য সাক্ষাৎভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবার্চনা করতে পারেন নাই কিন্তু কলিযুগে কাশী মিশ্র রূপে কুব্জা সুদীর্ঘকালের জন্যই শ্রীকৃষ্ণরূপ শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ সেবাধিকারের মহাসৌভাগ্য লাভ করলেন। শুধু মহাপ্রভুর নয়, সপার্ষদ মহাপ্রভুর সেবাঅধিকারই কাশী মিশ্র লাভ করেছিলেন। কাশী মিশ্র শুধু মহাপ্রভুর নয় তাঁর অন্তরঙ্গপার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুরের জন্যও কাশী মিশ্র তাঁর পুষ্প বাগিচায় ( সিদ্ধ বকুল তলায়) একটি নির্জন গৃহ নির্মাণ করে দিয়েছিলেন, যে স্থানে নিত্যদিন থেকে হরিদাস ঠাকুর নিত্যদিন নিয়ত নাম করতেন এবং সেখান থেকে শ্রীজগন্নাথদেবের শ্রীমন্দিরের চূড়াদর্শন করে প্রণাম নিবেদন করতেন।
গৌড়দেশ তথা ভারতের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত সাধুভক্ত মহাপ্রভুর নিকট আসতেন তাঁদের থাকবার এবং প্রসাদ পাবার সমস্ত বন্দোবস্ত কাশী মিশ্রই সুসম্পন্ন করতেন। কাশী মিশ্রালয়ের যে গৃহে মহাপ্রভু অবস্থান করতেন সেই অলল্পস্থানেই অসংখ্য ভক্তবৃন্দের থাকবার ব্যবস্থা হয়ে যেত, এই বিষয়ে শ্রীচৈতন্যচরিতামৃতে শ্রীকবিরাজ গোস্বামীর উল্লেখ রয়েছে—
“একে একে সব ভক্তে কৈল সম্ভাষণ।
সভা লঞা অভ্যন্তরে করিলা গমন।।
মিশ্রের আবাস সেই হয় অল্প স্থান।
অসংখ্য বৈষ্ণব তাঁহা হৈল পরিমাণ।।
আপন নিকটে প্রভু সভারে বসাইল।
আপনে শ্রীহস্তে সভায় মালা-চন্দন দিল।।“
(চৈ, চ,-২/১১/১১৬-১১৮)
সেই স্বল্প স্থানের মধ্যে অসংখ্য বৈষ্ণবের স্থান সঙ্কুলান হল কিভাবে ? ইচ্ছাময় ভগবান প্রকট লীলাকালে ব্রহ্মাণ্ডের যে যে স্থানে প্রকটিত হন, সেই সেই স্থানেই তাঁর ইচ্ছায় তাঁর ধামও প্রকটিত হয়। সুতরাং তিনি যে স্থানেই যান না কেন, সেই স্থানেই তাঁর চিন্ময় ধাম বর্তমান, এই ধাম সম্পর্কে শ্রীচৈতন্যচরিতামৃতে উল্লেখ রয়েছে—
“সর্ব্বগ, আনন্দ, বিভু-কৃষ্ণ তনু সম।
উপর্যধো ব্যাপি আছে-নাহিক নিয়ম।।
ব্রহ্মণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়।
একই স্বরূপ তার, নাহি দুই কায়।।“
এই কারণেই তা প্রাকৃত লোকের চক্ষুতে সীমাবদ্ধ বলে মনে হলেও প্রকৃত প্রস্তাবে বিভু শক্তি সীমাবদ্ধ নয়। তাই কাশী মিশ্রের গৃহে যে স্থানে মহাপ্রভু থাকতেন সেই স্থানটি আপাতদৃষ্টিতে সীমাবদ্ধ বলে প্রতীয়মান হলেও তা বিভু শক্তিতে অপরিচ্ছিন্ন ছিল, এইজন্যই সেখানে অস়খ্য ভক্তের সমাবেশ সম্ভব হয়েছিল। এবং এই হল ভগবদ্ধামের এক অচিন্ত্য শক্তি। এই অচিন্ত্য শক্তির প্রভাবেই দ্বাপরে গোবর্দ্ধন ধারণ লীলায় গোবর্দ্ধনের সানুদেশস্থিত-লোকদৃষ্টিতে স্থল্প পরিসর স্থানেও অসংখ্য গোপ-গোপীর সমাবেশ সম্ভব হয়েছিল। নীলাচলেসম্বৎসর ধরে একের পর এক গুণ্ডিচা মার্জন(স্নানযাত্রা), রথযাত্রা, হোরাপঞ্চমী, নন্দোৎসব প্রভৃতি মহোৎসবগুলিতে মহাপ্রভুকে কেন্দ্র করে যে অগণিত ভক্ত সমাবেশ হত তাঁদের প্রত্যেকের প্রসাদাদি পাবার ব্যবস্থা কাশী মিশ্রই করতেন। আর এইভাবেই মহাপ্রভুকে কেন্দ্র করে- মহাভাগ্যবান কাশী মিশ্রের বাহভবনটি অগণিত ভক্তপ্রাণের এক অপূর্ব মহোৎসব গৃহে পরিণত হয়ে উঠেছিল।.....
🌹শচীমাতার অন্তর্ধানের পর বিষ্ণুপ্রিয়া দেবী একজন সন্ন্যসীর জীবনাপেক্ষাও কঠোর জীবনযাপন করতেন র সদাসর্বক্ষণ প্রাণাধিক পতি দেবতা মহাপ্রভুর শ্রীচরণ চিন্তা করতেন। কিন্তু শুধু চিন্তাতে যে প্রাণ ভরে না ! তাই মনে মনে শুধুই ভাবতেন এ জীবনে কি আর সাক্ষাৎভাবে কোনদিনই আমার প্রভুর চরণ সেবা করতে পারব না। এই চিন্তা করতে করতেঅশ্রুধারায় তাঁরসর্বাঙ্গ সিক্ত হয়ে যেত।, এমতাবস্থায় একদিন তিনি মনে মনে চিন্তা করলেন এ জীবনে প্রত্যক্ষভাবে কোনদিনই প্রভুর শ্রীচরণ সেবা করতে না পারলেও আমি এক জোড়া পাদুকা তৈরী করিয়ে প্রভুর কাছে পাঠাই তা কি তি শ্রীচরণকমলে গ্ৰহণ করবেন না ! এই অভাগিনীর প্রতি তিনি কি এইটুকু অনুগ্ৰহ করবেন না ? এই আশাতেই বিরহিনী বিষ্ণুপ্রিয়া দেবী এক জোড়া কাষ্ঠ পাদুকা তৈরী করে মহাপ্রভুর অনুজ্ঞাক্রমে নবদ্বীপে আগত জগদানন্দের হাত দিয়ে নীলাচলে মহাপ্রভুর নিকট পাঠিয়ে ছিলেন। প্রিয় ভক্ত জগদানন্দের একান্ত অনুরোধ এবং বিরহিনী বিষ্ণুপ্রিয়া দেবীর মনোবাঞ্ছা পূরণ কল্পে ভক্তবাঞ্ছাকল্পতরু মহাপ্রভু সেই পাদুকা শ্রীচরণ সংলগ্ন করেছিলেন। সেই পাদুকাখানি যা জগৎপতি মহাপ্রভুর সুযোগ্য সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবীর অশ্রুজলে যেন আজও সিক্ত হয়ে আছে।
মহাপ্রভুর লীলাসঙ্গিনী বিষ্ণুপ্রিয়া দেবী সম্পর্কে আরও কয়েকটি কথা—নীলাচলে গম্ভীরাতে মহাপ্রভুর মধ্যে যখন শ্রীকৃষ্ণবিরহের বহুবিধ ভাববৈচিত্র্য পরিলক্ষিত হত হেই একই
সময়ে নবদ্বীপে গৌর-গৃহ রূপ গম্ভীরাতেও বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যে শ্রীগৌরাঙ্গবিরহের নানাবিধ চমৎকারিত্বপূর্ণ ভাববৈচিত্র্য প্রকটিত হত। নীলাচলে মহাপ্রভুর কৃষ্ণপ্রেমানুরাগরঞ্জিত নয়নের বারিধারায় যেমন গম্ভীরাগর্ভ প্লাবিত হত, অনুরূপভাবেই নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া দেবীর গৌরানুরাগরঞ্জিত নয়ন ধারায় গৌর-গৃহ-রূপ গম্ভীরাগর্ভ প্লাবিত হত। নীলাচলে গম্ভীরায় গৌরসুন্দরের চরমতম বিরহ দশায় তাঁর অন্তরঙ্গ দুইভক্ত রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর মহাপ্রভুকে তদ্ভাবোচিত কৃষ্ণকথা ও সঙ্গীত শুনিয়ে তাঁর প্রাণরক্ষা করতেন তা শ্রীচৈতন্যচরিতামৃতে উল্লেখ রয়েছে—
“রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান।
বিরহদশায় প্রভু রাখে নিজ প্রাণ।।“ (চৈ, চ,-৩/৬/৫)
অনুরূপভাবেই নবদ্বীপের গম্ভীরায় বিষ্ণুপ্রিয়ার দেবীর গভীর বিরহ দশায় তাঁর দুই অন্তরঙ্গা সখী অমিতা ও কাঞ্চনা তাঁকে গৌরকথা ও গান শুনিয়ে তাঁর প্রাণ রক্ষা করতেন।
“অমিতার গৌরকথা কাঞ্চনার গান।
বিরহিনী বিষ্ণুপ্রিয়ার রাখয়ে প্রাণ।।“ (ভক্তিগ্ৰন্থের উল্লেখ)
ঠিক এইভাবেই নীলাচলের গম্ভীরা লীলার এক অবিকল প্রতিচ্ছবি নবদ্বীপেও প্রতিবিম্বিত হয়েছিল। নীলাচলে মহাপ্রভু যেমন আকুল প্রাণে ‘হা কৃষ্ণ ! হা প্রাণনাথ !! বলে অঝোরে ক্রন্দন করতেন, অনুরূপভাবে নবদ্বীপে একই সময়ে বিষ্ণুপ্রিয়া দেবীও ‘হা গৌরাঙ্গ ! হা প্রাণনাথ !! বলে কাতর স্বরে নয়নজলে বক্ষ ভাসাতেন। জগৎকে ভগবদ্ভক্তির আলোকে আলোকিত করতে গৌরাঙ্গ স্বরূপে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন একদিকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাত্য কণ্ঠে অশ্রু বিষর্জন করছেন, অন্যদিকে কৃষ্ণ বা গৌরাঙ্গের লীলাসঙ্গিনীও তখন গৌরাঙ্গ নামের মাধ্যমে কৃষ্ণনামেই উন্মাদ দশা প্রাপ্ত হয়েছে। মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবী জগজ্জীবকে কৃষ্ণোন্মুখী করতে আপন আপন জীবন ও আচরণ সম্পূর্ণ ভাবে কৃষ্ণার্থেই নিয়োজিত করেছেন। বিষ্ণুপ্রিয়া দেবীর গৌর বিরহের অবিচ্ছিন্ন অশ্রুধারা, তাঁর কঠোর হতে কঠোরতম বৈরাগ্য এবং অন্ন্যসাধারণ হরিনাম সাধনা সমগ্ৰ সাধক সমাজের এক মুখ্য আদর্শ হয়ে ধ্রুব তারার মত চির উজ্জ্বল হয়ে বিরাজমান থাটবে। রাধাকৃষ্ণের যুগলরূপের উপাসনার মত মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়াদেবীর যুগলরূপের উপাসনাও সাধক সমাজে প্রবর্তিত হয়েছে ।
সন্ন্যাস গ্ৰহণের পর মহাপ্রভু নীলাচলে এসে কতিপয় দিবস অবস্থানের পরই তীর্থ দর্শন উপলক্ষে পদব্রজে সমগ্ৰ দাক্ষিণাত্য ও দক্ষিণে সেতুবন্ধ রামেশ্বর পর্যন্ত পূর্ব ও পশ্চিমে সমুদ্রকূল পর্যন্ত প্রভৃতি যতস্থানেই ভ্রমণ করেছিলেন তখন তাঁর স্বতঃস্ফূর্ত প্রভাবই সকলকে মুগ্ধ করে নামসংকীর্তন রূপ ভক্তিধর্মেপ্রবেশ করিয়েছিলেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে নীলাচলে সার্বভৌম ভট্টাচাৰ্য, বিদ্যানগরে রায় রামানন্দ, দক্ষিণদেশে বেঙ্কট ভট্ট, প্রয়াগে বল্লভ ভট্ট, শ্রীপ গোস্বামী, সনাতন গোস্বামী, কাশীতে শ্রীপ্রকাশানন্দ সরস্বতী প্রমুখ তৎকালীন মহাজ্ঞানী ও পণ্ডিতবর্গকে নিজপ্রভাবে অতি সহজে বিশুদ্ধ ভক্তিপথে আনয়ন করিয়া আবার তিনি তাঁদের দ্বারাই জগতে নাম-প্রেম প্রচার করিয়েছিলেন। কৃপাসিন্ধু মহাপ্রভু এইভাবেই আসমুদ্রহিমাচল বহুস্থানে গমন পূর্বক নামপ্রেম প্রচার করেন এবং তাঁর প্রচারকদের অসীমশক্তি সঞ্চারপূর্বক প্রচার কার্যে নিয়োজিত করিয়েছিলেন। অনাদিকাল থেকে অদ্যাবধি কোনযুগে কোনদিন যা অর্পিত হয় নাই, সেই উন্নত ও উজ্জ্বলরসময়ী প্রেমসম্পদ ভক্তাভক্ত নির্বিচারে সকলকে বিতরণ করবার জন্যই জীবনেশ্বর মহাপ্রভু করুণাবশতঃ বর্তমান কলিযুগের প্রারম্ভে ভারতভূমিতে আবির্ভূত হয়েছিলেন। সাধন-ভজনাদির অপেক্ষা না রেখে মহাপ্রভু এইযুগে যত্র-তত্র যাকে-তাকে অযাচিত ভাবে সুদুর্লুভ ব্রজপ্রেম দান করেছেন। তেমনটি অন্যকোনযুগে বা অন্যান্য স্বরূপের চিন্তন তো বহু দূরের কথা স্বয়ং ব্রজেন্দ্রনন্দন রূপেও প্রকাশ করেন নাই। এই বিষয়ে আর অগ্ৰসর না হওয়ার কারণ অপ্রাকৃত বৃন্দাবনলীলার রসেপূর্ণ রাধা ভাবে গম্ভীরা লীলাটি এবার মূল আলোচ্য বিষয়, এখন সেই গম্ভীরালীলা রূপ রঙ্গমঞ্চে মহাপ্রভুর দিব্যোন্মাদ ও মহাভাবের লীলাবিলাস রূপ আলোচনার দিকে অগ্ৰসর হওয়া যাক........
‼️❤ ৬ ৬ ❤️‼️
‼️অন্ত্যলীলায় মহাপ্রভুর দিব্যোন্মাদ ও মহাভাবের লীলাবিলাস রূপের প্রেমোন্মাদ-প্রলাপ !-----
শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর দুই ভাব- ভক্তভাব ও ভগবদ্ভাব : বা শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত বিগ্ৰহ- তিনি অন্তরে কৃষ্ণ, বাইরে গৌর। জীবশিক্ষার জন্য মহাপ্রভু শ্রীগৌরাঙ্গদেব শেষ দ্বাদশটি বছর রাধাকৃষ্ণ-লীলারূপ কূপ থেকে সুধা পান করাতে আরম্ভ করলেন বিশ্বসংসারের সকলকে। মহাপ্রভু রাধাভাব গ্ৰহণ করলেন, কৃষ্ণকথা বলতে বলতে বা কৃষ্ণসঙ্গ করতে করতে কখনও চৈতন্য হারাতেন, কখনও কখনও চৈতন্য লাভ করতেন।
‘গম্ভীরা ভিতরে রাত্র্যে নাহি নিদ্রা লব ৷
ভিত্ত্যে মুখ-শির ঘসে-ক্ষত হয় সব॥‘ (চৈ;চ; ২/২/৬)
মহাপ্রভু নীলাচলে কাশীমিশ্রের বাড়িতে বাড়ির ভিতরের নির্জন ক্ষুদ্র ঘরে গম্ভীরায় বাস করতেন, ভজনের স্থান যত নির্জন হবে ততই ভজনা অধিক অনুভবে আসবে। বিশেষভাবে মহাপ্রভু তাঁর কৃষ্ণবিরহ লীলার চরম অবস্থা যখন আস্বাদন করছেন তখন সেই অপ্রাকৃত মধু হতেও মধুর লীলাস্থলী যে কত নির্জন ও কত গভীর হওয়া প্রয়োজন এই গম্ভীরা গৃহটিই যেন অঙ্গুলি নির্দেশে সমগ্ৰ জগতবাসীকে দেখিয়েছেন।
‘যেকালে দেখে জগন্নাথ,
শ্রীরামসুভদ্রা সাথ ,
তবে জানে আইলাঙ্ কুরুক্ষেত্র ৷
সফল হৈল জীবন,
দেখিলুঁ পদ্মলোচন ,
জুড়াইল তনু-মন-নেত্র ॥
গরুড়ের সন্নিধানে ,
রহি করে দরশনে ,
সে আনন্দের কি কহিব বলে ৷
গরুড়স্তম্ভের তলে ,
আছে এক নিম্নখালে ,
সে খাল ভরিল অশ্রুজলে॥ (চৈ;চ;)
সূর্যগ্রহণের স্নান উপলক্ষ্যে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে দেবকী-বসুদেবাদি সকলকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে এসেছিলেন ৷ শ্রীধাম বৃন্দাবন থেকে নন্দ-যশোদাদি এবং শ্রীরাধিকাদি প্রেয়সীগণও স্নান উপলক্ষে কুরুক্ষেত্রে সমবেত হয়েছিলেন ৷ সেখানে শ্রীকৃষ্ণকে দেখে শ্রীরাধার মনে যে ভাবের উদয় হয়েছিল—শেষ বারো বছর জগন্নাথ মন্দিরে শ্রীজগন্নাথদেবকে দেখে রাধার ভাবে বিভাবিত মহাপ্রভুর হৃদয়ে কুরুক্ষেত্র মিলনের সেই স্মৃতি জাগরিত হত ৷ তিনি যে শ্রীকৃষ্ণচৈতন্য এবং নীলাচলে আছেন—একথা তাঁর মনে হত না ৷ তিনি সর্বদা মনে মনে শ্রীকৃষ্ণকে চিন্তা করতেন বলে শ্রীজগন্নাথকেও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বলেই মনে করতেন ৷ গরুড় স্তম্ভের মূলদেশে একটি গর্ত আছে, জগন্নাথ দর্শনে মহাপ্রভুর যে প্রেমাশ্রু নির্গত হত, সেই অশ্রুতেই ওই গর্তটি পূর্ণ হয়ে যেত, আর মহাপ্রভু রাধাভাবে বিভোর হয়ে ভাবতেন যে, তিনি কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দেখছেন ৷
প্রভুর হৈল দিব্যোন্মাদ ,
তবু মন অবসাদ ,
ভাবাবেশে করে সম্বোধন ॥ (চৈ;চ;)
মহাভাব দুই প্রকার রূঢ় ও অধিরূঢ় ৷ অধিরূঢ় মহাভাব আবার দুই রকম—মোদন ও মাদন ৷ মোদন হ্লাদিনী শক্তির পরমাবৃত্তি-যা সর্বশ্রেষ্ঠ ৷ এই মোদন শ্রীরাধা ভিন্ন অন্য কোথাও দেখা যায় না ৷ প্রবিশ্লেষ-দশায় এই মোদনকে মোহন বলে৷ এই মোহনে বিরহাদি জনিত সমস্ত সাত্ত্বিকভাব সূদ্দীপ্ত হয় ৷ এই মোহন যখন অনির্বচনীয় গতি প্রাপ্ত হয়,তখন ভ্রমসদৃশী বৈচিত্রী দশা লাভ করে,তখন একে দিব্যোন্মাদ বলে ! ‘উদ্ঘৃর্ণা’ ও চিত্রজল্পাদি ভেদে দিব্যোন্মাদ বহুবিধ ৷ দিব্যোন্মাদ দশায় ভ্রমময় চেষ্টা ও প্রলাপময় বাক্যাদি দেখা যায় ! হে দেব হে দয়িত হে ভুবনৈকবন্ধো হে কৃষ্ণ হে চপল হে করুণৈকসিন্ধো ৷ হে নাথ হে রমণ, হে হে দেব ! হে দয়িত ! হে ভুবনবন্ধু ! হে কৃষ্ণ ! হে চপল ! হে করুণাসিন্ধু ! হে নাথ ! হে রমণ ! হে নয়নাভিরাম ! হা ! হা ! আমার চক্ষুদ্বয় কবে তোমায় দেখতে পাবে !
যথা রাগ:-
উন্মাদের লক্ষণ ,
করায় কৃষ্ণ স্ফূরণ ,
ভাবাবেশে উঠে প্রণয় মান ৷
সোল্লুঠ বচন রীতি ,
মানগর্বব্যাজস্তুতি ,
কভু নিন্দা কভু ত সস্মান॥ (চৈ;চ;)
প্রেমবিকাশের দ্বিতীয় স্তরের নাম স্নেহ , তৃতীয় স্তরের নাম মান এবং চতুর্থ স্তরের নাম প্রণয় ৷ এই স্নেহ আরও উৎকর্ষ লাভ করে যখন নব নব মাধুর্য অনুভব করায় এবং নিজেও কুটিলভাব ধারণ করে , তখন তাকে মান বলে ৷ মান উৎকর্ষ
লাভ করে যখন, এমন অবস্থায় উপনীত হয় , যাতে প্রিয়জনের সঙ্গে নিজেকে অভেদ মনে করে-
তখন ওই উৎকর্ষ-প্রাপ্ত মানকে প্রণয় বলে ৷ পরিহাসযুক্ত বাক্যভঙ্গী হল সোল্লুণ্ঠ বচন ৷ আর সৌভাগ্য,রূপ,যৌবন,গুণ, সর্বোত্তমাশ্রয় এবং ইষ্টলাভাদি হেতু অন্যের অবজ্ঞাকে গর্ব বলে ৷ পরিহাস বাক্য, লীলাবশত উত্তর না দেওয়া, নিজের অঙ্গ দর্শন , নিজের অভিপ্রায় গোপন , অন্যের কথা না শোনা ইত্যাদি গর্বের লক্ষণ ৷ নিন্দাচ্ছলে স্তুতি ও স্তুতিচ্ছলে নিন্দাকে ব্যাজস্তুতি অলংকার বলে ৷
তুমি দেব ক্রীড়ারত ,
ভুবনের নারী যত ,
তাহে কর অভীষ্ট ক্রীড়ন ৷
তুমি মোর দয়িত ,
মোতে বৈসে তোমার চিত ,
মোর ভাগ্যে কর আগমন ॥ ভুবনের নারীগণ ,
সভা কর আকর্ষণ ,
তাহা কর সব সমাধান ॥
তুমি কৃষ্ণ চিত্তহর ,
ঐছে কোন্ পামর ,
তোমারে বা কোন করে মান॥ (চৈ;চ;)
(পূর্বার্দ্ধ )
এখানে শ্রীকৃষ্ণকে ‘দেব’ বলে সম্বোধন করাতে , শ্রীকৃষ্ণ অন্য নারীতে ক্রীড়াপরায়ণ , অন্য নারীতে আসক্ত এটাই সুচিত হচ্ছে ; ধীরাধীরমধ্যা নায়িকা দিব্যোন্মাদিনী শ্রীরাধিকার ভাবে আবিষ্ট মহাপ্রভু শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে বক্রোক্তি করে বলছেন- হে কৃষ্ণ তুমি ত দেব ; অন্য নারীর সঙ্গে ক্রীড়া করে থাক, তবে এখানে এসেছ কেন ? এখানে তোমার কী প্রয়োজন ?—(এটাই এখানে ‘দেব’ শব্দের ব্যাখ্যা )৷
(দ্বিতীয়ার্ধ)
‘তুমি মোর দয়িত’— যখন মনে করলেন, বক্রোক্তিরূপ তিরস্কারাদি শুনে শ্রীকৃষ্ণ চলে গেছেন ,তখন আবার তাঁকে দেখার জন্য উৎসুক হয়ে কলহান্তরিতা নায়িকার ভাবে শ্রীরাধা বলছেন— ‘তুমি মোর দয়িত............কর আগমন ৷’
এখানে শ্রীকৃষ্ণের দর্শনের জন্য ঔৎসুক্য-ভাবের উদয় হয়েছে এবং অমর্য ও উৎসুক্য এই দুই ভাবের সন্ধি সম্পন্ন হয়েছে ॥
(পূর্বার্দ্ধ )
আবার যখন মনে করলেন, শ্রীকৃষ্ণ তাঁর আহ্বানে তাঁর কাছে এসে অপরাধ ক্ষমা করার জন্য অনুনয়-বিনয় করছেন, তখন আবার তাঁর অসূয়ার উদয় হল ৷ তাই পরিহাস করে বক্রোক্তি সহকারে বলতে লাগলেন— ‘ভুবনের নারীগণ....সব সমাধান।‘ এখানে অমর্যের অনুগত অসূয়ার উদয় হওয়ায় ধীরমধ্যা নায়িকার স্বভাব ব্যক্ত হয়েছে(যে নায়িকা অপরাধী প্রিয়কে উপহাসসহ বক্রোক্তি প্রয়োগ করে, তাকে ধীরমধ্যা বলে)৷
(দ্বিতীয়ার্ধ)
আবার যখন মনে করলেন,বক্রোক্তি শুনে শ্রীকৃষ্ণ বুঝি চলে গিয়েছেন, তখন আবার তাঁর দর্শনের জন্য অত্যন্ত উৎকণ্ঠিতা হয়ে বলতে লাগলেন- ‘তুমি কৃষ্-চিত্তহর.......তোমারে বা কোন করে মান ৷’ এইজন্য এখানে ঔৎসুক্যের অনুগত মতি-নামক ভাবের উদয় হয়েছে ৷ (এটাই এখানে কৃষ্ণ শব্দের ব্যাখ্যা )৷
‘তোমার চপল মতি
না হয় একত্রে স্থিতি ,
তাতে তোমার নাহি কিছু দোষ ৷
তুমি তো করুণা-সিন্ধু ,
আমার প্রাণের বন্ধু ,
তোমায় মোর নাহি কভু দোষ॥‘
‘তুমি নাথ ব্রজপ্রাণ ,
ব্রজের কর পরিত্রাণ ,
বহুকার্যে নাহি অবকাশ ৷
তুমি আমার রমণ ,
সুখ দিতে আগমন ,
এ তোমার বৈদগ্ধ্যি বিলাস॥ (চৈ;চ;)
পূর্বার্দ্ধে—
আবার মনে করলেন, তাঁর আহ্বানে শ্রীকৃষ্ণ যেন আবার এসে অনুনয়-বিনয় করে বলছেন— ‘হে প্রিয়ে আমি তো অন্য কোথাও যাইনি ? কুঞ্জের বাইরেই ত ছিলাম ; কেন বৃথা রাগ করছ, আমার প্রতি প্রসন্ন হও ।‘ একথা শুনে আবার উগ্রভাবে আবিষ্ট হয়ে অত্যন্ত ক্রোধভরে বললেন— ‘তোমার চপলমতি.......নাহি কিছু দোষ ৷’ এখানে ঔগ্র ভাবের উদয় হওয়ায় অধীরমধ্যা-নায়িকার ভাব ব্যক্ত হচ্ছে ৷ (যে নায়িকা ক্রোধপ্রকাশ-পূর্বক নিজের কান্তাকে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করে,তাকে অধীরা বলে)
দ্বিতীয়ার্ধ—
আবার মনে করলেন, ‘হায় হায়, আমার কটুক্তি শুনে কৃষ্ণ তো চলে গেলেন ? এবার গেলে আর বুঝি আসবেন না ? ‘তাই অত্যন্ত দীনভাবে বলতে লাগলেন— ‘তুমি তো করুণাসিন্ধু ........ নাহি কভু রোষ ৷’ এখানে ঔগ্র ও দৈন্যভাবদ্বয়ের শাবল্য হয়েছে ॥
পূর্বার্ধ—
‘তুমি নাথ ব্রজনাথ” এখানে শ্রীরাধা মনে করলেন—পূনর্বার শ্রীকৃষ্ণ এসে বলছেন , “প্রিয়ে, বৃথা মান করে কেন কষ্ট দিচ্ছ ? প্রসন্ন হও’—একথা শুনে অমর্যের অনুগত অবহিথ্বা ভাবে ঔদাসীন্যের সঙ্গে যেন শ্রীরাধিকা বলছেন— ‘তুমি নাথ.......নাহি অবকাশ ৷’ ‘তুমি হলে ব্রজবাসীদের প্রাণ ; কথা বলিনি বলে মান করেছি মনে করেছ ? ব্রাহ্মণী আমাকে মৌনব্রত গ্রহণ করিয়েছিলেন , এইজন্য তোমার সঙ্গে আলাপ করতে পারলাম না ৷ আমার এ অপরাধ ক্ষমা কর । ‘এখানে অবহিথ্বার (আকার-সংগোপন) উদয় হওয়ায় ধীরপ্রগল্ভা নায়িকার লক্ষণ ব্যক্ত হয়েছে ৷
দ্বিতীয়ার্ধ—
‘শ্রীরাধা আবার মনে করছেন- ‘শ্রীকৃষ্ণ বুঝি চলে গিয়েছেন , আর বুঝি আসবেন না ৷’ একথা মনে হতেই চাপলভাবের উদয় হওয়ায় ভাবছেন—“যদি তিনি কৃপা করে আসেন তবে আর তাঁকে ছাড়ব না ৷’ এই ভেবে তাঁর সঙ্গে মিলনের জন্য ঔৎসুক্যবশত দৈন্যের সঙ্গে বলছেন—‘ তুমি আমার রমণ.........তোমার বৈদগ্ধ্য বিলাস।‘ এখানে চপল ভাবের উদয় হয়েছে এবং দৈন্য ও চাপল্যের সন্ধি হয়েছে ৷ ( ‘তুমি দেব ক্রীড়ারত’ থেকে ‘এ তোমার বৈদগ্ধ্য বিলাস’ পর্যন্ত প্রত্যেক পদ্যের পূর্বার্ধে_মান এবং দ্বিতীয়ার্ধে কলহান্তরিতার ভাব ব্যক্ত হয়েছে ৷ যে নায়িকা সখীগণের সামনে পদানত-কান্তকে পরিত্যাগ করে, পরে অত্যন্ত দুঃখ অনুভব করে তাকে কলহান্তরিতা বলে ৷ প্রলাপ, সন্তাপ, গ্লানি, দীর্ঘশ্বাস প্রভৃতি কলহান্তরিতা নায়িকার লক্ষণ ৷)
‘মোর বাক্য নিন্দা মানি ,
কৃষ্ণ ছাড়ি গেল জানি ,
শুন মোর এ স্তুতি বচন ৷
নয়নের অভিরাম ,
তুমি মোর ধন প্রাণ ,
হা হা পুনঃ দেহ দরশন ॥‘
শ্রীরাধার আহ্বানে শ্রীকৃষ্ণ আবার এসেছেন মনে করে, ‘আমি তাঁকে কতই না তিরস্কার করেছি, তাই তিনি চলে গিয়েছেন’— এরকম ভেবে, বার তাঁকে আসতে দেখে প্রবল ঔৎসুক্যের সঙ্গে দুই বাহু বাড়িয়ে যখন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতে গেলেন, তখন তাঁকে না পাওয়াতে হঠাৎ শ্রীরাধার বাহ্যস্ফূর্তি হল ; তখন অত্যন্ত খেদের সঙ্গে বললেন—
‘নয়নের অভিরাম .....পুনঃ দেহ দরশন ৷’ এখানে ঔৎসুক্যের প্রাবল্যহেতু ভাব-শাবল্য হয়েছে ৷ এটাই “নয়নের অভিরাম” শব্দের মর্ম। ‘( তুমি দেব ক্রীড়ারত থেকে হা হা পুনঃ দেহ দরশন’ পর্যন্ত মহাপ্রভুর উক্তি ৷ )
‘পূর্বে ব্রজবিলাসে ,
যেই তিন অভিলাষে ,
যত্নে আস্বাদন না হইল ৷
শ্রীরাধার ভাবসার ,
আপনে করি অঙ্গীকার ,
সেই তিন বস্তু আস্বাদিল ॥‘
‘চৈতন্যলীলা রত্ন সার ,
স্বরূপের ভাণ্ডার ,
তেঁহো থুইলা রঘুনাথের কণ্ঠে ৷ তাহা কিছু যে শুনিল ,
তাহা ইহাঁ বিবরিল ,
ভক্তগণে দিল এই ভেটে ॥ (চৈ;চ;)’
যেই তিন অভিলাষে—‘শ্রীরাধার প্রণয় মহিমা , নিজ মাধুর্য এবং নিজ মাধুর্য আস্বাদনে শ্রীরাধার কেমন আনন্দ ৷ শ্রীকৃষ্ণ প্রেমের বিষয় মাত্র ; তাঁতে আশ্রয়-জাতীয় ভাব না থাকায় ব্রজলীলায় তিনি তিনটি অভিলাষ পূর্ণ করতে পারেননি ৷ তাই এই বর্তমান কলিতে মাদনাখ্য মহাভাবস্বরূপিণী শ্রীরাধার ভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্য হলেন এবং পূর্বোক্ত তিনটি বস্তুর আস্বাদন করলেন ॥‘ রঘুনাথের কণ্ঠে মহাপ্রভুর শেষলীলা শ্রেষ্ঠ রত্নরূপ ৷ তা স্বরূপ দামোদরের ভাণ্ডারে জমা ছিল ৷ তিনি কৃপা করে শ্রী রঘুনাথ দাসগোস্বামীকে ওই সমস্ত লীলা জানিয়েছিলেন ৷ এবং তা শ্রীরঘুনাথ দাসগোস্বামীর কাছ থেকে শুনে গ্রন্থকার শ্রীকৃষ্ণদাস গোস্বামী এই লীলা চৈ,চ; গ্রন্থে বর্ণনা করেন ৷ গম্ভীরাতে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর যে মহাভাব পূর্ণচন্দ্রের চন্দ্রিমার মত পরিপূর্ণ হয়েছিল সেই মহাভাবের সূচনা কিন্তু বহু পূর্ব হতেই প্রকাশ পেয়েছিল ৷
‘বাল্যভাব-ছলে প্রভু করেন ক্রন্দন ৷
কৃষ্ণ,হরিণাম শুনি রহয়ে রোদন॥‘ (চৈ;চ;)
সদ্য আবির্ভূত শ্রীগৌরাঙ্গসুন্দর শিশুসুলভ ক্রন্দন করতেন তখন পুরনারীগণ হরিধ্বনি করলে সেই ক্রন্দন থেমে যেত— ‘অতএব হরি হরি বোলে নারীগণ।‘ (চৈ;চ;) এর দ্বারাই বুঝা যায় রাধাভাবপূর্ণ শিশু গৌরাঙ্গের অন্তরে তখন থেকেই কৃষ্ণবিরহের অঙ্কুরোদ্গম হয়েছিল ৷ অর্থাৎ—নামীর অদর্শন ব্যথা নামের মাধ্যমে উপশম করে ক্রন্দন থেকে বিরত মহাপ্রভু কৃষ্ণ মিলনানন্দ অনুভব করতেন ৷ তারপর গয়াধামে গমন করে মহাপ্রভুতে এই ভাব আরও অধিকতর গাঢ় হয়েছিল ৷ গয়া হতে মহাপ্রভু নবদ্বীপে ফিরে আসলে মহাভাব আরও প্রগাঢ় হয়ে উঠল , তিনি তখন কৃষ্ণবিরহে সর্বক্ষণই ক্রন্দন করতেন ৷ নীলাচলে গম্ভীরা লীলাকালে মহাপ্রভু যেমন দিনরাত্রি কৃষ্ণবিরহ বেদনায় শ্লোকাবৃত্তি করতেন বা কখনও ক্রন্দন করতেন, গয়া প্রত্যাগত গৌরাঙ্গের অবস্থাও অনেকটা সেইরূপ ছিল—
নিরবধি শ্লোক পঢ়ি , করয়ে ক্রন্দন ৷
‘কোথা কৃষ্ণ’ ‘কোথা কৃষ্ণ !’ বলে অনুক্ষণ ॥‘ ‘
রাত্র্যে নিদ্রা নাহিক প্রভুর প্রেমাবেশে ৷
বিরহে না পায় স্বাস্থ্য , উঠে পড়ে বৈসে ॥‘ (চৈ;ভা;)
গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে এরকম কত অলৌকিক ভাব বা মহাভাবই না দেখা যেত ৷ কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভু যখন শান্তিপুরে শ্রীঅদ্বৈতাচার্যের ভবনে এলেন তখন কৃষ্ণপ্রেমোন্মত্ত তরুণ সন্ন্যাসীকে দর্শনের জন্য অদ্বৈত ভবন লোকে লোকারণ্য হয়ে উঠেছিল, সেইসময় মহাপ্রভুকে কেন্দ্রকরে অদ্বৈত ভবনে নিত্যদিনই সংকীর্তনোৎসব হত, সেই কীর্তনের আসরে মহাপ্রভুর মনের ভাব বুঝে মুকুন্দ একদিন কীর্তনের এই পদটি গেয়ে উঠলে—
‘হা হা প্রাণপ্রিয় সখী কি না হৈল মোরে ৷
কানু-প্রেমবিষে মোর তনুমন জরে ॥
রাত্রি দিনে পোড়ে মন সোয়াস্তি না পাঙ্ ॥‘ (চৈ;চ;)
এটির ভাবার্থ এইরূপ— কৃষ্ণবিরহ-বিহ্বলা শ্রীরাধা তাঁর অতি অন্তরঙ্গা কোনও সখীকে বলছেন— ‘হা হা প্রাণপ্রিয় সখি ! আমার এ কি হল ! কানুর বিরহানলে দেহ ও মন জ্বলে যাচ্ছে , রাতদিন সর্বদা আমার চিত্ত যেন পুড়ে খাক্ হয়ে যাচ্ছে ৷ আমি একটুও সোয়াস্তি পাচ্ছি না ৷ কি করব সখি ? কোথা যাব ? কোথা গেলে কানুকে পাব বলে দাও সখি, আমি সেখানে উড়ে যাব।‘ মুকুন্দের মুখে নিজভাবানুকুল পদ শুনে মহাপ্রভুর প্রেমোচ্ছাস বেড়ে গেল ৷ মহাপ্রভুর শ্রীঅঙ্গে অশ্রু-কম্পাদি স্বাত্ত্বিক ভাবের উদয় হল ৷ অত্যধিক প্রেমাবেশে মহাপ্রভু কখনও উঠে দাঁড়ান, কখনও মাটিতে বসে পড়েন, আবার কখনও বা ক্রন্দন করতে থাকেন ৷ সেইসময়ে শান্তিপুরে মহাপ্রভুর কৃষ্ণপ্রেমানুরাগ_রঞ্জিত কমল লোচনদ্বয়ে যে অশ্রুগঙ্গা বয়েছিল তার খরশ্রোতে শুধুমাত্র শান্তিপুর ডুবু ডুবু ন’দে ভেসে যায়-নি সমস্ত ভারতবর্ষ প্লাবিত হয়েছিল , মহাপ্রভুর অন্তর্ধানের পর সেই অশ্রু গঙ্গার শত শত তরঙ্গ ধারায় এখন সমগ্র জগৎই প্লাবিত হচ্ছে ৷ কলিযুগের একমাত্র ধর্ম মহানাম সংকীর্তন ৷ তাই যুগাবতার কলিপাবন মহাপ্রভু সেই মহানামের সঙ্গে প্রেম সংযুক্ত করে কলিপীড়িত জগজ্জীবকে উপহার দিলেন ৷ আজ সমগ্র বিশ্বেই হরিনাম সুধারসের অশ্রুপ্লাবনে স্নাত হচ্ছে ৷ মহাপ্রভুর নিজ মুখ নিঃসৃত—
পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম ৷
সর্বত্র প্রচারিত হইবে মোর নাম॥
এই বাক্যের সার্থক রূপ প্রকাশ হয়ে আজও মহাপ্রভুর নয়নধারার এক বিন্দু যেন সমগ্র জগৎ কে প্রেমোন্মত্ত করে তুলছে ॥
নীলাচলে যাবার পূর্বেই মহাপ্রভু শ্রীরাধার ভাবে ব্রজরস সুধামাধুরী আস্বাদন করেছিলেন, তা শ্রীচৈতন্য-ভাগবত ও শ্রীচৈতন্যচরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করলেই বুঝা যায় ৷ সেই ভাবই এক কলা দুই কলা বর্দ্ধিত হতে হতে নীলাচলে গম্ভীরা লীলায় ষোল কলায় পরিপূর্ণ হয়েছিল ৷ শান্তিপুরের পর নীলাচলে দীর্ঘ বারো বৎসর ব্যাপী গম্ভীরা লীলার প্রারম্ভে মহাপ্রভু কীভাবে লীলায়িত থাকতেন— মহাপ্রভু প্রতিদিন অতি প্রত্যুষে গাত্রোত্থান করে প্রাতঃকৃত্য সমাপন করে শ্রীজগন্নাথ মন্দিরে যেতেন, মঙ্গলারতি দর্শন করতে ৷ তারপর শীত-গ্রীষ্ম-বর্ষা-বাধা-বিঘ্ন উপেক্ষা করে প্রিয়ভক্ত হরিদাস মিলনে সিদ্ধ বকুল তলায় যেতেন ৷ সেখানে প্রতিদিন কৃষ্ণকথা ও কৃষ্ণনামসংকীর্তন চলত নানারঙ্গে ও মহানন্দে ৷ প্রতিদিন শ্রীজগন্নাথের মঙ্গল আরতিকালে মহাপ্রভু শ্রীজগন্নাথ দর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণের যে অপূর্ব রূপমাধুরী অবলোকন করতেন, তাতে প্রেমবিহ্বল অবস্থায় মহাপ্রভুর মুখমণ্ডল বিদ্যুন্মালার মত ঝলমল করে উঠত। সেই অবস্থায় তিনি পরম আবেগে হরিদাসের নিকট ছুটে এসে তাঁকে দর্শন করতেন,তার ফলে স্বচ্ছদর্পণ সদৃশ হরিদাসের চোখে মুখে মহাপ্রভুর মুখমণ্ডলের অবিকল প্রতিচ্ছায়া প্রতিবিম্বিত হয়ে উঠত ৷ সেই প্রতিবিম্ব দর্শন করে মহাপ্রভু পরমতৃপ্তি লাভ করতেন ৷ এই ভক্তসুখ মাধুর্য পানের মাধ্যমে নিজমুখ দর্শনের দুর্দমনীয় লোভেই মহাপ্রভু প্রতিদিন হরিদাসের কাছে ছুটে আসতেন এবং তাতে আনন্দ উপভোগও করতেন ৷ শ্রীহরিদাস মহাপ্রভুর এমনই এক প্রেমময় অন্তরঙ্গ ভক্ত ছিলেন যে , তিনি মহাপ্রভুর মনের খবর সমস্তই হৃদয়ঙ্গম করতে পারতেন ৷ তাই মহাপ্রভুকে আনন্দ দিতে মহাপ্রভুর মনে যখন ব্রজভাবের উদয় হত, হরিদাস তদ্ভাবোচিত শ্রীকৃষ্ণের কথা মহাপ্রভুকে শুনাতেন—
মধুরং মধুরং বপুরস্য বিভো র্মধুরং মধুরং বদনং মধুরম্ ৷ মধুগন্ধি মৃদুস্মিতমেতদহো মধুরং মধুরং মধুরং মধুরম্ ॥
(কর্ণামৃত)
অহো ! এই বিভু শ্রীকৃষ্ণের দেহখানি মধুর , অতি মধুর , তাঁর বদন মধুর , মধুরাতিমধুর, অতিসুমধুর ; তাঁর মধুগন্ধি মন্দহাসি তার চেয়েও মধুর , সুমধুর-মধুরতম ॥
শ্রীকৃষ্ণের অঙ্গের মাধুর্য , মুখের মাধুর্য ও মন্দহাস্যের মাধুর্য-এই তিন মাধুর্য আস্বাদনের লোভেই মহাপ্রভু সর্ববিধ বাধা বিঘ্ন উপেক্ষা করে উন্মত্তের মত হরিদাসের কাছে ছুটে আসতেন ৷
‘এ সখি হামারি দুখের নাহি ওর ৷
এ ভরা বাদর , মাহ ভাদর ,
শূন্য মোর মন্দির ॥
ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখন্তিয়া ৷
কান্ত পাহুন বিরহ দারুণ
সঘন খর শর হন্তিয়া ॥
কুলিশ শত শত পাত মোদিত
ময়ূর নাচত মাতিয়া ৷
মত্ত দাদুরি ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া ॥
তিমির দিগভরি ঘোর যামিনী
অথির বিজুরিক পাঁতিয়া ৷
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া ॥‘ (মহাজনী পদ)
ব্রজরাজনন্দন শ্যামসুন্দরকে হারাবার প্রবল বিরহে শ্রীরাধার যখন চরম বিকারাবস্থা, অর্থাৎ দশমীদশা, ভক্তিশাস্ত্র মতে তখনই শ্রীরাধিকা-দেবীর মুখে কৃষ্ণনাম মহামন্ত্রের প্রকাশ হয়েছিল ৷ শ্যামবিরহিণী শ্রীরাধাঠাকুরাণী সেই মহামন্ত্র জপতে জপতে যখনই তাঁর প্রাণবল্লভের বংশীধ্বনি শ্রবন করত, তখনই তাঁর বিরহাগ্নি নির্বাপিত হত ৷ এই কৃষ্ণনাম মহামন্ত্রের মধ্যেই শ্যামসুন্দরের সঙ্গে শ্রীরাধিকার প্রণয় বিলাসের নিগূঢ় রহস্য লুকিয়ে আছে ইহাই প্রমানিত হয় ৷ সেই অপূর্ব রমনীয় ব্রজলীলারসপুর মহামন্ত্রই হরিদাসঠাকুর রাধাভাবাবিষ্ট মহাপ্রভুকে নিত্যদিন শ্রবণ করাতেন এবং নিজের একান্ত বাঞ্ছিত তাহা শ্রবন করে মহাপ্রভু কাঙ্খিত কৃষ্ণমাধুর্য অনুভব করতেন ৷ হরিদাস সঙ্গই ছিল মহাপ্রভুর সর্বোত্তম সঙ্গ এবং এই কারণেই তিনি প্রতিদিন হরিদাস মিলনে যেতেন ৷ মহাপ্রভুর অন্তর্ধানের কয়েকমাস পূর্ব থেকেই যে চরমতম কৃষ্ণবিরহ ভাবের স্ফূরণ হয়েছিল তার মুখ্যহেতু ছিল এই সিদ্ধ বকুল তলায় হরিদাস নির্যাণ , কারণ মহাপ্রভুর অন্তর্ধানের কয়েকমাস পূর্বে এই সিদ্ধ বকুল তলায় মহাপ্রভুর প্রাণপ্রিয় ভক্ত হরিদাস ঠাকুরকে হারাতেই হরিদাস বিরহ জনিত বেদনার সঙ্গে কৃষ্ণবিরহযুক্ত বেদনা সংযুক্ত হওয়ায় মহাপ্রভুর চরমতম বিরহ দশা দেখা দিয়েছিল:—
অতঃপর মহাপ্রভুর বিষন্ন অন্তর ৷
কৃষ্ণের বিয়োগ-দশা স্ফূরে নিরন্তর ॥
হা ! হা কৃষ্ণ ! প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন ৷
কাঁহা যাও , কাঁহা পাঙ মুরলীবদন ॥
রাত্রি দিনে এই দশা স্বাস্থ্য নাহি মনে ৷
কষ্টে রাত্রি গোঙায় স্বরূপ-রামানন্দ সনে।
(চৈ;চ;-৩/১২-৩/৪/৫)
মহাপ্রভুর গম্ভীরা লীলায় কৃষ্ণবিরহরূপ অপার্থিব বেদনার স্ফূর্তি প্রাণাধিক প্রিয় হরিদাস ঠাকুরের বিরহের সঙ্গে সমম্বিত হয়ে মহাপ্রভুকে যে সত্য সত্যই অধিকতর বিরহোন্মাদ দশায় উন্নীত করে গম্ভীরার আশ্রয়রূপ চরমতম লীলায় পরিণত করেছিল তা শ্রীশ্রীচৈতন্য-চরিতামৃতের অন্ত্যলীলার একাদশ পরিচ্ছেদে হরিদাস নির্যাণ লীলাটি বর্ণনার পরবর্তী দ্বাদশ পরিচ্ছেদের উপরি উক্ত তিনটি পয়ার থেকেই স্পষ্ট বুঝা যায়।
--------🌹------
🌹মহাপ্রভু প্রতিদিন সিদ্ধ বকুল তলায় হরিদাস মিলনের পর গম্ভীরায় ফিরে বৈষ্ণব মিলন উপলক্ষ্যে জনে জনে আলিঙ্গন,কুশলবার্তা ও পদধুলি দান, মধ্যাহ্নে সমুদ্র স্নান ও কোন ভাগ্যবান বৈষ্ণব গৃহে ভিক্ষা সমাপন করতেন ৷ অপরাহ্নে পুনরায় বৈষ্ণব মিলন ও কৃষ্ণকথা আস্বাদন করতেন ৷ তিনি নবাগত ভক্তবৃন্দের থাকা-খাওয়ার সুব্যবস্থা কার্যও করতেন ৷ গম্ভীরালীলায় প্রথম দিকে সাধারণতঃ এইভাবে ভক্তসঙ্গ করতে করতে মহাপ্রভুর দিবাভাগটি কাটত ৷ গম্ভীরায় রাত্রির গভীরতার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর প্রাণও গভীর হতে গভীরতর প্রদেশে উপনীত হয়ে মহাপ্রভুকে আরও তন্ময় করে দিত ৷ একদিন মহাপ্রভুর অর্দ্ধবাহ্য দশা ঘটলে তিনি এরূপ প্রলাপ করতে লাগলেন—
“ক্ক নন্দ কুল চন্দ্রমাঃ
ক্ক শিখি চন্দ্রিকালঙ্কৃতিঃ ,
ক্ক মন্দ মুরলী রবঃ
ক্কনুসুরেন্দ্র নীল দ্যুতিঃ ৷
ক্ক রাসরসতাণ্ডবী
ক্ক সখী জীব রক্ষৌষধি ,
নিধির্ম্মম সুহৃত্তম ক্কতব হন্ত হাধিগ্বিধি ॥“
এটির ভাবার্থ এরূপ— সখি ! নন্দকুলচন্দ্রমা কৈ ? শিখি চন্দ্রিকা অর্থাৎ ময়ূরপুচ্ছ যাঁহার অলঙ্কার , তিনি কৈ ? মন্দ মুরলী রব যাঁহার , তিনি কৈ ? ইন্দ্রনীলদ্যুতি যাঁহার , তিনি কৈ ? রাস রসে যিনি নৃত্যকারি , তিনি কৈ ? আমার প্রাণ রক্ষার যিনি মহৌষধি , তিনি কৈ ? আমার নিধি কৈ ? আমার সুহৃদুত্তম কৈ ? হে বিধাতঃ! তোমাকে ধিক্ ॥
এদিকে বহিরাঙ্গনে বসে গোবিন্দ চোখের জলে প্রভুর মুখ আর দেখতে পেতেন না ৷ গোবিন্দ শুধু দেখতেন—প্রদীপের আলো-আঁধারিতে বৃন্দাবনের কোন কুঞ্জ মধ্যে নিশি জাগরিতা কৃষ্ণবিরহিণী রাধাঠাকুরাণী তাঁর অতীব অন্তরঙ্গা দুই সখী ললিতা বিশাখার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আর বলছেন:—
“কাঁহা করু ! কাঁহা যাঙ্ ! কাঁহা গেলে কৃষ্ণ পাঙ্ ৷”
“দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্যমনা ৷
রাত্রিকালে বাঢ়ে প্রভুর বিরহ বেদনা ॥“ (চৈ;চ;)
দিবাবসানে ভক্তগণ নিজ নিজ বাসায় গমন করলে মহাপ্রভু নিশ্চিন্ত হতেন ৷ সন্ধ্যা সমাগমে কাশীমিশ্রের নির্জন উদ্যান বাটিখানি আরও নির্জন হয়ে যেত ৷ তখন গম্ভীরার ক্ষুদ্র প্রকোষ্ঠে হয়তো মহাপ্রভু আনমনা হয়ে একাকীই বসে আছেন , এমতাবস্থায় প্রিয় সেবক গোবিন্দ আথেব্যথে এসে তৈলদীপখানি জ্বেলে দিয়ে কার্যান্তরে চলে যেতেন ৷ আকাশে একটি-দুইটি করে নক্ষত্র ফুটছে ৷ তিথি জানা নাই, হয়তো একটু পরেই চাঁদ উঠবে ৷ সমগ্র জগন্নাথপুরী চন্দ্রালোকে মধুময় হয়ে উঠবে ৷ সমুদ্রের সৈকত ভূমিতে জ্যোৎস্নার বান ডাকবে ৷ সায়ংকৃত্য সমাপনান্তে পার্শ্বস্থ কক্ষ থেকে স্বরূপ দামোদর গুটি গুটি পায়ে গম্ভীরায় প্রবেশ করে মহাপ্রভুর দক্ষিণে পাতা আসনটিতে বসলেন ৷ কিছুক্ষণ পরেই বহির্দ্বার দিয়ে রামানন্দ রায় উদ্যানবাটিতে প্রবেশ করে গম্ভীরা কক্ষে মহাপ্রভুর বামপার্শ্বে এসে বসলেন ৷ বহির্দ্বারে অর্গল তুলে মহাপ্রভুর অষ্টপ্রহরের প্রহরী গোবিন্দ গম্ভীরার দ্বারদেশের আড়ালে নিঃশব্দে এসে বসলেন ৷ এমতাবস্থায় মহাভাবে বিভাবিত মহাপ্রভু বলে উঠলেন—
“বলো বলো রামানন্দ ! কৃষ্ণ কথা বলো !” মহাপ্রভুর মনের ভাব বুঝে রামানন্দ গীতগোবিন্দ হতে একটি বিশেষ শ্লোক মহাপ্রভুকে শুনালেন—
“প্রাপ্তপ্রণষ্টাচ্যুতবিত্ত আত্মা যথৌ বিষাদোজ্ঝিতদেহগেহঃ ৷ গৃহীতকাপালিকধর্মকো মে বৃন্দাবনং সেন্দ্রিয়শিষ্যবৃন্দঃ ॥“
আমার মন শ্রীকৃষ্ণরূপ ধনকে প্রথমে পেয়ে পরে হারিয়েছে ; তাই বিষাদে দেহরূপ গৃহকে পরিত্যাগ করে কাপালিক ধর্ম গ্রহণ করে ইন্দ্রিয়রূপ শিষ্যবর্গের সঙ্গে শ্রীবৃন্দাবনে চলে গেছে।
যথা রাগ !”
“প্রাপ্ত কৃষ্ণ হারাইয়া ,
তার গুণ সোঙরিয়া ,
মহাপ্রভু সন্তাপে বিহ্বল ৷
রায় স্বরূপের কণ্ঠ ধরি ,
কহে হাহা হরি-হরি ,
ধৈর্য গেল হইল চপল ॥
শুন বান্ধব কৃষ্ণের মাধুরী ৷
যার লোভে মোর মন ,
ছাড়িলেক বেদধর্ম ,
যোগী হঞা হইল ভিক্ষারী ॥
কৃষ্ণলীলা মণ্ডল ,
শুদ্ধ শঙ্খ কুণ্ডল ,
গড়িয়াছে শুক কারিগর ৷
সেই কুণ্ডল কানে পরি ,
তৃষ্ণা-লাউ-থালি ধরি ,
আশা-ঝুলি কান্ধের উপর ॥“
কারিগর অর্থাৎ যোগীগণ যে সমস্ত বেশভূষা ধারণ ও আচরণ করে থাকেন, যেমন যোগীগণ কর্ণে শঙ্খ-কুণ্ডল ধারণ করেন , কাঁধে ভিক্ষার ঝুলি ও হাতে থালি নিয়ে ভিক্ষা সংগ্রহ করেন, তারপর ভিক্ষালব্ধ বস্তু থালি থেকে ঝুলিতে রেখে দেন ; তেমনই মহাপ্রুভুর মনোরূপ যোগীও কৃষ্ণকথারূপ শঙ্খ-কুণ্ডল ধারণ করে কৃষ্ণমাধুর্য আস্বাদনের লালসারূপ থালি হাতে এবং কখন কোথায় সেই মাধুর্য পাওয়া যাবে—এই আশারূপ ঝুলি নিয়ে ঘুরে বেড়ান ৷ সেই সঙ্গে সঙ্গত করে স্বরূপ দামোদর তাঁর সুধাময় কণ্ঠে চণ্ডীদাসের একটি সুমধুর পদ গেয়ে উঠলেন—
‘রাধার কি হৈল অন্তরে ব্যথা ৷
বসিয়া বিরলে, থাকয়ে একলে,
না শুনে কাহার কথা ৷
সদাই ধেয়ানে, চাহে মেঘপানে,
না চলে নয়ান-তারা ৷
বিরতি আহারে, রাঙ্গাবাস পরে ,
যেমতি যোগিনী পারা ॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি ,
দেখয়ে খসাঞা চুলি ৷
হসিত বদনে, চাহে মেঘ পানে ,
কি কহে দু’হাত তুলি ॥
এক দিঠ করি, ময়ূর ময়ূরী ,
কণ্ঠ করে নিরিক্ষণে ৷
চণ্ডীদাস কয়, নব পরিচয় ,
কালিয়া বঁধুর সনে ॥“ (মহাজনী পদ)
সাধারণতঃ এভাবেই নিত্যদিন পালা করে গভীর রাত্রি পর্যন্ত কৃষ্ণকথার মহারঙ্গ চলত ৷...
একদিন মধ্য রাত্রি আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে , মন্দমধুর বাতাস বইছে ,বংশীবটে মন ভোলানো বাঁশী বাজছে , যমুনা তীরের বনে-বনে মাতন লেগেছে,ব্যস্ত-ত্রস্ত হয়ে সখীরা প্রেমময়ী রাধিকার ঘুম ভাঙ্গাচ্ছেন, *”ওঠো, ওঠো, সখী ! নিদ্রা ভাঙ্গো , আখি মোছো, বাঁশী বাজছে চলো যাই*—
“কি করিব কোথা যাব সোয়াথ না হয় ৷
না যায় কঠিন প্রাণ কি বা লাগি রয় ॥
পিয়ার লাগিয়া হাম কোন্ দেশে যাব ৷
রজনী প্রভাত হৈলে কার মুখ চাব।।
বন্ধু যাবে দূর দেশে মরিব আমি শোকে ৷
সাগরে ত্যজিব প্রাণ নাহি দেখে লোকে ॥
নহে ত পিয়া রে গলার মালা যে করিয়া ৷
দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া॥
বিদ্যাপতি কবি ইহ দুখ গাণ ৷
রাজা শিবসিংহ লছিমা পরমাণ॥‘ (মহাজনী পদ)
ঠিক এইভাব ধারণ করে মহাপ্রভু উঠে বসে অন্ধকারে গম্ভীরা কক্ষের দেওয়ালে আঁচর কাটতে লাগলেন, হাতড়িয়ে দরজা খুঁজতে লাগলেন ৷ সমুদ্র কল্লোল যমুনার ডাক ভ্রম হতে লাগল, পুরীকে বৃন্দাবন বলে বিভ্রম হল, ওদিকে মোহনিয়া বাঁশী বেজেই চলল, সর্বনাশা বাঁশী মন-প্রাণ-হৃদয় উঘারিয়া দিতে লাগল৷ সখীরা সব কোথায় গেল বলে মহাপ্রভু মূহুর্মূহু—হা কৃষ্ণ ! প্রাণ কৃষ্ণ ! প্রাণবল্লভ ! বলে নয়ন জলে ভাসত লাগলেন ৷ এইভাবে গম্ভীরা কক্ষে অশ্রুর প্লাবন বয়ে যেত ৷ আর এইভাবেই মহাপ্রভুর সকরুণ আর্তিপূর্ণ প্রেমাশ্রুতে যে কতদিন গম্ভীরা গৃহ প্লাবিত হয়েছে তার ইয়ত্তা মিলবে না ৷ কৃষ্ণ বিরহের এইরূপ মর্মভেদী বেদনার বহিঃপ্রকাশ মহাপ্রভু ভিন্ন আর কোথাও কোন অবতারে প্রকাশিত হয় নাই ৷ তাই বুঝি এই কলিযুগই ধন্য,কারণ এই বিরহ আর্তি শ্রবণ মাত্রই বর্হিমুখ জীবেরও শ্রীকৃষ্ণে প্রেমাঙ্কুর সম্ভব ৷...
“ চিন্তাত্র জাগরোদ্বেগৌ তানবং
মলিনাঙ্গতা ৷ প্রলাপো ব্যাধিরুন্মাদো মোহো মৃত্যুর্দশা দশ॥“ (চৈ:চ:-৩/১৪/শ্লোক-৪)
মাথুর প্রবাসজনিত শ্রীকৃষ্ণবিরহে—চিন্তা, জাগরণ, উদ্বেগ, তানব (কৃশতা), মলিনাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ ও মৃত্যু—এই দশটি দশা হতে দেখা যায় ৷ বর্তমান কলিতে কৃষ্ণনাম নিতে নিতে নামীর প্রতি প্রেমোদয় স্বাভাবিক ৷ কলির জীব কৃষ্ণনাম করতে করতে একদিন চরম দশায় পৌঁছবেই ৷ তাই প্রেমের ঠাকুর মহাপ্রভু তাঁর এই গভীর বিরহ পূর্ণ গম্ভীরা লীলাতে কৃষ্ণনাম নিতে নিতেই যে কৃষ্ণে প্রেমোদয় হয় তাও কতভাবে দেখিয়েছেন ৷ গম্ভীরায় রাত্রি জাগরণ করে মহাপ্রভু যে কেবল কৃষ্ণনাম সংকীর্তন করতেন তাহা শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আস্বাদনে বুঝা যায় যেমন দু’একটি পয়ার—
“সবরাত্রি মহাপ্রভু করে জাগরণ ৷
উচ্চ করি করে কৃষ্ণনাম সংকীর্তন ॥
গম্ভীরার দ্বারে গোবিন্দ করিল শয়ন ৷
সব রাত্রি প্রভু করে উচ্চ সংকীর্তন ॥“
প্রেমাবেশে মহাপ্রভুর গর গর মন ৷
নাম সংকীর্তন করে ,বসি করে জাগরণ ॥“ (চৈ;চ;)
গম্ভীরাতে মহাপ্রভু একদিন কৃষ্ণনাম রসাস্বাদন করছেন—
“জাতি জীবন ধন কালা ৷
তোমরা আমারে যে বল সে বল
কালিয়া গলার মালা ॥
সই, ছাড়িতে যদি বল তারে ৷
অন্তর সহিত সে প্রেম জড়িত
কে তারে ছাড়িতে পারে॥
যেদিন সেখানে যে সব পিরীতি-
লীলা করয়ে কানু ৷
সঙ্গের সঙ্গিণী হৈয়া রহিনু
শুনিতাম মধুর বেণু॥
এত রূপ নহে হিয়া পরতীত
যাইতাম কদম্বের তলা ৷
চণ্ডীদাস কহে এত প্রাণ সহে
বচন বিষের জ্বালা॥“ (মহাজনী পদ)
নিত্যদিনের মতই সেইদিনটিতে গভীর রাতে গম্ভীরায় কৃষ্ণনাম করতে করতে নয়নজলে মহাপ্রভুর সর্বাঙ্গ প্লাবিত হচ্ছে, মহাপ্রভুর সেই ভাব দর্শন করে রামানন্দ রায় ও স্বরূপ দামোদর তড়িঘড়ি করে মহাপ্রভুর কাছে এলেন এবং উত্তরীয়ের দ্বারা মহাপ্রভুর নয়নযুগল মুছিয়ে দিতে দিতে মৃদুমধুর প্রেমগদগদ ভাবে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় একসাথে বললেন-
“প্রভুগো, কৃষ্ণনাম করতে করতে তুমি এত কাঁদ কেন ?”’ তোমার নয়ন নির্গত জলধারাতে নিত্যদিনই তো দেখি এইভাবে তোমার সর্বাঙ্গ প্লাবিত হচ্ছে ৷” এই কথায় মহাপ্রভু ভাবগম্ভীর কণ্ঠে সুমধুর ভাষায় উক্তি করলেন—“জানিনা কৃষ্ণনামরূপ জলধিতে কত জলই না লুকিয়ে আছে, কৃষ্ণনাম
যে মহাসাগরের মতই এক অগাধ জলাধার তা আমি মর্মে মর্মে অনুধাবন করতে পারছি, কিন্তু জলবিজ্ঞানীগন এই জলের সন্ধান পাবেন না, বা এই জলের কোন ব্যাখ্যাও দিতে পারবেন না ৷ কারণ, এই তত্ত্ব জানবার মূলে রয়েছে গভীর বিশ্বাস ৷ যেহেতু ভগবদ্ তত্ত্ব বা তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়বুদ্ধির অতীত সেইহেতু বস্তু বা জড় বিজ্ঞান অবিশ্বাসী দৃষ্টি নিয়ে বৃথা হাতড়িয়ে বেড়াবেন, প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারবেন না ৷ তবে যে কেউ হোন না কেন, সভক্তিচিত্তে অনুসন্ধান করলে তত্ত্বমূর্তি ভগবানই প্রকৃত সত্যকে জিজ্ঞাসুর অন্তরে জাগরূক করবেন ৷”’
কৃষ্ণনাম যে সত্য সত্যই মহাসাগরের মতই এক অপরিমেয় জলাধার তা আমি মর্মে মর্মে অনুধাবন করতে পেরেছি ৷ কৃষ্ণনামানুকীর্তন করতেই আমার নয়নযুগল হতে বর্ষার বারিধারার মত জলধারা নেমে এসে আমার সর্বাঙ্গ প্লাবিত করে দেয়, তখন সমস্ত জগৎটাই আমার কাছে শূন্য বলে মনে হয় ৷ পরম প্রেমিক ভক্ত স্বরূপ দামোদর প্রেমাবতার মহাপ্রভুর মুখের এই কথা শেষ হতে না হতেই মহাপ্রভুরই স্বহস্তে লেখা তাৎকালিক ভাবোচিত একটি শ্লোক পড়তে লাগলেন—
“যুগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতম্ ৷ শূন্যায়িতংজগৎসর্বং গোবিন্দবিরহেণ মে॥“ (চৈ;চ;)অর্থাৎ
গোবিন্দ বিরহে আমার নিমেষকালও একযুগের ন্যায় দীর্য বলে মনে হচ্ছে ৷ আমার চক্ষু হতে বর্ষার বারিধারার মত অশ্রুবর্ষণ হচ্ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে॥“ মহাপ্রভুর স্বরচিত এই শ্লোকটি শ্রবণ করতেই অস্বাভাবিক প্রেমোচ্ছাসে নয়ন যুগল হতে অশ্রু ঝরতে লাগল ৷ তা দেখে মহাপ্রভুকে প্রকৃতিস্থ করার জন্য স্বরূপ দামোদর তখন প্রেমমাখা সুর ও স্বরে একটি পদ গাইতে শুরু করলেন—
“রাধার কি হৈল অন্তরে ব্যথা ৷
বসিয়া বিরলে, থাকয়ে একলে,
না শুনে কাহারু কথা॥
সদাই ধেয়ানে, চাহে মেঘ পানে,
না চলে নয়নের তারা ৷
বিরতি আহারে, রাঙ্গা বাস পরে,
যেন যোগিনীর পারা॥
এলাইয়া বেণী, ফুলের গাঁথনি
দেখয়ে আপন চুলি ৷
হসিত বদনে, চাহে মেঘ পানে
কি কহে দু হাত তুলি॥
এক দিঠি করি, ময়ূরা ময়ূরী
কণ্ঠ করে নিরীক্ষণে ৷
চণ্ডীদাসে কয়, নব পরিচয়
কালিয়া বন্ধুর সনে॥
পরম প্রেমিক স্বরূপ দামোদরের সুধামাখা কণ্ঠে কিছুক্ষণ প্রেমমাখা পদটি শ্রবণ করতে করতে প্রেমাবতার মহাপ্রভু তৃপ্ত হলেন ৷ আনন্দে বলতে লাগলেন—কৃষ্ণনাম একদিকে যেমন অপর্যাপ্ত জলাধার , অন্যদিকে তেমনি অখন্ড অনাবিল আনন্দেরও আধার ৷ সেজন্যই কৃষ্ণনাম করতে করতে আমার চোখ দিয়ে যত জল পড়ে, আমি ততোধিক আনন্দ লাভ করে থাকি ৷ এই জগতে নিত্যসুখ, নিত্য আনন্দ আর কোথাও নাই—আছে শুধু একমাত্র সুখময়, আনন্দময়ের চিরানন্দঘন নামে ৷ এই জগৎ- সংসারে নামই একমাত্র নিত্যচৈতন্য আনন্দস্বরূপ ৷ আমি সেই প্রেম রসায়িত নামের মাধ্যমে রসময় রসিক নাগর শ্যামসুন্দরের স্পর্শ সুখ নিত্য অনুভব করে জগজ্জীবকে তার স্বাদ নিতে বারাংবার আহ্বান করে চলেছি ৷ আমার সমগ্র জীবনটাই কৃষ্ণনাম সংকীর্তনের এক মহাযজ্ঞ ৷...❤️🌹
❤️----৬ ৭-----❤️
💐(৬৭)💐
"নামাচার্য হরিদাসঠাকুরের মহিমা "--
"ইচ্ছা মাত্র কৈল নিজ প্রাণ নিষ্ক্রমণ।
পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ।।
হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি।
তাঁহা বিনা রত্য শূন্য হইলা মেদিনী।।"
আপনে শ্রীহস্তে তাঁরে কৃপায় বালু দিল।
আপনে প্রসাদ মাগি মহোৎসব কৈল।।
"মহাভাগবত হরিদাস পরম বিদ্বান্।
এ সৌভাগ্য লাগি আগে করিল প্রয়াণ।।" (চৈ, চ,)
শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভুর সুখে দিন অতিবাহিত হচ্ছে। দিবাভাগে পরিকর ভক্তবৃন্দের সাথে সংকীর্তন-নৃত্য ও শ্রীজগন্নাথ দর্শন এবং রাত্রিকালে শ্রীস্বরূপ- রায়রামের সাথে অপ্রাকৃত কৃষ্ণভক্তি রসাস্বাদন করে ক্রমে প্রভুঅঙ্গে নানা বিকার দেখা দিচ্ছে। চিন্তা, উদ্বেগ, প্রলাপাদি ভাব মহাপ্রভুর সোনার অঙ্গে সাত্ত্বিক বিকার হয়ে ফুটে উঠছে। ঠাকুর হরিদাস এখন শ্রীক্ষেত্রবাসী। মহাপ্রভু মধ্যে মধ্যে তাঁকে দর্শন দিয়ে আনন্দ দান করেন। একদিবস প্রভুসেবক শ্রীগোবিন্দ প্রফুল্ল মনে কিছু মহাপ্রসাদ নিয়ে ঠাকুর হরিদাসের কুটীরে গেলেন। কিন্তু কোথায় শ্রীহরিদাস ? অন্যদিবস কখনো তাঁকে তুলসী মূলে সংখ্যানাম সংকীর্তন করতে দেখা যায়, কখনো বা দূর হতেই শোনা যায় তাঁর উচ্চ সংকীর্তন। তাঁর সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে চারিপাশ, বৃক্ষ লতা ফুলে ফলে অদ্ভুত পুলক জাগে, শাখে শাখে পাখিরাও যেন কূজন থামিয়ে একমনে শুনতে থাকে শ্রীহরিদাসের কলকণ্ঠনিন্দু সুরে নামসংকীর্তন, কেউ বা সংকীর্তনের সুরে সুরে মধুর নৃত্যে চাঁদের হাট বসায় হরিদাস-অঙ্গনে। কিন্তু আজ কোথায় ?
শ্রীগোবিন্দ এসে দেখলেন ঠাকুর হরিদাস তাঁর কুটীর মধ্যে শয়ন করে আছেন আর শুয়ে শুয়ে মন্দ মন্দ স্বরে সংখ্যানাম করছেন। শ্রীগোবিন্দ হয়তো অবাক হলেন, হয়তো বা হলেন না; কিংবা হয়তো মহাভাগবতের কর্ম বোঝা দুঃসাধ্য ভেবে তিনি ডাক দিলেন ঠাকুর হরিদাসকে; বললেন: "আপনি উঠে এসে ভোজন করুন"। শ্রীগোবিন্দের আহ্বানে ঠাকুর হরিদাস সাড়া দিয়ে বললেন- "আজ আমি উপবাস করব। আমার সংখ্যানাম সংকীর্তন সম্পূর্ণ হয়নি, আমার তো ভোজন করা উচিত নয়। কিন্তু আপনি মহাপ্রসাদ এনেছেন, তাও উপেক্ষা করা উচিত নয়।" গৌড়ীয় বৈষ্ণবের এই হচ্ছে স্বরূপ। তাঁরা হরিনামগত প্রাণ। শ্রীহরিনাম জপ ও কীর্তনই তাঁদের মূলসাধনা। তাঁরা নামনিষ্ঠ, নিষ্কিঞ্চন, বৈরাগ্যমুরতি, শ্রীনাম বিহনে তাঁরা বিরহদহন অনুভব করেন, শ্রীনাম ছাড়া তাঁরা আর কিচ্ছুটি চান না। এই তো পরমহংসের ভাব। না কোন প্রাচুর্যের পিপাসা, না কোন ঐশ্বর্যের আকাঙ্ক্ষা। শ্রীমন্মহাপ্রভুর চরণযুগলে দেহমনপ্রাণ সর্বস্ব অর্পণ করে নামাবলম্বন করে বেঁচে থাকা। শ্রীমন্মহাপ্রভু এমন অনন্যশরণ শুদ্ধ ভক্তকে দেখে বড় সুখ পান। ঠাকুর হরিদাস গাত্রোত্থান করলেন। শ্রীগোবিন্দের নিকট হতে মহাপ্রসাদ গ্রহণ করে প্রথমে বন্দনা করলেন শ্রীঅধরামৃতকে। তারপর এক রঞ্চ মাত্র মহাপ্রসাদ নিয়ে জিহ্বায় রেখে প্রসাদসম্মান করলেন। নামসংকীর্তন পূরণ হয় নাই, তাই তিনি আজ ভোজন করবেন না- এই তাঁর পণ। কিন্তু মহাপ্রসাদ উপেক্ষায় অপরাধ সম্ভাবনা। তাই এক কণা মাত্র প্রসাদ সেবা করে উভয়কূল রক্ষণ করলেন ঠাকুর হরিদাস। গৌরভক্তগণ হয়তো এমনই নিষ্ঠাবান হন।
পরদিবস মহাপ্রভু এলেন ঠাকুর হরিদাসের সন্নিধানে। তাঁর প্রাণপ্রিয় ভক্ত হরিদাস কুশলে নেই; ভক্তাধীন ভগবানকে আসতে যে হবেই। মহাপ্রভুর দিব্যরূপের ছটায় আলো হল সে ছোট্ট কুটীর; আলো হল ভক্ত হৃদয়; বললেন : "হরিদাস, তুমি সুস্থ হয়েছ?" কণ্ঠে তাঁর অদ্ভুত শীতলতা; যেন জগতের সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা এই দিব্যকণ্ঠস্বরের ছোঁয়াতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মহাপ্রভুকে দর্শন করে শ্রীহরিদাসের হৃদয় প্রফুল্লিত হল। দন্ডবৎ প্রণাম করে বিনীত স্বরে শ্রীহরিদাস বললেন- "মহাপ্রভু, আমার শরীর তো সুস্থই। কিন্তু মন সুস্থ নয়।" ভক্তমুখে এমন কথা শুনে শ্রীগৌরসুন্দর বললেন- "কী ব্যাধি হয়েছে তোমার, তুমি কী তা জানো ?" ঠাকুর হরিদাস বললেন- "আমার সংখ্যা নাম পূরণ হয় না যে।"
"হরিদাস, তুমি বৃদ্ধ হয়েছ। এখন অল্প করে নাম কর। তাছাড়া তুমি তো সিদ্ধ হয়েছ। সাধনে এত আগ্রহ প্রয়োজন কী?
লোকনিস্তার হেতু তোমার এই অবতারে শ্রীনাম মহিমা তুমি প্রচার করেছ। তাই এখন অল্প করে সংখ্যা কীর্তন করতে পারো।" অহো কী ভাগ্য ! স্বয়ং মূর্তিমন্ত নামব্রহ্ম শচীনন্দন গৌরহরি সামনে এসে বলছেন, তুমি এত বেশী নাম না করে, অল্প নাম কর। এ পাওয়ার থেকে বড় আর কি কিছু হতে পারে ? অখিল জগজ্জীব নিত্য হরিবিমুখ। নামমহিমা প্রচারের উদ্দেশ্যে স্বয়ং ভগবান গৌরসুন্দর রূপে বিমুখজীবের হৃদয়ে নামরুচি জাগিয়ে তুলতে আসেন; নিতাইচাঁদের আমাদের দুয়ারে দুয়ারে দন্তে তৃণ ধরে নাম বিলিয়ে দিলেন - তথাপি বহির্মুখ জীব নামপরায়ণ হয় না। কিন্তু আজ ঠাকুর হরিদাসের ভাগ্য দেখে বুঝি স্বর্গের দেবতারাও ঈর্ষান্বিত হলেন।
ওদিকে ঠাকুর হরিদাসের হৃদয়ে সংশয়ের দোলাচল। হৃদবিহারী গৌরহরি কী তা জানেন না? নিশ্চয়ই জানেন; তিনি যে অখিল জীবের হৃদয়হরণ, সর্বান্তর্যামী। তবুও মর্যাদা রক্ষা হেতু তাঁর লোকোচিত ব্যবহার। ঠাকুর হরিদাস বলতে লাগলেন: "মহাপ্রভু, দয়া করে আমার প্রকৃত নিবেদন শুনো। আমি যে হীনজাতি, অপবিত্র কলেবর। হীনকর্মে রত আমি বড়োই অধম পামর। আমি দর্শন স্পর্শনের যোগ্যই নই। কিন্তু তুমি যে পতিতপাবন গৌরহরি। আমার মত পতিতকে অঙ্গীকার করেছ- যেন রৌরব হতে ছিনিয়ে নিয়ে আমাকে বৈকুণ্ঠে বসিয়েছ। অবশ্য এতে আমার কী কৃতিত্ব ? তুমি মহাপ্রভু, জগৎ ঈশ্বর। তুমি ইচ্ছাতেই জগৎ নাচে। তেমনি আমাকেও নাচিয়েছ অনেক। আর আমাকে দেখ ! ম্লেচ্ছ হয়ে ব্রাহ্মণের শ্রাদ্ধপাত্র খেয়েছি।"
এহেন দৈন্যোক্তি শুনে মহাপ্রভুর হৃদয় কেঁদে উঠল। ঠাকুর হরিদাস বলতে চললেন: "মহাপ্রভু, আমার হৃদয়ে বহুদিন হতে কেবল এক ইচ্ছা আছে। আমার মন বলে যে, তুমি শিগগিরই লীলা সম্বরণ করবে। সে দিন আর দূরে নয়। তাই আমার ইচ্ছা হল, তোমার অন্তর্ধান লীলা আমাকে যেন দর্শন করতে না হয়। তোমার আগেই আমার শরীর নাশ কর।
হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ।
নয়নে দেখিমু তোমার চাঁদ বদন।।
জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণচৈতন্য নাম।
এইমত মোর ইচ্ছা ছাড়িমু পরাণ।।
-হে মহাপ্রভু, তোমার চরণকমল এই ভাঙা হৃদয়ের মাঝে ধরব। এ দুই পোড়া নয়নে অপলকে দর্শন করব তোমার চাঁদ বদন আর জিহ্বায় তোমার পাবন "কৃষ্ণচৈতন্য" নাম উচ্চারণ করতে করতে আমি প্রাণ ছাড়ব। এই আমার নিবেদন প্রভু। যদি তোমার দয়া হয়, তবে এই বাঞ্ছা পূর্তি কর। আমার এই নীচ দেহ তোমার আগে পড়ুক। এই আমার ইচ্ছা।"
নিকটস্থ টোটার পক্ষীকূল যেন বিলাপ করে উঠল একথা শুনে। দীর্ঘশ্বাসের মত বাতাস এসে গাছের পাতা থেকে, ফুলের পাপড়ি থেকে অশ্রুপাতের মত ঝরিয়ে দিল শিশিরের বিন্দু। মা পৃথিবী বিষণ্ণা হলেন। তাঁর বুকের হাহাকার সমুদ্রের ঢেউ হয়ে হুহু করে আছড়ে পড়ল সৈকতের বালুকারাশির উপর। অন্তরীক্ষে দেবতারা বিলাপ করতে লাগলেন। জগৎপ্রাণ গৌরহরি নিজভক্তের কথা শুনে খেদের সাথে বলতে লাগলেন, " হরিদাস, কৃষ্ণ কৃপাময়। তুমি যা চাইবে তিনি তা অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু আমার এই এত সুখ সব তো তোমাকে ঘিরেই। আমি নিশ্চয়ই তোমার যোগ্য নই, তাই আমাকে ছেড়ে যেতে চাইছ।" আহা! কী মধুর সংলাপ ভক্ত আর ভগবানের মধ্যে। যেমন দৈন্য গৌরহরির, ততোধিক দৈন্য গৌরভক্তের। মহাপ্রভুর চরণে ধরে ঠাকুর হরিদাস বললেন: "মহাপ্রভু তুমি মায়া কর না। অধমকে এই দয়াটুকু কর। আমার শিরোমণি তুল্য কত ভক্ত তোমার লীলা পরিকর। একটি পিপীলিকা মরলে পৃথিবীর যেমন কোন হানি হয় না, তেমনি আমি মরলে তোমার কোন হানি হবে না। তুমি ভক্তবৎসল, কিন্তু আমি ভক্তাভাস মাত্র। আমার এই অভিলাষ পূরণ কর প্রভু।"
মহাপ্রভু অত্যন্ত বিষণ্ণ হলেন। তারপর ধীরে ধীরে মধ্যাহ্ন সন্ধ্যা করতে অন্তর্ধান হলেন। বুঝি বা কাল ঈশ্বরদর্শনের পশ্চাতে দর্শন দিবেন পুনরায়। শ্রীল হরিদাস ঠাকুরের মুখে তাঁর নির্যাণেচ্ছার বার্তা পেয়ে ভক্তপ্রাণ গৌরসুন্দরের হৃদয় যারপরনাই পীড়িত হলেন। কিন্তু মহাপ্রভু সর্বদাই ভক্তাধীন। ভক্তের ইচ্ছাই তাঁর ইচ্ছা। তারপর মহাপ্রভু ঠাকুর হরিদাসকে মধুর আলিঙ্গন দিয়ে মধ্যাহ্ন করতে মহোদধি অভিমুখে বিজয় করলেন। পরদিবস প্রাতে মহাপ্রভু যেন অতিশয় ব্যস্ত। কখন তিনি তাঁর প্রাণপ্রিয় ভক্ত হরিদাসকে দর্শন দান করবেন, তা ভেবে উতলা। ধন্য ভক্ত হরিদাস! যাঁকে দর্শন দানের জন্য স্বয়ং ভগবান গৌরহরি ব্যগ্র হয়ে ওঠেন।
শ্রীমন্দিরে ঈশ্বরদর্শনান্তে মহাপ্রভু স্বপরিকর ভক্তগোষ্ঠী সঙ্গে শ্রীল হরিদাসের কুটীর সমীপে উপস্থিত হলেন। এগিয়ে গেলেন ভক্ত হরিদাসের দিকে। মহাপ্রভু দেবদুর্লভ চিদানন্দময় রূপে দর্শন দিলেন ঠাকুর হরিদাসকে। সেই আজানুলম্বিত বাহুযুগল, সেই কনকপুতলী গড়ন, কমলায়ত আঁখিপাতে শিশিরের মত টলমল করছে প্রেমাশ্রু, কালো ভ্রমরের মত নয়নতারায় যেন হৃদয়দ্রাবক দৃষ্টি, উন্নত নাসা, বিম্বরঙা অধরোষ্ঠ, প্রতি অঙ্গ অদ্ভুত মধুরিমামণ্ডিত; তাতে দৃঢ়তা আছে, বলিষ্ঠতা আছে, কিন্তু কঠোরতা বা কর্কশতা নেই; আছে হৃদয়পদ্ম কোরকের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা সেই তৃষ্ণার অমৃতধারা, যে তৃষ্ণা জন্ম জন্মান্তরে, গ্রহে গ্রহান্তরে ছুটিয়ে নিয়ে বেড়ায় তৃষ্ণার্ত তাপিতপরাণ জীবাত্মাকে।
মহাপ্রভুর অপার্থিব রূপ দর্শন করে ঠাকুর হরিদাস দন্ডবৎ প্রণাম করলেন। তারপর মহাপ্রভু এবং তাঁর সাথে আগত সকল ভক্তের চরণ বন্দন করলেন করজোড়ে। প্রভুশক্তি স্বরূপা পরাবিদ্যা সরস্বতী নিজপ্রভুর সেবাসুখ বিধানে তৎপরা হয়ে প্রকাশিতা হলেন শ্রীহরিদাসের জিহ্বামূলে; ঝঙ্কার তুললেন নিজ বীণায় আর সেই ঝঙ্কারের সাথে ঠাকুর হরিদাস সপরিকর শ্রীমন্মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন। কী মধুর সেই স্তুতি ! মনপ্রাণ পাগল করা! এ যে তাঁর অন্তিম স্তবন। সেই বাইশ বাজারে বেত্রাঘাত, সেই লক্ষহীরা উদ্ধার, সেই শ্রীবাস অঙ্গনে সাতপ্রহরিয়া মহাপ্রকাশ লীলা, সেই গৌরবিরহে আঁধার নবদ্বীপ মায়াপুর, সেই রথাগ্রে নর্তনাদি সংকীর্তন বিলাস- সুখদুঃখে সর্বাবস্থায় শ্রীহরিদাস মহাপ্রভু গৌরহরিকে সর্বস্বসার করে প্রাণধারণ করেছেন। আর আজ এই অপূর্ব ভৌমলীলা হতে তাঁর অন্তর্ধানের লগ্ন আগত। এতকাল প্রভুপাশে নামসংকীর্তন মহামিলন সমারোহের পর বুঝি বা বিপ্রলম্ভ এল আজ!
- "কী সমাচার হরিদাস?" মহাপ্রভু বললেন।
- "তোমার কৃপা প্রভু" বললেন শ্রীহরিদাস।
তবে মহাপ্রভু হরিদাস-অঙ্গনে মহাসংকীর্তন আরম্ভ করলেন। প্রভুপার্ষদ শ্রীল বক্রেশ্বর পণ্ডিত নৃত্যে মেতে উঠলেন। শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী সহ অন্যান্য পারিষদ বর্গ ঠাকুর হরিদাসকে ঘেরি ঘেরি কীর্তন করতে লাগলেন।
এক অপূর্ব দৃশ্যপট রচিত হল ! এতকাল ঠাকুর হরিদাস হরিনাম সংকীর্তন করেছেন আর আজ স্বয়ং ভগবান গৌরহরি তাঁর গুণ গাইতে লাগলেন। শ্রীল রায় রামানন্দ, ভট্টাচার্য সার্বভৌম প্রমুখ সবার আগে আগে গিয়ে মহাপ্রভু ভক্তহরিদাসের গুণকীর্তন করতে লাগলেন।
ধন্য গৌড়ীয়নাথ গৌরহরি! ভক্তবৃন্দ গান প্রভুর গুণ আর প্রভু গান ভক্তের গুণ।
গাইতে গাইতে যেন মহাপ্রভু পঞ্চমুখ হলেন। ভক্তগুণ কীর্তনে তাঁর মহাসুখ ক্রমশঃ বাড়তে লাগল। সমবেত ভক্তবৃন্দ বিস্মিত হলেন। সবে মিলি বন্দনা করলেন ঠাকুর হরিদাসের চরণ।
এইবার সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত।
"হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা।
নিজনেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা।।
স্বহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ।
সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ।।
শ্রীকৃষ্ণচৈতন্য শব্দ বলেন বার বার।
প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার।।
শ্রীকৃষ্ণচৈতন্য শব্দ করিতে উচ্চারণ।
নামের সহিত প্রাণ কৈল উৎক্রামণ।।"
- ঠাকুর হরিদাস নিজের সামনে মহাপ্রভুকে বসালেন, নিজের দুই মধুকরতুল্য আঁখি দ্বারা অনিমিখ নয়নে পান করতে লাগলেন মহাপ্রভুর মুখপদ্মের সৌন্দর্যসুধা। নিজের বুকের উপর মহাপ্রভুর শ্রীচরণ স্থাপন করলেন, সমবেত সকল ভক্তের চরণরেণু মাথায় নিলেন তুলে। আর তারপর তাঁর নয়ন জুড়ে ঝরতে লাগল প্রেমাশ্রু ধারা, কাতর স্বরে ডাকতে লাগলেন "শ্রীকৃষ্ণচৈতন্য শ্রীকৃষ্ণচৈতন্য"। হঠাৎ ক্রন্দন করতে করতে নিথর হলেন তিনি। প্রাণত্যাগ করলেন ঠাকুর হরিদাস। সাথে সাথেই সমবেত ভক্তবৃন্দ 'হরি' 'কৃষ্ণ' প্রভৃতি ভগবন্নামধ্বনিতে চতুর্দিক মুখরিত করে তুললেন। প্রেমানন্দে মহাপ্রভু বিহ্বল হলেন। হরিদাসের নিথর শ্রীদেহ নিজ শ্রীক্রোড়ে উঠিয়ে তিনি প্রেমাবিষ্ট হলেন। অঙ্গন জুড়ে শুরু করলেন মধুর নৃত্য । মহাপ্রভুর আবেশে সমস্ত ভক্তও প্রেমাবিষ্ট হয়ে নৃত্যকীর্তন করতে লাগলেন। এইভাবে দীর্ঘ সময় নৃত্য কীর্তনে অতিবাহিত হলে শ্রীল দামোদর গোস্বামী মহাপ্রভুকে স্মরণ করালেন যে হাতে সময় স্বল্প। এখনো বহু কৃত্য বাকি। তবে থামলেন গৌররায়। বিমানে আরোহণ করিয়ে শ্রীহরিদাসের শ্রীতনুকে আনা হল মহোদধির তীরে। আগে আগে মহাপ্রভু, পিছে পিছে পণ্ডিত বক্রেশ্বর সহ ভক্তবৃন্দ। মহাসংকীর্তন আর নৃত্যে মুখর হল বেলাভূমি। মহোদধি সলিলে স্নান করানো শ্রীহরিদাস প্রভুকে। তাঁর দিব্য অঙ্গপ্রত্যঙ্গ বেয়ে সেই পবিত্র স্নানসলিল গিয়ে মিশল মহোদধির জলরাশিতে। ভক্তবৎসল গৌরসুন্দর বললেন,
"সমুদ্র আজ হতে মহাতীর্থ হল"।
শ্রীহরিদাসের পাদোদক পান করলেন ভক্তগণ। অঙ্গে দিলেন প্রসাদী শ্রীচন্দন। সাথে ডোর, কড়ার, প্রসাদ। বালুকায় গর্ত করে তাঁকে শয়ন করানো হল। চতুর্দিকে তখন নিরবচ্ছিন্ন কীর্তন এবং ভক্ত সঙ্গে পণ্ডিত বক্রেশ্বরের নৃত্য। "হরিবোল হরিবোল" বলে মহাপ্রভু নিজহস্তে বালু তুলে দিলেন হরিদাসের শ্রীঅঙ্গে। ধীরে ধীরে শেষ হল সমাধি পর্ব। মহাপ্রভু শ্রীহস্তে বালুদ্বারা পিণ্ডা বাঁধিয়ে তাতে মহা আবরণ দিলেন। ভক্তবৃন্দ সঙ্গে করে সেই সমাধি ঘেরি ঘেরি নর্তন কীর্তন করলেন মহাপ্রভু। হরিধ্বনি কোলাহলে ব্যাপ্ত হল চৌদ্দ ভুবন।
এবার স্নান পর্ব। মহোদধির জলরাশিতে প্রবেশ করলেন গৌররায়। ভক্তসঙ্গে জলকেলি রঙ্গে সমাধা করলেন সমুদ্র স্নান। তারপর নিজভক্ত হরিদাসকে প্রদক্ষিণ করে সিংহদ্বারে এলেন। নগর জুড়ে শুরু হল কোলাহল। সিংহদ্বারে এসে মহাপ্রভু নিজের আঁচল পেতে প্রত্যেক পসারীর নিকটে যাচ্ছেন আর বলছেন "আমি হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য ভিক্ষা করতে এসেছি, তোমরা আমাকে দাও"।
নীলাদ্রীশেখর জগন্নাথের সচল বিগ্রহ গৌরচন্দ্র ভগবান আজ নিজভক্তের জন্য ভিক্ষা করছেন।
পসারী সব চাঙ্গড়ি উঠিয়ে দিতে এলেন। তাঁদের বারণ করলেন শ্রীস্বরূপ দামোদর। মহাপ্রভুকে গৃহে পাঠিয়ে দিয়ে তিনি সমস্ত পসারীকে পসরা থেকে এক এক পুঞ্জা করে দিতে বললেন। ভিক্ষা শেষ হল। সব বেঁধে চারজনের মাথায় চড়িয়ে সে সব আনলেন শ্রীস্বরূপ গোস্বামী। ওদিকে শ্রীল বাণীনাথ পট্টনায়েক এবং শ্রীল কাশীমিশ্রও অনেক প্রসাদ পাঠিয়েছেন।
এবার মহোৎসবের পালা। শ্রীমন্মহাপ্রভু আদর করে সবাইকে বসালেন। তারপর জনা চারেক লোক নিয়ে শুরু করলেন পরিবেশন। অকৃপণ হস্ত মহাপ্রভুর। শ্রীহস্তে কার্পণ্য নাই কোন। তাই বেশী বেশী করে একজনের পাতে পাঁচজনার ভোজ্য তুলে দিতে লাগলেন। তা দেখে গোস্বামী স্বরূপ বললেন, "মহাপ্রভু, তুমি বসে দর্শন কর, আমি বরং দিই।" এই বলে শ্রীস্বরূপ সাথে নিলেন শ্রীজগদানন্দ, কাশীশ্বর আর শঙ্করকে। প্রসাদ পরিবেশন করতে লাগলেন সমবেত ভক্তবৃন্দকে। ওদিকে মহাপ্রভু না ভোজন করলে কেউই প্রসাদ পেতে চান না। কিন্তু মহাপ্রভুর সেদিন কাশীমিশ্রের বাড়ি নিমন্ত্রণ। কী করা যায়! অগত্যা ত্বরিতে কাশীমিশ্র প্রসাদ নিয়ে আসলেন সেই স্থানে। পরমানন্দ পুরী ও ব্রহ্মানন্দ ভারতীর সাথে মিলে একযোগে মহাপ্রভু প্রসাদ পেলেন। তবে গৌরহরির ভোজনান্তে সবাই প্রসাদ পেলেন। ভক্তপ্রাণ গৌরসুন্দর আনন্দোল্লাসে দর্শন করছেন আর বলছেন "আরো দাও আরো দাও"। আজ যে তাঁর প্রাণপ্রিয় ভক্ত হরিদাসের মহোৎসব। আনন্দ আর ধরে না যে ! কিন্তু দুঃখও
কম কিছু নয়; এমন ভক্ত বিহনে তাঁর মনেও ধিকিধিক জ্বলছে অশান্তির আগুন। শান্ত স্বরে বললেন,
"হরিদাসের বিজয়োৎসব যে কৈল দর্শন।
যে ইঁহা নৃত্য কৈল যে কৈল কীর্তন।
যে তাঁরে বালু দিতে করিল গমন।
তার মধ্যে মহোৎসবে যে কৈল ভোজন।
অচিরে তা সবার হৈবে কৃষ্ণভক্তি।
হরিদাস দরশনে হয় ঐছে শক্তি।।"
অহো ! কল্পতরু গৌরসুন্দর আজ ভক্তের স্মরণে আর কোন বাছবিচার রাখলেন না। আজ যারা যারা ঠাকুর হরিদাসের মহোৎসবে নৃত্য গীত কীর্তনাদি সঙ্গতে অংশগ্রহণ করেছে, যারা বালু দিয়েছে অথবা মহাপ্রসাদ ভোজন করেছে- তাদের সবার কৃষ্ণভক্তি হোক। এই বর দিলেন গৌরসুন্দর। এমনিই মহিমা ঠাকুর হরিদাসের। সাধে কী আর মহাজন বলেছেন, "ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে।"
তারপর মহাপ্রভু গৌরাঙ্গদেব ভক্তবিরহে বলতে লাগলেন, " শুদ্ধ ভক্ত হরিদাসের সঙ্গ কৃপা করে কৃষ্ণ আমাকে দিয়েছিলেন। কিন্তু কৃষ্ণের ইচ্ছা স্বতন্ত্র। তিনি চেয়েছেন, তাই সে সঙ্গ ভঙ্গ করলেন। আজ হরিদাস যেতে চাইলে আমার শক্তি নেই তাঁকে আটকাবার। হরিদাস পৃথিবীর রত্ন। আজ তাঁকে হারিয়ে পৃথিবী রত্নশূন্যা হল। তোমরা সবাই জয় জয় হরিদাস বলে প্রেমধ্বনি দাও।" এইমত বলে মহাপ্রভু আনন্দে নাচতে লাগলেন। সবাই প্রেমধ্বনি দিলেন ঠাকুর হরিদাসের নামে। তবে মহাপ্রভু সবাইকে হর্ষে বিষাদে বিদায় দিয়ে বিশ্রাম করলেন। এযাবৎ লিখে শ্রীল কবিরাজ গোস্বামী প্রভু পুনরায় লিখলেন,
"এই তো কহিলুঁ হরিদাসের বিজয়।
যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ়ভক্তি হয়।।
চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি।
ভক্তবাঞ্ছা পূর্ণ কৈলা ন্যাসি শিরোমণি।।
আপনে শ্রীহস্তে কৃপায় তাঁরে বালু দিলা।
আপনে প্রসাদ মাগি মহোৎসব কৈলা।।
মহাভাগবত হরিদাস পরম বিদ্বান।
এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ।।"
---------*----------
🌹 ( ৬ ৮ )🌹
🌹বৃন্দাবন থেকে গোপাল ভট্টের নীলাচল গমন ;
"এই মত রথযাত্রা সকলে দেখিল।
প্রভুর চরিত্রে ভট্টের চমৎকার হৈল।।
যাত্রা অনন্তরে ভট্ট যাই প্রভুর স্থানে।
প্রভুর চরণে কিছু কৈল নিবেদনে।।
ভাগবতের টীকা কিছু করিয়াছোঁ লিখন।
আপনি মহাপ্রভু যদি করেন শ্রবণ।। (চৈ, চ,)"
এই বল্লভ ভট্ট ছিলেন তৎকালীন ভারতের একজন দিগবিজয়ী পণ্ডিত। তাঁর অগাধ শাস্ত্রজ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞানের আড়ালে সুপ্ত ছিল এক সূক্ষ্ম অহংকার। তিনি মহাপ্রভুকে ভগবান বলে মানলেও, নিজের পাণ্ডিত্য দেখানোর লোভ সংবরণ করতে পারলেন না। বল্লভ ভট্ট যখন পুরীতে এলেন, তিনি দেখলেন মহাপ্রভু সারাদিন কৃষ্ণপ্রেমে মত্ত থাকেন, কাঁদেন এবং নাম সংকীর্তন করেন। ভট্ট ভাবলেন, "মহাপ্রভু তো একজন ভাবুক সন্ন্যাসী। তিনি ভক্তি বোঝেন, কিন্তু আমার মতো কঠিন ব্যাকরণ বা শাস্ত্রের বিচার হয়তো বোঝেন না। এই ভুল ধারণা থেকেই তিনি ঠিক করলেন, মহাপ্রভুকে তাঁর জ্ঞানের বহর দেখাবেন। তিনি রোজ মহাপ্রভুর কাছে এসে নানা কঠিন শাস্ত্রীয় আলোচনা শুরু করলেন। একদিন বল্লভ ভট্ট অত্যন্ত গর্বভরে মহাপ্রভুকে বললেন, "প্রভু! আমি শ্রীমদ্ভাগবতের ওপর একটি নতুন টীকা (ভাষ্য) লিখেছি। এই টীকায় আমি অনেক নতুন অর্থ বের করেছি, যা আগে কেউ পারেনি। আপনি যদি অনুমতি দেন, তবে শোনাই।"
মহাপ্রভু স্বভাবসুলভ দৈন্য প্রকাশ করে বললেন, "ভট্ট! ভাগবতের অর্থ বোঝা কি আমার কর্ম? আমি তো মূর্খ, নাম জপ করাই আমার একমাত্র কাজ। তাছাড়া ভাগবতের অর্থ তো শ্রীধর স্বামী আগেই করে গেছেন। মহাপ্রভুর এই বিনয় দেখে ভট্টের সাহস আরও বেড়ে গেল। তিনি ভাবলেন, মহাপ্রভু সত্যিই হয়তো শাস্ত্রের গভীরে যাননি। এই পর্যায়ে বল্লভ ভট্ট তাঁর অহংকারের চূড়ান্ত রূপটি প্রকাশ করলেন। তিনি নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে ভাগবতের আদি ও সর্বজনমান্য টীকাকার শ্রীধর স্বামীপাদকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। বল্লভ ভট্ট বললেন, শ্রীধর স্বামী যে ব্যাখ্যা করেছেন, তা তো সাধারণ (সখদ বচন)। তিনি অনেক জায়গায় ভুল করেছেন এবং শাস্ত্রের গভীর বিচারে প্রবেশ করেননি। আমি আমার টীকায় শ্রীধর স্বামীর সেই মতগুলো খণ্ডন করেছি। শ্রীধর স্বামীর ব্যাখ্যা সাধারণ মানের। আমি তাঁর ব্যাখ্যা কেটে দিয়ে বা খণ্ডন করে নতুন টীকা লিখেছি। আপনি দয়া করে তা শুনুন। আমি স্বতন্ত্র, আমি কাউকে মানি না। বল্লভ ভট্ট কেবল নিন্দা করেই থামলেন না, তিনি আরও এক ধাপ এগিয়ে বললেন যে, তিনি শ্রীধর স্বামীর অনুগত নন।
তিনি বললেন: “শ্রীধর-স্বামীর আমি না মানি লিখন।”
আমি শ্রীধর স্বামীর লেখা বা মত মানি না। আমি নিজের বুদ্ধিতে স্বতন্ত্রভাবে ভাগবতের অর্থ করেছি। বল্লভ ভট্ট ভেবেছিলেন, একজন পূর্ববর্তী আচার্যকে ভুল প্রমাণ করে তিনি নিজেকে মহাপ্রভুর চোখে একজন ‘মহামহোপাধ্যায়’ পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত করবেন। তিনি জানতেন না যে, বৈষ্ণব জগতে ‘মহাজনো যেন গতঃ স পন্থাঃ’ (মহাজনদের পথ অনুসরণ করা)-ই হলো নিয়ম, আর তাঁদের ডিঙিয়ে যাওয়া হলো অপরাধ।
শ্রীধর-স্বামীর প্রসাদেতে ভাগবত জানি।
জগদ্ গুরু শ্রীধরস্বামী, গুরু করি মানি।।
মহাপ্রভু শ্রীধর স্বামীকে ‘জগৎ-গুরু’ বলে মানতেন। তিনি জানতেন, শ্রীধর স্বামীর কৃপাতেই জগত ভাগবতের ভক্তি-সিদ্ধান্ত পেয়েছে। তাই ভট্টের মুখে এই দম্ভোক্তি শুনে মহাপ্রভুর অন্তরে দারুণ আঘাত লাগল। মহাপ্রভু বুঝলেন,
এই পণ্ডিতের মাথায় বিদ্যার অহংকার চড়ে বসেছে। যে ব্যক্তি নিজের পূর্ববর্তী গুরুজনদের শ্রদ্ধা করতে জানে না, তার বিদ্যা বিষের মতো। যদিও মহাপ্রভু শান্ত রইলেন, কিন্তু মনে মনে তিনি ভট্টের এই অহংকার চূর্ণ করার প্রস্তুতি নিলেন। এর পরেই তিনি সেই বিখ্যাত "স্বামী না মানে যে..." উক্তিটি করে ভট্টকে উচিত শিক্ষা দিয়েছিলেন।
এত চিন্তি প্রাতে আসি প্রভুর চরণে।
দৈন করি স্তুতি করি লইল শরণে।।
বল্লভ ভট্ট শাস্ত্র জানতেন, কিন্তু শিষ্টাচার জানতেন না। মহাপ্রভুর কাছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে তিনি উল্টো নিজের ভক্তিশূন্য দম্ভই প্রকাশ করে ফেলেছিলেন।মহাপ্রভুর সহজ অথচ গভীর উত্তরে বল্লভ ভট্টের জ্ঞানের অহংকার চূর্ণ করেছিলেন । বল্লভভট্ট মহাপ্রভুর চরণে নতি স্বীকার করে মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন।
💛
"এই মতে রঘুনাথ আইলা নীলাচলে।
মহাপ্রভুর চরণে যাই মিলিলায়কুতুহলে।।
দণ্ড প্রণাম করি ভট্ট পড়িলা চরণে।
প্রভু রঘুনাথ জানি কৈলা আলিঙ্গনে।।
মিশ্র আর শেখরের দণ্ডবৎ জানাইলা।
মহাপ্রভু তাঁ সভার বার্তা পুছিলা।। (চৈ, চ,)
রঘুনাথ ভট্ট গোস্বামী ছিলেন গৌড়ীয় বৈষ্ণবধর্মের অন্যতম প্রধান 'ছয় গোস্বামী'-র একজন, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন বিশিষ্ট অনুসারী ছিলেন । তিনি পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) তপন মিশ্রের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে বৃন্দাবনে ভক্তিযোগের চর্চা ও শ্রীমদ্ভাগবতম পাঠের জন্য পরিচিতি লাভ করেন । রঘুনাথ ভট্ট গোস্বামীর জন্ম ও পরিবার: তিনি পূর্ববঙ্গের পদ্মা নদীর তীরবর্তী রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে বারাণসীতে বসবাস শুরু করেন । চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে ছিলেন, তখন রঘুনাথ তার সেবা করার সুযোগ পান । তিনি প্রায় আঠাশ বছর বয়সে মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনে গমন করেন । বৃন্দাবনে তিনি রাধাকুণ্ডের তীরে বসবাস করতেন এবং সারাদিন কৃষ্ণকথা ও ভজন করতেন। তিনি গোবিন্দ মন্দিরের অন্যতম আয়োজক ছিলেন । তিনি মিষ্টি কণ্ঠে ভাগবত পাঠ করতেন, যা শুনে ভক্তরা মুগ্ধ হতেন । তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী হিসেবে পরিচিত ছিলেন ।
তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্ট গোস্বামী বা ভট্ট রঘুনাথ মহাপ্রভুর পরিবারের ষডগোস্বামীর তিনি অন্যতম। তিনি নীলাচলে রান্না করে মহাপ্রভুকে খাওয়াতেন। তাঁর রন্ধন-পারিপাট্যের কথা বৈষ্ণব গ্রন্থাদিতে বিবৃত আছে। তিনি কাশীক্ষেত্রে বিবিধ শাস্ত্ৰ অধ্যয়ন করেন। বৃন্দাবনে শ্ৰী রূপের সভায় তিনি ভাগবত পাঠ করতেন। তৎকালীন শ্রেষ্ঠ পাঠক ছিলেন।
"নিজ শিষ্যে কহি গোবিন্দ-মন্দির করাইল।
বংশী-মকর-কুণ্ডলাদি ভূষণ করি দিল।।" (চৈ, চ,)
রঘুনাথ ভট্ট তাঁর ধনী শিষ্য জয়পুরাধিপতি মহারাজ মানসিংহকে দিয়ে শ্রীগোবিন্দ মন্দির নির্মাণ করিয়ে দিয়েছিলেন। সেই অপূর্ব সুন্দর মন্দির বৃন্দাবনে এখনও বিদ্যমান আছে।
💛
"তিন রঘুনাথ নাম হয় আমার গণে।
স্বরূপের রঘুনাথ আজি হৈতে ইহার নামে।।"
এক রঘুনাথ তপন মিশ্রের পুত্র, দুই রঘুনাথ বৈদ্য, তিন রঘুনাথ দাস । রঘুনাথ দাস সপ্তগ্রামের হরিপুর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি গৃহ-পুরোহিত বলরাম আচার্যের নিকট শাস্ত্রাধ্যয়ন করেন। বাল্যকাল থেকেই তাঁর মধ্যে বৈরাগ্যের লক্ষণ প্রকাশ পায়। তিনি হরিদাস ঠাকুরের ব্যক্তিত্ব ও ভক্তিতে মুগ্ধ হয়ে তাঁর সেবা করেন এবং যবন হরিদাসের কৃপাভাজন হন। এসময় চৈতন্যদেবের নাম শুনে তিনি তাঁর চরণে নিজেকে সমর্পণ করেন এবং একদিন গোপনে গৃহত্যাগ করে নীলাচলে তাঁর সঙ্গে মিলিত হন। চৈতন্যদেব তাঁকে স্বরূপ দামোদরের তত্ত্বাবধানে অর্পণ করেন। এজন্য রঘুনাথকে ‘স্বরূপের রঘুনাথ’ বলা হতো।রঘুনাথ দাস ষোলো বছর নীলাচলে ছিলেন। শ্রীচৈতন্য ও স্বরূপ দামোদরের তিরোধানের পর তিনি বৃন্দাবনে রূপ-সনাতনের আশ্রয় গ্রহণ করেন। রঘুনাথ নীলাচল ও বৃন্দাবনে নিত্য জীবনচর্যায় ও প্রসাদ গ্রহণে কঠোর নিয়ম পালন করতেন। তিনি রাধাকুন্ড ও শ্যামকুন্ড উদ্ধার করেন এবং রাধাকুন্ড সংস্কার করে বাকি জীবন সেখানেই অতিবাহিত করেন। শেষ জীবনে তিনি আহার-নিদ্রা বর্জনপূর্বক রাধাকুন্ডের তীরে বসে সর্বদা রাধাকৃষ্ণ নাম জপ করে নিঃসঙ্গ জীবনযাপন করেন। তাঁর আচরণ ও ভজননিষ্ঠা গোস্বামীদের মধ্যেও অতি বিরল। রঘুনাথ দাস রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো: মুক্তাচরিত, স্তবাবলী, দানচরিত বা শ্রীদানকেলিচিন্তামণি, মনঃশিক্ষা, সুরাবলী, শ্রীনামচরিত ইত্যাদি।
💛
"শ্রীবৈষ্ণব এক-বেঙ্কটভট্ট নাম।
প্রভুকে নিমন্ত্রণ কৈল করিয়া সস্মান।।
নিজ ঘরে লৈয়া কৈল পাদ প্রক্ষালন।
সেই জল সবংশেতে করিল ভক্ষণ।।"
গোপাল ভট্ট দক্ষিণ ভারতের শ্রী বেঙ্কট ভট্টজীর পুত্র।
দাক্ষিণাত্যের পবিত্র তীর্থক্ষেত্রগুলির মধ্যে শ্রীরঙ্গক্ষেত্রের মাহাত্ম্য অপরিসীম। কাবেরী নদীর তীরবর্তী বেলগুঁড়ি গ্রামে অবস্থিত শ্রীরঙ্গনাথের মন্দিরে একদিন এক অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করছিলেন শ্রীসম্প্রদায়ভুক্ত বৈষ্ণব পণ্ডিত বেঙ্কট ভট্ট। সেখানে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু, যাঁর ভাবাবেশ দর্শনে সমবেত ভক্তসমাজ বিস্ময়ে মুগ্ধ। সেই অনুপম মহাপুরুষকে গভীর শ্রদ্ধায় নিজের গৃহে আমন্ত্রণ জানালেন বেঙ্কট ভট্ট। গৃহে আগমনের পর তিনি নিজের হাতে মহাপ্রভুর চরণ ধৌত করেন এবং সেই চরণামৃত পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করেন। কিন্তু তাঁর দশ বছর বয়সী পুত্রের আচরণ ছিল অন্যরকম। গৃহে প্রবেশের মুহূর্ত থেকেই বালকটি বিস্ময়ে অভিভূত হয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে থাকে। যেন কোনো অদৃশ্য আকর্ষণে তার দৃষ্টি স্থির হয়ে গেছে—চোখ ফেরাবার শক্তিও তার নেই। একসময় মহাপ্রভুর দৃষ্টি এসে পড়ল সেই বালকের উপর। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন শিশুটির লাবণ্যময় মুখাবয়ব ও তার অন্তর্নিহিত ভাব। হঠাৎ করেই স্নেহভরে দু’হাত বাড়িয়ে তাঁকে কোলে তুলে নিলেন। মহাপ্রভুর চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল এবং সেই অশ্রু শিশুটির মস্তক ও ললাট ভিজিয়ে দিল। ঐশী স্পর্শের তীব্রতা সহ্য করতে না পেরে বালকটি একবার কেঁপে উঠে অচেতন হয়ে পড়ে। এই সৌভাগ্যবান শিশুটি আর কেউ নন—ভবিষ্যতে যিনি গৌড়ীয় বৈষ্ণব জগতের অন্যতম প্রধান আচার্য হিসেবে পরিচিত হন, শ্রীলগোপাল ভট্ট গোস্বামী। শ্রীল রূপ ও সনাতন গোস্বামীর সহচর এবং বৃন্দাবনে শ্রীচৈতন্যদেবের ভাবধারার অন্যতম প্রবর্তক ছিলেন তিনি। জীবনে মহাপ্রভুর সান্নিধ্য তিনি লাভ করেছিলেন মাত্র কয়েক মাস। কিন্তু সেই অল্প সময়ের স্মৃতি তাঁর হৃদয়ে এমনভাবে স্থায়ী হয়েছিল যে, দীর্ঘ পঁচাশি বছর তিনি সেই স্মৃতি ও নির্দেশকে ধারণ করে কাটিয়েছিলেন। বিদায়ের সময় মহাপ্রভু বেঙ্কট ভট্টকে বলেছিলেন—এই বালককে সুশিক্ষায় শিক্ষিত করো, পাণ্ডিত্য অর্জন করুক; তবে তাকে কখনো গৃহস্থজীবনে আবদ্ধ কোরো না। বালক গোপাল ভট্টকেও নির্দেশ দেন যে, পিতা-মাতার জীবদ্দশায় তাঁদের সেবা করবে, পরে বৃন্দাবনে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি শাস্ত্র অধ্যয়নে নিমগ্ন হয়ে পড়েন এবং অল্পকালেই পাণ্ডিত্য ও সাধনায় খ্যাতি অর্জন করেন। পিতা-মাতার অন্তর্ধানের পর তাঁর পার্থিব কর্তব্য শেষ হয়। অন্তরে তখন একমাত্র আকাঙ্ক্ষা—প্রভুর দর্শন। যদিও মনে ছিল পুরীতে যাওয়ার বাসনা, মহাপ্রভুর নির্দেশ স্মরণ করে তিনি বৃন্দাবনের পথ ধরেন। সেখানে রূপ ও সনাতন গোস্বামী তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করেন।
বৃন্দাবনে তাঁর আগমনের সংবাদ পেয়ে মহাপ্রভু গভীর আনন্দ প্রকাশ করেন এবং রূপ-সনাতনের কাছে বার্তা পাঠান যেন তাঁকে আপন ভ্রাতার মতো স্নেহে রাখেন। তাঁর উদ্দেশ্যে মহাপ্রভুর স্বহস্তে লিখিত পত্র, সঙ্গে প্রভুর ব্যবহৃত আসন, কৌপীন ও অন্যান্য বস্ত্র পৌঁছে যায়। এই অপ্রত্যাশিত কৃপা পেয়ে গোপাল ভট্ট গভীর আবেগে আপ্লুত হন। তিনি সেই দানকে নিজের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ বলে মনে করেন।
স্বভাবতই তিনি ছিলেন অতিশয় বিনয়ী। ব্যক্তিগত খ্যাতি বা প্রতিষ্ঠার প্রতি তাঁর কোনো আকর্ষণ ছিল না। তাই অনেক আচার্যদের মতো তিনিও নিজের পরিচয় আড়ালে রাখতে পছন্দ করতেন। তাঁর জীবনের অনেক ঘটনা তাই ইতিহাসে অল্পই লিপিবদ্ধ হয়েছে। তবে শাস্ত্রচর্চা, হরিনাম এবং ভক্তিসাধনাই ছিল তাঁর জীবনের মূল সাধনা।
উত্তরভারত ভ্রমণের সময় গণ্ডকী নদী থেকে তিনি এক শালগ্রামশিলা লাভ করেন এবং অত্যন্ত ভক্তিভরে তার সেবা শুরু করেন। একদিন বৃন্দাবনে আগত এক ধনবান ভক্ত বিভিন্ন মন্দিরে বিগ্রহদের জন্য অলঙ্কার ও পোশাক দান করলে গোপাল ভট্টের মনে ক্ষীণ অভিলাষ জাগে—যদি তাঁর শালগ্রামেরও অঙ্গপ্রত্যঙ্গ থাকত, তবে তিনিও এইসব অলঙ্কারে সাজাতে পারতেন। ভক্তের আন্তরিক বাসনা ভগবান কখনো অগ্রাহ্য করেন না। পরদিন দেখা গেল সেই শালগ্রামশিলা অলৌকিকভাবে এক মনোহর বিগ্রহরূপ ধারণ করেছেন। আনন্দাশ্রুতে ভিজে গেল গোপাল ভট্টের চোখ। সেই বিগ্রহের নাম রাখা হয় “শ্রী রাধারমণ”। পরবর্তী জীবন তিনি সম্পূর্ণভাবে এই রাধারমণজির সেবায় উৎসর্গ করেন। জীবনের অন্তিমপর্বে শরীর দুর্বল হয়ে পড়লে তিনি বৈষ্ণব সমাজ ও শাস্ত্রসম্পদের দায়িত্ব শ্রীল জীব গোস্বামীর হাতে অর্পণ করেন। অধিকাংশ সময় তিনি রাধারমণের ধ্যানে নিমগ্ন থাকতেন, নিরন্তর হরিনাম ও সেবায় দিন কাটত তাঁর।
পরবর্তীতে বৃন্দাবন থেকে গোপাল ভট্টের নীলাচলে এসে প্রভুর সাথে মিলিত হন, এবং মহাপ্রভুর আজ্ঞায় নীলাচলে কিছুকাল বসবাসের পর, মহাপ্রভু তাঁকে বৃন্দাবনে গিয়ে রূপ ও সনাতন গোস্বামীর সাথে মিলিত হয়ে ভক্তি প্রচারের নির্দেশ দেন । মহাপ্রভুর আজ্ঞা শিরোধার্য করে গোপাল ভট্ট বৃন্দাবনে গমন করেন এবং সেখানে শ্রীমদ্ভাগবত চর্চা ও ভজন সাধন করেন । পরবর্তীকালে, বৃন্দাবনে অবস্থানকালেই তাঁর সেবিত শালগ্রাম শিলা থেকে স্বয়ং শ্রীরাধারমণ জীউর বিগ্রহ প্রাকট্য ঘটে । বৃন্দাবন থেকে গোপাল ভট্টের নীলাচল গমন ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়, যা তাঁকে সরাসরি মহাপ্রভুর লীলা এবং পরে বৃন্দাবনের ভজন ধারার সাথে যুক্ত করেছিল।....
এই মত মহাপ্রভুর নীলাচলে বাস।
সঙ্গের ভক্তগণ লঞা কীর্তন-বিলাস।। "
🌷-------------🌷
🌹( ৬ ৯ )🌹
💛শ্রীগৌরাঙ্গ সমুদ্র, আর ভক্ত রায় রামানন্দ যেন মেঘ ;
'সঞ্চার্য রামাভিধভক্তমেঘে স্বভক্তিসিদ্ধান্তচয়ামৃতানি। গৌরাব্ধিরেতৈরমুনা বিতীর্ণৈ-স্তজ্ জ্ঞত্বরত্নালয়তাং প্রয়াতি।।''
' (চৈ;চ;-১/৮/শ্লোক-১)'
শ্রীগৌরাঙ্গ সমুদ্র, আর ভক্ত রায় রামানন্দ যেন মেঘ। সমুদ্র থেকে যেমন মেঘে জল সঞ্চারিত হয়, তেমনি রায় রামানন্দরূপ মেঘে স্বভক্তি সিদ্ধান্তরূপ কৃষ্ণভক্তি অমৃত সঞ্চারিত হল। রামানন্দের মুখে সেই সিদ্ধান্তরূপ অমৃত বৃষ্টির মতো ঝরে পড়ে সমুদ্ররূপ মহাপ্রভুতেই আবার ফিরে এল। বৃষ্টির জল সমুদ্রে পড়লে রত্ন জন্মে, তখন সমুদ্রের নাম হয় রত্নাকর, তেমনি রামানন্দের মুখনিঃসৃত সিদ্ধান্তের উপলব্ধিগুলো কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সমুদ্র বা রত্নাকর।
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নবজাগরণিক আবির্ভাবের ফলে এক নতুনতর তত্ত্ব-দর্শনগত পটভূমি রচিত হল। সেই তত্ত্বতে আত্মেন্দ্রিয় প্রীতি-ইচ্ছা অপেক্ষা কৃষ্ণেন্দ্রীয় প্রীতি-ইচ্ছা অর্থাৎ প্রভুকে সেবার মনোভাব উঠে এল। মহাপ্রভু নিজ জীবনকে বৈষ্ণবীয় ধর্ম-দর্শনের সঙ্গে এমন ভাবে সম্পৃক্ত করলেন, যেন তিনিই হয়ে উঠলেন কৃষ্ণভাভদ্যুতি-সুবলিত-কৃষ্ণস্বরূপ, যেখানে কৃষ্ণপ্রাপ্তির জন্য প্রগাঢ় সাধনার মার্গকে তিনি বেছে নিলেন, তাইতো বলা যায় কৃষ্ণের সঙ্গে কান্তারূপ ভক্তের বিপ্রলম্ভ সম্ভোগাত্মক নিরবিচ্ছিন্ন প্রেমানন্দপূর্ণ মিলনই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অন্যতম বিষয়। প্রেমপুরুষ কৃষ্ণের জন্য সাধ্যসাধনের পথই বর্তমান বৈষ্ণবতত্ত্বের বিশ্লেষণের বিষয়। শ্রীকৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্যচরিতামৃত গ্ৰন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে এই তত্ত্ব প্রসঙ্গ উঠে এসেছে। দাক্ষিণাত্য ভ্রমণকালে গোদাবরী নদী তটে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কথোপকথনে সাধ্য-সাধন-তত্ত্বটির সূচনালগ্ন। শ্রীরাধার সান্নিধ্য লাভের এই মহান মহিমা মহাপ্রভুর সন্মুখে রায় রামানন্দ নির্দ্বিধায় ব্যক্ত করতে এতটুকুও কুণ্ঠিত বোধ করেননি, মহাপ্রভু প্রবল উৎকণ্ঠায় যখন রায় রামানন্দের কাছে আরো অধিক জানতে চাইলেন আমাদের জীবনের সাধ্যবস্তু কি বা সাধন মার্গই বা কি ?তখনই বিস্তারিতভাবে উঠে আসে সাধ্য-সাধন-তত্ত্বের সার বস্তুটি, এবং রায় রামানন্দের ব্যাখ্যাই মহাপ্রভুর প্রশ্নের উত্তর হিসেবে মহাপ্রভুর হৃদয়কে কৌতুহল নিবৃত্তি ও সবৈব প্রশান্তি এনে দিয়েছিল।
প্রভু স্নান কৃত্য করি আছেন বসিয়া ।
একভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া।।
নমস্কার কৈল রায়, প্রভু কৈল আলিঙ্গনে।
দুইজনে কথা কহে বসি রহঃস্থানে ।। (চৈ, চ,)"
শ্রীকৃষ্ণচৈতন্যমহাপ্রভু রায়-রামানন্দের সাথে বিদ্যানগরে গোদাবরী নদীর তীরে প্রথম মিলন দিনে মহাপ্রভু এক দরিদ্র বিপ্রগৃহে ভিক্ষা গ্ৰহণ করেছিলেন । পূর্ব নির্ধারিত সংকল্প অনুযায়ী পুনরায় মিলনের জন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় উৎকণ্ঠিত হয়ে আছেন । মহাপ্রভু তার প্রিয় ভক্ত রামানন্দ রায়ের গৃহে অবস্থান করেন নাই, কারণ বিষয়ের সংস্রবে তিনি থাকতেন না, কিন্তু বিষয়ী ভক্তসঙ্গ করতে তিনি কুণ্ঠিত হতেন না । রায় রামানন্দ বহুজন সমাকীর্ণ রাজ প্রাসাদে বাস করতেন । এই জন্য মহাপ্রভু এক নির্জন দরিদ্র বিপ্র গৃহে অতিথি হয়েছেন, তিনি সেখানে পরমানন্দে আছেন । ক্রমে দিবা অবসান সন্ধ্যাদেবী এসে উপস্থিত হলেন । মহাপ্রভু গোদাবরী তটে একটি নির্জন স্থানে বসে আছেন, সুস্নিগ্ধ সান্ধ্যসমীরণ মৃদুমন্দ বইছে,স্বচ্ছসলিলা গোদাবরী কুল কুল নিনাদে যেন মহাপ্রভুর গুণ কীর্তন করছে । তিনি আজ শ্রীযমুনার ভাগ্য পেয়ে প্রেমানন্দে তরঙ্গ ভঙ্গী করে নৃত্য করছেন । শ্রীমন্মহাপ্রভু সন্ধ্যাকালীন নিত্যকৃত্য করে নদী তীরস্থ সুরম্য উপবনের শোভা সন্দর্শন করে প্রেমানন্দে বিভোর হয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে সেই বিপ্রগৃহে রামানন্দ রায়ের অপেক্ষায় উৎকণ্ঠিত হয়ে বসে আছেন । এমন সময় একটি মাত্র ভৃত্য সঙ্গে রায় রামানন্দ অত্যন্ত প্রচ্ছন্ন বেশে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিকট এসে তার শ্রীচরণ বন্দনা করলেন । শ্রীমন্মহাপ্রভু গাত্রোত্থান করে রায় রামানন্দকে প্রেমালিঙ্গন দানে কৃতার্থ করলেন । গোদাবরী নদীর তীরে নির্জন বিপ্রগৃহে উভয়ের মিলন হলো । নির্জনে বসে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ এই সময়ে সাধ্য সাধনতত্ত্ব আলোচনা করেছিলেন।
গোদাবরী তটে তরুলতা পুষ্প শোভিত এই নিভৃত কুটিরে বসে রায় রামানন্দকে শ্রীমন্মহাপ্রভু শক্তি সঞ্চার করে তাঁর মুখ দিয়ে জীবের পরম কল্যানের জন্য নিগৃঢ় বৈষ্ণবতত্ত্ব ও রসতত্ত্ব প্রকাশ করলেন । রায় রামানন্দ হলেন বক্তা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু হলেন শ্রোতা ও প্রশ্নকর্তা । এই এক অপূর্ব কৌশল জাল বিস্তার করে কলির প্রচ্ছন্ন অবতার তার প্রচ্ছন্নত্ব রক্ষা করলেন, ব্যাসবাক্যের মর্যাদা রক্ষা করলেন, 'ছন্ন কলৌ' শ্লোকের সার্থকতা সিদ্ধ করলেন । শ্রীমন্মহাপ্রভু প্রশ্নোত্তর রায় রামানন্দ যে সকল অতি নিগৃঢ় রসতত্ত্ব ও বৈষ্ণবীয় ভজন তত্ত্বোপদেশ কথার অরতারণা করেছেন তা এ পর্যন্ত এমনভাবে ও পুঙ্খানুপুঙ্খরূপে আলোচিত হয় নাই । সনাতন বৈষ্ণব জগতে এ এক অতুলনীয় সামগ্ৰী।
শ্রী চৈতন্যমহাপ্রভু যে চারজন ব্যক্তিত্বের সাথে কৃষ্ণভাবনামৃতের সবচেয়ে গোপনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলেন, তাদের মধ্যে শ্রী রামানন্দ রায় ছিলেন একজন। রাধা ও কৃষ্ণের প্রেমময় সম্পর্কের অতীন্দ্রিয় জ্ঞানের ক্ষেত্রে তাঁকে এতটাই শ্রেষ্ঠ কর্তৃত্ববাদী বলে মনে করা হয় যে, নীলাচলে শ্রীচৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর গোস্বামীর সাথে দিনরাত ভগবান শ্রীকৃষ্ণের লীলা নিয়ে আলোচনা করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা সম্পর্কে তাদের প্রধান সহকারী হিসেবে বিবেচনা করা হয়।
স্বরূপ দামোদর বা স্বরূপ দামোদর পুরুষোত্তম আচার্য ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব সাধক এবং চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি নবদ্বীপে বাস করতেন। তিনি সর্বদা চৈতন্যেদেবের সাথে থাকতেন। তিনি সন্ন্যাস গ্ৰহণের পর
পুরুষোত্তম আচার্য সন্ন্যাসীর পোশাক গ্রহণ করেননি, কেবল শিখা এবং পবিত্র সুতো ত্যাগ করেছিলেন। তার নাম হয় স্বরূপ। এরপর তাঁর সন্ন্যাস - গুরুর আদেশ গ্রহণ করে পুরুষোত্তম আচার্য জগন্নাথ পুরীতে যান। এ সময় চৈতন্যেদেবের সঙ্গে তার পুনরায় দেখা হয়। স্বরূপ দামোদর ছিলেন ব্রজ মণ্ডল ধামের ললিতা সখীর অবতার। নবদীপ লীলায় ললিতা সখী স্বরূপ দামোদর গোস্বামী রূপে আবির্ভূত হন। স্বরূপ দামোদর সর্বদা ভগবানের নিকট থাকতেন। ভগবান যে মেজাজেই থাকুক না কেন, স্বরূপ দামোদর ভগবানের অভ্যন্তরীণ অনুভূতিকে বৃদ্ধির উদ্দেশ্যে কীর্তন করতেন।যে সময়ে স্বরূপ দামোদর পুরীতে আসেন, সেই সময়েই শ্রী রামানন্দ রায় বিদ্যানগর থেকে আসেন। শ্রী রামানন্দ রায় মহান কবি ছিলেন এবং খুব মার্জিত শৈলীতে সবকিছু ব্যাখ্যা করতে পারতেন। শ্রী চৈতন্যমহাপ্রভু গোদাবরী নদী তীরে দক্ষিণ ভারতের রামানন্দ রায়ের নিকট থেকে ভক্তিতত্ত্ব, প্রেমতত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, রস তত্ত্ব এবং অন্যান্য বিষয়ের বহু মূল্যবান ও গোপন কথা শ্রবণ করেছিলেন।
'রামানন্দের কৃষ্ণকথা, স্বরূপের গান।
বিরহ বেদনায় প্রভুর রাখয়ে প্রাণ।।
রাত্রি হইলে স্বরূপ রামানন্দে লৈঞা।
আপন মনের বার্তা কহে উঘাড়িয়া'।।
'প্রাণ কৃষ্ণ হারাইয়া,
তার গুণ সোঙরিয়া,
মহাপ্রভু সন্তাপে বিহ্বল।
যায়-স্বরূপের কণ্ঠধরি,
কহে আহা হরিহরি,
ধৈর্য গেল হইল চপল।।'
( চৈ ; চ ; )
শ্রীপুরুষোত্তম আচার্য্যের পিতা পদ্মগর্ভাচার্য ৷ শ্রীহট্টের অন্তর্গত ভিটাদিয়া গ্রামে পিতৃনিবাস ৷ নবদ্বীপের শ্রীজয়রাম চক্রবর্তী আপন কন্যার সঙ্গে বিবাহ দিয়ে পদ্মগর্ভকে নবদ্বীপে নিয়ে আসেন ৷ পুরুষোত্তমের নবদ্বীপেই জন্ম ৷ পুরুষোত্তমের জন্মের পর পত্নী-পুত্রকে নবদ্বীপে রেখে পদ্মগর্ভ অধ্যয়নের জন্য প্রথমে মিথিলা, পরে কাশীধামে উপস্থিত হন ৷ শ্রীল মাধবেন্দ্রের গুরুদেব শ্রীপাদ লক্ষ্মীপতি পুরীর সঙ্গে সাক্ষাৎ হলে পদ্মগর্ভ লক্ষ্মীপতির নিকট দীক্ষিত হয়ে ভিটাদিয়ায় ফিরে আসেন ৷ ভিটাদিয়ায় তিনি পুনরায় বিবাহ করেছিলেন, এই পত্নীর নাম কমলা ৷ কমলার গর্ভে পদ্মগর্ভের যে পুত্র জন্মে তাঁর নাম লক্ষ্মীনাথ ৷ মনে হয়, গুরুদেব লক্ষ্মীপতির নাম অনুসারে লক্ষ্মীনাথ নাম রাখা হয়েছিল ৷ মাতামহের গৃহে প্রতিপালিত পুরুষোত্তম নিমাই পণ্ডিতের বাল্যবন্ধু ৷ সেইজন্য পূর্ববঙ্গ ভ্রমণকালে নিমাই পণ্ডিত পুরুষোত্তম কনিষ্ঠ লক্ষ্মীনাথের গৃহে দুই-একদিন অবস্থান করেছিলেন ৷ শ্রীগৌরাঙ্গদেব সন্ন্যাস গ্রহণ করলে পুরুষোত্তম মনের দুঃখে কাশীধামে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেন ৷ সন্ন্যাস-গ্রহণের সময় দীক্ষিত শিষ্যকে দশনামী সম্প্রদায়ের গিরি, পুরী, ভারতী প্রভৃতি আপন আপন গুরুর উপাধি গ্রহণ করতে হয় ৷ এই উপাধি গ্রহণের সময় স্ব-স্ব সম্প্রদায়-প্রচলিত প্রথামত একখণ্ড বস্ত্র (যোগপট্ট) পৃথক্ পৃথক্ ছান্দে শিষ্যের দেহের ঊর্দ্ধাংশে কণ্ঠ বক্ষ ও পৃষ্ঠে বাঁধিবার বিধি আছে ৷ যোগপট্ট গ্রহণের পর শিষ্য গুরুর উপাধি গ্রহণ করেন, তৎপূর্বে নয় ৷ পুরীর শিষ্য পুরী, তীর্থের শিষ্য তীর্থই,এইই নিয়ম ৷ পুরুষোত্তম সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কিন্তু যোগপট্ট গ্রহণ করেন নাই ৷ শ্রীচৈতন্যচরিতামৃতে উল্লিখিত আছে;—
'সন্ন্যাস করিল শিখা সূত্র ত্যাগরূপ ৷
যোগপট্ট না লইল নাম হইল স্বরূপ'৷৷
পুরুষোত্তম সন্ন্যাস নিলেন, নাম হল দামোদর ৷ কিন্তু যোগপট্ট না নেওয়ায় স্বরূপ দামোদর নাম হল ৷ শ্রীপাদ নিত্যানন্দও সন্ন্যাস গ্রহণ করেছিলেন ৷ কিন্তু যোগপট্ট না নেওয়ায় তিনিও নিত্যানন্দ স্বরূপ নামে অভিহিত হতেন ৷ নিত্যানন্দ অবধূত সম্প্রদায়ভুক্ত ছিলেন ৷ ব্রহ্মাবধূত, শৈবাবধূত, ভৈরবাবধূত, শাক্তাবধূত, বৈষ্ণবাবধূত ইত্যাদি অবধূতের সম্প্রদায়ভেদ আছে ৷ কাশীধামের গুরু শ্রীচৈতন্যানন্দ স্বরূপকে বেদান্ত পড়াচ্ছিলেন, কিন্তু শঙ্করাচার্যের মায়াবাদ দামোদরকে উত্যক্ত করে তুলল ৷ তিনি পুরীধামে শ্রীমহাপ্রভুর পদপ্রান্তে এসে উপস্থিত হলেন। কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য-চরিতামৃতে দামোদরের কথা বলতে গিয়ে বলেছেন—
'কৃষ্ণ রস তত্ত্ব বেত্তা দেহ প্রেমরূপ ৷
সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ'৷৷
আবাল্য পরিচিত বন্ধু, বন্ধুকে বড় মর্যাদার চক্ষে দেখেন না ৷ একসঙ্গে খাওয়া-শোওয়া ওঠা-বসা-পরস্পর পরস্পরকে ভালভাবেই জানেন ৷ এই জন্যই মর্যাদার কোন প্রশ্ন থাকে না ৷ কিন্তু সে বন্ধুই যদি অকপটে একজন আর একজনের মহত্ত্ব স্বীকার করেন— শুধু মহত্ত্ব স্বীকার নয়, পরমেশ্বরবুদ্ধিতে একেবারে পদপ্রান্তে প্রণত হন, তবে তার প্রামাণ্য যে শতশাস্ত্র প্রমাণ হতেও অধিকতর গুরুত্বসম্পন্ন, এ কথা সকলকেই স্বীকার করতে হবে ৷ কোন স্বার্থ নাই, কোন অভিসন্ধি নাই; কোন হেতু নাই, কোন প্ররোচনা বা প্রলোভন নাই, সুতরাং নিষ্কিঞ্চনের এই স্বীকৃতির মূল্য প্রচুর ৷ স্বরূপ দামোদর পণ্ডিত, অনন্য-সাধারণ রসবেত্তা, অধ্যাত্মশাস্ত্রের তথ্য ও তত্ত্বে তাঁর অসামান্য অধিকার, স্বরূপ দামোদর মহানুভব।
যে ঋষি-সম্প্রদায় ব্রহ্মকে রসস্বরূপ বলে, মধু বলে, ভূমা বলে, আনন্দ বলে জেনেছিলেন ও জানিয়েও ছিলেন়, স্বরূপ দামোদর সেই ঋষিকুলেরই যোগ্যতম উত্তরাধিকারী ৷ এই সত্যদ্রষ্টা মহাপ্রভুর বিষয়ে বলতেন;—
'শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো বানয়ৈবা স্বাদ্যো যেনাদ্ভুতমধুরিমা কীদৃশো বা মদীয়ঃ ৷ সৌখ্যং চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভাৎ তদ্ভাবাঢ্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ'৷৷ (চৈ ; চ; )
উদ্ধৃত শ্লোকে লক্ষ্য করবার বিষয় দুটি—শ্রীরাধার প্রণয়-মহিমা, আর শ্রীকৃষ্ণের মদীয় মধুরিমা ৷ বুঝতে কোন বাধা নাই যে, শ্রীরাধার প্রণয়মাধুর্য শ্রীকৃষ্ণ আস্বাদন করেছিলেন শ্রীবৃন্দাবনে । ইয়ত্তা করিতে পারেন নাই সেই প্রণয়ের মহিমায় ৷ শ্রীকৃষ্ণ আপন মাধুর্যের কথা আপনি জানেন না; বরং স্বমহিমার কথাটা কিছু কিছু তাঁহার জানা আছে ৷ শ্রীপাদ স্বরূপ দামোদরের পূর্বে এমন সুস্পষ্টভাবে গৌরাঙ্গাবতারের গূঢ় রসহ্য কেউ ব্যক্ত করেন নাই ৷ মহাপ্রভুকে ভূতলে অবতারিত করবার একতম কারণ শ্রীল অদ্বৈত আচার্য৷ আচার্যই তাঁকে এনেছিলেন, তাঁকে চিনিয়েও দিয়েছেন ৷ যে দিন সন্ন্যাসী গৌরহরি সন্ন্যাস-গ্রহণের পর প্রথম শান্তিপুরে শুভাগমন করলেন শ্রীলঅদ্বৈতমন্দিরে, অবতারের নব রঙ্গমঞ্চে অবতরণের নান্দীপাঠ করলেন আচার্য;—
'কি কহব রে সখি আনন্দ ওর ৷
চিরদিনে মাধব মন্দিরে মোর'৷৷
বৈকুণ্ঠের নারায়ণ নন, ইনি বৃন্দাবনের মাধব ৷ শ্রীবাস অঙ্গনেরই নাটুয়া ইনি, কিন্তু এ নর্তকের এই নূতনতম লীলানাট্যের নিগূঢ় ইঙ্গিতটি আচার্য নিজ মন্দিরে নিজ মুখেই প্রকাশ করলেন ৷ তবে সে ইঙ্গিত বুঝিবার সামর্থ্য সকলের ছিল না ৷ তাই স্বরূপ দামোদরকে এই পরিচয়ের ভার গ্রহণ করতে হয়েছিল ৷ অতঃপর যাঁরা জেনেছেন, তাঁরা স্বরূপ দামোদ-কথিত পরিচয়ের সূত্র ধরেই অগ্রসর হয়েছেন ৷ অবশ্য চিনেছেন জেনেছেন আপন আপন অনুভূতির সহায়তায়, কিন্তু অনুভরে পথ-প্রদর্শক স্বরূপ দামোদর ৷
শ্রীকৃষ্ণের অন্তর্নিহিত অভিলাষ— শ্রীরাধার প্রণয়-মহিমা কেমন, শ্রীরাধা আমার যে মাধুর্য আস্বাদন করেন, সে মাধুর্য কেমন, আর সেই মাধুর্য আস্বাদন করে শ্রীরাধা যে আনন্দ পান সে আনন্দ কেমন— এই তিনটি বস্তু আস্বাদন করবার জন্যই রাধা-ভাবাঢ্য— শ্রীরাধার ভাবে বিভাবিত, রাধাভাবে ধনী, শ্রীকৃষ্ণচন্দ্র শচীগর্ভসিন্ধু হতে সমুদিত হয়েছেন ৷ ব্রজে শ্রীরাধার প্রেমমাধুর্য তাঁকে যে ঋণে বন্দী করেছিল, উক্ত তিন বস্তুর আস্বাদন সে ঋণ-পরিশোধেরই নামান্তর ৷ বিশ্বের ঋণভার নিজ মস্তকে গ্রহণপূর্বক সমগ্র বিশ্বের প্রতিনিধি বিশ্বেশ্বর আপনি এই ঋণ পরিশোধের জন্য প্রাণ পণ করেছেন ৷ দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ পরিশোধের দায়িত্ব যাঁদের স্মরণে ছিল, তাঁরাও এই আনন্দের ঋণের কথা জানতেন না— এই অপরিশোধ্য ঋণপরিশোধের চেষ্টা না করলে যে প্রত্যবায় আছে, সে কথা বুঝতে পারতেন না ৷ শ্রীমন্ মহাপ্রভু সেই গুরুদায়িত্ব গ্রহণ করেছিলেন ও বিশ্ববাসীকে এই ঋণের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন, ঋণ-পরিশোধের পথ দেখিয়েছিলেন, এইই মহাপ্রভুর চির-অনর্পিত বস্তু দানের মহাবদান ৷ কেমন করে এই ঋণ পরিশোধ করতে হবে, মহাপ্রভু তারও উপায় নির্দেশ করেছেন ৷ এই ঋণ অপরিশোধ্য, পরিশোধিত হয় না ৷
'স্বরূপকে পেয়ে ভাল হৈল।
যেন আরও দুই নেত্র পাইল'।।
পূর্বাশ্রমের নাম পুরুষোত্তম আচার্য মহাপ্রভুর অত্যন্ত মর্ম রসের সাগর, তিনি মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার দুঃখে কাশীতে গিয়ে সন্ন্যাসী চৈতন্যানন্দের কাছে সন্ন্যাস নিলেন কিন্তু শিখাসূত্র ত্যাগ করলেন না, নিলেন না যোগপট্ট। নিজ স্বরূপেই অবস্থান করলেন বলে নাম হল স্বরূপ দামোদর। গুরু বললেন বেদান্ত পড়ো আর সকলকে পড়াও, স্বরূপ দামোদর এর উত্তরে বললেন, কৃষ্ণ ছাড়া আমি কিছু জানি না, কৃষ্ণ ভজনা করবো বলেই আমার এই সন্ন্যাস নেওয়া, তিনি সন্ন্যাস গুরু চৈতন্ন্যানন্দের অনুমতি নিয়ে নীলাচলে চলে এলেন। দাক্ষিণাত্য থেকে মহাপ্রভু ফিরেছেন, স্বরূপ মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়ে বললেন, প্রভু অসামান্য কৃপা আমার জীবনে প্রকাশিত করো। প্রভু স্বরূপকে আলিঙ্গন করে বললেন, আমি জানি তুমি আসবে, তুমি না এলে কৃষ্ণকথার আনন্দ আস্বাদন করি কি করে ? মহাপ্রভু স্বরূপের জন্য নিভৃত বাসস্থান ঠিক করে দিয়ে পার্ষদদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। নীলাচলবাসী ভক্তদের মধ্যমণি স্বরূপ দামোদর। 'সন্ন্যাসী পার্ষদ যত ঈশ্বরের হয়, দামোদর স্বরূপের সমান কেহ নয়':- স্বরূপ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, প্রেমময় দেহ, কৃষ্ণরসতত্ত্বের জাগ্ৰত বিগ্রহ, স্বরূপ পাণ্ডিত্যের চূড়ামণি, তিনি নিঃশব্দে, নির্জনে, কৃষ্ণ-তন্ময়তার আনন্দে থাকেন, তিনি সঙ্গীতে গন্ধর্ব, আবার শাস্ত্রজ্ঞানেও বৃহস্পতি। শুধু পাণ্ডিত্যে নয়,তাঁর রসবোধ ও ভক্তি সিদ্ধান্তে মহাপ্রভুর সবিশেষ শ্রদ্ধা। প্রভু স্বরূপকে পেয়ে 'ভাল হৈল যেন আরও দুই নেত্র পেল'-- নীলাচলে গৌড়ীয়ভক্তরা পৌঁছলে মহাপ্রভুর নির্দেশে স্বরূপই মালা-প্রসাদ দিয়ে অভ্যর্থনা করলেন। রথের সামনে মহাপ্রভু তাণ্ডব নৃত্য করছেন, নৃত্যের শেষে প্রভু স্বরূপকে বললেন গান ধরো,প্রভুর মনোগত ভাব বুঝে স্বরূপ গান ধরলো- 'সেইত পরাণ-নাথ পাইলুঁ, যাহা লাগি মদন-দহনে ঝুরি গেলুঁ,'..... --রাধিকার বুঝি আরও কথা আছে, মহাপ্রভুও হাত তুলে সেই শ্লোকটি আবৃত্তি করলেন-
'যঃ কৌমারহরঃ স এব হি বরঃ...-- একবার নয় রাধাভাবে প্রভু বারবার শ্লোকটি বলছেন, এই শ্লোকের অর্থ স্বরূপ ছাড়া আর কারুর কাছে স্বচ্ছ নয়। একমাত্র স্বরূপই জানে প্রভু কেন বারবার এ শ্লোক পড়ছেন, স্বরূপই যে প্রভুর অন্তরঙ্গ, যেমন ব্রজলীলায় ললিতা ছিলেন শ্রীরাধার । প্রভু যখন নীলাচল থেকে গৌড়ে যাচ্ছেন তখন স্বরূপ সঙ্গী, আবার প্রভু যখন ঝারিখণ্ডের পথে বৃন্দাবন যাবেন তখনও সেই স্বরূপের সঙ্গেই পরমর্শ । প্রভু বৃন্দাবন যাত্রা করলে সেই স্বরূপই সকলকে প্রভুর নির্দেশের কথা জানালেন কেউ যেন প্রভুকে অনুসরণ না করে। বৃন্দাবন থেকে প্রভু ফিরেছেন সে সংবাদও নবদ্বীপে স্বরূপই পাঠালেন। তালপাতায় লেখা শ্রীরূপ গোস্বামীর লেখা শ্লোক আবিস্কার করে সেই স্বরূপকেই পড়তে দিলেন, দেখ কত সুন্দর লিখেছে-- 'প্রিয়ঃ সোহয়ং কৃষ্ণঃ সহচরী'...-- আশ্চর্য, রূপ আমার অন্তরের বার্তা জানল কী করে ? স্বরূপ বললে তোমার কৃপা ছাড়া তোমার মনের ভাব বুঝে এমন কার সাধ্য, এ শুধু তোমারই কৃপা দৃষ্টি ? প্রভু বললেন, হ্যাঁ, প্রয়াগে যখন রূপকে দেখি তখনই মনে হয়েছিল রূপ যোগ্য ব্যক্তি । আমি ওকে ভক্তিতত্ত্ব শুনিয়েছি, তুমি ওকে রসতত্ত্বের যে বিশেষত্ব আছে তুমি ওকে শুনিও ? স্বরূপ বললে তোমার কৃপা ছাড়া প্রতিভা অসম্ভব। মহাপ্রভুকে দর্শন করতে বারো দিন পায়ে হঁটে রঘুনাথ এল নীলাচলে, প্রভু স্বরূপকে বললেন দেখ ছেলেটা কেমন কৃশ হয়ে গেছে,মুখখানিও ম্লান, স্বরূপ তুমি এর ভার নাও,একে তুমি ছত্র-ভৃত্যরূপে অঙ্গীকার করো, আজ থেকে ওর নাম হল 'স্বরূপের রঘুনাথ'। মহাপ্রভু স্বয়ং রঘুনাথের হাত ধরে স্বরূপের হাতে তুলে দিলেন।
'দামোদর আগে স্বাতন্ত্র্য না হয় কাহার ৷ তাঁর ভয়ে সভে করে সঙ্কোচ ব্যবহার॥ প্রভুর গণে যার দেখে অল্প মর্যাদা-লঙ্ঘন ৷ বাক্যদণ্ড করি করে মর্যাদা স্থাপন॥'
(চৈ, চ,-৩/৩/৪৩—৪৪)
শ্রীস্বরূপদামোদরের মত প্রেমময় কৃষ্ণ-রস-তত্ত্ববেত্তা এবং মহাপ্রভুর হৃদয়তত্ত্ববেত্তা দ্বিতীয় ছিল না ৷ স্বরূপ দামোদর সম্পর্কে স্বয়ং মহাপ্রভু এই উক্তিটি করেছেন--
'দামোদর স্বরূপ প্রেমরস মূর্তিমান্।
যাঁর সঙ্গে হৈল ব্রজের মধুর-রস জ্ঞান॥' (চৈ;চ;-৩-৭-৩০)
এই সমস্ত কারণের জন্যই স্বরূপ দামোদরকে বলা হয়- মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ ৷ স্বরূপ দামোদর শাস্ত্রে বৃহস্পতিতুল্য মহাপণ্ডিত তো ছিলেনই এবং সঙ্গীতেও গন্ধর্ব সমান এমনই সুমিষ্ট কণ্ঠের অধিকারী ছিলেন যে, সহস্র কোকিলের সুমধুর ধ্বনি এবং সেই সাথে সহস্র কিন্নর কণ্ঠীর সুমধুর ধ্বনি একত্রিভূত হলেও স্বরূপ দামোদরের সমান মিষ্ট হত না ৷ স্বরূপ দামোদরের সুললিত কণ্ঠ নিঃসৃত মধুরাতিমধুর সঙ্গীত অমৃতের নদী হয়ে মহাপ্রভুর হৃদয়কে প্লাবিত করে দিত, তাহাতে মহাপ্রভু প্রেমোন্মাদনায় মেতে থাকতেন ৷ স্বরূপ দামোদর মহাপ্রভুর মনের ভাব অনুধাবন করতে পারতেন ৷ তাই মহাপ্রভুর কৃষ্ণ বিরহ দশায় তাঁর মনের ভাব অনুযায়ী ভাগবতের শ্লোক এবং বিদ্যাপতি , চণ্ডীদাস, গীতগোবিন্দের পদ সুমধুর স্বরে কীর্তন করে স্বরূপ দামোদর সর্বদা মহাপ্রভুর আনন্দ দান এবং ভাবের পুষ্টি সাধন করতে পারতেন ৷ ভক্তিসিদ্ধান্ত বিরুদ্ধ কোন কথা শ্রবণ করলে মহাপ্রভু মনে মনে কষ্ট পেতেন ৷ মহাপ্রভুর মনের ভাব স্বরূপ দামোদর বুঝতে পারতেন বলে তিনি নিয়ম করে দিয়েছিলেন-কেউ কিছু রচনা করে মহাপ্রভুকে শোনাবার জন্য আনলে প্রথমে স্বরূপ দামোদর সেটি পরীক্ষা করে দেখবেন ৷ শ্রীজগন্নাথ মন্দির, রাজপথ, সমুদ্র সৈকত যে কোন স্থানে যখনই মহাপ্রভুর বিরহ ও মহাভাবের উদয় হত তখনই মহাপ্রভুকে নিয়ে যত বিপদের সম্ভাবনা দেখা দিত, সেই অবস্থায় স্বরূপ দামোদরই ঠিক সময় মত মহাপ্রভুকে রক্ষা করতেন ৷ অর্থাৎ দয়াময় মহাপ্রভুর মনের ভাব স্বরূপ দামোদর পরিপূর্ণভাবে বুঝতে পারতেন বলেই মহাপ্রভুকে সদাসর্বদা সর্বতোভাবে আগলে রাখতে পারতেন ৷ মহাপ্রভুর গম্ভীরা লীলাতে বিশেষভাবে রামানন্দ রায় নিত্যদিন গভীর রাতে মহাপ্রভুকে শয়নে দিয়ে নিজের বাসভবনে চলে যেতেন, তখন শুধুমাত্র স্বরূপ দামোদরই মহাপ্রভুর পাশে থেকে গোবিন্দের সাহচর্যে বিনিদ্র রাত্রি যাপন করে মহাপ্রভুকে রক্ষা করতেন ৷ রামানন্দ রায় এবং স্বরূপদামোদর সমগ্র গম্ভীরা লীলার সর্বত্রই মহাপ্রভুর মুখ্য সঙ্গীরূপে বিরাজমান ছিলেন ৷ এই বিষয়ে শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে অসংখ্য পয়ার আছে, যার মধ্যে মাত্র কয়েকটি উল্লেখ করছি যাতে বিষয়টির সত্যতা উপলব্ধি করা যায়--
'রামানন্দের কৃষ্ণকথা, স্বরূপের গান।
বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ॥' (চৈ ; চ;- ৩/৬/৫)।
'দিনে নৃত্য, কীর্তন, ঈশ্বর-দরশন ৷
রাত্রে রায় স্বরূপ সনে রস-আস্বাদন ॥' (৩/১১/১১)।
'স্বরূপ গোঁসাঞি আর রামানন্দ রায় ৷
রাত্রিদিনে করে দোঁহে প্রভুর সহায় ॥' (৩/১১/১৪)।
'অতঃপর মহাপ্রভু বিষন্ন অন্তর।
কৃষ্ণের বিয়োগ-দশা স্ফুরে নিরন্তর ৷৷' (৩/১২/৩)।
'হা ! হা কৃষ্ণ ! প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন ।
কাঁহা যাও, কাঁহা পাঙ মুরলীবদন।।' (৩/১২/৪)।
'রাত্রি দিনে এই দশা স্বাস্থ্য নাহি মনে ৷
কষ্টে রাত্রি গোঙায় স্বরূপ-রামানন্দ সনে ॥' (৩/১২/৫)।
'এই মত গৌরপ্রভু প্রতি দিনে দিনে ৷
বিলাপ করেন স্বরূপ-রামানন্দ সনে।।' (৩/১৫/২৩)।
'সেই দুই জন প্রভুর করে আস্বাসন।
স্বরূপ গায়,রায় করে শ্লোক পঠন॥' (৩/১৫/২৪)।
এই মত মহাপ্রভু বৈসে নীলাচলে ৷
রজনী দিবস কৃষ্ণবিরহে বিহ্বলে ॥ (৩/২০/২)।
'এই দুজনার সনে রাত্রিদিনে।
রসগীত শ্লোক-আস্বাদনে ॥ (৩/২০/৩)
'হর্ষে প্রভু কহে, শুন স্বরূপ রাম রায় ৷
নাম সংকীর্তন কলৌ পরম উপায় ॥' (৩/২০/৭)।
" চণ্ডীদাস বিদ্যাপতি ,
রায়ের নাটক গীতি ,
কর্ণামৃত শ্রীগীতগোবিন্দ ৷
স্বরূপ রামানন্দসনে , মহাপ্রভু রাত্রিদিনে ,
গায় শুনে পরম আনন্দ॥' (চৈ, চ,-২/২/৬৬)
আরও এমন অনেক পয়ার শ্রীশ্রীচৈতন্যচরিতামৃতে আছে ! এখন শেষের পয়ারটিতে একটু আলোকপাত করা যাক ৷ এই পয়ারটি হতে স্পষ্টতই বুঝতে পারা যায়, গম্ভীরায় বিবিধভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু চণ্ডীদাস ও বিদ্যাপতির পদাবলী, রায় রামানন্দের জগন্নাথবল্লভ নাটক, শ্রীবিল্বমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণকর্ণামৃত এবং শ্রীজয়দেব গোস্বামীর শ্রীশ্রীগীতগোবিন্দ থেকে স্বীয় ভাবানুকুল পদ কখনও নিজে কীর্তন করতেন, আবার কখনও রামানন্দ রায় বা স্বরূপ দামোদর কীর্তন করে মহাপ্রভুকে শোনাতেন ৷ মহাপ্রভুর আস্বাদ্য কাব্য বা গ্রন্থের মধ্যে শ্রীকৃষ্ণকর্ণামৃত, রামানন্দ রায়ের শ্রীজগন্নাথবল্লভ নাটক এবং শ্রীজয়দেব গোস্বামীর শ্রীগীত-গোবিন্দ তিনখানিই সংস্কৃতে রচিত এবং সমস্তই কৃষ্ণলীলা-বিষয়ক ৷ শ্রীবিল্বমঙ্গল ঠাকুর রচিত কর্ণামৃত এবং শ্রীজয়দেব গোস্বামী রচিত শ্রীগীতগোবিন্দ আধ্যাত্ম জগতে অত্যন্ত সুবিদিত ৷ জগতে শত শত লেখকের অগণিত গ্রন্থ থাকতেও দীর্ঘ বারো বছর গম্ভীরালীলায় মহাপ্রভু উপরি উল্লেখিত ঐ পাঁচজন লেখকের পাঁচখানি গ্রন্থের— রসমাধুর্যই শুধু আস্বাদন কর তেন কেন ? ঐ পাঁচজন লেখক এবং তাঁদের পাঁচখানি গ্রন্থ থেকে একটু আলোকপাত করা যাক ৷ বৈষ্ণবকবি চণ্ডিদাস ও তাঁর পদাবলী— চণ্ডীদাস বৈষ্ণবপদ-সাহিত্যের সেরা কবি ৷ তাঁর পদাবলীতে কীর্তন জগৎ এবং বৈষ্ণব সাহিত্যে এক অভিনব সৃষ্টি ৷ তাঁর পদাবলীর ভাব অতি গম্ভীর অথচ অত্যন্ত সরল ভাষা ৷
শ্রীরাধাকৃষ্ণের অপার্থিব প্রেম-বৈচিত্রের সুপরিস্ফুট মর্মস্পর্শী চিত্রাঙ্কনে কবি চণ্ডীদাসের পদাবলী অতুলনীয় ৷ যেমন—
"সই, কেবা শুনাইল শ্যাম-নাম ৷
কানের ভিতর দিয়া
মরমে পশিল গো ,
আকুল করিল মোর প্রাণ॥
না জানি কতেক মধু
শ্যাম-নামে আছে গো ,
বদন ছাড়িতে নাহি পারে ৷
জপিতে জপিতে নাম ,
অবশ করিল গো ,
কেমনে পাইব সই তারে ॥"
এখানে বিশেষভাবে লক্ষ্য করতে হবে কলিপাবন মহাপ্রভু জগজ্জীবের উদ্ধার কল্পে যে প্রেম-মাখা নামের ডালি নিয়ে অবতীর্ণ হন, কবি চণ্ডীদাস তাঁর রচিত পদের মাধ্যমে সেই মধু হতে মধুময় নামের তীব্র আকর্ষণ শক্তির উল্লেখ করে শ্রীরাধাঠাকুরাণীর মাধ্যমে নামীর শ্রীমূর্তির সুশীতল পদ তল আহ্বান করেছেন ৷ মনে হয় এই কারণেই মহাপ্রেমিক সন্ন্যাসী মহাপ্রভু গম্ভীরাতে অবস্থানকালীন চণ্ডীদাসের রচিত পদ প্রাণ ভরে পান করে রাধাভাবের নিগূঢ় অমৃতস্পর্শে আত্মহারা হয়ে থাকতেন ৷ এছাড়াও
কবির অন্য একটি পদে—
"বঁধূ তুমি সে আমার প্রাণ
দেহ মন আদি তোমারে সঁপেছি
কূলশীল জাতি মান ॥
অখিলের নাথ তুমি হে কালিয়া
যোগীর আরাধ্য ধন ৷
গোপ-গোয়ালিণী হাম অতি দীনা
না জানি ভজন পূজন ॥
পিরীতি রসেতে ঢালি তনু মন
দিয়াছি তোমার পায় ৷
তুমি মোর পতি তুমি মোর গতি
মন নাহি আন ভায় ॥
কলঙ্কিনী বলি ডাকে সব লোকে
তাহাতে নাহিক দুখ ৷
তোমার লাগিয়া কলঙ্কের হার
গলায় পরিতে সুখ ॥
সতী বা অসতী তোমাতে বিদিত
ভাল মন্দ নাহি জানি ৷
কহে চণ্ডীদাস পাপ পুণ্য সম
তোমার চরণ খানি ॥"
এই পদটিতে— শ্রীকৃষ্ণের প্রতি রাধিকাদেবীর যে গভীর অনুরাগ তারই প্রতিচ্ছবি কবি চণ্ডীদাসের এই পদটিতে চরমতম রূপে ফুটে উঠেছে ৷ যাঁকে ভালোবেসেছেন, তাঁর জন্য মান সম্ভ্রম, সুখ-দুঃখ যত কিছু প্রতিবন্ধকতা জীবনে আছে বা আসে শ্রীমতীরাধিকাদেবী সব কিছুকে উপেক্ষা করে সেই কৃষ্ণপ্রেম সাগরে নিজেকে চিরতরে নিমজ্জিত করেছেন ৷ এখন শুধু প্রয়োজন চিরদয়িতের সহিত চিরমিলনের প্রার্থনা এবং তারই রসময় সুমধুর ভাব প্রকাশিত হয়েছে বৈষ্ণব কবি চণ্ডীদাসের অপূর্ব ছন্দময় এই লেখনীর মাধ্যমে ৷ মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রতি শ্রীরাধিকাদেবীর গভীর অনুরাগময় আবেদনে অভিভূত হয়ে স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের কাছে বার বার চণ্ডীদাসের পদ শুনে গম্ভীরায় ভাব বিহ্বল হয়ে পড়তেন।....
-------------🌹🌹-------------
🌹 ( ৭ ০)🌹
🌹💛'বিরহের এই চরম দশাই হলো 'প্রেমের পরাকাষ্ঠা'। যেখানে ভক্ত ভগবানের থেকে আলাদা হওয়া সহ্য করতে পারেন না। মহাপ্রভু তখন কেবল এক সন্ন্যাসী নন, তিনি ছিলেন বিরহিণী রাধার মূর্ত প্রতীক।....
"রামানন্দের কৃষ্ণকথা, স্বরূপের গান।
বিরহ বেদনায় প্রভুর রাখয়ে পরাণ॥" (চৈ, চ,-৩/৬/৫)
‘স্বরূপের কায়-বাক্য-মনও মহাপ্রভুতে আবিষ্ট ; বল্লভ ভট্টকে স্বরূপ সম্বন্ধে মহাপ্রভু বলেছিলেন, ‘স্বরূপ দামোদর মূর্তিমান প্রেমরস’,ব্রজের গোপী প্রেম ও মধুর রসের সংবাদ আমি স্বরূপের কাছেই জেনেছি । প্রভু গম্ভীরায় শুয়েছেন আর দ্বারপ্রান্তে শুয়েছে স্বরূপ আর গোবিন্দ। প্রতিদিন অনেক রাত্রি পর্যন্ত প্রভু নাম করেন, সেদিন রাত্রে প্রভুর সাড়া না পেয়ে দরজা খুলে দেখে প্রভু নেই, বাইরের দরজা ভেতর থেকে বন্ধ তাহলে প্রভু কোথায় ? মশাল নিয়ে খুঁজতে বেরুল ভক্তসঙ্গে স্বরূপ ও গোবিন্দ, খুঁজতে গিয়ে দেখল প্রভু জগন্নাথের মন্দিরের সিংহদুয়ারের সামনে পড়ে আছে, দেহ নিশ্চেতন, ঠিকমত নিঃশ্বাষ পড়ছে না, চোখ শিবনেত্র, মুখ দিয়ে আলো ঝরছে। সকলভক্ত শোকে-দুঃখে বিমূঢ় হয়ে গেল। স্বরূপ প্রভুর কানে কৃষ্ণ-নাম বলতে লাগলো, ভক্তরাও কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। ধীরে ধীরে কৃষ্ণনাম প্রভুর হৃদয়ে প্রবেশ করতেই বাহ্যজ্ঞান ফিরে এল প্রভুও হরিবোল বলে গর্জন করে উঠলেন, স্বরূপকে প্রভ জিজ্ঞেস করলেন আমরা কোথায় ? বাসায় চল সব বলছি, সকলে ধরাধরি করে গম্ভীরায় প্রভুকে নিয়ে গেল। স্বরূপ বললেন তাঁর অন্তর্ধানের কথা, দেহ বিস্তারের কথা। আর একদিন প্রভু চটক পর্বতকে গোবর্ধন ভেবে প্রমাবেশে ছুটলেন, স্বরূপ গিয়ে শীতলতর কৃষ্ণনামে প্রভুকে সুস্থ করে গম্ভীরায় আনলেন। আরেকদিন প্রভু উদ্যান দেখে প্রেমাবেশে বৃন্দাবন ভাবলেন, স্বরূপকে বললেন আমাকে গান শোনাও, স্বরূপ গীত-গোবিন্দ, কখনো বিদ্যাপতি,কখনো বা চণ্ডীদাসের পদ গেয়ে শোনাতে লাগলো যাতে প্রভুর দুঃখের অবসান হয়। অন্য একদিন মধ্যরাতে প্রভুর কোন সারা শব্দ না পেয়ে স্বরূপ আর গোবিন্দ মশাল নিয়ে খুঁজতে বেড়িয়ে দেখল তিন-দুয়ার পেড়িয়ে প্রভু সিংহদুয়ারের বাইরে যেখানে গরু ছিল সেখেনে প্রভু মূর্ছিত হয়ে পড়ে আছেন আর গরুগুলো প্রভুর শরীরের ঘ্রাণ নিচ্ছে, প্রভুর কি আকৃতি, প্রভুর মুখে ফেনা, অঙ্গে পুলকরোমাঞ্চ, নয়নে অশ্রুধারা। স্বরূপের অনেকক্ষণ কৃষ্ণকীর্তন পর প্রভুর বাহ্যজ্ঞান ফিরে এল। স্বরূপ দামোদর মহাপ্রভুকে ভাগবতের শ্লোক শোনাতে লাগলো। ‘যমুনাতে জলকেলি গোপীগণ সঙ্গে, কৃষ্ণ করে, মহাপ্রভু মগ্ন সেই রঙ্গে, ইঁহা স্বরূপাদিগণ প্রভু না দেখিয়া, কাঁহা গেলা প্রভু লখিতে নারিলা’:- একদিন কখন যে মহাপ্রভু মনোবেগে চলে গিয়েছেন, কেউ টের পায়নি, স্বরূপ দামোদর তো মাথায় হাত দিয়ে বসে পড়লো, প্রভু গেলেন কোথায় ? জগন্নাথের মন্দিরে, না চটক পর্বতে, না কোনারকে ? কোথায় যেতে পারেন প্রভু ? প্রভুর খোঁজে ভাগ হয়ে বেড়িয়ে পড়ল ভক্তদল। স্বরূপ দামোদর সমুদ্রের দিকে যেতে রাস্তায় দেখা হল এক জেলের সাথে, সে কাঁধে জাল নিয়ে হাসছে, কখনও বা হরি-হরি বলে কাঁদছে,নাচছে। স্বরূপ জেলেকে জিজ্ঞেস করলো, তুমি এমন করছ কেন, তোমার কী হল ? জেলে যা বর্ণনা দিল, সে সমুদ্রে মাছ ধরতে জাল ফেলে টানতে গিয়ে দেখল খুব টান ধরেছে জালে, ভাবল হয়ত বড় মাছ হবে, কিন্তু ডাঙ্গায় জাল তুলতেই দেখল মাছ নয় এক মরা মানুষ উঠে এসেছে, আমি জাল ছাড়াতেই মড়ার ভূতটা আমার উপর ভড় করেছে, এ আমার কী হল ? শুনে স্বরূপ ব্যকুল হয়ে বললো, চলো আমাকে সেখানে নিয়ে চলো । জেলে আঁতকে উঠলো, ওরে বাবাঃ, সেখানে আর আমি যাবো না, একে চোখ উলটে আছে, তারপর আবার মাঝে মাঝে গোঙ্গাচ্ছে, এ মামুলী ভূত নয়, প্রায় ছ-সাত ফুট লম্বা, অসাধারন ভূত । আমি এখন ওঝার কাছে যাব আমার ভূত ছাড়াতে ? স্বরূপ বললো এ ভূত ছাড়াতে ওঝা পাড়বে না, আমি ছাড়িয়ে দিচ্ছি বলে স্বরূপ জেলের মাথায় হাত রেখে তিন টোকা মাথায় দিল, বললো আর ভুত নেই, তোমার ভূতের অস্থিরতা কাটল কিন্তু এক অস্থরতা তো মার কটার নয় ? জেলে বললো সে আবার কী ? স্বরূপ জেলেকে বললো, সে প্রেমের অস্থিরতা । তুমি যাঁকে জালে টেনে তুলেছ তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু। আমি প্রভুকে স্পর্শ করেছি ? হ্যাঁ, তিনি তোমাকে কৃপাকরে এ স্পর্শ ঘটিয়েছেন,আর তার ফলে তোমার কৃষ্ণপ্রেমোদয় হয়েছে। এবার চলো আমাকে প্রভুর কাছে নিয়ে চলো। চলুন, প্রভু একা শুয়ে আছেন সমুদ্রতটে, প্রেমোৎফুল্ল হয়ে ছুটল জেলে। স্বরূপ গিয়ে দেখল অনেকক্ষণ জলে থাকায় প্রভুর দেহ সাদাটে হয়ে গেছে, দীর্ঘ শিথিল দেহে প্রভু উত্তান-নয়নে শুয়ে আছেন,বালি লেগে আছে শ্রীঅঙ্গে, ভয়ের কিছু নেই দেখে স্বরূপ দামোদর উচ্চকণ্ঠে কৃষ্ণনাম শোনাতে লাগলো, কৃষ্ণনাম শোনাতেই প্রভুর স্বাভাবিক সুস্থ হয়ে উঠলেন, মহাপ্রভুর মরমী ভক্ত স্বরূপ, ভাবাবেশে প্রভু কখনো স্বরূপকে সখী বলে মনে করেন, স্বরূপের ইন্দ্রিয়ে প্রভু তাঁর নিজের ইন্দ্রিয় আবিষ্ট করে স্বরূপের গীতসুধা আস্বাদন করেন, স্বরূপের কাছেই কায়-বাক্য-মনও প্রভুতে আবিষ্ট, স্বরূপ প্রভুর দ্বিতীয় কলেবর, প্রভুর শেষলীলার কড়চাকর্তা স্বরূপ-দামোদর।...
শ্রীচৈতন্য মহাপ্রভু যে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মিলিত তনু বা সম্মিলিত রূপ, এটি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের একটি মূল ভিত্তি। শাস্ত্রীয় গ্রন্থসমূহে (বিশেষ করে শ্রীচৈতন্য চরিতামৃত ও বিভিন্ন পুরাণে) এর সুষ্পষ্ট প্রমাণ ও ব্যাখ্যা পাওয়া যায়।শ্রীচৈতন্য চরিতামৃতে--গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রের সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ 'শ্রীচৈতন্য চরিতামৃত'-এ কবিরাজ গোস্বামী পরিষ্কারভাবে এই তত্ত্ব ব্যাখ্যা করেছেন--
"রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি'।
অন্যোন্যে বিলসে রস আস্বাদন করি'।।
সেই দুই এক এবে চৈতন্য গোসাঞি।
ভাব আস্বাদিতে দোঁহে হইলা এক ঠাঁই।।" অর্থাৎ-
রাধা ও কৃষ্ণ স্বরূপত এক হলেও রসের আস্বাদনের জন্য তাঁরা দুই দেহ ধারণ করেছিলেন। কলিযুগে সেই রাধা-ভাব এবং কৃষ্ণের স্বরূপ একত্রিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন।
স্বরূপ দামোদরের কড়চায়--মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী তাঁর কড়চায় (ডায়েরি বা শ্লোক সংগ্রহে) এই নিগূঢ় তত্ত্বটি লিখেছেন--
"রাধাকৃষ্ণ-প্রণয়বিকৃতিহ্লাদিনীশক্তিরস্মাৎ
একাত্মানাবপি ডুবি পুরা দেহভেদং গতৌ তৌ।
চৈত্রন্যাখ্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমপ্তং
রাধাভাবদ্যুতিসুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম।।" অর্থাৎ-
রাধা ও কৃষ্ণ এক আত্মা হওয়া সত্ত্বেও
অনাদিকাল থেকে পৃথক দেহ ধারণ করে আছেন। কিন্তু এখন (কলিযুগে) সেই দুই স্বরূপ একত্রিত হয়ে শ্রীচৈতন্য নামে প্রকট হয়েছেন। তিনি কৃষ্ণই, কিন্তু শ্রীরাধার ভাব ও অঙ্গকান্তি (দ্যুতি) দ্বারা আবৃত।
শ্রীভাগবতে রয়েছে--
শ্রীমদ্ভাগবতে (১১/৫/৩২) একটি অতি চর্চিত শ্লোক রয়েছে যা মহাপ্রভুর আগমনের ইঙ্গিত দেয়--
"কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্রপার্ষদম্।
যজ্ঞৈঃ সংকীর্তনপ্রায়ৈর্যজন্তি হি সুমেধসঃ।।"
কৃষ্ণবর্ণং: তিনি মুখে নিরন্তর 'কৃষ্ণ' নাম উচ্চারণ করেন।
ত্বিষাকৃষ্ণং: তাঁর গায়ের রঙ কৃষ্ণ (কালো) নয়, বরং উজ্জ্বল গৌরবর্ণ (শ্রীরাধার গায়ের রঙের মতো)
শ্রীচৈতন্য মহাপ্রভু যে রাধা-কৃষ্ণের মিলিত তনু, তার সবচেয়ে শক্তিশালী এবং চাক্ষুষ প্রমাণ পাওয়া যায় রায় রামানন্দের সাথে তাঁর মিলন কালে। এই ঘটনাটি 'শ্রীচৈতন্যচরিতামৃতে'
(মধ্যলীলা, অষ্টম পরিচ্ছেদ) অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। একে "সাধ্য-সাধন তত্ত্ব" আলোচনা বা "রায় রামানন্দ সংবাদ" বলা হয়। চলুন সেই অলৌকিক ঘটনার বিবরণ--
রায় রামানন্দের সেই বিচিত্র দর্শন দক্ষিণ ভারত ভ্রমণে গিয়ে গোদাবরী নদীর তীরে মহাপ্রভুর সাথে রায় রামানন্দের (যিনি ব্রজলীলায় বিশাখা সখী ) দেখা হয়। রামানন্দ ছিলেন পরম পণ্ডিত এবং গভীর অনুরাগী ভক্ত। মহাপ্রভুর তত্ত্ব আলোচনার গভীরে গিয়ে রায় রামানন্দ এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন।রামানন্দ দেখলেন, গৌরবর্ণের আড়ালে কৃষ্ণ:
মহাপ্রভুর গায়ের রঙ কাঁচা সোনার মতো (গৌর), কিন্তু তাঁর হাবভাব এবং অন্তরের টান সম্পূর্ণ কৃষ্ণের মতো।
তিনি বিস্ময়ে মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন:
"প্রথমে দেখিনু তোমারে সন্ন্যাসী-স্বরূপ।
এবে তোমারে দেখি আমি শ্যাম-গোপ-রূপ।।"
(চৈতন্য চরিতামৃত)
অর্থাৎ, প্রথমে আপনাকে একজন সন্ন্যাসী হিসেবে দেখলাম, কিন্তু এখন আপনার মধ্যে আমি এক গোপাল বালক বা শ্যামসুন্দরের রূপ দেখতে পাচ্ছি!
মহাপ্রভুর যুগল রূপ প্রদর্শনে রামানন্দের সংশয় দেখে মহাপ্রভু আর গোপন থাকলেন না। তিনি রামানন্দকে তাঁর আসল স্বরূপ দেখালেন। সেই রূপটি ছিল 'রাসরাজ' (কৃষ্ণ) এবং 'মহাভাব' (রাধা) এর এক অদ্ভুত সংমিশ্রণ। শাস্ত্র বলছে:
"তবে হাসি' তাঁরে প্রভু দেখাইল স্বরূপ।
'রসরাজ' 'মহাভাব'—দুই এক রূপ।।"
রূপের বর্ণনায় রামানন্দ দেখলেন, মহাপ্রভুর দেহটি সোনার বর্ণে ঢাকা কিন্তু তাঁর ভিতর থেকে ফুটে উঠছে বংশীধারী শ্যামসুন্দরের মাধুর্য। অর্থাৎ, কৃষ্ণ যখন রাধার প্রেমের রঙে নিজেকে ঢেকে ফেলেন, তখনই তিনি শ্রীচৈতন্য। এই রূপ দেখে রায় রামানন্দ আনন্দে মূর্ছিত হয়ে পড়েছিলেন। এই ঘটনাটি শ্রেষ্ঠ প্রমাণ কেন ? না ! স্বয়ং প্রকাশ: এখানে মহাপ্রভু কোনো তর্কের মাধ্যমে নয়, বরং সরাসরি নিজের রূপ পরিবর্তন করে দেখিয়েছিলেন যে তিনি আসলে রাধা-কৃষ্ণের মিলিত সত্তা। এর তাত্ত্বিক ভিত্তিতে বলা যায়, এই ঘটনায় কৃষ্ণ (যিনি রসের আস্বাদনকারী বা রসরাজ) এবং রাধা (যিনি প্রেমের পরাকাষ্ঠা বা মহাভাব) একীভূত হয়েছেন।
আরও একটি বিশেষ উল্লেখ যোগ্য ঘটনা হল;জগন্নাথ মন্দিরে ভাবাবেশে পুরীর জগন্নাথ মন্দিরে গরুড় স্তম্ভের পেছনে দাঁড়িয়ে যখন মহাপ্রভু জগন্নাথকে দেখতেন, তখন তিনি বিরহকাতর রাধার ভাবে এতটাই মগ্ন হতেন যে তাঁর শরীরের হাড়ের সন্ধিগুলো শিথিল হয়ে যেত। একে 'মহাভাব' বলা হয়, যা রাধা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আবার পরক্ষণেই তিনি কৃষ্ণের মতো নৃত্য ও অলৌকিক ঐশ্বর্য প্রদর্শন করতেন। মহাপ্রভুর এই 'গৌর' এবং 'শ্যাম' তত্ত্ব বুঝতে গেলে তাঁর 'অন্তর্লীন ভাব' বোঝা খুব জরুরি।
যখন শ্রীচৈতন্য মহাপ্রভু রাধারানীর বিরহে উন্মাদ হয়ে মূর্ছিত হয়ে পড়তেন—তখন কী হতো ? শাস্ত্রে বলা হয়েছে—এটি কোনো সাধারণ অচেতন হওয়া নয়। এটি ছিল রাধাভাবের মহাসমুদ্র, যেখানে স্বয়ং কৃষ্ণ রাধার প্রেমে ডুবে গিয়ে নিজের সত্তাকেই ভুলে যেতেন। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত-এ লিখেছেন—
মহাপ্রভু রাধারানীর ভাব ধারণ করে অনুভব করতেন সেই যন্ত্রণা, যে যন্ত্রণা রাধারানী কৃষ্ণ-বিরহে প্রতিক্ষণে সহ্য করেন।
রাধার বিরহ মানে শুধু প্রিয়ের অনুপস্থিতি নয়—এ হল এমন এক আগুন, যেখানে দেহ পুড়ে যায়, মন গলে যায়, আর আত্মা কেবল একটিই নাম ডাকে—“কৃ ষ্ণ… কৃ ষ্ণ…” আর সেই বিরহ যখন কৃষ্ণ নিজেই অনুভব করেন— তখন তিনি আর কৃষ্ণ থাকেন না, তিনি হয়ে ওঠেন শ্রীচৈতন্য মহাপ্রভু।
তখন মহাপ্রভুর দেহে কী হতো ? শাস্ত্র বলে— • কখনো দেহ হঠাৎ লম্বা হয়ে যেত, • কখনো শরীর কঠিন হয়ে পড়ে থাকত নিথর, • নিঃশ্বাস ক্ষীণ হয়ে যেত,• চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা ঝরত, • হৃদয় এত জোরে কাঁপত যে পাশে থাকা ভক্তরা ভয়ে কেঁপে উঠতেন। কখনো তিনি মাটিতে পড়ে থাকতেন, মুখ গড়িয়ে জল, আর ঠোঁট থেকে বেরোত শুধু একটাই শব্দ— “হা রাধে… হা প্রাণনাথ…” রাধারানী কৃষ্ণ-বিরহে যেভাবে যমুনার জলে ঝাঁপ দিতেন,
ঠিক সেই ভাবেই মহাপ্রভু কখনো সমুদ্রে ঝাঁপ দিতেন। ভক্তরা দৌড়ে গিয়ে তাঁকে উদ্ধার করতেন, আর দেখতেন— চোখ বন্ধ, দেহ নিথর, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি, যেন তিনি অন্য কোনো লীলা জগতে প্রবেশ করেছেন। কেন তিনি মূর্ছিত হতেন ? কারণ—এই বিরহ সহ্য করার ক্ষমতা মানুষের দেহে নেই। এই বিরহ দেবতাদেরও নেই। এই বিরহ কেবল শ্রী রাধারানীর হৃদয়ের সম্পত্তি। আর মহাপ্রভু সেই হৃদয়ের গভীরে প্রবেশ করেছিলেন ।
ভক্তরা কাঁদতেন—“প্রভু, আমাদের ছেড়ে যাবেন না…” কিন্তু মহাপ্রভু তখন আর বাহিরের জগতে ছিলেন না। তিনি তখন বৃন্দাবনে, রাধারানীর পাশে দাঁড়িয়ে, নিজেরই প্রেমে নিজেই জ্বলে যাচ্ছিলেন। কারণ সেই প্রেম ছিল এমন এক আগুন,
যা বাহির থেকে জ্বলে না, হৃদয়ের গভীরতম স্তর থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তিনি ছিলেন কৃষ্ণ,
কিন্তু সেই মুহূর্তে তিনি আর কৃষ্ণ ছিলেন না। তিনি ছিলেন রাধার হৃদয়ের ভিতরে বন্দী হয়ে পড়া এক প্রেমিক। যে প্রেম শুধু চাওয়া জানে, পাওয়া নয়। নিজেরই প্রেমে তিনি কাঁদছিলেন, কারণ সেই প্রেমে কোনো অভিযোগ নেই,
কিন্তু যন্ত্রণা অসীম। রাধারানী যেভাবে প্রতিটি নিঃশ্বাসে
“কৃষ্ণ নেই”—এই বেদনা বহন করেন, মহাপ্রভু ঠিক সেই বেদনাকেই নিজের দেহে ধারণ করেছিলেন। তাই তাঁর দেহ সহ্য করতে পারত না। হৃদয় কাঁপত, শ্বাস থেমে আসত,
চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত অবিরাম। এ কোনো দুর্বলতা ছিল না—এ ছিল প্রেমের চূড়ান্ত শক্তি। তিনি জ্বলে যাচ্ছিলেন,
কারণ সেই প্রেমে শান্তি নেই, কিন্তু ত্যাগ আছে। সান্ত্বনা নেই,
কিন্তু আত্মসমর্পণ আছে। নিজেরই প্রেমে তিনি মূর্ছিত হয়ে পড়তেন, কারণ এই প্রেম ধারণ করার ক্ষমতা
মানুষের দেহে নেই। এই প্রেম ধারণ করার ক্ষমতা
শুধু রাধারানীর হৃদয়ের আছে। আর মহাপ্রভু সেই হৃদয়ের দরজা খুলে ঢুকে পড়েছিলেন। সেই কারণেই— তিনি পড়ে থাকতেন নিথর, কিন্তু সেই নিথরতার ভিতরে ছিল এক জীবন্ত বৃন্দাবন। যেখানে রাধা কাঁদছেন, আর কৃষ্ণ সেই কান্নার আগুনে নিজেই পুড়ে যাচ্ছেন ।
ভক্তি মানে কথা নয়, ভক্তি মানে সাজানো অনুভূতি নয়, ভক্তি মানে প্রাণ উজাড় করে দেওয়া। যে প্রেমে চোখ দিয়ে জল নামে, বুক কেঁপে ওঠে, সেই প্রেমই সত্যিকারের প্রেম।
যখন আমরা মহাপ্রভুর এই বিরহ ভাব পড়ি, তখন চোখের জল থামানো যায় না— কারণ এখানে ঈশ্বর কাঁদছেন… আর ঈশ্বরের চোখের জল সহ্য করার শক্তি কার আছে ?
বিরহের চরম দশা (দিব্যোন্মাদ)
দিব্যোন্মাদ অবস্থায় গম্ভীরায় থাকাকালীন এক পূর্ণিমা রাতে শ্রীচৈতন্যমহাপ্রভু সমুদ্রের বিশাল নীল জলরাশি ও গর্জন শুনে তাকে কী মনে করেছিলেন ?
শ্রীচৈতন্য মহাপ্রভুর নীলাচল (পুরী) জীবনের শেষ বারোটা বছর ছিল এক বিরহ-গাথা। এই সময়ে তাঁর যে অবস্থা হয়েছিল, তাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় 'দিব্যোন্মাদ'। তিনি গম্ভীরায় (তাঁর থাকার ছোট কক্ষ) বাস করতেন এবং নিজেকে শ্রীমতী রাধারাণী মনে করে কৃষ্ণের বিরহে দিন-রাত ছটফট করতেন। গম্ভীরায় বিরহ-জ্বালার সময শ্রীচৈতন্য- মহাপ্রভুর অন্তিম দশার সঙ্গী ছিলেন কেবল দুজন—স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ। স্বরূপ দামোদর তাঁর হৃদয়ের ভাব অনুযায়ী কীর্তন করতেন এবং রায় রামানন্দ কৃষ্ণলীলার শ্লোক পড়তেন। মহাপ্রভুর অবস্থা তখন এমন যে, তিনি এক মুহূর্তের জন্যও কৃষ্ণকে ভুলতে পারতেন না। রাত হলে তাঁর বিরহ-বেদনা কয়েক গুণ বেড়ে যেত। গম্ভীরার সংকীর্ণ ঘরে তিনি কৃষ্ণ-বিরহে উন্মত্ত হয়ে পড়তেন। তাঁর মনে হতো কৃষ্ণ বৃন্দাবনে লুকিয়ে আছেন, আর তিনি তাঁকে খুঁজে পাচ্ছেন না। এই তীব্র বিরহে তাঁর শরীর কখনও আড়ষ্ট হয়ে যেত, কখনও আবার তাঁর অস্থিরতা সীমা ছাড়িয়ে যেত।
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর এই দশা বর্ণনা করে লিখেছেন:
"হা হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্রনন্দন!
কোথা গেলে পাব আমি তোমার দর্শন? ॥"
"রাত্রি-দিন কৃষ্ণের বিরহ-উন্মাদ।
হাসে, কান্দে, নাচে, গায়, করয়ে বিষাদ ॥"
(অন্ত্য, ১৫/৫-৬)
বিরহের তিনটি প্রধান দশা:
১. অনিদ্রা: মহাপ্রভুর চোখে ঘুম ছিল না। তিনি ভাবতেন, "কৃষ্ণ বিরহে রাধারাণী কি ঘুমাতে পেরেছিলেন? আমি তবে কেন ঘুমাবো?" সারা রাত তিনি কৃষ্ণের নাম করে ডুকরে কেঁদে উঠতেন।
২. বাহ্যজ্ঞান লোপ: মহাপ্রভু মাঝেমধ্যে ভুলে যেতেন তিনি কোথায় আছেন। তাঁর মনে হতো তিনি পুরীতে নন, বৃন্দাবনে যমুনার তীরে দাঁড়িয়ে আছেন। এই ভাবকে বলা হয় 'তদাত্মিকা ভাব' (নিজেকে রাধারাণীর সাথে একাত্ম করা)।
৩. শারীরিক বিকার: বিরহের আগুনে মহাপ্রভুর শরীর তপ্ত হয়ে থাকত। তাঁর দীর্ঘশ্বাস আগুনের মতো গরম বের হতো। কখনও কখনও যন্ত্রণায় তিনি গম্ভীরার দেওয়ালে নিজের মুখ ঘষতেন, যার ফলে তাঁর মুখ থেকে রক্ত বের হতো। স্বরূপ দামোদর তাঁকে আগলে রাখতেন।
ঘটনাটি ছিল এক শুক্লপক্ষের জ্যোৎস্না রাতের। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চারদিকে নীল জ্যোৎস্নার আলো ঝরে পড়ছে। মহাপ্রভু গম্ভীরায় বসে কৃষ্ণবিরহে পাগলপ্রায় হয়ে আছেন। তাঁর কানে যেন বৃন্দাবনের বাঁশির সুর ভেসে আসছে। স্বরূপ দামোদর ও রামানন্দ রায় তাঁকে কৃষ্ণকথা শুনিয়ে সবেমাত্র বিদায় নিয়েছেন। মহাপ্রভু একাকী ঘরে বসে আছেন। তাঁর মনে হলো, এই নীল জ্যোৎস্না আসলে কৃষ্ণের গায়ের কান্তি। বাইরের সমুদ্রের গর্জন তাঁর কানে যমুনার স্রোতের মতো বাজতে লাগল। চৈতন্যচরিতামৃতের বর্ণনায়:
"রাত্রি-কালে স্বরূপ-রামানন্দ-পাশে।
কৃষ্ণ-কথা কহি’ প্রভু করিলা উল্লাসে ॥"
"স্বরূপ-রামানন্দ গেলা নিজ-নিজ ঘরে।
প্রভু একা গম্ভীরাতে শয়ন করে ॥"
কিন্তু শ্রীকৃষ্ণের বিরহ যার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাঁর কি আর শয্যায় মন টেকে? মহাপ্রভু হঠাৎ গম্ভীরার দরজা (যা বাইরে থেকে বন্ধ থাকত) খুলে বাইরে বেরিয়ে এলেন। তিনি সমুদ্রের দিকে তাকালেন। সেই বিশাল নীল জলরাশি আর তাতে প্রতিবিম্বিত চন্দ্রালোক দেখে তিনি ভাবলেন—"এই তো যমুনা! আর ওই নীল জলে কৃষ্ণ জলকেলি করছেন!" এই ভাবনায়, মহাপ্রভুকে সেই মারাত্মক ঝম্পের (ঝাঁপ দেওয়ার) দিকে নিয়ে যায়। বিরহের এই চরম দশাই হলো 'প্রেমের পরাকাষ্ঠা'। যেখানে ভক্ত ভগবানের থেকে আলাদা হওয়া সহ্য করতে পারেন না। মহাপ্রভু তখন কেবল এক সন্ন্যাসী নন, তিনি ছিলেন বিরহিণী রাধার মূর্ত প্রতীক।....
''দিনে নৃত্য, কীর্তন, ঈশ্বর-দরশন।
রাত্রে রায় স্বরূপ সনে রস-আস্বাদন।।
এইমত মহাপ্রভুর সুখে কাল যায়।
কৃষ্ণের-বিরহ-বিকার অঙ্গে না আমায়।।"
🌷------ক্রমশঃ--------🌷
🌹৭ ১ নং থেকে 🌹
