নির্ভয় কলরব
নির্ভয় কলরব
মানবাধিকার আজ পদদলিত,
নিপীড়নের নিষ্ঠুর হাতের ছায়ায় ফিলিস্তিনের মাটি আজ রক্ত-রঞ্জিত,
হৃদয়হীনভাবে গণহত্যালীলা চালায় ফিলিস্তিনের সিংহাসনের আশায়,
নির্দোষ কত প্রাণ, কতই অপূর্ণ স্বপ্ন আজ ধূলিসাৎ এই বর্বরতার মুখে,
গাজার আকাশরেখা হতাশার কান্নার প্রতিধ্বনিত,
ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে সারা বিশ্ব আজ নীরব নিস্তব্ধ নিস্তেজ,
বরং তারা অনেকেই অস্ত্রশস্ত্র দিয়ে লড়াইয়ে ইন্ধন জোগায়।
ধ্বংসস্তূপের মধ্যে,
যেখানে বেদনাহত কান্না প্রতিধ্বনিত হয়,
গাজার আকাশের নিচে, যেখানে অশ্রুর স্রোত বয়ে যায়,
প্রতিকূলতার মধ্যেও তারা স্বপ্ন দেখতে সাহস করে,
স্বাধীনতার সংগ্রাম করে যায়,
ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষায়।
অন্যায়ের মুখের ওপর দাঁড়িয়ে তারা বলে,
"স্বাধীন ফিলিস্তিনের জন্য, আমরা উদ্ভাসিত, আমাদের কণ্ঠস্বর কখনো ম্লান হবে না।"
