নীরবতার সুখ
নীরবতার সুখ
তাহার দুঃখে হোক আমার দুঃখ,
তাহার সুখে হোক আমার সুখ,
তাহার গল্পে থাকুক আমারই নাম,
তাতেই মিলুক নীরবতার সুখ।
যদি তাহার পথ হয় কাঁটায় ভরা,
তবুও আমি হবো চিরদিনের সাথী,
তাহার ছায়ায় খুঁজব শান্তির পরশ,
যেমন নীড়ে ফেরে ভোরের পাখি।
তাহার ছায়ায় বসে প্রহর গুনি,
অপেক্ষার দীর্ঘ এক-একটি নিশ্বাসে,
তাহার নামেই জেগে উঠি রোজ,
প্রতিটি নতুন দিনের আশ্বাসে।
তাহার অজান্তেই আমি আজ,
এক অলিখিত গল্পের নায়ক,
যেখানে ভালোবাসা পুরোটাই একতরফা,
তবুও হৃদয় সে সুরেরই গায়ক।
তাহার চোখের নীরব ভাষায়,
পড়ে নিই আমি হৃদয়ের পৃষ্ঠা,
তাহার ওই মিষ্টি হাসির ছায়ায়,
খুঁজে পাই আমার জীবনের দিশা।

