ভোকাট্টা
ভোকাট্টা
আশ্বিন এলেই উড়াই ঘুড়ি রঙিন আকাশ জুড়ে ,
যে আকাশে মনের সুখে শঙ্খচিল বেড়ায় ঘুরে ।
প্রাণের টানে চলে যাই ছুটে সবুজ মাঠের পানে,
আনন্দে আমার হৃদয় নাচে দেবীর আগমনী গানে।
নানা রঙের ছোট বড় ঘুড়ি, তাতে অনেক স্বপ্ন মাখা,
আকাশেতে বেড়ায় ঘুরে,তাকে যায় না ধরে রাখা।
ঝোড়ো হাওয়ায় ছুটে যেতে যায় সাদা মেঘের দেশে,
জানি না সেই কোন সুদূরে থামবে গিয়ে শেষে।
লাটাই হাতে আমি সুতো ছাড়ি আকাশপানে চেয়ে,
তরতর করে উঠে যায় ঘুড়ি আমার স্বপ্নসিঁড়ি বেয়ে।
মাঞ্জা দেওয়া সুতো নিয়ে খেলি ঘুড়ির লড়াই খেলা,
হুঁশ থাকে না কারো কিভাবে কেটে যে যায় বেলা।
দূর আকাশে কখন যে তার সুতোয় বাঁধা টান ছিঁড়ে,
ভোকাট্টা হয়ে চলে যায় সে অজানা দিকশূন্যপুরে।
