ফুল
ফুল
‘ফুল সে হাসিতে হাসিতে ঝরে’—রবিগানের এই পঙ্ক্তিটি শুনে
আমি একটি গোলাপের দিকে তাকিয়ে থাকতাম।
আমার ইচ্ছা ছিল, একদিন তাকে
হাসতে হাসতে মরে যেতে দেখব।
যখনই ছাদে একা দাঁড়িয়ে
গোলাপটির দিকে তাকাতাম,
সে যেন আমারই দিকে চেয়ে
অপলক হাসত।
এমনি করে কেটে গেল অনেক দিন।
একদিন দেখলাম, ধীরে ধীরে
তার গায়ে হলদে দাগ,
পাপড়িতে কুঞ্চিত কালো ছোপ,
আর একদিন—
খড়ের মতোই তার নতশির।
কোথায় গেল তার
হাওয়ায় হিল্লোল তোলা হাসি?
সেও তো আমাদের মতোই
কিছুদিন উৎফুল্ল দিন কাটালো আর
তারপর এলো অসুস্থতা ও মৃত্যু।
আমরা কেন ফুলকে শুধুই হাসতে দেখলাম?
কেন দেখলাম না তার
আর একটু দীর্ঘ জীবনচক্র?
