একটি সাজানো বিবাহ
একটি সাজানো বিবাহ
গোধূলির রঙ ছড়ালো যখন ওই অবেলার পথে,
কনে দেখা আলোয় ঘর গোছালো সায়াহ্নের সাথে।
সান্ধ্য পাখিরা নীড়ে ফেরে পাখা মেলে নীলিমার বুকে,
আমি তখন মন ভাসিয়েছি মনের টানে দিগন্তের দিকে l
যখন নীল দিগন্তে পাখা মেললাম স্বপ্ন ছড়াবো বলে
গোধূলির আভা ক্রমে আঁধারের কোলে রঙ হারালো
রঙহারা স্বপ্নরা আঁধারের ক্যানভাসে তোমায় পেল
সেই লগ্নে দুজনে দুজনের হাতটি ধরলাম মনের নির্জনে,
ইচ্ছে দুজনে মিলে ক্যানভাসের গায়ে স্বপ্ন আঁকবো বলে।
সেই হলো শুরুর কথা -
হাতে হাত রেখে চলা,চোখে চোখে কথা বলা
মনে প্রেমের প্রদীপ জ্বলেছে,জোনাকি সাজিয়েছে বাসর,
মনের ক্যানভাসে রঙ ছড়িয়েছে পূর্ণিমার আলোয়
যখন দীঘির জলে জলকেলিতে মগ্ন হংসমিথুন
তখনি আমাদের স্বপ্ন বুনেছে মায়াবী শিশিরে সময় l
তারপর ! কতদিন কেটে গেলো -
কত রাত ! কত দিন !
কত উজ্জ্বল দুপুর পেরিয়ে গেলো
কখনো গ্রীষ্মের খরা, কখনো শরতের শুভ্রতা
কখনো বর্ষার ধারা, কখনো বসন্তের ছোঁয়ায় জীবনের পূর্ণতা
আজও সেই ক্যানভাস হাসে তোমার আমার প্রেমের ছোঁয়ায়
আজও সময় স্বপ্ন বোনে দুজনের রঙিন মনের কাঁথায়
আজও দুজনের হাতটি থাকে দুজনের হাতের মুঠোয়,
আজও আমার আঁখি নীড়ে তোমার ভাষা খেলে বেড়ায়।
সেদিন হঠাৎ মুচকি হেসে সময় বলে,আর কতদিন হায় !
জীবন এবার সন্ধ্যার কোলে অস্তাচলের ভেলায়,
আমি হেসে বলি, ও তাই বুঝি !
তুমিও হেসে বলো , ভালোই হলো -
এবার দুজন দুজনের হাতটি ধরে
চোখে চোখ রেখে হারাবো অনন্ত ধামে
একসাথে পথ চলা শেষ হবে অনন্তের প্রহরে।

