STORYMIRROR

Biswarup Pramanick

Others

4  

Biswarup Pramanick

Others

এক টুকরো রোদ্দুর

এক টুকরো রোদ্দুর

1 min
48

অবিশ্রান্ত বারিধারা যদি থমকে যায় কোনো দিন,
ছুটি নেয় ভারাক্রান্ত মেঘলা আকাশ,
নিখিল ভুবন ভরে ওঠে উজ্জ্বল রবি কিরণে,
সেদিন এক টুকরো রোদ্দুর মাখিয়ে দিও আমার শরীরে।

পথভ্রষ্ট পথিক যদি পায় গন্তব্যের হদিশ,
ফুলদানি সেজে উঠে অবহেলিত বনফুলে,
ভোরের আলোয় মুছে যায়, কালো রাতের অভিসন্ধি,
সেদিন এক টুকরো রোদ্দুর মাখিয়ে দিও আমার শরীরে।

 একদিন যদি সুখ এসে ভিড় করে তোমাদের ভাঙ্গা দ্বারে,
নিঃশব্দ ক্রন্দন ঢাকা পড়ে প্রাণ খোলা হাসির আড়ালে,
আগামীর প্রলোভন ভুলিয়ে দেয় আজকের সব অভিযোগ,
সেদিন এক টুকরো রোদ্দুর মাখিয়ে দিও আমার শরীরে।

শুষ্ক নদী বক্ষ যদি ভাসিয়ে দেয় নব জোয়ারের ভালোবাসা,
পূর্ণতা পায় প্রতিশ্রুতির প্রত্যাশা,
নতুন বন্দরে নোঙর গাঁথে ছিন্ন প্রেম সহসা,
সেদিন এক টুকরো রোদ্দুর মাখিয়ে দিও আমার শরীরে।

যেদিন স্তব্ধ হবে আমার হৃদয়ের এলোমেলো স্পন্দন,
অতিথির আগমনে মুখরিত হবে তারাদের গুঞ্জন,
আষ্টেপৃষ্ঠে রাখবে বেঁধে রজনীগন্ধার অন্তিম আলিঙ্গন,
সেদিন এক টুকরো রোদ্দুর মাখিয়ে দিও আমার নিথর শরীরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন