মানবমন্দির
মানবমন্দির
আমায় বেশ সুন্দর দেখতে..
ফর্সা, চৌকো মুখ, টিকালো নাক
রিমলেস ঝকমকে চশমা.. মৃদু, ধারালো চাউনি
আমি কমলা পাঞ্জাবি পরতে ভালোবাসি কারণ আমায় আরো উজ্জ্বল দেখায়।
আমার এখন ভালোই মাইনে
তার উপর বিলেতফেরত হবার পর
আমার গ্রামের আত্মীয়রা
আমার কাছে আসে কেমন যেন মন্দিরে আসার মত
তারা দাঁড়ায় মন্দিরের ঝকঝকে চাতালে
নাড়িয়ে দেয় সুন্দর ঝকঝকে মন্দিরের ঘন্টা
বাচ্চাকে যেন দেখিয়ে বলে
"ওই দেখ কাকুকে,
ওর মতোই হতে হবে,
অনেক উঁচু, পরিষ্কার, দীর্ঘ একটা মন্দির "
আমার চোখও তাদের দিকে তাকায়
উপদেশ কিংবা কিছু ইশারা টলমল করে আমার চোখেতে
আমি বুঝতে পারি
যেন সেই মন্দির টলে উঠে
ধাক্কা লাগে বারবার মন্দিরের ভিতরে লুকানো খাঁজকাটা পাথরে
আমি মনে মনে শুধু চোখ মেলে দেখি
বাচ্চাদের জগৎভোলা খেলা
তাদের বাবা মার কথার আগুন
যেন ধুসর ভাবে জ্বলে
আমার হৃদি নদে টলমল করে ওঠে..
