মায়ের আগমনে আনন্দের জোয়ার
মায়ের আগমনে আনন্দের জোয়ার
2 mins
0
মায়ের আগমনে আনন্দের জোয়ার
আদিত্য ভৌমিক
শরতের আকাশে সাদা মেঘের ভেলা,
কাশফুলে সেজেছে বাংলার প্রতিটি মেলা।
ঢাকের তালে তালে জাগে হৃদয়ের গান,
মা দুর্গার আগমনে আনন্দে ভরে প্রাণ।
আলোর মালায় সেজেছে পাড়ার প্রতিটি ঘর,
মায়ের আগমনী সুরে মেতে উঠেছে নগর।
রঙিন পতাকা উড়ে নীল আকাশের বুকে,
শারদীয়ার আনন্দ নামে সবার চোখেমুখে।
ঢাকের বোলে কেঁপে ওঠে হৃদয়ের আঙিনা,
ধুনুচির ধোঁয়ায় আঁকা হয় ভালোবাসার আলপনা।
লালপেড়ে সাদা শাড়িতে মায়ের ভক্তের দল,
ভক্তি আর আনন্দে আজ উচ্ছ্বসিত সকল।
ঢাকির ঢাকে ছন্দ জাগে, বাজে উৎসবের সুর,
মায়ের মুখের মধুর হাসি করে দুঃখ বহুদূর।
কাঁসরের ধ্বনি ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে,
শত ব্যথার অবসান ঘটে মায়ের ভালোবাসে।
মণ্ডপজুড়ে আলোর খেলা, প্রতিমায় অপরূপ সাজ,
মায়ের চরণে অর্পিত হোক জীবনের সব কাজ।
সিংহবাহিনী দশভুজা মা, শক্তির চিরপ্রতীক,
অন্যায়ের অন্ধকারে তুমি ন্যায়ের দীপশিখা ঠিক।
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ মায়ের পাশে,
পরিবারের মধুর ছবি ভক্তের হৃদয়ে ভাসে।
মায়ের আগমনে জেগে ওঠে সম্প্রীতির আহ্বান,
ধনী গরিব এক হয়ে গায় ভালোবাসার গান।
যে হৃদয়ে জমে আছে কষ্টের অন্ধকার,
মায়ের আশিস মুছে দিক তার বেদনার ভার।
যে চোখে জল জমেছে নীরব অভিমানে,
মায়ের কৃপায় হাসি ফুটুক সেই অশ্রুভেজা প্রাণে।
দুর্গাপূজা শুধু উৎসব নয়, হৃদয়ের এক বাঁধন,
মানুষে মানুষে ভালোবাসার অনন্ত আয়োজন।
হিংসা, বিদ্বেষ দূরে যাক, মুছে যাক ব্যবধান,
মানবতার জয়ধ্বনিতে মুখর হোক এই ধরণি মহান।
আসুক সুখ, আসুক শান্তি, আসুক নতুন আলো,
প্রতিটি ঘর ভরে উঠুক সবার বাসার ভালো।
মায়ের কাছে প্রার্থনা আজ, রেখো সবাইকে সুখে,
ভক্তির প্রদীপ জ্বলে উঠুক প্রতিটি হৃদয়মুখে।
মা দুর্গা, তোমার আগমনে জেগে ওঠে আশা,
তোমার চরণে খুঁজে পাই মমতার ভালোবাসা।
বছর ঘুরে আবার এসো, থেকো সবার পাশে,
তোমার আশিসে জীবন ভরে উঠুক সুখের আভাসে।
শুভ শারদীয়া দুর্গোৎসব।
ঠিকানা চট্টগ্রাম বাংলাদেশ
