মাতৃবন্দনা
মাতৃবন্দনা
মাতৃবন্দনা
আদিত্য ভৌমিক
শরতের আলো নামে আকাশের কোলে,
কাশফুল দুলে ওঠে মৃদু হিল্লোলে।
ঢাকের বোলেতে বাজে আগমনী সুর,
মায়ের আসার খবরে মন ভরপুর।
সিংহের পিঠে মা, দশ হাতে অস্ত্র,
ত্রিনয়নে জ্বলে ওঠে করুণার সূত্র।
অসুরের বুকে বিঁধে ত্রিশূলের ধার,
অন্যায় নাশ করে মা আনে সুবিচার।
ডান পাশে লক্ষ্মী, সরস্বতী বামে,
কার্তিক গণেশ মায়ের চরণ প্রণামে।
ফুলের মালায় সাজে প্রতিমার ছায়া,
শুভ্র শিউলির গন্ধে মাখা মায়া।
আলোয় ঝলমল চালচিত্রের শোভা,
নীল লাল রঙে ভরা মায়ের প্রভা।
ধূপের ধোঁয়ায় ভাসে মঙ্গল শাঁখ,
আরতির প্রদীপে জ্বলে হাজার চোখ।
মা মানেই আশ্রয়, মা মানেই আশা,
মা মানেই বুক ভরা অনন্ত ভালোবাসা।
দুঃখের আঁধারে তুমি জ্বালো দীপশিখা,
ভক্তের ভালে এঁকে দাও জয়টিকা।
বছর ঘুরে মা, তুমি এলে আবার,
ঘরে ঘরে বেজে ওঠে আনন্দ বাহার।
দশমীর বিদায়ে ভেজে চোখের পাতা,
"আসছে বছর আবার" বলে ডাকি মাতা।
হে জগজ্জননী, দাও শক্তি, দাও বর,
দূর হোক ভেদাভেদ, হিংসা ও ডর।
মানুষে মানুষে হোক মিলনের গান,
তোমার আশীর্বাদে ভরুক এ প্রাণ।
