আজ ও ভালোবাসি
আজ ও ভালোবাসি
ক্যাবটা ব্যাঙকোয়েট হলের সামনে এসে দাঁড়াতেই গাড়ি থেকে নেমে এলো ঐন্দ্রাক্ষী,অভ্ররাজ এবং ওদের তিনবছরের ছোট্ট মেয়ে ইয়াধিকা। অভ্ররাজ ক্যাবের ভাড়া মিটিয়ে ইয়াধিকা আর ঐন্দ্রাক্ষীকে নিয়ে ভিতরে প্রবেশ করল আর তখনই অভ্ররাজের অফিস কলিগ সৌম্য এলো ওদের সাথে আলাপ বিনিময় করতে। বিয়েটা সৌম্যের বোনের তাই অভ্ররাজরা এসেছে এখানে। যেহেতু সৌম্যর বোনের বিয়ে তাই ও ভীষণ ব্যস্ত আজ,তাই ঐন্দ্রাক্ষীদের সাথে কথা বলার কিছুক্ষণ পর সৌম্য অভ্ররাজদের ইনজয় করতে বলে অন্যদিকে চলে যায় এরপর ঐন্দ্রাক্ষী অভ্ররাজ বিয়ের মন্ডপে বিয়ে দেখতে আসে। কিছুক্ষণ পর ইয়াধিকা অভ্ররাজকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে বলে এবং অভ্ররাজ ঐন্দ্রাক্ষীকে বসতে বলে মেয়েকে নিয়ে চলে যায় পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে। ঐন্দ্রাক্ষী একটা চেয়ারে বসে বিয়ে দেখছে ঠিক এমন সময় ওর কানে এলো খুব চেনা এক পুরুষ কন্ঠস্বর ও পিছনে ফিরে সেই মানুষটাকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখের সামনে ভেসে উঠল প্রায় ছয় বছর আগের কথা,,,,,
উত্তর কলকাতায় বাড়ি ছিল ঐন্দ্রাক্ষীদের। ঐন্দ্রাক্ষীর বাবা সুকুমার মিত্রের একটা ছোটোখাটো ব্যবসা ছিল আর ঐন্দ্রাক্ষীর মা মিনতি মিত্র ছিলেন সাধারণ গৃহবধূ। আর ওদের বাড়ির কিছুটা দূরেই ছিল অভীকদের বাড়ি। অভীকের পুরো নাম অভীক রায়। অভীকের বাবা কুশল রায় তিনি অভীকের যখন দশ বছর বয়স তখন ক্যান্সার আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এবং অভীকের মা স্বাতীলেখা রায় এক বেসরকারি সংস্থায় কর্মরতা ছিলেন বর্তমানে অবসর গ্রহণ করেছেন । স্বামী মারা যাওয়ার পর তিনি একা হাতেই অভীককে বড়ো করেছেন। অভীক বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভূগোলের প্রফেসর। ঐন্দ্রাক্ষী যেহেতু একই পাড়ায় থাকে এবং ও যেহেতু ভূগোলের স্টুডেন্ট তাই অভীকদের বাড়িতে ওর অবাধে যাতায়াত ছিল। ঐন্দ্রাক্ষী এখন ভূগোল নিয়ে মাস্টার্স করছে, ও কলেজে পড়ার সময় থেকেই অভীকের কাছে পড়তে আসে এবং অভীককে ভালোবাসে।ঐন্দ্রাক্ষী ঠিক করে যে ও অভীকে ওর মনের কথা জানাবে। সেইমতো একদিন বিকেল বেলা ঐন্দ্রাক্ষী অভীকের কাছে পড়তে আসে এবং পড়া শেষে ঐন্দ্রাক্ষী বসে আছে দেখে অভীক বলে, ‘কীরে এখনও বসে আছিস বাড়ি যাওয়ার ইচ্ছা নেই নাকি?’তখন ঐন্দ্রাক্ষী বলে, ‘আমি না তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম।’এরপর ঐন্দ্রাক্ষী মনের মধ্যে সাহস সঞ্চয় করে অভীককে একটা কার্ড দেয় এবং অভীক সেটা খুলে দেখে সুন্দর করে ডিজাইন করা আর আই লাভ ইউ লেখা কার্ডটা দেখা হয়ে গেলে অভীক গম্ভীর স্বরে ঐন্দ্রাক্ষী কে জিজ্ঞেস করে, ‘কবে থেকে তোর মনে চলছে এসব? কী হলো চুপ করে আছিস কেন বল?’(চেঁচিয়ে বলল) তখন ঐন্দ্রাক্ষী ভয়ে ভয়ে বলে, ‘কলেজে পড়ার সময় থেকে।’তখন অভীক বলে, ‘তুই যা বলছিস ভেবে বলছিস?’ঐন্দ্রাক্ষী মাথা নেড়ে সম্মতি দিতেই অভীক ওর গালে থাপ্পড় মারলো আর চেঁচিয়ে বলতে লাগল, ‘তোর সাহস কী করে হয় আমাকে এমন কিছু বলার নেহাত কাকু-কাকিমা ভালোমানুষ বলে ওনাদের কথায় তোকে পড়াতে রাজি হয়েছিলাম এখনতো মনে হচ্ছে তোকে পড়ানোর জন্য রাজি না হলেই ভালো হতো আর ভালো করে শুনে রাখ তোর সিলেবাস শেষ হয়ে গেছে তাই আর পড়তে আসার দরকার নেই, আমি কাকু কে জানিয়ে দেবো যে আমার কিছু অসুবিধার কারণে আমি আর তোকে পড়াতে পারবো না। এখন আর দাঁড়িয়ে না থেকে বাড়ি যা আর কোনোদিন আসবি না আমার সামনে।’ঐন্দ্রাক্ষী আর কিছু শুনতে পারলো না ও নিজের ব্যাগটা নিয়ে চোখের জল মুছে ছুটে বেরিয়ে গেলো অভীকের ঘর থেকে। স্বাতীলেখা দেবী ড্রয়িং রুমে বসে ছিলেন তিনি ঐন্দ্রাক্ষীকে ওমন ভাবে বেরিয়ে যেতে দেখে ঐন্দ্রাক্ষীকে ডাকলেন কিন্তু ঐন্দ্রাক্ষী একবারও পিছনে তাকায়নি তাই তিনি অভীকের ঘরে গিয়ে বললেন, ‘কী হয়েছে রে বাবু? তোর ঘর থেকে চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম মনে হলো তারপর আবার ঐন্দ্রাক্ষী ও ওরকম ভাবে বেরিয়ে গেলো কত ডাকলাম সারা দিলো না।’তখন অভীক বলে, ‘না মা কিছু হয়নি তবে আমি আর ওকে পড়াতে পারবো না আমার সামনে একটা সেমিনার আছে বিদেশে সেটায় ফোকাস করবো এখন।’তখন স্বাতীলেখা দেবী বললেন,‘একবার ভেবে দেখতে পারতি আর একমাস পর মেয়েটার মাস্টার্সের ফাইনাল এক্সাম।’তখন অভীক বলে,‘আমার সিলেবাস কমপ্লিট করানো হয়ে গেছে।’তারপর স্বাতীলেখা দেবী বলেন, ‘যা ভালোবুঝিস কর।’
কেটে গেছে দূইমাস,,,, এর মধ্যে ঐন্দ্রাক্ষীর মাস্টার্স এর পরীক্ষা হয়ে গেছে এবং রেজাল্ট ও বেরিয়েছে। ঐন্দ্রাক্ষী খুব ভালো রেজাল্ট করেছে ওর মা মিনতি দেবী একদিন ওকে বলেন ওর বাবা ওর জন্য একটা ভালো সমন্ধ এনেছেন তখন ঐন্দ্রাক্ষীর অভীকের করা অপমান গুলো মনে পড়ে এবং বলে, ‘তোমারা যা ভালোবুঝবে আমি তাতেই রাজি।’তারপর অভ্ররাজ দের বাড়ি থেকে ওকে দেখতে আসে এবং ওর আর অভ্ররাজের বিয়ের পাকা কথা বলে যান। অন্যদিকে, স্বাতীলেখা দেবী এসব জানতে পেরে অভীককে জানালে অভীক বলে, ‘মা আমার এসব নিয়ে ভাবার সময় নেই আমার কাজ আছে।’বলে ও ঘরে চলে যায়। দেখতে দেখতে আজ ঐন্দ্রাক্ষীর বিয়ে, আর আজ ই অভীক সেমিনার অ্যাটেন্ড করতে বিদেশ যাচ্ছে। দেখতে দেখতে ঐন্দ্রাক্ষীর বিয়ের সব নিয়ম পালনের পর সিঁদুর দান ও হয়েগেল আর অন্যদিকে অভীক ও অন্যদেশে পাড়ি দিল। তারপর ছয়টা বছর কেটে গেছে , কারোর আওয়াজে ঐন্দ্রাক্ষীর ধ্যান ভাঙে ও সামনে তাকিয়ে দেখে অভীক ওর সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, ‘কেমন আছিস? অনেক দিন পর দেখা হলো।’
তারপর ঐন্দ্রাক্ষী বলল, ‘খুব ভালো আছি। হ্যাঁ প্রায় ছয় বছর পর দেখা হলো।তা তুমি এখানে?’তারপর অভীক বলল, ‘হ্যাঁ আসলে আমার মামার ছেলের বিয়ে।’আর কিছু বলার আগেই অভ্ররাজ ইয়াধিকাকে কোলে নিয়ে ঐন্দ্রাক্ষীর পাশে এসে দাঁড়ালো তখনই ঐন্দ্রাক্ষী অভ্ররাজের সাথে অভীকের পরিচয় করিয়ে দেয় এবং এর পর ইয়াধিকা বলে, ‘দানো মাম্মাম ওদিকটা কত্ত সুন্দল কলে সাদানো তলো ওদিকটায় দেকবে তলো।’তারপর ঐন্দ্রাক্ষী ইয়াধিকাকে কোলে নিয়ে বলে, ‘তাই?খুব সুন্দর? তাহলে তো দেখতেই হয় চলো দেখে আসি।’এরপর ঐন্দ্রাক্ষী মেয়েকে নিয়ে এগিয়ে গেলে অভ্ররাজ অভীকের সঙ্গে সৌজন্য বিনিময় করে ঐন্দ্রাক্ষীর পিছনে যায়। ঐন্দ্রাক্ষীর যাওয়ার দিকে তাকিয়ে অভীক মনে মনে বলতে থাকে,‘সেদিন তুই আমাকে মনের কথা জানানোর পর আমি তোকে যখন অপমান করে আর আমার বাড়ি আসতে না করলাম তারপর থেকে তুই আর আসলি না তখন থেকে নিজের মনের মনের কথা অনুভব করেছিলাম যে আমিও তোকে ভালোবাসি তারপর যখন তুই খুব ভালো রেজাল্ট করলি আমি ভীষণ খুশি হয়েছিলাম, তারপর একদিন মা বলল তোকে নাকি বিয়ের জন্য কারা দেখতে এসেছিল আর তুই নাকি বিয়েতে রাজি হয়েছিস সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। তারপর তোর বিয়ের দিন আমি বিদেশ চলে যাই সেমিনার অ্যাটেন্ড করার নাম করে যদিও তার এক সপ্তাহ পর সেমিনার ছিল। পারতাম না তোকে অন্য কারোর হতে দেখতে তাই চলে গেছিলাম আর আজও পারিনি তোর জায়গায় অন্য কাউকে বসাতে কারন তোকে যে আজ ও ভালোবাসি, ভালো থাকিস ঐন্দ্রাক্ষী, খুব ভালোথাকিস।’বলে অভীক দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চলে গেল।
সমাপ্ত
ঐশী
